Author: Hello Bangla News

  • ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে ইংল্যান্ড

    ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জুলাই, ২০২৪: ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে জিতেছে ইংল্যান্ড। ফলে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে হ্যারি কেইনের দল।

    প্রতমেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। পরে হ্যারি কেইন সমতায় ফেরানোর পর ইংল্যান্ড খুঁজে পায় ছন্দ। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় তারা সেটি ধরে রাখে। কিন্তু শেষদিকে ম্যাচে ফেরে ডাচরা। যদিও বেশ কয়েকটি সুযোগ পেলেও জাল খুঁজে পায়নি তারা। উল্টো শেষ মিনিটে ইংলিশদের এগিয়ে নেন ওলি ওয়াটকিন্স। নিশ্চিত করেন ফাইনাল।

    আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১টায়, সিগনাল ইদুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড। ম্যাচ মাঠে গড়ানোর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে নিজেদের অর্ধে ডেকলাইন রাইস বল হারালে টেনে নেন জাভি সিমন্স। কয়েকজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন পিএসজির এই মিডফিল্ডার।

    ষষ্ঠদশ মিনিটে উড়ে আসা বল ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন হ্যারি কেইন। কিন্তু এর শট নেওয়ার সময় ডামফ্রিসের পায়ে লেগে পড়ে যান বায়ার্ন মিউনিখ তারকা। তখন ফাউল না দিলেও কিছুক্ষণ পর ভিএআর চেক করতে যান রেফারি। সেখান থেকে এসে বাজান পেনাল্টির বাঁশি। অষ্টদশ মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান কেইন। ডাচ গোলরক্ষক ঠিক জায়গায় ডাইভ দিলেও বল আগেই জাল ভেদ করে ফেলে।

    ২২তম মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। সতীর্থের পাস ধরে বল টেনে নিয়ে বক্সে কয়েকজনকে কাটিয়ে গোললাইনের কাছে গিয়ে ডান দিকে বাড়িয়ে দেন ফোডেন। বল ঠিকঠাক এগোলেও গোললাইনে সেটি থামিয়ে দেন ডামফ্রিস। ইংল্যান্ড গোলের আবেদন করলেও খেলা চালিয়ে যান রেফারি। পরবর্তীতে গোললাইন প্রযুক্তিতে দেখা যায় বলটি লাইন পার হয়নি।

    বিরতির পর বল দখলে রেখে সুযোগ খুঁজতে থাকে ইংল্যান্ড। কিন্তু তাদের ব্যর্থতায় শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠে ডাচরা। ৬৫তম মিনিটে দারুণ সুযোগ পায় তারা। ফ্রিকিক থেকে উড়ে আসা বল কাছ থেকে শট নেন ফন ডাইক। তবে লাফিয়ে সেটি ঠেকিয়ে দেন পিকফোর্ড। ৭৬তম মিনিটে ভট ভেগহর্স্টের বক্সে দেওয়া দারুণ পাস ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন সিমন্স। তবে পিকফোর্ডের অসাধারণ সেভে রক্ষা পায় ইংলিশরা।

    তিনি মিনিট পর বল জালে পাঠায় ইংল্যান্ড। ডান দিক থেকে আক্রমণে গিয়ে কাইল ওয়াকার ক্রস বাড়ান বক্সের মাঝামাঝি। অরক্ষিত বুকায়ো সাকা জালে বল পাঠালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাতিল হয় গোল। ৮৪তম মিনিটে সুযোগ পায় ডাচরা। আক্রমণে যাওয়া ভেগহর্স্ট কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে যান। তবে সেখানে গুয়েহি দারুণ এক সেভে বাঁচান ইংলিশদের।

    ৯০তম মিনিটে বদলি হয়ে নামা ওয়াটকিন্স দেখান জাদু। ডেকলাইন রাইস থেকে নেওয়া বল বক্সে বাড়ান কোল পালমার। সেখানে থাকা ওয়াটকিন্স থ্রু বল ধরে ডাচ ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন নিখুঁত শটে। স্টেডিয়ামে থাকা দর্শক দাঁড়িয়ে দিতে থাকে হাততালি। আর ইংলিশ ফুটবলাররা ভাসেন উচ্ছ্বাসে। প্রথমবারের মতো তারা কোনো মেজর প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দ প্রকাশ করেন এভাবেই।

    ইউরোর ফাইনালে শিরোপাজয়ের লক্ষ্যে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্লিনে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

    কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে কলম্বিয়া

    উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে স্বপ্নের ফাইনালে তারা। এবারের আসরে অপরাজিত তো বটেই, শেষ পরীক্ষায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া টানা ২৮ ম্যাচে অপরাজিত। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

    ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেফারসন লারমার একমাত্র গোলে ফাইনালে ওঠে কলম্বিয়া। ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটা আসে প্রথমার্ধেই। ৩৯ মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া। সেটা নেন জেমস রদ্রিগেজ। তার নেওয়া শটে লাফিয়ে উঠে হেড করেন জেফারসন লারমা, বল ঢোকে উরুগুয়ের জালে।

    বাংলাদেশ সময় সকালে আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

  • কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন: প্রধান বিচারপতি

    কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন: প্রধান বিচারপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জুলাই, ২০২৪: কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন, বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, “কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন। আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব।”

    আজ বৃহস্পতিবার (১১ জুলাই) আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

    দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ১৬ দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

    শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ১৬ দফা পরামর্শ দিয়েছেন।”

    তখন প্রধান বিচারপতি বলেন, “আমরা সংসদকে পরামর্শ দিতে যাব কেন? আমরা কি সংসদকে পরামর্শ দিতে পারি? হাইকোর্ট সরকারকে নির্দেশনা দিতে পারেন। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি চাইলে পরামর্শ দিতে পারেন। রাষ্ট্রপতি চাইলে সেই পরামর্শ গ্রহণ করতে পারেন, নাও পারেন।

    একপর্যায়ে প্রধান বিচারপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের উদ্দেশে ওবায়দুল হাসান বলেন, “আপনারা তো সুপ্রিম কোর্ট বারের নেতা, আপনাদের দেশের প্রতি দায়িত্ব আছে। যারা কোটা নিয়ে আন্দোলন করছে, তাদেরকে বোঝান, পরামর্শ দিন। আদালতের দরজা তো তাদের জন্য সবসময় খোলা।”

  • ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের অবিলম্বে ফিরে আসতে হবে: ছাত্রলীগ সভাপতি

    ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের অবিলম্বে ফিরে আসতে হবে: ছাত্রলীগ সভাপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জুলাই, ২০২৪: ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের অবিলম্বে ফিরে আসতে হবে, বলে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, “আন্দোলনের নামে অনিঃশেষ অবরোধ কার্যক্রম চালানো কোনোভাবেই দাবির সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারে না। চলমান এইচএসসি পরীক্ষা, তীব্র তাপদাহ এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় সড়ক অবরোধ, নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় বাধা সৃষ্টি এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে তাদের অবিলম্বে ফিরে আসতে হবে। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় ফিরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ স্বাভাবিক রাখবে, এটিই সবাই প্রত্যাশা করে।”

    আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এই দাবি তুলে ধরেন।

    ছাত্রলীগ সভাপতি বলেন, “কোটা ব্যবস্থায় একটি যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংস্কার আনা এই মুহূর্তে সবচেয়ে জরুরি পদক্ষেপ। এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো অবরোধ বা জিম্মি পরিস্থিতি তৈরি করে ‘স্পট ডিসিশন’ গ্রহণ করা নয়, বরং একটি সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে, বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর প্রেক্ষিতে একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের উদ্যোগ প্রয়োজন। কিন্তু তেমন কোনো সমন্বিত উদ্যোগের আহ্বান না জানিয়ে এমনকি আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করেই কেন এই অনিঃশেষ আন্দোলন?”

    ২০১৮ সালের পরিপত্র নিয়ে জানতে চাইলে সাদ্দাম বলেন, “আমরা ২০১৮ সালের পরিপত্রের যৌক্তিক সংস্কার চাই। আজকে আমরা কিছু তথ্যের মাধ্যমে দেখিয়েছি কেন কিছু কোটা দরকার।”

    এসময় ২০১৮ সালের কোটা বাতিলের কারণে নারী, জেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুযোগ সংকুচিত হওয়ার তথ্য তুলে ধরেন সাদ্দাম হোসেন। তার দেওয়া তথ্যমতে, কোটা থাকা অবস্থায় ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসে নারীদের চাকরি হয় যথাক্রমে ২৫.৮৯ শতাংশ, ২৪.৭৩ শতাংশ এবং ২৬.৮৭ শতাংশ। অপরদিকে কোটা তুলে দেওয়ার পর ৪০, ৪১ ও ৪৩তম বিসিএসে নারীদের চাকরি হয় ২১.০৮ শতাংশ, ২১.২০ শতাংশ এবং ১৭.০৫ শতাংশ। ৪০তম বিসিএসে দেশের ২৪টি জেলা থেকে এবং ৪১তম বিসিএসে ১৮টি জেলা থেকে একজনও বিসিএসের পুলিশ ক্যাডারে সুপারিশকৃত হয়নি। এছাড়া কোটা থাকা অবস্থায় ৩১ থেকে ৩৮তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৭৯ জন সুপারিশকৃত হন। কোটা বাতিলের পর ৩৯তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪ জন সুপারিশ পেয়েছেন এবং ৪০ ও ৪১ বিসিএসে সুপারিশ পেয়েছেন দুজন।

    শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ কোনো বাধা দেবে কি না জানতে চাইলে সাদ্দাম বলেন, “আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি। তবে আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করলে ছাত্রলীগ তা রুখে দেবে।”

    আদালতের আদেশের পরও আজ শিক্ষার্থীরা যে আন্দোলনের (ব্লকেড) ঘোষণা দিয়েছেন, এটিকে হঠকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

    শিক্ষার্থীদের ‘কোটা না মেধা’ স্লোগান নিয়ে সাদ্দাম বলেন, “যেখানে সরকারি চাকরির প্রতিটি পরীক্ষার্থীতেই একজন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়, তাই ‘কোটা না মেধা’ স্লোগানটি একটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। এখানে মেধার বিপরীতে মেধার প্রতিযোগিতায় সমাজের অনগ্রসর অংশকে কিছুটা এগিয়ে দেওয়া হয়, যা পুরোপুরি ন্যায় ও সংবিধানসম্মত।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

  • সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল: স্বাস্থ্যমন্ত্রী

    সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ১১ জুলাই, ২০২৪: সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  তিনি বলেন, “আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই, সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল।”

    বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সাস্থ্যমন্ত্রী বলেন, “আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মানুষেদের, গর্ভবতী মায়েদের বোঝান তারা যাতে ঠিকমতো চেক আপ করেন। নিয়মিত ও সময়মতো যাতে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যপরীক্ষা করায়। আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল।”

    তিনি আরও আরো বলেন, “প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সবার আগে আমি যেটা দেখি সেটা হচ্ছে এএনসি কর্নার। আমি খোঁজ নিয়ে দেখি গর্ভবতী মায়েরা কয়টা করে চেকআপ করছেন, কোথায় ইন্সটিটিউশনাল ডেলিভারি হচ্ছে, কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় বলেন আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোনো উত্তর হতে পারে না। আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে। আমরা যদি মূল কারণ খুঁজে বের করে একেবারে গোড়া থেকে কাজ করি তাহলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারব।”

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: আজিজুর রহমান, ইউএনএফপিএ বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভাবেন্দ্র সিং রঘুবংশী, পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ প্রমুখ।

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

    বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়ংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বে’ উন্নীত হতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭ টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে ২টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।

    আজ বুধবার (জুলাই ১০) দুপুরে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’ এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি-সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা।

    সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এখানে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

    দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যেকার ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন।

    অর্থনৈতিক ও ব্যাংকিং সেক্টরে সহযোগিতা, ব্যবসা-বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপণায় সহায়তা, ৬ষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না মৈত্রী সেতু, কৃষি পণ্য রপ্তানি, দুই দেশের জনগণের সঙ্গে জনগণের কানেকটিভিটি সহযোগিতা বিষয়ে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং দলিল হস্তান্তর হয়।

     

    চুক্তি-সমঝোতা স্মারক ও দলিল সই:

    ১. ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

    ২. ব্যাংকিং এবং ইন্সুরেন্স নিয়ন্ত্রণ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) এবং বাংলাদেশ ব্যাংক।

    ৩. বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত (ফাইটোস্যানিটারি) উপকরণ বিষয়ে একটি প্রটোকল সই করে দুই দেশ।

    ৪. অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ।

    ৫. বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন।

    ৬. ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতা জোরদার একটি সমঝোতা স্মারক সই।

    ৭. বাংলাদেশে প্রকল্পে চায়না-এইড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ‘ফিজিবিলিটি স্টাডি’ বিষয়ে আলোচনার একটি সাইনিং অব মিনিটস (কার্যবিবরণী) সই হয়।

    ৮. চীনের সহায়তায় ৬ষ্ঠ বাংলাদেশ-চায়না মৈত্রী সেতু সংস্কার প্রকল্পের চিঠি বিনিময় হয়।

    ৯. নাটেশ্বর আর্কিওলজিকাল সাইট পার্ক প্রকল্পে চায়না-এইড কনস্ট্রাকশনের ফিজিবিলিটি স্টাডি বিষয়ে চিঠি বিনিময় হয়।

    ১০. চীনের সহায়তায় নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় হয়।

    ১১. মেডিকেল সেবা এবং জনস্বাস্থ্য বিষয়ে সহযোগিতা শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক সই হয়।

    ১২. অবকাঠামোগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই হয়।

    ১৩. গ্রিন অ্যান্ড লো-কার্বন উন্নয়ন বিষয়ে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ।

    ১৪. বন্যার মৌসুমে ইয়ালুজাংবু (ব্রহ্মপুত্র) নদীর হাইড্রোলজিক্যাল তথ্য বাংলাদেশ দেওয়ার বিধি বিষয়ক সমঝোতা স্মারক নবায়ন করা হয়।

    ১৫. চীনের জাতীয় রেডিও এবং টেলিভিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    ১৬. পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই করে চীনের মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

    ১৭. চীনের মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে অপর আরেকটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

    ১৮. একটি চুক্তি সই করে চিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

    ১৯. অপর আরেকটি চুক্তি সই করে চিনহুয়া নিউজ এজেন্সি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

    ২০. একটি সমঝাতা স্মারক নবায়ন করে চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়।

    ২১. টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

    ঘোষণাপত্র ৭ টি:

    ১. চীন-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডির সমাপ্তি ঘোষণা।

    ২. চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরুর ঘোষণা।

    ৩. ডিজিটাল কানেকটিভিটি প্রকল্পের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন সমাপ্তি ঘোষণা।

    ৪. ডাবল পাইপ লাইনের মাধ্যমে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের ট্রায়াল শেষ করার ঘোষণা।

    ৫. রাজশাহী ওয়াসা সারফেইস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শুরুর ঘোষণা।

    ৬. শানদং কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই।

    ৭. বাংলাদেশে লুবান ওয়ার্কশপ নির্মাণের ঘোষণা।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান জানান, আজ বেইজিং সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরটি ৮ থেকে ১১ জুলাই হওয়ার কথা ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সকল বৈঠক সম্পন্ন এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনো কিছু না থাকায় ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বেইজিং থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

  • পুতুল অসুস্থ তাই এক দিন আগে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

    পুতুল অসুস্থ তাই এক দিন আগে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: পুতুল অসুস্থ তাই এক দিন আগে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের আগেই চীন থেকে ঢাকায় ফিরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বুধবার (জুলাই ১০) বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল ১১ জুলাই সকালে। সেটি না হয়ে আজ রাতে অর্থাৎ ১০ জুলাই রাত ১০টায় তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন।”

    তিনি বলেন, “এতে কিন্তু তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অফিসিয়াল যেসব কর্মসূচি ছিল, তার বিন্দুমাত্র হেরফের হয়নি। শুধুমাত্র (বেইজিংয়ে) রাত্রিযাপন করার কথা ছিল, সেটি না করে তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।”

    পরদিন সকালের পরিবর্তে আগের দিন রাতে ঢাকার ফেরার কারণ তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “এর কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও চীন সফরে আসার কথা ছিল। কিন্তু তিনি (পুতুল) অসুস্থতার কারণে আসতে পারেননি। তিনি এখনো অসুস্থ। ফলে মা হিসেবে প্রধানমন্ত্রী আজ রাতে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিভিন্ন গণমাধ্যমে হেডিং দেখেছি প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন। আসলে সফর সংক্ষিপ্ত নয়, শুধু রাত এখানে যাপন করার ছিল সেটি না করে তিনি তার অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য মা হিসেবে (আজ রাতেই) তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।”

    এর আগে সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই: সেতুমন্ত্রী

    আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই। আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন।”

    আজ বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি ৷

    সেতুমন্ত্রী বলেন, “আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলেও আশা করি।”

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, “শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কিছুটা অসুস্থ। এছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

  • ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

    ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ জুলাই, ২০২৪: প্রথমার্ধেই হয় তিন গোল। শুরুতে গোল দিয়ে দিয়েছিল ফ্রান্সই। কিন্তু এরপর লামিন ইয়ামালের গোলে সমতা ফেরাল স্পেন, তার কিছুক্ষন পর গোল করলেন দানি আলমো। প্রথমার্ধের এই তিন গোল হওয়ার পর শেষ অবধি এই ফলাফল বহাল থাকে। ফলে বিশ্বকাপ ফুটবলের রানার্সআপ দল ফ্রান্স ব্যর্থ হয় ইউরোর ফাইনালে উঠতে।

    মঙ্গলবার দিবাগত রাত এটায় আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর সেমিফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে স্পেন।

    ম্যাচের কেবল ৯ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পেয়ে যায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে বক্সের বা প্রান্ত থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক বল দেন রান্ডাল কুলোমুয়ানিকে। ফরাসি স্ট্রাইকারের হেডে রীতিমতো অসহায় ছিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। এটিই এবারের ইউরোতে ওপেন প্লে থেকে ফ্রান্সের প্রথম গোল ছিল।

    ম্যাচে ফেরার আপ্রান চেষ্টায় থাকা স্পেন গোলের খোঁজ পায় ২১ মিনিটে এসে। অনেকটা একার চেষ্টায় দলকে সমতায় ফেরান ইয়ামাল। বক্সের বাইরে র‌্যাবিয়োটকে পাশ কাটিয়ে বাঁ পায়ে বল নেন লামিন ইয়ামাল। উপরের কোণা দিয়ে নেওয়া তার শটে কিছুই করার ছিল না ফ্রান্স গোলরক্ষকের। বক্সের বাইরে থেকে তার গোলে বিস্ময়ের যেন শেষ ছিল না কারও। ১৬ বছর ৩৬২ দিনে গোল করে ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোল করা ফুটবলার হলেন ইয়ামাল।

    সমতায় ফেরার পর কেবল চার মিনিট লাগে স্পেনের এগিয়ে যেতে। দারুণ এক আক্রমণে নাভাসের শট ফিরে আসে। কিন্তু ওখান থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন আলমো। এই লিড নিয়েই বিরতিতে যায় স্পেন।

    দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেন কিছুটা নিয়ন্ত্রণে রাখলেও দ্রুতই খেলায় ফিরে ফ্রান্স। তাদের একেকটি আক্রমণে ভয় ধরে স্পেন সমর্থকদের মনে। কিন্তু কিছুতেই কাজ হয়নি। দলীয় প্রচেষ্টায় গোল না আসায় কয়েকবার এমবাপ্পে একার ঝলকও দেখাতে চান।

    কিন্তু ফ্রান্সের জন্য ছিল কেবল হতাশা। ৬০ মিনিটে ওসমান দেম্বেলের শট কোনোরকমে ফেরান স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ৮৬ মিনিটের দিকে এমবাপ্পের একটি চেষ্টাও ব্যর্থ হয়। হতাশার হার নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

    কোপা আমেরিকা কাপের ফাইনালে আর্জেন্টিনা

    কোপা আমেরিকায় প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকালে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ২-০ গোলে জয় পায়। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো কোপা আমেরিকায় সর্বাধিকবারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি করেন গোল দুটো। এ ম্যাচে গোলের মাঝ দিয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবারের কোপা আমেরিকায় প্রথম গোলের দেখা পেলেন।

  • ইসরায়েলি হামলায় গাজার আশ্রয়কেন্দ্রে ২৯ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজার আশ্রয়কেন্দ্রে ২৯ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ জুলাই, ২০২৪: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে প্রতিনিয়ত চলছে ইসরায়েলি হামলা।এবার দক্ষিণ গাজায় একটি স্কুল সংলগ্ন আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ‘হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।

    হামলায় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ২৫ বলে জানানো হয়েছিল। পরে সেটি বেড়ে ২৯ জনে পৌঁছায়। হামলার পর আবাসন আল-কাবিরা থেকে আহতদের নাসের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছে।

    আবাসান আল-কাবিরা এবং পূর্বাঞ্চলীয় খান ইউনিসের অন্যান্য এলাকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক লোকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা ঘটনা ঘটল।

    হামলায় এলাকাটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বহু নারী-শিশুর মৃত্যুও হয়েছে। হতাহতদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মূলত খান ইউনিসের পূর্বাঞ্চলীয় গ্রামগুলো থেকে বাস্তুচ্যুতরা আল-আওদা স্কুলেই আশ্রয় নিয়ে ছিলেন।

    গত চার দিনে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুলে বা তার কাছাকাছি স্থানে এটি নিয়ে চতুর্থ হামলার ঘটনা ঘটল।

    গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ২৪৩ জনে পৌঁছেছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে। হামলায় বহু আবাসন ধ্বংস হয়েছে। তাছাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে চিকিৎসাকেন্দ্র, আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। ফলে গাজায় দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট।

  • বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার মারা গেছেন

    বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার মারা গেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: সত্তরের দশকের অন্যতম কবি মাকিদ হায়দার বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই কবি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

    আজ বুধবার (১০ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা জানিয়েছেন, আজ দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে মাকিদ হায়দারের মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। পাবনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ।

    মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মাকিদ হায়দার।

    তিনি ২০১৯ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

    ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার দোহারপাড়ায় কবি মাকিদ হায়দারের জন্ম। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। সাত ভাইয়ের বোনও ছিল সাতজন। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত।

    মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), ও পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। এছাড়াও তার একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই রয়েছে।