Author: Hello Bangla News

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু

    ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ১৬০ জন শিশু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ নভেম্বর, ২০২৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) তথ্য মতে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে ১৬০ জন শিশু নিহত হচ্ছে। এছাড়া গত এক মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ১০ হাজারে।

    নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৭ হাজার। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশু নিহত হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে। জেনেভায় জাতিসংঘের এক ব্রিফিংয়ে ডব্লিউএইচওর কর্মকর্তা ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘(ফিলিস্তিনি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যাচ্ছে, গাজায় প্রতিদিন গড়ে প্রায় ১৬০ শিশুকে হত্যা করা হচ্ছে।’

    লিন্ডমেয়ার বলেন, ‘গাজার হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এবং যারা বেঁচে আছেন তারাও ট্রমা, নানা রোগ এবং খাবার ও পানির অভাবে ভুগছেন। বেঁচে থাকার জন্য এসব মানুষের পানি, জ্বালানি, খাদ্য এবং স্বাস্থ্যসেবার নিরাপদ সরবরাহ প্রয়োজন।’

    ডব্লিউএইচওর কর্মকর্তা আরও বলেন, রসদ, কনভয় এবং মানবিক সহায়তা সরবরাহ প্রস্তুত রয়েছে। সবকিছু সেট আপ করা হয়েছে। কিন্তু যা নেই তা হলো- এগুলো নিয়ে গাজায় প্রবেশাধিকার এবং এটিই আমাদের প্রয়োজন। রোগীদের সুরক্ষা এবং হাসপাতালগুলো যেকোনও উপায়ে নিরবচ্ছিন্ন ভাবে নিরাপদ রাখা প্রয়োজন।

    গাজা উপত্যকার উত্তরের হাসপাতালগুলোর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডব্লিউএইচও কেবলমাত্র ‘একবারই’ হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে।

    গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের কারণে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে ইসরায়েল যে দাবি করেছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন: ‘ হাসপাতালের নিচে কী আছে তা আমরা যাচাই করতে পারি না। আমরা যা যাচাই করতে পারি তা হাসপাতালে এবং মাটির ওপরে যা আছে সেগুলো। হাসপাতালগুলোতে জরুরিভাবে চিকিৎসার সুযোগ-সুবিধা প্রয়োজন।’

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০ হাজার ৩২৮ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ২৩৭ শিশু এবং ২ হাজার ৭১৯ জন নারী রয়েছেন।

  • গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    www.HelloBangla.News – জাতীয় – ৭ নভেম্বর, ২০২৩: গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও অবিলম্বে যুদ্ধ-বিরতির জন্য আমি সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এই ভয়াবহ যুদ্ধ, নির্বিচার হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারিত্ব বন্ধে ভুমিকা রাখার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।’

    তিনি গতকাল সোমবার ( ৬ নভেম্বর) সৌদি আরবে ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।

    শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আমার ভূমিকা অব্যাহত রাখব।’

    প্রধানমন্ত্রী বলেন, শান্তির জন্য তাদের মুসলিম নারীদের আওয়াজ শুনতে হবে। তিনি বলেন, ‘আমরা গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরাইলি নৃশংসতার নিন্দা করছি। গাজার এ নৃশংসতা, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় অমানবিক নির্যাতনের শিকার দুই লাখ নারীর কথা মনে করিয়ে দিচ্ছে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এ নৃশংস ঘটনাগুলো আমাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার বাবা-মা এবং নারী ও শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘ এটি ঘটনা মিয়ানমারের হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুর নির্যাতনের দৃশ্যকেই ফুটিয়ে তোলে- যারা নৃশংসতার শিকার হলে ২০১৭ সালের আগস্টে আমাদের সীমান্তে আশ্রয় চেয়েছিল।’

    প্রধানমন্ত্রী মুসলিম নারীদের জন্য এক গুচ্ছ পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো হল :

    প্রথমত, ফিলিস্তিনে অবিলম্বে সংঘাতের অবসান এবং সেখানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের- বিশেষ করে নারী ও শিশুদের উপর অপরাধের বিচার।

    দ্বিতীয়ত, সমস্ত অপরাধ, সহিংসতা, বৈষম্য ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়াকে ‘না’ বলুন।

