Author: Hello Bangla News

  • ওসমানী হাসপাতালেও রোগী মেঝেতে শুয়ে থাকে: স্বাস্থ্যমন্ত্রী

    ওসমানী হাসপাতালেও রোগী মেঝেতে শুয়ে থাকে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ মার্চ, ২০২৪: তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আগেও এসেছি। তবে আজকে এসেছি একটা দায়িত্ব নিয়ে। এসে যা দেখলাম অন্যান্য হাসপাতালগুলোর যে অবস্থা, একই অবস্থা এখানেও। এখানে রোগীদের মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে।

    আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহিঃবিভাগ ঘুরে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এছাড়া হাসপাতালের নানা সংকট নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলেন, আজকে ৭ মার্চ। তাই কথা বলার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

    ডা. সামন্ত লাল সেন বলেন, “গতকাল বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সমস্যাটা আমি চিহ্নিত করতে পেরেছি। এখানে বিভিন্ন উপজেলাতে জনবলের খুব অভাব। আমরা যদি ঠিকমতো কনসালটেন্ট দিতে পারি সার্জারি, মেডিসিন, গাইনি, তাহলে উপজেলাগুলোতে ভালো কাজ হবে। আর এইখানে মেঝেতে রোগী শুয়ে থাকতে হবে না।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারা দেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ধরতে ও অবৈধভাবে চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চিহ্নিত করে ভূমিকা নিতে হবে।”

    তিনি বলেন, “আমরাতো গ্রামেগঞ্জে গিয়ে অভিযান পরিচালনা সম্ভব হবে না। সেক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, চেয়ারম্যান-মেম্বাররা এগুলো চিহ্নিত করে রিপোর্ট দিলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। এছাড়াও ২৫০ শয্যার জেলা হাসপাতাল দ্রুতই সেবার জন্য খুলে দেওয়া হবে।”

    ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং অত্র হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ৭ মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে  প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ৭ মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ মার্চ, ২০২৪: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতি এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

    এরপর প্রধানমন্ত্রী গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড ৭ অবমুক্ত করেন।

    আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

  • সতর্ক হলে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার’ থেকে মুক্তি মেলে

    সতর্ক হলে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার’ থেকে মুক্তি মেলে

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৭ মার্চ, ২০২৪: হেড অ্যান্ড নেক ক্যান্সার যে কোন বয়সের মানুষের হতে পারে।  বাংলাদেশের শিশুরা যত ধরনের ক্যান্সারে ভোগে তার আট থেকে ১০ শতাংশই হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত। শিশুদের মধ্যে এই ক্যানসার জিনগত কারণে হয় বলে এটি প্রতিরোধের কোনো উপায় নেই। তবে প্রাপ্তবয়স্কদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যা প্রতিরোধ করা যেতে পারে।

    প্রাথমিক অবস্থায় রোগটি নির্ণয় হলে এবং সঠিক সময় চিকিৎসা নিলে সব বয়সী রোগীর শতভাগ সেরে ওঠা সম্ভব।

     

    হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে মানুষের মাথা থেকে ঘাড় পর্যন্ত অন্তত ৩০টি অংশের ক্যান্সারকে বুঝিয়ে থাকে। এর মধ্যে রয়েছে মানুষের নাক, নাকের গহ্বর, সাইনাস, ঠোঁট, জিহ্বা, মাড়ি, গালের ভেতরের অংশ, মুখের তালু, গলা, কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী, টনসিল, লালাগ্রন্থি, হেড নেকের ত্বক, ইত্যাদি।

    ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সর্বশেষ প্রকাশিত ২০১৫ সাল থেকে ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী, পুরুষের প্রথম ১০টি ক্যানসারের মধ্যে অন্তত চারটি এই হেড অ্যান্ড নেক ক্যানসারের সাথে সম্পৃক্ত।

    অন্যদিকে, নারীদের প্রথম ১০টি ক্যানসারের মধ্যে তিনটি হেড অ্যান্ড নেক ক্যানসারের সাথে সম্পৃক্ত। অর্থাৎ সব ক্যান্সারের মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

     

    হেড অ্যান্ড নেক ক্যান্সারের লক্ষণ:

    মাথা ও ঘাড়ের একেকটি অংশের ক্যান্সারের ক্ষেত্রে একেক ধরণের লক্ষণ দেখা দেয়। তাই নীচের লক্ষণের কোনো একটি বা একাধিক দেখা দিলে এবং ১৫ দিনেও না সারলে দেরী না করে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছেন চিকিৎসকরা।

     

    • গলায় দীর্ঘসময় ধরে ব্যথা, খাবার চিবিয়ে খেতে বা গিলতে কষ্ট
    • শ্বাস নিতে কষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে গেলে শব্দ হওয়া, গন্ধের অনুভূতি কমে যাওয়া
    • অবিরাম কাশি
    • গালে, জিহ্বায় বা মুখ গহ্বরে কোথাও কোনো সাদা বা লাল ক্ষত হওয়া, যা দুই সপ্তাহ পরেও সারছে না
    • দীর্ঘদিন সর্দি, নাক থেকে রক্তক্ষরণ
    • গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়া
    • মুখের কোনো অংশ যেমন চোখের ওপরে, ঘাড়ে, গলায়,নাকের চারপাশ, কানের আশপাশ বা চোয়াল ফুলে যাওয়া বা মুখের এক পাশ ফুলে যাওয়া, যা দীর্ঘদিনেও সারছে না
    • মুখে ব্যথা, মুখ খুলতে সমস্যা, মুখে অসারতা বা মুখ ঝুলে যাওয়া
    • কানে ব্যথা, এক কানে শুনতে সমস্যা
    • দাঁতে ব্যথা
    • থেমে থেমে জ্বর ও দীর্ঘদিন মাথাব্যথা

     

    হেড অ্যান্ড নেক ক্যান্সার কেন হয় এবং কাদের হয়:

    এই ক্যান্সার হওয়ার মূল কারণ তামাক ও মদ।

    • ধূমপান ও মদ্যপান একসাথে করা
    • পান, জর্দা, সাদা পাতা, চুন, গুল, খৈনি ইত্যাদি খাওয়ার অভ্যাস
    • মুখ অপরিস্কার রাখা ও দাঁত ব্রাশ না করা
    • দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
    • বংশে কারো ক্যান্সারের ইতিহাস এই ঝুঁকি বাড়িয়ে দেয়
    • সূর্যের অতিবেগুনী রশ্মির অতিরিক্ত সংস্পর্শ, গায়ের রং পুড়িয়ে কালো করার প্রবণতা বেশি থাকলে ঠোঁটের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে
    • মাথা ও ঘাড়ে অতিরিক্ত রেডিয়েশন ট্রিটমেন্ট নেয়া
    • নির্মাণ, টেক্সটাইল, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কাজ করা, যা মানুষকে প্রতিনিয়ত কাঠের ধুলো, ফর্মালডিহাইড, অ্যাসবেস্টস, নিকেলসহ অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শে আনে, এতে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে
    • এপস্টাইন-বার ভাইরাসের সংক্রমণে মনোনিউক্লিওসিস কিংবা অন্যান্য অসুস্থতায় আক্রান্ত হলে অথবা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হলে এই ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে
    • শিশু থেকে শুরু করে যেকোনো বয়সীরা এতে আক্রান্ত হতে পারেন, তবে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, নারীদের তুলনায় পুরুষদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুন বেশি
    • দেখা গেছে, প্রতি ১০০ জন ক্যান্সার আক্রান্ত পুরুষের মধ্যে ৩৩ জন এবং ১০০ জন ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে ১১-১৩ জন হেড ও নেক ক্যান্সারে আক্রান্ত।

     

    ঝুঁকি কমাতে করণীয়:

    এ ধরণের ক্যান্সারের ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা-

    • ধূমপান, মদপান ও যেকোনো ধরণের তামাক গ্রহণ বন্ধ করা
    • মুখের ভেতর পরিস্কার রাখতে প্রতিদিন ব্রাশ করা
    • নিয়মিত ডেন্টিস্টের কাছে চেকআপ করানো কারণ প্রায়শই মাথা ও ঘাড়ের ক্যান্সারের লক্ষণ দাঁতের পরীক্ষা করাতে গিয়ে বেরিয়ে আসে
    • চিকিৎসকের পরামর্শে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি টিকা গ্রহণ
    • সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করতে ছাতা ও টুপি ব্যবহার, ত্বকে সানস্ক্রিন ও ঠোঁটে সানস্ক্রিনযুক্ত লিপবাম ব্যবহার করা

     

    চিকিৎসা:

    • চিকিৎসা দেয়ার আগে চিকিৎসকরা মূলত রোগীর ইতিহাস জেনে নিয়ে থাকেন যে, কবে থেকে এসব লক্ষণ প্রকাশ পেয়েছে।
    • এরপর কোন অংশে ক্যান্সার সেই তথ্যের ভিত্তিতে শারীরিক পরীক্ষা করানো হয়। সিটি স্ক্যান, এমআরআই, পিটিই, ন্যাজো অ্যান্ডোস্কোপি, সেইসাথে রক্ত ও প্রস্রাবের বিভিন্ন পরীক্ষা করানো হয়।
    • পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রপচার করতে পারেন এবং বায়োপসি করানো হতে পারে।
    • প্রয়োজন হলে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি চলে।

     

    তবে ক্যান্সার একবার সেরে উঠলেও পুনরায় ফিরে আসতে পারে। এজন্য চিকিৎসকরা ক্যান্সার থেকে সেরে ওঠার পর পরবর্তী চেক আপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।

     

    হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিষয়ে বিস্তারিত সব তথ্য সংগ্রহ করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও নাক কান গলা বিশেষজ্ঞদের কাছ থেকে।

    সূত্র: বিবিসি বাংলা

  • টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

    টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ মার্চ, ২০২৪: ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ঘুঁরে দাড়ানোর ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই অধিনায়ক শান্তর অপরাজিত ৫৩ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজ ১-১ সমতায় আনলো বাংলাদেশ।

    গতকাল বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দু’জনের জুটি থেকে আসে ৬৮ রান। সৌম্য ২২ বলে ২৬ রান করে সাজঘরে ফিরলে লিটনকে সঙ্গ দেন অধিনায়ক শান্ত।

    টস জিতে ফিল্ডিং নিয়ে পাওয়ার প্লের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে এসে মেডেন দেন শরিফুল ইসলাম। পরের ওভারে তার ফায়দা তুলে নেন তাসকিন আহমেদ। তৃতীয় বলে একটি সিঙ্গেল নিয়ে আগের ছয় বলে কোনো রান করতে না পারা আভিস্কা ফার্নান্দোকে স্ট্রাইক দেন কুশল মেন্ডিস। প্রথম বলেই তুলে মেরে বোলার তাসকিনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন আভিস্কা।

    উইকেটে এসে প্রথম বলেই চার হাঁকান কামিন্দু মেন্ডিস। শরিফুল নিজের দ্বিতীয় ওভারে এসেও তিন রান দেন। কিন্তু তার পরের ওভারেই ১৭ রান হজম করেন তাসকিন। সব মিলিয়ে পাওয়ার প্লের ছয় ওভারে ৪৯ রান করে শ্রীলঙ্কা। তাদের ওই রানের গতি স্পিনার এনে ঠেকিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    হুট করে সৌম্য সরকারকে বোলিংয়ে এনে সফল হন শান্ত। কুশল ও কামিন্দু মেন্ডিসের ৪২ বলে ৬৬ রানের জুটি ভাঙেন তিনি। দুই চার ও তিন ছক্কায় ২২ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরত যান কুশল মেন্ডিস। পরের ওভারেই কামিন্দু মেন্ডিস হন রান আউট। শুরু থেকে আক্রমণাত্মক এই ব্যাটার কিছুটা দুর্ভাগাই।

    কাভারে থাকা মাহেদী হাসানের হাতে বল পাঠান কামিন্দু। রান নিতে চাননি তিনি। কিন্তু দৌড়ে ততক্ষণে অনেকদূর চলে এসেছেন নন স্ট্রাইক প্রান্তে থাকা সাদিরা সামারাবিক্রমা। এরপর দৌড় দিলেও পৌঁছাতে পারেননি কামিন্দু। মাহেদীর থ্রোতে স্টাম্প ভাঙেন রিশাদ। তিন চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন কামিন্দু।

