Author: Hello Bangla News

  • কার্বন এবং দূষণ করারোপের মাধ্যমে দেশে সবুজ অর্থায়ন সম্ভব: জাকির হোসেন

    কার্বন এবং দূষণ করারোপের মাধ্যমে দেশে সবুজ অর্থায়ন সম্ভব: জাকির হোসেন

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জুন, ২০২৪: কার্বন এবং দূষণ করারোপের মাধ্যমে দেশের সবুজ অর্থায়ন সম্ভব, বলে জানিয়েছেন চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান। তিনি বলেন, “দেশে দুর্যোগ বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অভিঘাত মোকাবিলায় বাজেট বরাদ্দ জিডিপির ১ শতাংশ কম এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রকৃত বরাদ্দ ২.৩৫ শতাংশ কমেছে। তবে কার্বন কর এবং দূষণ করারোপের মাধ্যমে বছরে ৩.৪ বিলিয়ন ডলার সবুজ অর্থায়ন সম্ভব।”

    শনিবার (২২ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর- রুনি হলে ‘সবুজ অর্থনীতি ও ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিষয়ে মতামত’ শীর্ষক সংবাদ সম্মেলন তিনি একথা জানিয়েছেন।

    চেঞ্জ ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, “গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবারের বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়ে দুই হাজার ১৩০ কোটি টাকা বা ৫২ কোটি টাকা বাড়লেও বিদ্যমান মুদ্রাস্ফীতির বিবেচনায় প্রকৃত বরাদ্দ কমেছে। দুর্যোগ বাড়লেও কৃষি, স্বাস্থ্য এবং পানিসম্পদ খাতে জলবায়ু সম্পর্কিত বরাদ্দ প্রয়োজনের তুলনায় অর্ধেক বা তার সামান্য বেশি।

    জাকির হোসেন খান বলেন, “তীব্র দাবদাহ, শৈত্যপ্রবাহ, মৌসুমের বাইরে বৃষ্টিপাতসহ বন্যা, ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির মতো দুর্যোগ বাড়লেও খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সেবা, দুর্যোগ ব্যাবস্থাপনা এবং গবেষণা ও জ্ঞান ব্যবাবস্থাপনায় জলবায়ু সম্পর্কিত অর্থায়ন ক্রমেই কমছে। অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং গবেষণায় জলবায়ু সম্পর্কিত অর্থায়ন ক্রমেই কমছে।”

    তিনি বলেন, “প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ এনডিসিতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪১১৪.২ মেগাওয়াট। যা অর্জনে প্রতি অর্থ বছরে গড়ে কমপক্ষে প্রায় ৩ হাজার ৮৬ কোটি টাকা প্রয়োজন হলেও ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে নবায়নযোগ্য শক্তি বাবদ মাত্র ১০০ কোটি টাকা বা মাত্র ৩.২ শতাংশ তহবিল বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতি অর্থ বছরে বাংলাদেশে সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি ২৩.৪ বিলিয়ন ডলার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হারানো কর্মদিবসের আর্থিক মূল্য বিবেচনায় সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার।  বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন প্রতিশ্রুত প্রতি বছর ১১.৪ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নসহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২৫ বিলিয়ন (প্রায় ২৯.৩ বিলিয়ন ডলার) প্রদানের যে উদ্যোগ নিয়েছে এ তহবিল থেকে অনুদান পেতে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে দ্বিপাক্ষিকভাবে অগ্রাধিকার প্রদান করতে হবে।”

    সংবাদ সম্মেলনে, ক্রমবর্ধমান পানি, মাটি দূষণসহ শ্রমিকের দেহের ভেতরে মাইক্রোপ্লাষ্টিকের প্রকোপ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তৈরি পোশাকের ভোক্তার উপর পরিবেশ সংরক্ষণ ফি/করারোপের সুপারিশ জানিয়েছে চ্যাঞ্জ ইনিশিয়েটিভ। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মূল্য প্রায় ৪৭ বিলিয়ন ডলার আমদানিকারক দেশ কর্তৃক দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ নীতিমালার আওতায় আমদানিকারক দেশ খুচরা ক্রয়ের ওপর ১০ শতাংশ হারে পরিবেশ সংরক্ষণ করারোপ করতে বার্ষিক প্রায় ২.১৩ বিলিয়ন ডলার (২৬,৪৫০ কোটি টাকা) রাজস্ব আদায় করা সম্ভব।

    গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স এ ২০০০-২০১৯ সালে বাংলাদেশ ৭ম ঝুঁকিপূর্ণ দেশ। বিশ্বব্যাপী গড় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়ে বাংলাদেশে বছরে দ্রুত এবং ৩.৪২ মিলিমিটার বেশি হারে বাড়ছে। শুধুমাত্র ক্রান্তীয় ঝড়ের কারণে বার্ষিক গড় ক্ষতি প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ প্রায় ১০ শতাংশ আমন ধানের উৎপাদন হ্রাসের ঝুঁকি আছে।

     সংবাদ সম্মেলন টেকসই সমৃদ্ধি কৌশল ও পরিকল্পনা নিশ্চিতে কিছু সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। সেগুলো হলো:

    জল, বন এবং জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার প্রদান করে ২০২৫ সালের মধ্যে প্রকৃতি ভিত্তিক টেকসই সমৃদ্ধি কৌশল প্রনয়ন; নীতি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার; টেকসই সমৃদ্ধি অর্থায়ন কৌশল প্রণয়ন; এবং সবুজ বাজেট বাস্তবায়নে জিডিপি’র কম্পক্ষে ৫ শতাংশ ব্যয় করা; দুর্যোগে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলের পাশাপাশি উদ্ভাবনী অর্থায়ন (যেমন, কার্বন ও দূষন করারোপ, অনুদান, যাকাত, ব্যাক্তিগত অনুদান, সবুজ বন্ড ইত্যাদি); সবুজ করনীতি প্রণয়ন, নিম্ন আয়ের মানুষ এবং সবুজ সেবা ও পণ্যকে সব ধরণের প্রত্যক্ষ এবং পরোক্ষ করারোপ হতে অব্যাহতি; দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকি রোধে সব ধরণের নেতিবাচক প্রণোদনা এবং পরিবেশ-বান্ধব অবকাঠামো পরিবহন ব্যবস্থায় আইনি বাধ্যতা।

    এছাড়াও সবুজ প্রবৃদ্ধির পরিবর্তে টেকসই সমৃদ্ধি সূচক প্রণয়ন এবং তার ভিত্তিতে বাজেটে অর্থায়ন; পরিকল্পনার প্রতিটা স্তরে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, প্রাকৃতিক সম্পদ দখল এবং দুর্যোগের ঝুঁকিকে একীভূতকরণ; জাতীয়ভাবে খাত এবং জনগোষ্ঠীভিত্তিক পরিকল্পনার মধ্যে সমন্বয় নিশ্চিত করা; এবং জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার করে তা নবায়নযোগ্য শক্তি, শক্তি দক্ষতা, সবুজ উদ্যোগে ভর্তুকি, খাদ্য নিরাপত্তা ও প্রকৃতি বান্ধব কৃষিতে বিনিয়োগে সবুজ কম্যুনিটি এন্টারপ্রাইজ এবং নাগরিককে সিদ্ধান্ত গ্রহণ ও টেকসই সমৃদ্ধি অর্জনের নেতৃত্ব প্রদানের কার্বন ও দূষন কর বাস্তবায়নে ডিজিটালভিত্তিক আদায়।

  • বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

    বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

    www.HelloBangla.News – অর্থনীতি – ২২ জুন, ২০২৪: বাংলাদেশকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি টাকায় ১০ হাজার ৫৫২ কোটি ৫০ লাখ (প্রতি ডলার ১১৭.২৫ টাকা ধরে)।এই দুই প্রকল্প হচ্ছে জলবায়ু সহিষ্ণু ও টেকসই প্রবৃদ্ধি, শহরাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং আর্থিক খাতে নীতিমালা জোরালো করা।

    বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড গতকাল শুক্রবার এ ঋণের অনুমোদন দেয়। শনিবার (২২ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

    বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো বাংলাদেশকে প্রবৃদ্ধি ধরে রাখতে এবং জলবায়ু পরিবর্তন ও অন্য সংকট মোকাবিলায় সহায়তা করবে। নতুন অর্থায়ন বাংলাদেশকে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়তা করবে। একটি হচ্ছে আর্থিক খাত ও নগর ব্যবস্থাপনা এবং অন্যটি উচ্চ মধ্যম-আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জন।