    তৃতীয়ত, এসডিজি-৫ পূরণের লক্ষ্যে লিঙ্গ সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিন।

    চতুর্থত, মুসলিম নারীরা যেন ইচ্ছেমতো স্বাধীনভাবে জনসমক্ষে নিজেদের উপস্থাপন করতে পারেন- তা নিশ্চিত করুন।

    পঞ্চমত, নারী ক্ষমতায়ন ও মূল স্রোতে নারীদের ভূমিকার উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ, বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এ সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।

    প্রধানমন্ত্রী বলেন, ওআইসি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে এই বহুল প্রতীক্ষিত ইস্যুগুলোতে সংলাপ প্রত্যাসিত।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে এর সম্ভাবনা উপলব্ধি করে খুব তাড়াতাড়ি ওআইসি’র নারী উন্নয়ন সংস্থায় (ডব্লিউডিও) যোগ দেয়। তিনি বলেন, ‘ডব্লিউডিও এর যাত্রা শুরু করেছে এবং আমি আশা করি, ইসলামকে আরও ভালভাবে বোঝার মাধ্যমে আজকের চাহিদাগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এ ম্যান্ডেটকে প্রসারিত করা যেতে পারে। আর তবেই আমরা একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের স্বপ্ন দেখতে পারি। আমি এই আন্তর্জাতিক সম্মেলনের সাফল্য কামনা করছি।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নারীমুক্তির জন্য সৌদি আরবের যুগান্তকারী উদ্যোগগুলোকে আগ্রহের সাথেই লক্ষ্য করি। আমি মহামান্য বাদশাহ ও হিজ রয়েল হাইনেস যুবরাজের এই রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করি।’

    তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের আহ্বানে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন একজন নারী- বিবি খাদিজা। পবিত্র কুরআনের সূরা আন-নিসা’র আয়াতের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, “আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা পরস্পরের এবং রক্ত সম্পর্কের অধিকার চাও। নিঃসন্দেহে আল্লাহ সর্বদাই তোমাদের উপর পর্যবেক্ষক।’ তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় তাদের গর্বিত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো পথপ্রদর্শক আছেন, যিনি ১৯০৫ সালে প্রকাশিত তার ‘সুলতানার স্বপ্ন’ বইতে নারী নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

    শেখ হাসিনা বলেন, তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশের সংবিধানে নারীর সমমর্যাদা নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে প্রথম সংসদে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসনের বিধান করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর মেয়ে হিসেবে তিনি নারী ক্ষমতায়নের এ কাজটি অব্যহত রেখেছেন এবং নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করে ৫০টিতে উন্নীত করেছেন। আমাদের জাতীয় সংসদে এখন ৭৩ নারী সাংসদ রয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘নারীরা সব সময়ই আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংস্কার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রথম সারিতে থেকেছেন। তারা নিজেরাই যেন কাজের মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, আমি তাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বৈশ্বিক সূচকে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটি অনন্য উদাহরণ আছে- যেখানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও সরকারি দলের উপনেতা সবাই নারী। এছাড়াও আমাদের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত রয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘যতবার আমি দায়িত্বে এসেছি, সিদ্ধান্ত গ্রহণে নারীদের উন্নীত করার জন্য সমস্ত বাধা দূর করার চেষ্টা করে যাচ্ছি। প্রশাসন, বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয়, সশস্ত্র বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থায় আমাদের নারীদের শীর্ষ পদে অধিষ্ঠিত হতে দেখে আমি গর্বিত বোধ করি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের মেয়েরা পাবলিক পরীক্ষা, প্রতিযোগিতামূলক নিয়োগ ও জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির হোস্ট হিসাবে আমি ওআইসি সদস্য দেশগুলোর তরুণ মহিলাদের এই চমৎকার প্রতিষ্ঠানে পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে নারীদের জন্য সুবিধাসহ সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করছে। বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতিও আমাদের নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণের প্রমাণ।

    বাংলাদেশের সরকার প্রধান বলেন, ‘আমাদের আনুষ্ঠানিক অর্থনীতির প্রায় ৪৬% নারী কর্মী। নারী উদ্যোক্তারা আমাদের কুটির, ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পে বড় ধরনের অবদান রাখছেন। আইটি ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং স্টার্ট-আপে নারীদের প্রাণবন্ত উপস্থিতি রয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার অর্থ, বাজার, ধারণা ও প্রশিক্ষণে নারীদের প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ সরকারী ক্ষেত্রে ছয় মাসের বেতনের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়। তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযাগ রক্ষা করে যাচ্ছি- যাতে বিদেশে কর্মরত নারী কর্মীদের সুরক্ষা ও মঙ্গল নিশ্চিত করা যায়। সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দরিদ্র, বিধবা, পরিত্যক্ত, প্রতিবন্ধী ও বয়স্ক নারীরা উপকৃত হচ্ছে। সরকার বিনামূল্যের আবাসন ও আশ্রায়ন প্রকল্পে স্বামী ও স্ত্রী উভয়কে যৌথ মালিকানা দিচ্ছে, যাতে বিচ্ছেদ হলে সেটি স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। যৌতুক, বাল্যবিবাহ ও সাইবার হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন বাড়ছে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আইন অনুসারে সকল জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম ব্যবহার করা বাধ্যতামূলক। আমরা নারী শান্তি ও নিরাপত্তা কর্মীদের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের নারী শান্তিরক্ষীরা গর্বের সাথে আফ্রিকায় জাতিসংঘের মিশনে দায়িত্ব পালন করছেন।’

    সূত্র: বাসস

  • বাসে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারেনা: তথ্যমন্ত্রী

    বাসে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারেনা: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ নভেম্বর, ২০২৩: বাসে অগ্নিসংযোগ কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারেনা, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি পুলিশ হত্যা করেছে, ৩২ জন সাংবাদিককে আহত করেছে। যারা এগুলোর মূলহোতা, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা জানি তাদের কিভাবে মোকাবিলা করতে হবে। এখন তারা কর্মসূচি ঘোষণা করছে অনলাইনের মাধ্যমে। সেই কর্মসূচির মূল হচ্ছে অবরোধের নামে গাড়ি-ঘোড়া পোড়ানো। মানুষের ওপর আক্রমণ করা। এরা দেশ-জাতি-সমাজের শত্রু। এজন্যই তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তার অব্যাহত থাকবে।’

    আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী দলগুলোর রাজনীতি এবং আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ব্রিগেড ৭১।

    তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি সারা দেশে সন্ত্রাসের তাণ্ডব শুরু করেছে। ইসরাইল বাহিনী যে কায়দায় গাজায় হাসপাতালে আক্রমণ চালিয়েছে একই কায়দায় পুলিশ হাসপাতালে আক্রমণ চালানো হয়েছে। অ্যাম্বুল্যান্সে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা কি মানুষ? এরা কি রাজনৈতিক কর্মী? এদের নেতারা কি রাজনৈতিক দলের নেতা? তারা (বিএনপি) হিংস্র হায়নার চেয়েও খারাপ। তাদের বিরুদ্ধে জনগণকে লড়তে হবে।’

    তিনি আরও বলেন, ‘অভ্যুদয়ের পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। বিদেশি শক্তির সঙ্গে মিলে এরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে তাদের অপচেষ্টা কিছুটা সফল হয়েছিল। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আওয়ামী লীগ ২১ বছর এদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার কাজে অনেকেটাই অগ্রসর হয়েছিলাম। ২০০১ সালে আবারও স্বাধীনতাবিরোধী শক্তি আন্তর্জাতিক শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসে। দেশ আবার পিছিয়ে পড়ে।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে জনগণের ভোটে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। সেই থেকে দেশ আজ পর্যন্ত দেশ উন্নয়নের ধারার এগিয়ে চলছে। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বিশ্বনেতারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছে। আজ মানব উন্নয়ন, অর্থনীতি এবং স্বাস্থ্য সুচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। ২০২১ সালে ডিজিপি পার ক্যাপিটা ইনকামে ভারকেও পেছনে ফেলেছি। পাকিস্তানের শাসকরা এখন বাংলাদেশে উন্নয়ন দেখে দীর্ঘশ্বাস ফেলে।’

    ব্রিগেড ৭১ এর আহ্বায়ক রাজ্জাকুল হায়দার চৌধুরী সভাপতিত্বে উক্ত সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব ব্যারিস্টার সৌমিত্র সরদার।

    সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর প্রতীক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

  • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ৭ নভেম্বর, ২০২৩: গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বিক্ষোভ চলছিলো বেশ কিছুদিন ধরে। এর জেরে বেশ কিছু কারখানও বাসে আগুন দেয় বিক্ষোভকারিরা। শ্রমিকাদরে দাবির প্রেক্ষিতে আজ তাদের মজুরি নির্ধারণ করাহয়। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ৬ষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মজুরি ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। আট হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।

    এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ সংক্রান্ত  আলোচনা শুরু হয়। এতে শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।

    সভায় আরও উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ, নিরপেক্ষ সদস্য অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ।

    এর আগে গত ১ নভেম্বর ৫ম সভায় মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি শ্রমিকদের নিম্নতম মজুরি ২০ হাজার ৩৯৪ টাকার প্রস্তাব করেন। অপরদিকে মজুরি বোর্ডে পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেন। উভয়পক্ষ প্রস্তাবনায় তাদের যৌক্তিকতা তুলে ধরেন।

    এদিকে, শ্রমিকদের বেতন ২৫ হাজার করার দাবিতে আন্দোলন করছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ, গার্মেন্টস ওয়াকার্স এলায়েন্স, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ঐক্য মঞ্চ, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ বেশ কয়েকটি সংগঠন।

  • সৌদি আরবের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের বৈঠক

    সৌদি আরবের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের বৈঠক

    www.HelloBangla.News – অর্থনীতি – ৭ নভেম্বর, ২০২৩: গতকাল সোমবার ( ৬ নভেম্বর)  সৌদি আরবে জেদ্দা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে । দুই দেশের ব্যবসায়ীরা মনে করছে যে, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উপযুক্ত সময় এখনই। উভয় দেশের এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিৎ।

    এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, সারা বিশ্বেই ব্যবসা-বাণিজ্যের ধরণ পরিবর্তন হচ্ছে। সেই সাথে সামনে আসছে নিত্য নতুন চ্যালেঞ্জ। ২০২৬ সাল নাগাদ এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে। এমন অবস্থায়, সমন্বিত সাপ্লাই চেইনের সুফলকে কাজে লাগিয়ে আগামী দিনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে বাংলাদেশ এবং সৌদি আরবকে এখনই এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) স্বাক্ষরের উদ্যোগ নিতে হবে।

    বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির অন্যতম একটি গন্তব্য সৌদি আরব উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, সৌদি আরব বর্তমানে হাই-টেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং শিল্প বহুমুখীকরণের জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। এই মূহুর্তে তাদের বিপুল দক্ষ কর্মী বাহিনীর দরকার হবে। এদিকে বাংলাদেশ এখন ”ডেমোগ্রাফিক ডিভিডেন্ড” সুবিধার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশে বিপুল সংখ্যক কর্মক্ষম, অভিজ্ঞ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ তরুণ জনশক্তি রয়েছে।

    তিনি সৌদি আরবের বিভিন্ন সেক্টরে বাংলাদেশের দক্ষ তরুণ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত করার আহ্বান জানান।

    বৈঠকে সৌদি আরবের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রস্তাবিত সৌদি আরব বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের আহ্বান জানান মাহবুবুল আলম। একই সাথে দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলেও সৌদি বিনিয়োগকারীদের শিল্প স্থাপনের জন্য আমন্ত্রণ জানান তিনি।

    বাংলাদেশে পরিবেশবান্ধব জ্বালানি, অবকাঠামো, গাড়ির যন্ত্রাংশ, কেমিক্যাল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও রবোটিকসসহ বেশকিছু খাতে সৌদি আরবের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে বলে জানানো হয় বৈঠকে।

    জেদ্দা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

    দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি মো. খায়রুল হুদা চপল, মো. রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেন, পরিচালক মো. হাবিব উল্লাহ ডন, হাসিনা নেওয়াজ, খন্দকার রুহুল আমিন, মো. আলী হোসেন শিশির, মো. এনায়েত উল্লাহ, বি এম সোহেব, সহিদুল হক মোল্লা, ফখরুস সালেহীন নাহিয়ান, সালমা হোসেন এশ, মো. আমীর হোসাইন নুরানী, মো. ফায়জুর রহমান ভূঁইয়া, সৈয়দ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

    সূত্র: বাসস

  • হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে

    হামাস লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ নভেম্বর, ২০২৩: ইসরায়েলি হামলায় গাজায় হামাস পিছু হটলেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে । এবার গাজার পাশাপাশি এবার লেবানন থেকেও ইসরায়েলে হামলা চালাচ্ছে হামাস।

    গতকাল সোমবার (৬ নভেম্বর) দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফায় ১৬টি রকেট নিক্ষেপ করেছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডু এ তথ্য জানিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ।

    এদিকে ইসরায়েল দাবি করছে, তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় ৩০টি রকেট হামলা শনাক্ত করেছে। আর যেদিক থেকে তারা এসব হামলা পেয়েছে, সেদিকে বিপরীত হামলা চালানো হয়েছে।

    কাসাম ব্রিগেডস বলেছে, গাজায় জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে।

    ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ নারী। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

    অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, গত ০৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামাস ২৪০ জনেরও বেশি মানুষকে জিম্মি করেছিল।

    সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এক মাস আগে থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে। শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহ হামাসের মিত্র হওয়ায় লেবাননের সঙ্গে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে। যেখানে শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করেছে।

    এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্ট কালের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে। গতকাল সোমবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহু এ কথা বলেন।

    এএফপির তথ্য মতে, গত ০৭ অক্টোবর থেকে ইসরায়েলি আন্তঃসীমান্ত সংঘর্ষে লেবাননের অন্তত ৮১ জন নিহত হয়েছেন । এর মধ্যে ৫৯ জন হিজবুল্লাহ যোদ্ধাও রয়েছেন। আর ইসরায়েলি পক্ষের ছয় সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

  • সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওটি রশ্মিকার নয়

    সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওটি রশ্মিকার নয়

    www.HelloBangla.News – বিনোদন – ৭ নভেম্বর, ২০২৩: বলিউডে অভিনয় জগেতে রশ্মিকা মন্দানা মার্জিত ইমেজ তৈরি করতে পেরেছেন তার শালিন পোশাক ও ব্যবহারের কারণে। অভিনয় দক্ষতায় বেশ সুনাম কুড়িয়েছেন। ২০২২ সালে রশ্মিকার বলিউডে আত্মপ্রকাশ ‘গুডবাই’ ছবির মাধ্যমে। কিন্তু ইদানিং সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে অভিনেত্রী রশ্মিকা মন্দানার একটি আপত্তিকর ভিডিওটি। যেখানে দেখা যায় কালো পোশাক পরে লিফট্ থেকে বেরিয়ে আসছেন রশ্মিকা। যে পোশাকটি খুব কুরুচিকল। খুব দ্রুত সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে রশ্মিকা মন্দনার এই ছবি।

    সমাজমাধ্যমের রশ্মিকার ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ার কিছু ক্ষণের মধ্যে জানতে পারা যায়, ওই ভিডিও আসলে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিকৃত করা হয়েছে। কাজটি এআইয়ের সাহায্য নিয়ে করেছেন জ়ারা প্যাটেল নামে এক মহিলা। এই ভিডিওয় রশ্মিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিওয় মুখ রশ্মিকার হলেও তাঁর পরনের পোশাক তাঁর নয়।

    এমন এক ঘটনায় স্বাভাবিক ভাবেই অপ্রস্তুত হয়ে পড়েছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, এই ধরনের কারসাজির ঘটনায় রশ্মিকা ভয় পেয়েছেন বলেই জানান। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতি দিয়ে লেখেন, ‘‘আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যাঁরাই সারা ক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। ভাবলেই ভয় করছে, কী ভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন, যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম! আমার তো মাথা কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সকলের উচিত সমষ্টিগত ভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা।’’

    সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর অনুরাগীদের মনে। জানতে পারা যায়, এই ভিডিওর মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিওয় কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রশ্মিকার অনুরাগীরা। এ বার একই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। গোটা ঘটনাটি আসল ভিডিও সমেত সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাজমাধ্যমের পাতায় বিগ বি লেখেন, ‘‘এই বিষয়টা খুবই গুরুতর, এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’’

    ২০২২ সালে রশ্মিকার বলিউডে আত্মপ্রকাশ অমিতাভের হাত ধরেই। ‘গুডবাই’ ছবিতে বিগ বি-র মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • ঘটনাবহুল ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

    ঘটনাবহুল ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ নভেম্বর, ২০২৩: গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টাইমড আউটে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে মাঠ ছাড়ার মধ্য দিয়ে ঘটনাবহুল বিতর্কের সৃষ্টিহয়। অবশ্য বিশ্বকাপে ছয় ম্যাচ পর বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সমান সংখ্যাক ম্যাচ খেলে দুই দলই পয়েন্ট পেয়ছে চার করে। তবে ভালো রান রেটের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কার উপরে। তবে অ্যাঞ্জেলা ম্যাথিউসের টাইম আউট হওয়ার বিষয়টি খুব ভালোভাবে নেয়নি শ্রীলঙ্কা। ম্যাচ শেষে ম্যাথিউস বলেছেন, সাকিব ও বাংলাদেশ যা করেছে, তা অসম্মানজনক। অপর দিকে সাকিব বললেন, এটা নিয়মে আছে; জানি না সেটা ভুল নাকি সঠিক। মনে হচ্ছিল যেন যুদ্ধে আছি, তাই যা করার ছিল, সেটা করেছি আমি। এনিয়ে বিতর্ক হবে। কিন্তু এটা যদি নিয়মে থাকে, আমি সেই সুযোগ নিতে পিছুপা হব না। অবশ্যই এটা (টাইমড আউট) আমাদের সাহায্য করেছে সেটা অস্বীকার করবো না। ‘

    নিয়মে থাকলেও ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এমনটা আগে কখনো ঘটেনি। তবে এই ম্যাচ আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের। এতে টিকে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা। প্রথমে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বেশ ভালো সংগ্রহ পেয়েছিল লঙ্কানরা। পরে সাকিব ও শান্তর দুর্দান্ত জুটি আর ব্যাটিং নিশ্চিত করেছে বাংলাদেশের জয়।

    গতকাল সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। ৪১ ওভার এক বলে ওই রান তাড়া করে বাংলাদেশ।  শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারালো তারা, সেটিও দলটির বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে।

    এই ম্যাচে বাংলাদেশ খেলতে নামে ভীষণ চাপ নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন আক্ষরিক অর্থেই টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। শুরুটাও ভালো হয় বাংলাদেশের।

    প্রথম ওভারেই ৫ বলে ৪ রান করা কুশল পেরেরাকে ফেরান শরিফুল ইসলাম। তাতে অবশ্য বড় কৃতিত্ব মুশফিকুর রহিমের। পাখির মতো উড়ে বাঁদিকে দাঁড়ানো প্রথম স্লিপ ফিল্ডারের সামনে থেকে ক্যাচ নেন তিনি। পাওয়ার প্লেতে আর উইকেট নিতে পারেনি বাংলাদেশ।

    ১০ ওভারে লঙ্কান ব্যাটাররা তোলেন ৫২ রান। ১২তম ওভার করতে এসে দ্বিতীয় উইকেট এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। এবার ৩০ বলে ১৯ রান করা কুশল মেন্ডিসকে ফেরান তিনি। তার বলে লং অনে দারুণ ক্যাচ নেন শরিফুল।

    দলের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবও পান উইকেটের দেখা। ৮ চারে ৩৬ বলে ৪১ রান করা পাথুম নিশাঙ্কাকে বোল্ড করেন তিনি। এরপর ৬৩ রানের জুটি গড়েন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা।

    তাদের জুটিও ভাঙেন সাকিব। ৪২ বলে ৪১ রান করে সামারাবিক্রমা মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেন। এরপরই ঘটে বিরল এক ঘটনা। ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলা ম্যাথিউস।

    ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পরে আরও এক দারুণ জুটি গড়েন আসালাঙ্কা। ‘টাইমড আউট’ নাটকীয়তার চাপ সামলে তারা ব্যাট করতে থাকেন। মেহেদী হাসান মিরাজের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ৩৬ বলে ৩৪ রান করা ধনঞ্জয়া।

