Author: Hello Bangla News

  • গাজায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে

    গাজায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ ডিসেম্বর, ২০২৩: আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। এই পরিস্তিতিতে এখন গাজায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে । বলা চলে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

    সংকট এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, ভূখণ্ডটির প্রায় ৬ লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছেন। জাতিসংঘের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ৫ লাখ ৭৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ ‘বিপর্যয়কর ক্ষুধার’ সম্মুখীন হয়েছেন বলে বৃহস্পতিবার জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে। আর গাজার সমগ্র জনসংখ্যাই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে রয়েছে বলে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) রিপোর্টে বলা হয়েছে।

    বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-সহ জাতিসংঘের অন্যান্য সংস্থা ও বেসরকারি সংস্থার (এনজিও) তথ্য অন্তর্ভুক্ত করে আইপিসি এই রিপোর্ট প্রস্তুত করেছে। আইপিসি হচ্ছে একটি বহু-অংশীদার ভিত্তিক প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক মান অনুযায়ী ক্ষুধা সংকটের তীব্রতা এবং মাত্রা নির্ধারণ করতে তথ্য বিশ্লেষণ করে থাকে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ২৬ শতাংশ মানুষ – প্রায় ৫ লাখ ৭৬ হাজার ৬০০ জন লোক – তাদের খাদ্য সরবরাহ এবং সংকট মোকাবিলা করার সক্ষমতা শেষ হয়ে গেছে এবং তারা বিপর্যয়কর ক্ষুধা (আইপিসি ফেজ ৫) এবং অনাহারের সম্মুখীন হয়েছে।’

    ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন: ‘ডব্লিউএফপি কয়েক সপ্তাহ ধরে এই আসন্ন বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে এসেছে। দুঃখজনকভাবে আমরা নিরাপদ ও ধারাবাহিক সহায়তা সরবরাহের বিষয়ে আহ্বান জানিয়ে যাচ্ছি। সেখানকার পরিস্থিতি খুবই খারাপ এবং গাজার কেউই অনাহার থেকে নিরাপদ নয়।’

    যদি ‘তীব্র সংঘাত এবং সীমিত মানবিক সহায়তার প্রবেশাধিকার’ বর্তমান পরিস্থিতির মতো অব্যাহত থাকে, তাহলে আইপিসি ভবিষ্যদ্বাণী করে বলেছে, ‘আগামী ছয় মাসের মধ্যে সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে।’

    ডব্লিউএফপি খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতোমধ্যেই জানিয়েছেন যে, সংঘাতের মধ্যে বেঁচে থাকতে গাজাবাসীরা ‘তাদের সকল সম্পদই ব্যবহার করেছে, সেখানে জীবিকা ধ্বংস হয়ে গেছে, বেকারি ধ্বংস হয়ে গেছে, দোকানগুলোও খালি হয়ে গেছে এবং মানুষ খাবার খুঁজে পাচ্ছে না,’ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

    গাজার ফিলিস্তিনিরা ডব্লিউএফপি কর্মীদের জানিয়েছেন, তারা প্রায়শই পুরো দিন না খেয়ে থাকেন এবং অনেক প্রাপ্তবয়স্ক মানুষ নিজেরা ক্ষুধার্ত অবস্থায় থেকে যান যাতে শিশুরা কিছু খেতে পারে।

    ডব্লিউএফপির প্রধান অর্থনীতিবিদ আরিফ হোসেন বলেছেন, ‘এগুলো কেবল সংখ্যা নয় – এই উদ্বেগজনক পরিসংখ্যানগুলোর পেছনে পৃথকভাবে শিশু, নারী এবং পুরুষরা রয়েছেন। এই সংকট যে জটিলতা, মাত্রা এবং দুর্ভোগের সৃষ্টি করেছে তা নজিরবিহীন।’

    প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে, ব্যাপক মৃত্যু রোধে আরও জরুরি খাদ্য এবং বহু-খাতে সহায়তা সরবরাহ অপরিহার্য। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সাত দিনের সংঘাত বিরতি দেখিয়ে দিয়েছে যে, সংঘাত বন্ধ থাকলে ডব্লিউএফপি এবং অংশীদাররা সহায়তা প্রদান করতে পারে এবং কেরেম শালোম সীমান্ত ক্রসিং পুনরায় খোলার ফলে গাজায় আরও খাদ্য ও অন্যান্য ত্রাণ সরবরাহের সুযোগ তৈরি হয়।’

