www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের শেষ খেলায় বাংলাদেশ শক্তিশালি ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে। বিশ্ব বরেণ্য ক্রিকেটাররা বাংলাদেশকে তাই আর ছোট করে দেখছেনা। বরং অনেকে বলেছেন বাংলাদেশ বিশ্বকাপে চমক সৃষ্টি করতে পারে। কেননা ভারতের মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের খেলা। এখানকার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ বেশ পরিচিত।
বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমান এশিয়া কাপে দিতে পারেনি বলেই মনে করছেন তিনি ।বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করতে পারে।
ইনজুরি সমস্যা ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপুস্থিতিতে এশিয়া কাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও, শ্রীলংকার কাছে দু’বার (গ্রুপ ও সুপার ফোর) পাকিস্তানের কাছে সুপার ফোরে পরাজিত হয় বাংলাদেশ।
তবে সাকিবের মতে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে হট ফেভারিট ভারতকে ৬ রানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমান দিয়েছে বাংলাদেশ।
দলের সেরা খেলোয়াড়দের পেলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভয়ংকর দল হয়ে উঠবে বলে আত্মবিশ্বাসী সাকিব।
আগেভাগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় প্রথম সারির পাঁচ খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজিয়েছিলো ভারত। অন্য দিকে ম্যাচে ছয়টি পরিবর্তন আনা বাংলাদেশ একাদশে আধিপত্য ছিল তরুণ ক্রিকেটারদেরই।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দলের অনেক খেলোয়াড়ই ইনজুরিতে এবং কেউ-কেউ আসা-যাওয়ার মধ্যে ছিলো। যেটা আমাদের জন্য সহায়ক ছিলনা। তবে সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপে আমরা একটি ভয়ংকর দল হবো বলেই আমি মনে করছি।’
ব্যাট হাতে ৮৫ বলে ৮০ রান করার পাশাপাশি বোলিংয়ে ১০ ওভারে ৪৩ রানে ১ উইকেট শিকার করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা পালন করেছেন সাকিব। ৫৯ রানে ৪ উইকেট পতনের পর মূলত সাকিবের কাউন্টার অ্যাটাকে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিংয়ে বোলারদের বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছেন সাকিব। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয় ভারত।
১৩৩ বলে ১২১ রান করা শুভমান গিলকে শিকার করা অফ স্পিনার মাহেদি হাসানের প্রশংসা করেন সাকিব। অভিষেকে ৩২ রানে ২ উইকেট নেয়া পেসার তানজিম হাসান সাকিবেরও প্রশংসা করেছেন অধিনায়ক।
ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নেন পেসার তানজিম। দ্বিতীয় বলেই তানজিমের শিকার হয়ে শূণ্য হাতে ফিরতে হয়েছে রোহিতকে।
এ দিকে, ফাইনালের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে হারতে চাননি বলে জানান বাংলাদেশের কাছে শেষ চার ম্যাচের মধ্যে তিনবার হারের লজ্জা পাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে আমরা ছেলেদের খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। আমরা যেভাবে এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম তার সাথে কোন আপস করিনি। বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে এমন খেলোয়াড়দেরই নেয়া হয়েছিল।’