    সামারাবিক্রমাও বড় রান করতে পারেননি। ১১ বলে ৭ রান করে মোস্তাফিজুর রহমানের বলে তার হাতেই ক্যাচ দেন। এরপর ১৪ বলে ২৮ রান করা আশালাঙ্কাকে বোল্ড করেন মাহেদী হাসান।

    শেষ জুটিতে ৩৭ বলে ৫৩ রানের জুটি গড়ে দলের সংগ্রহ ১৬৫ পর্যন্ত নিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। ম্যাথিউস অপরাজিত থাকেন ২১ বলে ৩২ রান করে। ১৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। আগের ম্যাচে শেষ চার ওভারে ৬০ এর বেশি রান দিলেও এদিন বাংলাদেশ দেয় ৩৪ রান।

    রান তাড়ায় নেমে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। এর মধ্যে অবশ্য তৈরি হয় বিতর্কেরও। প্রথম তিন ওভারে ২৮ রান তোলে স্বাগতিকরা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের প্রথম বলে আম্পায়ার দেন এক বিতর্কিত সিদ্ধান্ত। তার বলে উইকেটরক্ষক ক্যাচ নেন সৌম্য সরকারের। আম্পায়ারও আউট দেন।

    কিন্তু সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিপ্লেতে স্পাইক দেখা গেলেও নট আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার; তার ভাষ্য, যখন স্পাইক দেখা গেছে তখন বল ব্যাট পেরিয়ে গেছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় শ্রীলঙ্কার ডাগ আউট ও  ক্রিকেটারদের পক্ষ থেকে।

    পরে পাওয়ার প্লের ছয় ওভারে ৬৩ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। পাওয়ার প্লের পরের ওভারেই অবশ্য আউট হয়ে যান সৌম্য। মাথিশা পাথিরানাকে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার। ৫ চারে ২২ বলে ২৬ রান করেন তিনি। এক ওভার পর সাদামাটা আউট হন লিটন দাসও। ২৪ বলে তার ব্যাট থেকে আসে ৩৬ রান।

    তবুও বাংলাদেশের জিততে কোনো অসুবিধা হয়নি। ৫৫ বলে ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ছক্কায় জয়ের রান করে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন শান্ত। ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি, ২৫ বলে ৩২ রান করেন হৃদয়।

  • শিল্পকলায় চলছে প্রথম ‘জাতীয় মিষ্টি মেলা’

    শিল্পকলায় চলছে প্রথম ‘জাতীয় মিষ্টি মেলা’

    www.HelloBangla.News – বিনোদন – ৭ মার্চ, ২০২৪: দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে আজ গতকাল বুধবার ৬ মার্চ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে প্রথমবারের মতো জাতীয় মিষ্টি মেলা । ৫ দিনব্যাপী এ মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন। এতে অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত ৬৪ এর অধিক মিষ্টি শিল্পীরা।

    শিল্পকলায় চলছে প্রথম ‘জাতীয় মিষ্টি মেলা’ - বিনোদন - ৭ মার্চ ২০২৪ (২)_1
    শিল্পকলায় চলছে প্রথম ‘জাতীয় মিষ্টি মেলা’ – বিনোদন – ৭ মার্চ ২০২৪ (২)_1

    মিষ্টি মেলার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, লিয়াকত আলী লাকী। জনাব খলিল আহমেদ সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ।

    সভাপতি তার বক্তব্যে বলেন, “শুধু প্রদর্শনীর জন্য নয়, কেউ চাইলে ৬৪ জেলার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে পারবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা হলো, আমরা গর্ব এবং গৌরবের বিষয়গুলো আবিস্কার করতে চাই এবং তার প্রচার ও প্রসার ঘটাতে চাই। আমরা জানি নেতিবাচক অনেক কিছু এ দেশ সম্পর্কে প্রচারিত হয়, এ জন্য আমরা প্রতি বছরই একটি কর্মসূচী পালন করি, শিল্পের শহর। পঞ্চগড় থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটি শহরের নিজস্ব ইতিহাস আছে। সেই ইতিহাস ঐতিহ্যের ইতিবাচকতা তুলে ধরতে চাই।”

    তিনি আরো বলেন, ‘এই মিষ্টি মেলার মাধ্যমে যে শিল্পীরা মিষ্টি তৈরি করেন তাদেরকে চিহ্নিত করা ও শ্রদ্ধা জানানো অন্যতম কাজ বলে আমরা মনে করি । আমাদের অনেক মিষ্টি জিআই হয়েছে। আরো যে সব মিষ্টি জিআই হওয়া উচিৎ তা নিয়ে আমরা কাজ করবো। আশা করবো মেলাটি সাফল্য মন্ডিত হবে এবং প্রতি বছরই আমরা এ মেলার আয়োজন করবো।’

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভিন্ন ধর্মী এ উদ্যোগকে স্বাগত জানান আলোচকরা।

    আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় সমবেত সংগীত- ‘আমরা নতুন যৌবনের দূত’ এবং ‘আমরা সুন্দরের অতন্দ্র প্রহরী’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতদল, কথা: মাসুদ সালাহউদ্দীন এবং সূর করেছেন লিয়াকত আলী লাকী।  এরপর পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা ব্যারেল ব্যালেন্স,  রোলার ব্যালেন্স এবং টপটু আমব্রেলা।

    এছাড়াও বিকেলের লোক-সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশন করেন তারকা শিল্পী শাহানাজ বেলী, আয়শা জাবীন দিপা, খায়রুল ওয়াসী, ফারহানা পারভীন। এছাড়াও সংগীত পরিবেশন করবেন প্রতিশ্রতিশীল শিল্পী শারমীন জাহান কেয়া, রোকসান আক্তার রুপসা, রাফি তালুকদার, জীবন চৌধুরী, প্রেমা জামান মীম এবং বিপাশা পারভীন।

  • অপুষ্টি ও পানিশূন্যতায় গাজায় ২০ জনের মৃত্যু

    অপুষ্টি ও পানিশূন্যতায় গাজায় ২০ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ মার্চ, ২০২৪: পাঁচ মাসের সময় ধরে চলছে গাজায় ইসরায়েলি হামলা। হামরাস ও ইসরায়েলের যুদ্ধে প্রায় তিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এদিকে গাজায় দেখা দিয়ে ত্রাণ সংকট। এর ফলে গাজায় অপুষ্টি আর পানিশূন্যতায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সেখানে খাবার এবং পানির তীব্র সংকট তৈরি হয়েছে। অবিলম্বে গাজায় আরও ত্রাণ সরবরাহ করা না হলে আরও বহু মানুষ প্রাণ হারাবে।

    গাজায় ত্রাণবহরও ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তর গাজায় একটি ত্রাণবহরকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী। সংস্থাটি জানিয়েছে, দুর্ভিক্ষ এড়াতে গাজার উত্তরে ত্রাণবহরের প্রবেশাধিকার দিতে হবে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, অনাহারে কয়েক ডজন মানুষ নীরবে মারা যাচ্ছে। এদের মধ্যে অনেকেই হাসপাতালেও আসতে পারছে না।

    এদিকে গাজায় পূর্ণমাত্রার দুর্ভিক্ষ এড়াতে আরও বেশি উদ্যোগী হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সাউথ আফ্রিকা এছাড়া দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও জানান তারা।

    জাতিসংঘের বিশেষ প্রতিবেদক পলা গাভিরিয়া বেটানকুর বলেছেন, গাজার মোট জনসংখ্যার পাঁচ শতাংশ ইসরায়েলি হামলায় নিহত এবং আহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ৭৫ শতাংশেরও বেশি; এটি বিস্ময়কর।

    তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়িতদের মানবতা মনে রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, সামরিক অভিযানে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলবে বিশ্বকে এমন ‘কল্পকাহিনী’ ওপর বিশ্বাস পরিত্যাগ করতে হবে।

    গাজায় ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সুরক্ষিত করার পাশাপাশি নৃশংসতার বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করে অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি কর্যকর করাই হবে মানবতার স্বার্থে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।

  • চিনির দাম বাড়ছে না

    চিনির দাম বাড়ছে না

    www.HelloBangla.News – অর্থনীতি – ৭ মার্চ, ২০২৪: প্রতিকেজি চিনির দাম ৭০ টাকাতেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। গতকাল  বুধবার (৬ মার্চ) ভর্তুকি মূল্যের চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করার পর সমালোচনার মুখে পড়ে সরকারি সংস্থাটি। এর একদিন পর আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্তের কথা জানানো হয়।

    এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, চিনির নতুন নির্ধারিত দাম বাতিল করে আগের দাম পুনর্বহাল রাখা হয়েছে। অর্থাৎ এখন প্রতিকেজি চিনি ৭০ টাকা কেজি দরে কিনতে পারবেন ক্রেতারা।

    এর আগে ফ্যামিলি কার্ডধারীদের কাছে ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আর গত রমজানে প্রতিকেজি চিনির দাম ছিল আরও ১০ টাকা কম, প্রতিকেজি ৬০ টাকা।

    এদিকে চিনির দাম বাড়িয়ে মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

    এ দফায় একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১শ টাকা, প্রতিকেজি চিনি ১শ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

  • নারী দিবসে ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হবে: মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

    নারী দিবসে ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হবে: মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ মার্চ, ২০২৪: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন,  মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

    আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়নের শুরু হয়।”

    সিমিন হোসেন রিমি বলেন, “বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সম-অধিকার প্রতিষ্ঠায় সময়োপযোগী বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। শিক্ষা, চাকরি, ব্যবসা ও আত্মকর্মসংস্থান সকল ক্ষেত্রে নারীরা আজ সফল হয়েছে। নারীরা দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কারণে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৫৯তম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষে।

    এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।

    এ সময়ে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান ও তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।

    সিমিন হোসেন রিমি বলেন, “অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজরাকে এ সম্মাননা দেওয়া হবে।”

    প্রতিমন্ত্রী বলেন, “ময়মনসিংহের আনার কলি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, ওরাও সম্প্রদায়ের জয়িতা কল্যাণী মিনজি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে লেখাপড়া করেন। বর্তমানে তিনি সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া সিলেটের কমলী রবিদাশ একজন সফল জননী। মাত্র ১৮ টাকা দিন মজুরিতে চা শ্রমিক হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এক ছেলেকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। তার ছেলে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। বরগুনার জাহানারা বেগমের ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায়। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী তাকে এসিডে দগ্ধ করেন। পরে নিজেকে একজন স্বাবলম্বী জয়িতা হিসেবে প্রমাণ করেন। খুলনার পাখি দত্ত হিজড়া নিজের জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করেছেন।”

    পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ দেওয়া হবে বলেও জানান মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ।

  • কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে র্যাবকে আরও সক্রিয় হতে হবে: প্রধানমন্ত্রী

    কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে র্যাবকে আরও সক্রিয় হতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ মার্চ, ২০২৪: কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে র‌্যাবকে আরও সক্রিয় হতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিান। তিনি বলেন, “কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে কালো টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।”

    আজ বুধবার (৬ মার্চ) কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশকে আরও উন্নত করতে হবে। দেশের সম্পদ কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নতি করতে হবে।

    সুন্দরবন জলদস্যুমুক্ত করার চিত্র তুলে ধরে তিনি বলেন, “জলদস্যুরা যেন আবারও বিপথে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের জীবনের প্রয়োজনে যা দরকার সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের জীবিকার পথ আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে।”

    দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে সেজন্য সব বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এবারের নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। কিন্তু যারা চায়নি নির্বাচন হোক, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, শুধু তারা এই নির্বাচনে খুশি হতে পারেনি। কিন্তু মানুষ খুশি হয়েছে। এই নির্বাচনকে অনেকেই অভিনন্দন জানিয়েছে।”

    বর্তমানে বাহিনীর মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করছেন পুলিশের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। প্রতিষ্ঠার পর সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও স্ব-স্ব এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র‍‍্যাব।

    র‍‍্যাব কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠার পর থেকেই জীবনবাজি রেখে সমাজে শান্তি-শৃঙ্খলা ফেরাতে অনন্য ভূমিকা পালন করে আসছে সংস্থাটি। র‍‍্যাব দেশে জঙ্গিবাদ নির্মূলে বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ টানা ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আমির শায়খ আব্দুর রহমানকে সিলেটের শাপলাবাগ থেকে গ্রেফতার করে র‍‍্যাব। প্রতিষ্ঠার পর এটিই ছিল র‍‍্যাবের সবচেয়ে আলোচিত অভিযান ও সবচেয়ে বড় সাফল্য।

    ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবি তাদের শক্তি জানান দেওয়ার পরপরই মাঠে নামেন র‍‍্যাব গোয়েন্দারা। এরপর গ্রেফতার করা হয় সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ শত শত জঙ্গিকে।

  • মশা নিধনে সারাদেশে ৪০ কোটি টাকার ওষুধ কেনা হবে

    মশা নিধনে সারাদেশে ৪০ কোটি টাকার ওষুধ কেনা হবে

    www.HelloBangla.News – জাতীয় – ৬ মার্চ, ২০২৪: মশার নিধনে সারাদেশে ৪০ কোটি এবাং ঢাকা সিটি করপোরেশনের জন্য ৫ কোটি টাকার ওষুধ কেনার অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। একই সঙ্গে জেলায় মশা নিধনে জনসচেতনতা বাড়াতে ও প্রচারণায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    আজ বুধবার (০৬ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়নও সমবায় মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    মন্ত্রী বলেন, “পুরো পৃথিবী অনুধাবন করছে যে এডিস মশা মোকাবিলা করতে হলে সবচেয়ে বেশি দরকার ৯০ শতাংশ সচেতনতা। আর বাকি ১০ শতাংশ টেকনিক্যাল বা ওষুধ। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন৷ এটা যদি সম্ভব হয় তাহলে এডিস মশার প্রজননটা আমরা রোধ করতে পারবো। আগে যদি আমরা ঢাকার বাইরে এক পারসেন্ট এডিস মশার প্রকোপ দেখতাম, বাকি ৯৯ শতাংশই কিন্তু দেখা যেত ঢাকা শহরে। গত বছর এডিস মশার প্রকোপ ঢাকায় কমে নেমেছে ২০ শতাংশের নিচে। কিন্তু ঢাকার বাইরে হয়েছে ৮০ শতাংশ।”

    তিনি বলেন, “প্রতিদিন আগে যে পরিমাণ আমাদের সন্তান বা মানুষ ঢাকায় আক্রান্ত হতো। এখন তা হচ্ছে ঢাকার বাইরে অর্থাৎ ঢাকার মানুষ এখন অনেক সচেতন হয়েছে। এডিস মশাকে মোকাবিলা করার জন্য আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছি সচেতনতা সৃষ্টি করার জন্য টিভিসি প্রচার করেছি, মানুষ সেটা দেখে দায়িত্বের সঙ্গে গ্রহণ করেছে।”

    ডিসিরা এই বিষয়ে কী বলেছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা এই অবস্থাটা জানিয়েছি। তাদেরকে বলা হয়েছে এ ব্যাপারে এখনই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তারা জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করছেন। তাছাড়া মন্ত্রণালয় থেকে যেসব সচেতনতামূলক বিজ্ঞাপন টেলিভিশনে প্রচার করা হচ্ছে তাতেও গ্রামাঞ্চলের মানুষও সচেতন হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সঠিকভাবে দেখভাল করা হচ্ছে কিনা সে ব্যাপারে ডিসিদের মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। ”

    তাজুল ইসলাম বলেন, “ডিসিরা তো তদারকি করবেন। আর রিপোর্ট করবেন। আর কার কি দায়িত্ব সেটা তো বণ্টন করে দেওয়াই আছে। আমরা কিন্তু গত জানুয়ারিতেই সভা করেছি। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা ধরে আমরা গুরুত্ব দিচ্ছি। গত বুধবারে সভা করে দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পাঁচ কোটি টাকার ওষুধ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আর সারা দেশের জন্য ৪০ কোটি টাকার ওষুধ কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তুতিগুলো চলমান। মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ, জনসচেতনতায় প্রচারণা দরকার তা করা হচ্ছে।”

    সমবায়ভিত্তিক কৃষিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “সমবায়ভিত্তিক কৃষি, সমবায় ভিত্তিক ব্যবসা-বাণিজ্যসহ অনেক কিছু করার সুযোগ আছে। সমবায়ের ব্যাপারে আমরা কাজ করার কথা বলেছি। সমবায় ব্যবস্থাপনাকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করার ব্যাপারে বলেছি।”

    স্থানীয় জলাশয় ও পানি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রী।