    এই পরিস্থিতিতে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে ম্যাককেইন বলেন: ‘আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পারি না। গাজায় ও উপত্যকাজুড়ে সরবরাহ প্রবাহের জন্য এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে জীবন রক্ষাকারী সহায়তা পাওয়ার জন্য এখন মানবিক সহায়তার সরবরাহ করা প্রয়োজন।’

    অবশ্য গত ১২ ডিসেম্বর ইসরায়েল গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরাসরি মানবিক সহায়তা প্রদানের জন্য কেরাম শালোমে তার সীমান্ত ক্রসিং খোলার সিদ্ধান্ত নেয়।

  • ইনজুরির কারণে কোপা আমেরিকা খেলবেন না নেইমার

    ইনজুরির কারণে কোপা আমেরিকা খেলবেন না নেইমার

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ ডিসেম্বর, ২০২৩: ইজনুরির কারণে এবার কোপা আমেরিকা খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।তিনি হাঁটুর গুরুতর ইনজুরিতে ভুগছেন।ব্রাজিলিয়ান জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার এই শঙ্কার কথা জানিয়েছেন।২০২৪ সোলের কোপা আমেরিকা খেলা হবে যুক্তরাষ্ট্রে। ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।

    সৌদি পেশাদার লিগে আল হিলালের এই ৩১ বছর বয়সী সুপারস্টার গত ১৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাম হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে আক্রান্ত হন। দুই সপ্তাহ পর তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।

    লাসমার ব্রাজিলিয়ান রেডিও ৯৮’এ বলেছেন, ‘এখনই এটা বলার সময় না। সুস্থতার জন্য দ্রুত কিছু করা যাবে না, এতে অপ্রয়োজনে ঝুঁকি নেয়া হবে। আমাদের প্রত্যাশা ২০২৪ ইউরোপীয়ান মৌসুম শুরু হবার আগে সে মাঠে ফিরে আসবে। এই মৌসুম শুরু হয় আগস্টে। আমাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে। নয় মাস আগে কোন কথা বলা অপরিপক্কতার পরিচয়। হাঁটুর লিগামেন্ট অস্ত্রোপচার থেকে সেড়ে উঠতে অনেক সময় লাগে। স্বাভাবিক সময়ের বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে। শরীর স্বাভাবিক ভাবেই তার ক্ষতিগ্রস্থ লিগামেন্টকে সুস্থ করে তুলবে। আমরা যদি সঠিকভাবে সব পদক্ষেপ অনুসরণ করতে পারি ও পুরোপুরি সুস্থতার জন্য সময় দিলে আবারো সর্বোচ্চ পর্যায়ে যেকোন খেলোয়াড়ের ফিরে আসা সম্ভব।’

    এ পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নেইমার।

    আগামী বছর কোপা আমেরিকায় ব্রাজিল ডি-গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে-অফে কোস্টা রিকা বনাম হন্ডুরাসের বিপক্ষে বিজয়ী দলের মোকাবেলা করবে।

    এদিকে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আগামী বছর ৮ জুন মেক্সিকোর বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে ব্রাজিল।

    ২০১৬ সালে শতবর্ষী আয়োজনের পর এনিয়ে দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ১০টি দলের সাথে এবার কনকাকাফ থেকে ছয়টি দল যোগ দিচ্ছে।

  • প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি ৫ জেলার নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন

    প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি ৫ জেলার নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ডিসেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পাঁচটি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ ও বক্তব্য রাখেন তিনি।

    ভার্চুয়ালি ভাষণে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের আর্থসামাজিক উন্নতি করতে পেরেছি। মুজিববর্ষে ঘোষণা দিয়েছি, এদেশে কেউ গৃহহীন-ভূমিহীন থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুচ্ছগ্রাম প্রকল্প শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় আমরা মানুষকে মাথা গোঁজার ঠাই করে দিচ্ছি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের প্রতিটি জেলার প্রতিটি গৃহহীন মানুষ নিজের ঠিকানা পাবে।’

    বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি ৫ জেলায় আওয়ামী লীগের নির্বাচনী সমাবেশে দেওয়া ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন। জেলাগুলো হলো পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা এবং খাগড়াছড়ি। পাশাপাশি ঢাকা জেলাও যুক্ত হয় তেজগাঁওস্থ কার্যালয় থেকে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির সময় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল। জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে; এই প্রত্যয় নিয়েই সংগ্রাম করছি। অনেক সংগ্রাম, প্রতিঘাত আমাদের পার করতে হয়েছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে অত্যাচারের শিকার হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, তারপরও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ২১ বছর পরে ক্ষমতায় আসি। জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করি। ৯৬ থেকে ২০০১ সাল, ৭৫ এর পরে বাংলাদেশের মানুষের জন্য স্বর্ণযুগ।’

    তিনি আরও বলেন, ‘আমরা খাদ্য সেবা নিশ্চিত করি, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিই, শিক্ষার ব্যবস্থা করি, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করি। আমরা এ দেশের রাস্তাঘাট-পুল ব্রিজ নির্মাণের কাজ হাতে নিই, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি। ১৬০০ থেকে ৪৩০০ মেগাওয়াটে উন্নীত করি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেব সেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারলাম না। কারণ, একটা বড় দেশ থেকে গ্যাস বিক্রির প্রস্তাব ছিল, আমি বলেছিলাম এটা জনগণের সম্পদ আমি বিক্রি করতে পারি না। কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে যান।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ভার্চুয়াল জনসভা সফলভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

  • জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

    জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ডিসেম্বর, ২০২৩: ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি ‘ এই শ্লোগান সামনে রেখে ২৪ দফার জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা কর হচ্ছে।। ইশতেহার ঘোষণা করছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

    আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে  নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এ কথা জানান জাপার মহাসচিব।

    নির্বাচনী ইশতেহার ঘোষণায় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    ইশতেহার থেকে উল্লেখ করে চুন্নু বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে নির্বাচন পদ্ধতি সংস্কার করবে। শুধু তাই নয়, উপজেলা ব্যবস্থা প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সব ধরনের চাঁদাবাজি বন্ধ, দুর্নীতি দমন, সব আইন যুগোপযোগী, কালো আইন বাতিল, বিদেশি শ্রম ও বাজার তৈরি এবং শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

    ইশতেহারে বলা হয়েছে- ক্ষমতায় গেলে জাতীয় পার্টি দেশে প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তন করবে। আট বিভাগকে আটটি প্রদেশে উন্নীত করা হবে। নাম হবে– উত্তরবঙ্গ প্রদেশ, বরেণ্য প্রদেশ, জাহাঙ্গীরনগর প্রদেশ, জাহানাবাদ প্রদেশ, জালালাবাদ প্রদেশ, চন্দ্রদ্বীপ প্রদেশ, ময়নামতি প্রদেশ, চট্টলা প্রদেশ। সরকার কাঠামো হবে দুই স্তরবিশিষ্ট। কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। থাকবে ৩০০ আসনের জাতীয় সংসদ সদস্য। আর প্রদেশ চালাবে প্রাদেশিক সরকার। থাকবে প্রাদেশিক সংসদ সদস্য। প্রতিটি উপজেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারের আসন হিসেবে বিবেচনা করা হবে। ঢাকা থেকে কমপক্ষে ৫০ শতাংশ সদর দপ্তর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তর করা হবে।

    এতে আরও বলা হয়েছে- নির্বাচন পদ্ধতির সংস্কার করবে জাতীয় পার্টি। বর্তমান ব্যবস্থার বদলে ভোটের আনুপাতিক হারে জয়-পরাজয় নির্ধারণের ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনকে দেওয়া হবে ‘পূর্ণ স্বাধীনতা’।

    উপজেলা আদালত ও পারিবারিক আদালতসহ পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে চায় জাতীয় পার্টি। উপজেলার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করবে তারা।

    জাতীয় পার্টি বিচার বিভাগ ও ইসিকে সরকারের নিয়ন্ত্রণমুক্ত রাখবে। বাজেট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া ৭০ ধারা সংশোধনের মাধ্যমে সব প্রতিনিধিকে সিদ্ধান্ত গ্রহণের আওতায় এনে সংসদ কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

    ক্ষমতায় গেলে নিবর্তনমূলক কালো আইন, বিশেষ ক্ষমতা আইন বাতিল করবে জাতীয় পার্টি। নিম্ন আদালত ও বিচারকের সংখ্যা বাড়ানো হবে। বিচারকদের সব প্রকার সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

    প্রশাসন থেকে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পৃথক করতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। বিচার প্রক্রিয়া ও ব্যবস্থার অনিয়ম, দুর্নীতি, দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থার মূল কারণ উদঘাটন করার জন্য জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে গঠন করা হবে কমিশন, যা ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ দেবে। দেশের বিজ্ঞ আইনজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় আইন কমিশন গঠন করবে দলটি।

    জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা ব্যাপক প্রসার ঘটানো হবে। গ্রাম ও শহরে ওয়ার্ড পর্যায় থেকে বেকার তরুণ-তরুণীদের তালিকা প্রণয়ন করা হবে। যোগ্যতা অনুসারে বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্র নিরূপণ করা হবে। স্নাতক ও স্নাতকোত্তর বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরকারিভাবে তাদের ভাতা দেওয়া হবে।

    আগামী পাঁচ বছরের মধ্যে ‘সবার জন্য স্বাস্থ্য’ সেবা নিশ্চিত করতে ও জনসংখ্যা বাড়ার হার শতকরা একের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্বাস্থ্যনীতি প্রণয়ন করবে দলটি।

    সাধারণ শিক্ষার চেয়ে কর্মমুখী শিক্ষায় বেশি জোর দেওয়া হবে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর, ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান শিক্ষার সমন্বয় করাবে জাপা। কমানো হবে শিক্ষা উপকরণের দাম। দাখিল-আলিম-ফাজিল-কামিল পাসের মান এসএসসি, এইচএসসি, বিএ ও এমএ’র সমপর্যায়ে করবে দলটি।

    ক্ষমতায় গেলে দলটি কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। সরকারকে নিয়মিত পরামর্শ দেওয়ার উদ্দেশে দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি ইসলামিক কমিশন গঠন করবে, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে সমুন্নত রাখবে দলটি। এ ছাড়া বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে ১০ লাখ লোকের স্থান সংকুলানের জন্য স্থায়ী ব্যবস্থা করবে দলটি।

    সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে থাকবে দলটি। কৃষিভিত্তিক শিল্প নগরী গড়ে তোলা হবে। খাদ্যে ভেজাল, বিষাক্ত পদার্থ মেশানোর বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান করা হবে।

    নতজানু নীতি পরিহার করে সমঝোতাপূর্ণ কূটনৈতিক দক্ষতা দেখাতে চায় দলটি। সরকারি চাকরির ক্ষেত্রে নারীর জন্য সংরক্ষিত আসন পর্যায়ক্রমে বাড়াতে চায় দলটি।

    দেশ এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে দলটি ইশতেহারে বলেছে-  গোটা বিশ্ব এখন নতুন শতাব্দীতে পদার্পণ করছে। এ সময় বিশ্বের দেশসমূহ নতুন তথ্যপ্রযুক্তি, অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর পিছিয়ে পড়ে থাকার অবকাশ নেই। জাতীয় পার্টি নয় বছরের শাসন দেশের কল্যাণ ও জনগণের প্রত্যাশা পূরণে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল। আজ সেই কারণে জনসাধারণের রাজনৈতিক, সামাজিক ও সামগ্রিক জীবনে সেই সময় স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে পরিগণিত হয়েছে। জাতীয় পার্টি এখন সুখী, সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।

    নানা নাটকীয়তার পর গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে এরই মধ্যে ১৬টি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছন।

  • জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচনবিরোধী দল: সেতুমন্ত্রী

    জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচনবিরোধী দল: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ডিসেম্বর, ২০২৩: জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচনবিরোধী দল, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আসলে বিএনপি একটি ডামি দল। বাংলাদেশে প্রথম কিংস পার্টির নাম বিএনপি। তারাই তো ডামি দল। ভুঁইফোর, প্যাড সর্বস্ব, দুর্নীতিবাজদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি বানিয়েছে।’

    আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

    এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সায়েম খান, কার্যানির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, তারানা হালিম প্রমুখ।

    সেতুমন্ত্রী বলেন, ‘যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেছে সেই দল অসহযোগ আন্দোলন ডাকে। জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ হচ্ছে হাট-বাজার সব খোলা।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, পালাবার জন্য কোনো অলিগলিও খুঁজে পাবে না। শেষ পর্যন্ত দেখা গেল পল্টনে ২৮ তারিখে কি যে দৌড় বিএনপি নেতাদের, এখানে গিয়ে পরে, ওখানে গিয়ে পরে। পলাতক দল এখন আবার অসহযোগ আন্দোলন ডাকে। যে দল আন্দোলনের আসন থেকে পালিয়ে গেল এখন সেই দল অসহযোগ করবে। জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। বিএনপি জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে। তার প্রমাণ হাটবাজারে যান, রাস্তাঘাটে যান, দোকান পাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক।’

    তিনি বলেন, ‘বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি। বিএনপি নির্বাচন বিরোধী গুপ্ত সন্ত্রাস করছে, অগ্নি সন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, বাস পোড়াচ্ছে। মানুষ আজকে নির্বাচনের দিকে তাকিয়ে আছে।’

    বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    অসহযোগে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় বিএনপি। পাশাপাশি আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানও জানায় দলটি।

  • ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

    ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ডিসেম্বর, ২০২৩: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

    তপন কুমার সরকার জানান, এ বছর পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে।

    এর আগে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

    জাান গেছে, এসএসসি পরীক্ষার রুটিন আজই প্রকাশ করা হবে।

    আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।

    প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষার মাধ্যমে।

    এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৩০ অক্টোবর। দুই দফায় সময় বাড়িয়ে ফরম পূরণ প্রক্রিয়া গত ১৯ নভেম্বর শেষ হয়। তবে ঠিক কতজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে, তা এখনো জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

    তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে।

     

    নির্দেশিকা :

    পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

    প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

    পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

    শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

    পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

    পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

  • শিল্পকলার আয়োজনে শুরু হলো গণজাগরণের জাদু উৎসব

    শিল্পকলার আয়োজনে শুরু হলো গণজাগরণের জাদু উৎসব

    www.HelloBangla.News – বিনোদন – ২১ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৪০জন জাদুশিল্পীর অংশগ্রহণে শুরু হলো ৪ দিনব্যাপী ভ্রাম্যমান জাদু উৎসব। ঢাকা মহানগরের ১৬ টি স্থানে ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। গতকাল বুধবার ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন –“সকল শিল্পের মানুষদের এক কাতারে আনা এবং এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে তাদের পৃষ্টপোষকতা করার মাধ্যমে গণজাগরণ তৈরী করাই আমাদের অন্যতম লক্ষ্য”।

    গণজাগরণের জাদু উৎসব   - বিনোদন - ২১ ডিসেম্বর ২০২৩ (২)_1
    গণজাগরণের জাদু উৎসব – বিনোদন – ২১ ডিসেম্বর ২০২৩ (২)_1

    ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন সকল যাদু শিল্পীগণ। বুধবার বিকেল ৪.০০ টা থেকে গণজাগরণের জাদু উৎসব প্রদর্শন হয়। দুইটি দল বিভক্ত হয়ে একটি দল প্রথমে নিউমার্কেট বিকেল এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জাদু প্রদর্শন করে। অন্যদল বিকেল ৪.০০টায় কামরাঙ্গিরচর এবং সন্ধ্যা ৬.০০ টায় লালবাগ এলাকায় জাদু প্রদর্শন করে। উপচে পড়া ভিড় ঠেলে জাদু প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা। এ উৎসব আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা সাইফুল ইসলাম জনি।

    আজ ২১ ডিসেম্বর ২০২৩ বৃহষ্পতিবার জাদু প্রদর্শিত হবে গোলাপবাগ মাঠ, বিকাল ৪:০০ টায় এবং সংসদ ভবনের সামনে যাদু প্রদর্শন করে। এরপর জোড়াপুকুর, খিলগাঁও সন্ধ্যা ৬:০০ টায়, এবং কাওরান বাজার সন্ধ্যা ৬:০০ টা প্রদর্শিত হয়। দুইটি দল বিভক্ত হয়ে প্রথমে গোলাপবাগ মাঠ, বিকাল ৪:০০ টায় এবং সংসদ ভবনের সামনে যাদু প্রদর্শন করে। এরপর জোড়াপুকুর, খিলগাঁও সন্ধ্যা ৬:০০ টায়, এবং কাওরান বাজার সন্ধ্যা ৬:০০ টা প্রদর্শিত হয়।