    প্রথম দফায় বল তালুবন্দি করতে না পারলেও পরে স্টাম্প ভাঙতে পারেন মুশফিক। তাতে ভাঙে আসালাঙ্কা ও ধনঞ্জয়ার ৮২ বলে ৭৮ রানের জুটি। আরেক প্রান্তে দলের রান এগিয়ে নিতে থাকেন আসালাঙ্কা। তিনি পান সেঞ্চুরির দেখাও। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১০৫ বলে ১০৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ের পর আর কেবল এক রান করতে পারে শ্রীলঙ্কা।

    রান তাড়ায় নেমে আরও একবার উদ্বোধনী জুটিতে বড় রান পায়নি বাংলাদেশ। কেবল ভারত ম্যাচ ছাড়া কোনোটিতেই রান করতে না পারা তানজিদ হাসান তামিম এদিন ফেরেন তৃতীয় ওভারের প্রথম বলে। ৫ বলে ২ চারে ৯ রান করে দিলশান মাদুশঙ্কার বল ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় কাভারে দাঁড়ানো পাথুম নিশাঙ্কার হাতে।

    আরেক ওপেনার লিটন দাসও নিজের রানটা বড় করতে পারেননি। ২২ বলে ২৩ রান করার পর মাদুস্কার বল লিটনের পায়ের আগায় গিয়ে সরাসরি আঘাত করে। এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় লিটনকে। এরপরই দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত।

    ম্যাথিউসের বলে সাত রানে থাকতে জীবন পান সাকিব। এরপর থেকে সাকিব হয়ে ওঠেন বিধ্বংসী। পুরো ইনিংসে দেখার মতো বেশ কিছু শট খেলেন পুরো টুর্নামেন্টজুড়ে সমালোচনার ভেতর থাকা সাকিব। ২ ছক্কা ও ১২ চারের ইনিংসে ৬৫ বলে ৮২ রান করে আউট হন ম্যাথিউসের বলে।

    ফ্লিক করতে গিয়ে তার স্লোয়ার সাকিবের ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় আসালাঙ্কার হাতে। সাকিবকে আউট করার পর হাতে ঘড়ি দেখানো উদযাপন করেন ম্যাথিউস। প্রথম ইনিংসে হওয়া ‘টাইমড আউট’ নিয়ে খোঁচা দেন তিনি।

    সাকিবের সঙ্গে ১৪৯ বলে ১৬৯ রানের জুটি গড়েন শান্ত। সঙ্গীর বিদায়ের দুই ওভার পর ফিরে যান তিনি, ওই ম্যাথিউজের বলেই। শান্ত আউট হন নার্ভাস নাইন্টিজে। এক রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ।

    সেটি সামাল দেওয়ার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। শুরুতে কিছুটা সময় নিলেও পরে এক ওভারে তিন বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন রিয়াদ। কিন্তু দুজনেই ফিরে যান সাজঘরে। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২২ রান করেন রিয়াদ। তার আউট হওয়ার আগেই মুশফিককে ফিরিয়ে লঙ্কানদের ব্রেকথ্রু এনে দেন মাদুশঙ্কা।

    পরে মেহেদী হাসান মিরাজও থিকশানার বলে লং অফ দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দিলে দুশ্চিন্তা আরও বাড়ে। তবে ম্যাচ শেষ করেই ফেরেন তাওহীদ হৃদয় ও তানজিম সাকিব। দুটি দারুণ ছক্কা হাঁকানো হৃদয় ৭ বলে করেন ১৫ রান। আর ৬ বলে ৫ রান আসে তানজিম সাকিবের ব্যাটে।

    ম্যাচ সেরা: সাকিব আল হাসান(বাংলাদেশ)।

     

    স্কোর কার্ড :

    শ্রীলংকা ইনিংস :

    নিশাঙ্কা ব তানজিম ৪১

    পেরেরা ক মুশফিক ব শরিফুল ৪

    মেন্ডিস ক শরিফুর ব সাকিব ১৯

    সামারাবিক্রমা ক মাহমুদুল্লাহ ব সাকিব ৪১

    আসালঙ্কা ক লিটন ব তানজিম ১০৮

    ম্যাথুজ টাইমড আউট ০

    ধনাঞ্জয়া স্টাম্প মুশফিকুর ব মিরাজ ৩৪

    থিকশানা ক নাসুম ব শরিফুল ২১

    চামিরা রান আউট (মুশফিকুর) ৪

    রাজিথা ক লিটন ব তানজিম ০

    মাদুশঙ্কা অপরাজিত ০

    অতিরিক্ত (লে বা-৩, ও-৪) ৭

    মোট (অলআউট, ৪৯.৩ ওভার) ২৭৯

    উইকেট পতন : ১/৫ (পেরেরা), ২/৬৬ (মেন্ডিস), ৩/৭২ (নিশাঙ্কা), ৪/১৩৫ (সামারাবিক্রমা), ৫/১৩৫ (ম্যাথুজ), ৬/২১৩ (ধনাঞ্জয়া), ৭/২৫৮ (থিকশানা), ৮/২৭৮ (আসালঙ্কা), ৯/২৭৮ (রাজিথা), ১০/২৭৯ (চামিরা)।

    বাংলাদেশ বোলিং :

    শরিফুল : ৯.৩-০-৫১-২ (ও-১),

    তাসকিন : ১০-১-৩৯-০ (ও-১),

    তানজিম : ১০-০-৮০-৩ (ও-২),

    সাকিব : ১০-০-৫৭-২,

    মিরাজ : ১০-০-৪৯-১।

     

    বাংলাদেশ ইনিংস :

    তানজিদ ক নিশাঙ্কা ব মাদুশঙ্কা ৯

    লিটন এলবিডব্লু ব মাদুশঙ্কা ২৩

    নাজমুল বোল্ড ব ম্যাথুজ ৯০

    সাকিব ক আসালঙ্কা ব ম্যাথুজ ৮২

    মাহমুদুল্লাহ ব থিকশানা ২২

    মুশফিক ব মাদুশঙ্কা ১০

    হৃদয় অপরাজিত ১৫

    মিরাজ ক আসালঙ্কা ব থিকশানা ৩

    তানজিম অপরাজিত ২

    অতিরিক্ত (লে বা-৯, ও-১০) ১৯

    মোট (৭ উইকেট, ৪১.১ ওভার) ২৮২

    উইকেট পতন : ১/১৭ (তানজিদ), ২/৪১ (লিটন), ৩/২১০ (সাকিব), ৪/২১১ (শান্ত), ৫/২৪৯ (মুশফিক), ৬/২৫৫ (মাহমুদুল্লাহ), ৭/২৬৯ (মিরাজ)।

    শ্রীলংকা বোলিং :

    মাদুশঙ্কা : ১০-১-৬৯-৩ (ও-৪),

    থিকশানা : ৯-০-৪৪-২ (ও-৩),

    রাজিথা : ৪-০-৪৭-০,

    চামিরা : ৮-০-৫৪-০ (ও-২),

    ম্যাথুজ : ৭.১-১-৩৫-২ (ও-১),

    ধনাঞ্জয়া : ৩-০-২০-০,

    ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান

    অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যায় ভারতের কাছে। তারপর একসময় মনে হয়ছিলো হয়তো দলটি সেমিফাইনালে যেতে পারবেনা। কিন্তু আস্তে আস্তে দলটি ভারতের আবহাওয়া ও মাঠের সঙ্গে খাপ খাইয়ে নেয় । আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তানি ইতোমধ্যে তাদের যোগ্যতার প্রমান দিয়েছে। যে কোন দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে দলটি। সেমিফাইনাল খেলার ভালো সুযোগ আছে তাদেরও।

    আজ মঙ্গলবার ( ৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান। জয়ের ধারা ধরে রাখতে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। ফজলহক ফারুকির জায়গায় খেলছেন নাভিন উল হক। অন্যদিকে অজি একাদশে এসেছে দুটি বদল। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল।

    অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

    আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।

  • প্রধানমন্ত্রী ওমরাহ পালন করলেন

    প্রধানমন্ত্রী ওমরাহ পালন করলেন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি আজ সোমবার (৬ নভেম্বর) ভোরে পবিত্র মক্কায় তার ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন।

    তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থান করছেন প্রধানমন্ত্রী ।

    প্রধানমন্ত্রী প্রথমে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন।

    শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন।

    এসময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্যান্য সদস্যরাও ওমরাহ পালন করেন।

    পরে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতে ফজরের নামাজ আদায় করেন।

    সূত্র: বাসস