    একটি প্রকল্পের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই কিস্তি ঋণের শেষ কিস্তি হিসেবে ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের আর্থিক খাতে সংস্কারের পাশাপাশি টেকসই উন্নয়নের গতি বাড়াবে। এছাড়া জলবায়ু পরিবর্তনসহ ভবিষ্যতে যে কোনো দুর্যোগ মোকাবিলায় সহায়তা করবে।

    বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট এবং এ প্রোগ্রামের টাস্ক টিম লিডার বার্নার্ড হ্যাভেন বার্তায় বলেন, বিনিয়োগ বাড়াতে এবং আনুষ্ঠানিক ব্যাংক ব্যবস্থা থেকে বাদ পড়াদের জন্য অর্থের অ্যাক্সেস উন্নত করতে বাংলাদেশের জন্য একটি ভালো কার্যকরী আর্থিক খাত গুরুত্বপূর্ণ।

    সরকার বাহ্যিক ভারসাম্যহীনতা মোকাবিলায় শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সংস্কার এবং আর্থিক খাত শক্তিশালী করার জন্য একটি নতুন আইনি কাঠামো গ্রহণ করেছে, যা ব্যাংক পুনরুদ্ধার কাঠামোকে শক্তিশালী করতে সাহায্য করবে। কম মূলধনী ব্যাংকগুলো সমস্যা মোকাবিলার জন্য একটি দ্রুত সংশোধনমূলক কর্মকাঠামো বাস্তবায়ন করতে সহায়তা করবে। এটি অর্থনৈতিক মন্দা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষা করে সামাজিক সুরক্ষা কর্মসূচিও শক্তিশালী করবে বলে জানান তিনি।

  • বিশ্ব সংগীত দিবস পালন করলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি

    বিশ্ব সংগীত দিবস পালন করলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি

    www.HelloBangla.News – বিনোদন – ২২ জুন, ২০২৪: বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সংগীতের সুরে বিশ্বব্যাপী শান্তি ও ইতিবাচক চিন্তা ও দর্শনকে ছড়িয়ে দিয়ে সবার সাথে মেলবন্ধন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই প্রতিবছর দিবসটি পালিত হয়।

    বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় গতকাল ২১ জুন ২০২৪ বিশ্ব সংগীত দিবস পালিত হয়। দিনটি উপলক্ষ্যে সন্ধ্যা ৬:৩০টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনার মাঝে মাঝে প্রসঙ্গ কথনে অংশ নেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা, একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, এবং একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

    সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত যন্ত্রসংগীত ‘সানফ্লাওয়ার’। এরপর একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। সমবেত সংগীতের মধ্যে রয়েছে- আমাকে পোড়াতে যদি, আমি সাত সাগর পাড়ি দিয়ে, তুমি কি দেখেছো কভু, তুমি সূতোয় বেধেছে, আকাশের হাতে আছে একরাশ, আমি রজনীগন্ধা ফুলের মত, আয়নাতে ঐ মুখ, ফুলের কানে ভ্রমর, একি সোনার আলোয়, ভেঙেছে পিঞ্জর, সন্ধ্যার ছায়া নামে, দু:খ ভালবেসে প্রেমের খেলা, ফুলের মালা পড়িয়ে দিলে, গানেরই খাতায় স্বরলিপি লিখে, পিঞ্জর খুলে দিয়েছি, দিন যায় কথা থাকে, পিচঢালা এই পথটারে, নীল আকাশের নীচে আমি।

    একক সংগীত ‘সময় মন্দ হইলে পরে, সকলে ভাই মন্দ বলে’ পরিবেশন করেন শিল্পী সুরবালা। বিদেশী ভাষার একক সংগীত পরিবেশন করেন নিতা খন্দকার ও নুসরাত জাহান কৃতি। বিদেশী ভাষার সমবেত সংগীত পরিবেশন করেন ঢাকা সাংস্কৃতিক দল। সংগীত পরিচালনায় ছিলেন ইয়াসমিন আলী।

    সমবেত সংগীত ‘ধন ধান্য পুষ্পভরা’ এবং ‘আবার এলো যে সন্ধ্যা’ পরিবেশন করেন শিল্পী ঝিলিক, হৈমন্তি রক্ষিত, প্রিয়াংকা বিশ্বাস, অনুপমা মুক্তি, কৃষ্ণকলি, অবন্তি সিথি, এলিটা করিম, কর্ণিয়া, আরমিন মুসা, স্বরলিপি, সাব্বির, রজিব, অপু আমান, পুলক অধিকারী, কিশোর দাস, ইউসুফ আহমেদ খান, পান্থ কানাই, কাজী আনান, রাশেদ, অনিমেষ রায়।

    সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল। পরিবেশিত সংগীতের মধ্যে রয়েছে আনন্দলোকে মঙ্গলালোকে, দাও শৌর্য দাও ধৈর্য্য, সত্য বল সুপথে চল, আলো আমার আলো, আমরা সুন্দরের অতন্দ্র, মঙ্গল হোক এই শতকে, আমরা নূতন যৌবনের-ই দূত, আমরা সবাই মঞ্চকুঁড়ি, মনের রঙ লেগেছে, এ মাটি নয় জঙ্গীবাদের, আমি ধন্য হয়েছি, চলো বাংলাদেশ।

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যান্ড দল এফ-মাইনর ‘জংলা ফুল’ ও ‘মনে করি আসাম যাবো’ সংগীত পরিবেশন করেন।

    অনুষ্ঠান উপস্থাপনা করেন দিলরুবা সাথী ও নুরুল হাসনাত জিলানী। অনুষ্ঠানে যন্ত্রশিল্পী ছিলেন দেবাশীষ দাস, সাইদ ফারূকী চন্দন, সাইদ হাসান বাবু, তানভীর আলম সজীব, ফাহাল হোসাইন গোলন্দাজ, আলমগীর হোসেন।

  • শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা

    শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা সংবর্ধনা

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জুন, ২০২৪: ভারত সফরের দ্বিতীয় দিন আজ সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে । এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন।

    আজ শনিবার (২২ জুন) সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    রাষ্ট্রপতি ভবনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

    পরে তিনি হায়দরাবাদ হাউসে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

    বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

    এরআগে ২০২১ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন।

  • বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই: সেতুমন্ত্রী

    বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জুন, ২০২৪: বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এ দেশের স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এ দেশের উন্নয়ন।”

    আজ শনিবার (২২ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। রাজনীতি মানুষের জন্য, মানুষের সঙ্গে আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে৷ অসৎ ব্যবসায়ী ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স।

    তিনি বলেন, “বিজয়কে এখনো সুসংহত করা যায়নি, কারণ সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায়। ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হলো, নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন।”

    সেতুমন্ত্রী বলেন, “কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন সম্পন্ন। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন, উৎসবমুখর হয়েছে। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকীতেও স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন উপস্থিতি হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে।”

    আগামীকাল ২৩ জুন এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে আওয়ামী লীগ। গত সাড়ে সাত দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ৷ এরই অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে৷ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

  • রাসেলস ভাইপার সাপ নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না: স্বাস্থ্যমন্ত্রী

    রাসেলস ভাইপার সাপ নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২২ জুন, ২০২৪: রাসেলস ভাইপার সাপ নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলব আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি, কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি রাখা যাবে না।”

    আজ শনিবার (২২ জুন) সকালে মন্ত্রী অনলাইন প্লাটফর্মে জেলাগুলোর সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

    সভায় মন্ত্রী দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সর্প দংশন ও রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।

    সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাপে দংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এ ক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

    স্বাস্থ্যমন্ত্রী দেশের সমগ্র হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার নির্দেশ দেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাপে দংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।”

    এছাড়া মন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন।

    সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. রোবেদ আমিনসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

  • ৯ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

    ৯ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ মানে চার ও ছয়ের খেলা। যা আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে করে দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২৯ রান তাড়া করতে গিয়ে ৫৫ বল হাতে রেখেই জয় পেয়েছে দেশটি। নিকোলাস পুরানের ছক্কার নতুন রেকর্ড গড়ার ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারালো ক্যারিবীয়রা।

    বারবাডোজের কিংসটাউনে আজ শনিবার (২২ জুন) সকালে আগে ব্যাট করে ১২৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। দলটির কোনো ব্যাটার ৩০-এর কোটা পেরোতে পারেননি। সর্বোচ্চ ১৬ বলে ২৯ রান করেছেন ওপেনার আন্দ্রিস গোউস। এছাড়া নিতিশ কুমার ২০ ও মিলিন্দ কুমার ১৯ রান করেছেন।

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ। এছাড়া আলজারি জোসেফ ২টি ও গুদাকেশ মোতি নিয়েছেন ১ উইকেট।