  • ইসরায়েলি হামলায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ ডিসেম্বর, ২০২৩: আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।  হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ হাজারই নারী ও শিশু।

    গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রথমে ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আক্রমণ করে। এরপর প্রতিশোধ নিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

    গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৭ দিনের যুদ্ধবিরতি ছাড়া প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এই হতাহতের পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলেই মনে করেন।

    হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় খাদ্য সংকট ও বাস্তুচ্যুত লোকজনের মধ্যে বড় আকারে মানবিক সহায়তা সরবরাহের জন্য বর্তমান পরিস্থিতির উন্নতি করতে হবে।

    গাজার ডাক্তাররা বলছেন, মৃত্যুর সংখ্যা এর চেয়েও আরও বেশি হতে পারে। কারণ অনেক ভবনের ধ্বংসস্তূপের নিচে মরদেহ চাপা পড়ে থাকতে পারে বা অনেককে হাসপাতালে নেওয়া হয়নি।

    ইসরায়েলি সেনারা গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সর্বশেষ রাফাহ হাসপাতালের কাছে এবং উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে তারা।

    টানা আড়াই মাস ধরে নিরলস ইসরায়েলি হামলা গাজা উপত্যকাজুড়ে প্রায় ৩ লাখ ৮ হাজার আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে বলে জানা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ১১৪টি মসজিদ ধ্বংস করা হয়েছে এবং ২০০টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপত্যকার চারটি গির্জাকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।’

    এতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনী ১২৬টি সরকারি ভবন ধ্বংস করেছে এবং হামলায় ২৮৩টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০টি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।’

  • আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির মতবিনিময়

    আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ইসির মতবিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই সভা শুরু হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করেছে।

    মতবিনিময় সভার সভাপতিত্ব করছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

    আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা অঞ্চলের জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কমিশনার জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক খেলবেন কলকাতায়

    ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক খেলবেন কলকাতায়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ ডিসেম্বর, ২০২৩: আইপিএলের ইতিহাসে এবার সবচেয়ে বেশী মূল্যে বিদেশী খেলোড়ায় হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন  অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। স্টার্ক কে কলকাতা কিনে নিয়েছে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। এর আগে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে কিনে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে সানরাইজার্স। কিন্তু সেই রেকর্ড টিকল না দুই ঘণ্টাও। এর ভেতরই নতুন দামি খেলোয়াড়কে দেখল আইপিএল। গুজরাট টাইটান্সের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কামিন্সেরই সতীর্থ মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

    স্টার্ক সবশেষ আইপিএল খেলেছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালের নিলামে নাম লেখান তিনি। ৯ কোটি ৪০ লাখ রুপিতে সেবারও তাকে কিনেছিল কলকাতা। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন বাঁহাতি এই পেসার। গত মৌসুমে নাম না দিলেও এবার ঠিকই নিলামে নাম দেন তিনি। তখন থেকেই তাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে।

    স্টার্কের আগে কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে কিনেছে হায়দরাবাদ। ৬ কোটি ৮০ লাখ রুপিতে আরেক বিশ্বকাপজয়ী ট্রাভিস হেডকেও দলে ভিড়িয়েছে তারা।  ৭.৪ কোটিতে রভম্যান পাওয়েলকে রাজস্থান রয়্যালস, ৪ কোটিতে হ্যারি ব্রুককে দিল্লি ক্যাপিটালস, ৫ কোটিতে জেরাল্ড কোতজিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স, দেড় কোটিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে হায়দরাবাদ, ১.৮ কোটিতে রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস ও ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে পাঞ্জাব কিংস, ১৪ কোটিতে ড্যারিল মিচেলকে চেন্নাই, আলজারি জোসেফকে  সাড়ে ১১ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

    দুবাইয়ে চলছে আইপিএলের নিলাম। যেখানে কাঁপাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

    আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের পর আছে  স্যাম করারান। পাঞ্জাব কিংস এই খেলোয়াড়কে কিনেছে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে, ক্যামেরুন্ গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে আর বেন স্টোকস কে চেন্নাই সুপার কিংস কিনেছে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে।