Author: Hello Bangla News

  • আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবে স্টোকস

    আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবে স্টোকস

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ জুলাই, ২০২৪: গতকাল লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। ওযেস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ১২১ রান করে, জবাবে ইংল্যান্ড প্রথম ইসিংসে করে ৩৭১ রান। ব্যাট হাতে স্টোকস করে ৪ রান এবং দুই নিংসে ৩ উকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসে ১৩৬ রানে অলআউট হয়। সহজ জয়ের ম্যাচে একটা বিরল রেকর্ড গড়েছেন বেন স্টোকস। ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

    টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০, দুটি মাইলফলক ছুঁতে স্টোকসের দরকার ছিল ২ উইকেট। লর্ডসে সেই মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক।

    উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লু করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পান স্টোকস। একই সঙ্গে এই ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট।

    আর তাতে তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান (বাংলাদেশ), কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), শহীদ আফ্রিদি (পাকিস্তান), সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা). বেন স্টোকস (ইংল্যান্ড)।

    তবে জ্যাক ক্যালিস ও স্টোকস ছাড়া সবাই স্পিন বোলার।

  • চীন সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    চীন সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন । আজ শনিবার (জুলাই ১৩) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার বিকেল ৪টায় গণভবনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এর আগে গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি ছিল তার প্রথম চীন সফর।

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয় ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্র সই করে দুই দেশ।

    এ সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত’উন্নীত হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    বুধবার (জুলাই ১০) স্থানীয় সময় রাতে দেশে ফেরেন শেখ হাসিনা।

  • আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না: বাইডেন

    আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না: বাইডেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ জুলাই, ২০২৪: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারসভায় এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন, ‘আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। এ সময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাকে সমর্থন দিতে দেখা যায়।

    জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়… আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না।

    বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং দাতাদের দিক থেকে চাপ বাড়ছিল। তবে এই জনসভায় দেখা গেল বাইডেনকে নির্বাচনী দৌড়ে চেয়ে মানুষকে স্লোগান দিতে।

    প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন বাইডেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। বাইডেন ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন।

    ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন বাইডেন।

    আগের দিন বৃহস্পতিবার বাইডেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসের সঙ্গের বৈঠক করেন। বৈঠক শেষে এক চিঠিতে তিনি বাইডেনকে সমর্থন দিয়েছেন বলে রয়টার্স জানায়। তবে সিএনএন জানায়, হাকিম  সরাসরি বাইডেনকে সমর্থন দেননি।

    এদিন সকালের দিকে নিজ দলের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও বাইডেন সমর্থন দিয়েছেন। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনও বাইডেন সমর্থন দিয়েছেন। ইতিপূর্বে তিনি বাইডেনের বিজয়ের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

    গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন শেষ এক ঘণ্টার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাইডেন। সেখানে তিনি ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জায়গায় পুতিনের নাম বলে আরও চাপে পড়েন।

  • বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এখন সারাবিশ্বের মানুষের কাছে সমাদৃত: স্বাস্থ্যমন্ত্রী

    বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এখন সারাবিশ্বের মানুষের কাছে সমাদৃত: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ১৩ জুলাই, ২০২৪: বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এখন সারাবিশ্বের মানুষের কাছে সমাদৃত, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় প্রতিষ্টান কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এখন সারাবিশ্বের মানুষের কাছে সমাদৃত।”

    আজ শনিবার (১৩ জুলাই) সকালে নীলফামারীর সংগলশীতে সঞ্জিব-মালতী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্র বলেন, “আমরা সিজারিয়ান কমানোর জন্য চেষ্টা করছি, গর্ভবতী নারীদের কমিউনিটি ক্লিনিক থেকে চেকআপ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতালে ডেলিভারি করা হলে তাহলে আর সিজারিয়ান করা লাগবে না। ক্লিনিকগুলোকে আরও সচল করার জন্য সরকার উদ্যোগ নেওয়া হয়েছে।”

    নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, পুলিশ সুপার মোকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজীৎ রায় এ সময় উপস্থিত ছিলেন।

    সংগলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজীৎ রায় স্বগীয় পিতা-মাতার নামে ক্লিনিকের নামকরণ করা হয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • বন্যার কারণে বাজারে কাঁচাপণ্যের দাম বেড়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    বন্যার কারণে বাজারে কাঁচাপণ্যের দাম বেড়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ জুলাই, ২০২৪: বন্যার কারণে বাজারে কাঁচাপণ্যের দাম বেড়েছে, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, “দেশের ১৮টি জেলায় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পানি বেড়ে গেছে। বিভিন্ন কাঁচাবাজারে পানি উঠেছে। বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। তাই বন্যার কারণে বাজারে কাঁচাপণ্যের দাম বেড়ে গেছে।

    আজ শনিবার (১৩ জুলাই) সকালে কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “এই মুহূর্তে ১৮টি জেলায় বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পানি বেড়ে গেছে। বিভিন্ন কাঁচাবাজারে পানি উঠেছে। বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এটি সাময়িক। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করব, বন্যা পরবর্তী তারা কী পদক্ষেপ নিয়েছে। বন্যা পরবর্তী সাপ্লাই চেইন নিশ্চিত করার জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বসতে বলবো। বর্তমানে কৃষি পণ্যের কী অবস্থা, সেটা জেনে আমরা আপনাদের জানাবো।”

    তিনি আরও বলেন, “আমাদের ভোক্তা অধিদপ্তর সব সময় সচেষ্ট আছে। আপনারা নিজেরাই দেখতে পারছেন ভারী বর্ষণ হচ্ছে। এটা কিন্তু কোনও কন্সপিরেসি না। বাজারে বসার মত অবস্থা নেই। যেখান থেকে আমাদের কৃষি পণ্য আসার কথা, সেখান থেকে আসতে পারছে না। মজুদদারে বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থা থাকবে। আমরা সব সময় প্রস্তুত আছি। কোনও ব্যবসায়ীকে মজুদদারি করে পণ্যের দাম বাড়াতে দেওয়া হবে না।”

  • রান্না: মালাই পায়েস

    রান্না: মালাই পায়েস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ জুলাই, ২০২৪: মালাই পায়েস একটি মিষ্টি খাবার। সাধারণত এখন আমরা মিষ্টি খাবার গুলো অধিকাংশই বাসায় তৈরি করতে পারি। আজ দেওয়া হলো মালাই পায়েসের রেসিপি।

    Recipe given by Murshida Sultana Tulu

    উকরণ ও রন্ধন প্রণালী:

    চিনিগুড়া চাল-১০০ গ্রাম, চাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে, ৫০ গ্রাম চালের জন্য-১ লিটার লিকুইড দুধ, ১০০ গ্রাম চালের জন্য-২ লিটার লিকুইড দুধ, গুঁড়া দুধ ১ কাপ। এটি একটি মিশ্রণ তৈরি করেছি।

    ঘি ১ টেবিল চামচ, কাজুবাদাম, পেস্তা বাদাম, এবং কিশমিশ মাঝামাঝি আঁচে ঘি দিয়ে-১ মিনিট বাদাম গুলোকে ভাজতে হবে, ঘি ১ টেবিল চামচ, ভেজানো চিনিগুড়া চাল, মাঝারি আঁচে ৩০ মিনিট রান্না করুন। রান্না করার সময় ক্রমাগত নাড়তে হবে। গুঁড়া দুধের তরল (আগে প্রস্তুত) মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে।

    ফ্রেশ ক্রিম এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঘি ১ টেবিল চামচ দিয়ে চুলা থেকে নামিয়ে ভাজা বাদাম এবং কিসমিস ভালো করে মিশিয়ে নিতে হবে।

    পরিবেশনের জন্য ঠান্ডা করে ডেকোরেশন করতে হবে।

    রেসিপি দিয়েছেন: মুর্শিদা সুলতানা তুলু

  • রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে মিয়ানমার

    রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে মিয়ানমার

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুলাই, ২০২৪: মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘বে অভ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটে যোগদানের পাশাপাশি ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এমন মনোভাব ব্যক্ত করেন থান সুই। আজ শুক্রবার (১২ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

    রিট্রিটের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে ড. হাছান মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের পূর্বের আলোচনাগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মিয়ানমার দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা তাদের দেশ থেকে জোরপূর্বক উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রিত নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত আছে। কিন্তু এটি কার্যে পর্যবসিত হওয়ার চিহ্ন এখনো পরিলক্ষিত হয়নি। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলেই কেবল মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষার নজীর রাখতে পারে।

    ড. হাছানের এমন কথার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন এবং তার সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রত্যাবাসন শুরুর অভিপ্রায় পুণর্ব্যক্ত করেন।

    এদিকে রিট্রিটের শেষ দিন আজ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা। এদিন সকালে নয়াদিল্লির কল্যাণমার্গে প্রধানমন্ত্রীর বাসভবন পঞ্চবটিতে বাংলাদেশের ড. হাছান মাহমুদসহ রিট্রিটে যোগদানকারী ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ও নেপালের পররাষ্ট্র সচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশলাদি ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে ফটোসেশনে অংশ নেন।

    দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের আঞ্চলিক জোট ‘বে অভ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)’ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই রিট্রিটে বিমসটেক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনায় অংশ নেন।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অবস্থান তুলে ধরার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সংক্ষিপ্ত পার্শ্ববৈঠকে নিত্যপণ্য আমদানি সুবিধা অব্যাহত রাখা ও তিস্তা প্রকল্পের জন্য কারিগরী দল প্রেরণের বিষয়সহ দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

  • নিজস্ব মুদ্রায় বাণিজ্য করলে সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতি শক্তিশালী হবে: আব্দুর রাউফ

    নিজস্ব মুদ্রায় বাণিজ্য করলে সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতি শক্তিশালী হবে: আব্দুর রাউফ

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ জুলাই, ২০২৪: সার্কভুক্ত দেশে স্থানীয় মুদ্রা বাণিজ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন করলে মার্কিন অর্থনীতির উপর থেকে নির্ভরশীলতা কমে আসবে। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে এবং বিনিময় ঝুঁকি ও লেনদেনের খরচ কমবে। নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনা করলে আমরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারি।’

    আজ শুক্রবার (১২ জুলাই) সকালে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মোহনা হলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘Trading in Local Currencies: Problems and Prospects for the SAARC Countries’ শীর্ষক সার্ক ফাইন্যান্স সেমিনারে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার দীর্ঘসময় ধরে আধিপত্য বিরাজ করে আসছে। বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ লেনদেন এ মুদ্রার মাধ্যমে হয়ে আসছে, কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনীতি নিষেধাজ্ঞার আলোকে এবং ভারসাম্যহীনতার ফলে অনেক দেশ একটি একক মুদ্রার ওপর নির্ভরশীল না থেকে বিকল্প পথ খুঁজে বের করার জন্য চেষ্টা করছে।

    তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন করলে মার্কিন অর্থনীতির ওপর থেকে নির্ভরশীলতা কমে আসবে। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে এবং বিনিময় ঝুঁকি ও লেনদেনের খরচ কমবে। নিজস্ব মুদ্রায় বাণিজ্য চালনা করলে আমরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারি। স্থানীয় বাণিজ্যের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক চুক্তি এবং সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠা করা। সেক্ষেত্রে স্থানীয় মুদ্রার স্থিতিশীলতা ও রূপান্তরযোগ্যতা নিশ্চিত করতে হবে এবং বাণিজ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

    বিশেষ অতিথি ছিলেন রির্জাভ ব্যাংক অব ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার আদিত্য গায়হা, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক সায়েরা ইউনুস বক্তব্য দেন।

    সেমিনারে বাংলাদেশ ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

  • আইনশৃঙ্খলা ভঙ্গ করলে সেটা বরদাশ করা হবে না: ডিএমপি কমিশনার

    আইনশৃঙ্খলা ভঙ্গ করলে সেটা বরদাশ করা হবে না: ডিএমপি কমিশনার

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুলাই, ২০২৪: আইনশৃঙ্খলা ভঙ্গ করলে সেটা বরদাশ করা হবে না, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, “আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম কেউ যদি করে তবে সেটি বরদাশত করা হবে না।”

    আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব চত্বরে আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪ ও ফল উৎসব’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

    ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, “সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা-সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা আছে। সেটি সবার করা উচিত বলে আমি মনে করি।”

    সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, “পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা। এ জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।”

    অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকরা সব সময় সত্য প্রকাশে সচেতন ছিলেন। বিভিন্ন সময় দেশে-বিদেশে অপপ্রচার হয়েছে সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেন এবং সেটি নিশ্চিত করার জন্য কাজ করেন।”

    ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান আজকের বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সব সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে স্পোর্টস ফেস্টিভ্যালে স্পন্সর করায় ওয়ালটনকে ধন্যবাদ জানান তিনি।

    ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “বরাবরের মতো এবারও উৎসবমুখরভাবে ক্র্যাবে স্পোর্টস ফেস্টিভ্যাল ও ফল উৎসব উদযাপন হচ্ছে। আশা করি সব সদস্য ও পরিবার এই উৎসবে যোগ দেবেন।”

    ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) সভাপতি শুক্কুর আলী শুভ, বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক ও ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ক্র্যাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক পারভেজ খান, সাবেক সভাপতি আবুল খায়ের, সাবেক সভাপতি মির্জা মেহেদী তমাল, সাবেক সভাপতি ইশারফ হোসেন ইসা প্রমুখ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- “ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র উপ নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম মিলটন।”

  • আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন: আইনমন্ত্রী

    আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ জুলাই, ২০২৪: আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলে আশা করি।”

    আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।

    আইনমন্ত্রী বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কোটা আন্দোলনে সে প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না।”

    জানমাল রক্ষা করা এবং জনগণের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, “এসব যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।”

    আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ অনেকে আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।