    জবাবে ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও জনসন চার্লসের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। এরপর বাকি পথ সহজেই পাড়ি দেন হোপ এবং পুরান। এর মধ্যে হোপ মাত্র ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ব্যাট হাতে তিনি হাঁকিয়েছেন ৮টি ছক্কা ও ৪টি চার।

    অন্যদিকে ১২ বলে অপরাজিত ২৭ রান করার পথে ৩টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা (১৭টি) মারার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি তার স্বদেশী সাবেক ব্যাটার ক্রিস গেইলের দখলে ছিল। ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল ২০১২ বিশ্বকাপে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।

    হোপ ও পুরানের তাণ্ডবে ৫৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০-এর বেশি রানের লক্ষ্য তাড়ায় এর চেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নজির আছে আর একটিই। ২০০৭ সালে কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।

    রাতের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

    বিশ্বকাপের সুপার এইটে গতকাল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই রান তাড়া করতে নেমে ১৫৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জেতে ৭ রানে।

    আজ রাতে ভারতে বিপক্ষে খেলবে বাংলাদেশ

    এবার ক্রিকেট আসরে সুপার এইটে প্রথম খেলায় বাংলাদেশ হারে অস্ট্রেলিয়ার কাছে। শান্ত বাহিনীকে সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া আর কোন বিকল্প নেই। কিন্তু ভারত সব দিক দিয়ে শক্তিশালী। স্বাভাবিক কারণে রোহিত শর্মারা চাইবে জয়। কেননা এই গ্রুপে ভারতের খেলা বাকি আছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে বাংলাদেশের জন্য আশার কথা গ্রুপ পর্বেই ফর্মে ফিরেছে সাকিব। গত খেলায় ছন্দে ফিরেছে অধিনায়ক শান্ত।

    আজ খেলা শুরু হবে রাত ৮ টা ৩০ মিনিটে।

  • রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলি হামলায় নিহত ২২ জন

    রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলি হামলায় নিহত ২২ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ জুন, ২০২৪: গাজায় অবিস্থত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২২ জন, আহত হয়েছেন আরও ৪৫ জন।নিহত ও আহতরা সবাই এই আইআরআইসি কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন।

    নিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজহায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি।

    শুক্রবার সন্ধ্যাবেলার হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন আরও ৪৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর,’ বিবৃতিতে বলেছে রেড ক্রিসেন্ট কমিটি।

    এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।

    গত বছরের ৭ অক্টোবরের হামাস যোদ্ধাদের গুলিতে ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। তারপর থেকে হামাসকে নির্মূলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী গাজায় আক্রমণ চালিয়ে আসছে।

    গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু। বার বার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুধু তাই বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ অবশ্য এর নিন্দা জানিয়ে এসেছে। তার পরেও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

  • কারিতাসে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    কারিতাসে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

    www.HelloBangla.News – চাকরি – ২২ জুন, ২০২৪: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ম্যানেজার (শেল্টার) পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে । দায়িত্ব পালন করতে হবে কক্সবাজারের উখিয়ায় ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে।

    প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    আবেদনের শেষ তারিক : ২৫ ‍জুন ২০২৪

    যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

    এছাড়া কোনো প্রতিষ্ঠানে শেল্টার সেক্টরে ম্যানেজার বা সমপর্যায়ের পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে শেল্টার ম্যানেজার পদে যারা ইতোপূর্বে চাকরি করেছেন, তারা অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে এমএস অফিসের কাজ এবং বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

    প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।

    বেতন: ১ লাখ ১০ হাজার টাকা।

    আবেদনের লিংক: https://caritasbd.org/career/job-career/

  • শেখ হাসিনা ভারতের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন

    শেখ হাসিনা ভারতের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার (জুন ২২) মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পৌঁছালে রাজঘাট সমিতি তাকে স্বাগত জানায়।

    পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। ভারতের এ মহান নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি সমাধিতে ফুলের পাপড়িও ছিটিয়ে দেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন।

    এর আগে শনিবার (জুন ২২) সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

    সফরের সূচি অনুযায়ী, রাজঘাট থেকে শেখ হাসিনা হায়দরাবাদ হাউসে যাবেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

    এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেবেন। পরে হায়দরাবাদ হাউসে শেখ হাসিনা তার সম্মানে নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

    বিকেলে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন।

    নয়াদিল্লির সময় বিকেল ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকা পৌঁছাবেন।

    এর আগে শুক্রবার দুপুর ২টা ৩ মিনিটে ওই ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর।