Author: Hello Bangla News

  • দেশে নতুন করে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

    দেশে নতুন করে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২২ এপ্রিল, ২০২৪: আবহাওয়া অফিস সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার ‘হিট অ্যালার্ট’ জারি করেছে।

    আজ সোমবার(২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।তাই নতুন করে ৭২ ঘন্টার জন্য ‘হিট অ্যালার্ট’জারি করেছে।

    এর আগে গত ১৯ এপ্রিল তিনদিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছিল আবহাওয়া অফিস৷ সে সময় তাপমাত্রা আরও বাড়ার শঙ্কাও করা হয়েছিল। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

    আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    আগামী বুধবার (২৪ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

    বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময় সবাইকে আগুন থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২২ এপ্রিল, ২০২৪: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ।

    আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

    চীনের রাষ্ট্রদূত এসময় বলেন, “বাংলাদেশের অনেক বড় বড়  প্রকল্পের অংশীদার হতে পেরেছে চীন।”

    বিশেষ করে পদ্মা সেতু। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা সেতুতে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে চীন। আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে গেছে। আর সম্মানের সঙ্গে আমরা সেটি শেষ করতে পেরেছি।

    রাষ্ট্রদূত আরও বলেন, “চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল নিয়েও আমরা কাজ করেছি। আমাদের আরও মেগা প্রকল্প রয়েছে। অবকাঠামো খাতেও আমাদের বিনিয়োগ রয়েছে। বেশি বিনিয়োগ রয়েছে আইসিটি বা হাই-টেক পার্কে এবং শিল্প ও শিক্ষা খাতে। বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। আগের চেয়ে বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, আমরা সেটি নিয়ে ভাবছি।”

    ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রদূত সমাধি সৌধের বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

    পরে তিনি বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের অ্যাডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

    এরপর তিনি রাষ্ট্রদূত সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

    এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমান ও চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

  • অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন

    অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন

    www.HelloBangla.News – বিনোদন – ২২ এপ্রিল, ২০২৪: অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

    কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে।

    মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

    দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক।

    নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে  ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন।

    রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

  • এখন থেকে ট্রেন যাত্রীরা স্টেশন থেকে ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে পারবে

    এখন থেকে ট্রেন যাত্রীরা স্টেশন থেকে ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে পারবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২২ এপ্রিল, ২০২৪: ট্রেনের যাত্রীদের স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনার অবসান হতে যাচ্ছে। যাত্রীদের দ্রুত টিকিট কাটা নিশ্চিত করতে কমলাপুর, বিমানবন্দরসহ বিভিন্ন স্টেশনে ১৫টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

    আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্টেশন ম্যানেজার।

    জানা গেছে, কমলাপুরে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন দুটি বসানো হয়েছে। মোট চারটি ভেন্ডিং মেশিন বসানো হবে। ঢাকা, চট্টগ্রামসহ ২১ স্টেশনে ভেন্ডিং মেশিন বসানো হবে।

    রেলসূত্র জানিয়েছে, কমলাপুর স্টেশনে ৪টি, বিমানবন্দর স্টেশনে ২টি, চট্টগ্রাম স্টেশনে ২টি, সিলেট স্টেশনে ১টি, কক্সবাজার স্টেশনে ১টি, রাজশাহী স্টেশনে ২টি, খুলনা স্টেশনে ১টি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে ১টি ও রংপুর স্টেশনে ১টি ভেন্ডিং মেশিন বসানো হবে।

    যাত্রীরা রেলওয়ের এই উদ্যোগকে স্বাগত জানালেও টিকিট কাটতে অতিরিক্ত ২০ টাকা চার্জ কাটায় যাত্রীদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। স্টেশনে গিয়ে টিকিট ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে যদি অনলাইন চার্জ দিতে হয় তাহলে এই মেশিনের দরকার কী!

    রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, আধুনিক এ মেশিনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সহজ ডটকম। এর মাধ্যমে যাত্রীরা সহজেই নিজের টিকিট নিজে কাটতে পারবেন। তবে এজন্য অনলাইনে টিকিট কাটতে যে পরিমাণ চার্জ (২০ টাকা) দিতে হয়, ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটলে একই পরিমাণ চার্জ কাটা হবে। ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সাধারণ যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

    এ সেবা চালুর বিষয়ে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে বলেছেন, রেলে বিনা টিকিটের যাত্রী রোধ এবং তাৎক্ষণিক ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের সেবা নিশ্চিত করতে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা শুরুতে ১৫টি মেশিন স্থাপন করেছি। পর্যায়ক্রমে দেশের সবকটি অনলাইনভিত্তিক স্টেশনে এ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। স্টেশন কাউন্টারে প্রায়ই ভিড় হয়। ভিড় এড়াতে এ মেশিন সহায়ক হবে।

    যাত্রীরা খুব সহজেই নিজের টিকিট নিজেই মেশিন থেকে যাত্রার ১৫ থেকে ৬০ মিনিটের মধ্যে কাটতে পারবেন। এ ব্যাপারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা যাত্রীদের সহযোগিতা করবেন ।

  • বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল

    বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ এপ্রিল, ২০২৪: বার্সেলোনার মাঠ থেকে জয় নিয়ে ফেরে ফিরল রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়ার পরও শেষ মুহূর্তে সেই বেলিংহ্যামই রিয়ালকে ভাসান জয়ের উল্লাসে। তার গোলে ভর করে ঘরের মাটিতে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পায় রিয়াল।ফালে লা লিগার শিরোপার আরও কাছাকাছি চলে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ নিয়ে শেষ চার দেখায় ৪ টিতেই হারলো বার্সা।

    সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে গোলটি করেন ক্রিস্টেনসেন। সমতায় ফিরতে অবশ্য বেশি দেরি করেনি রিয়াল। ১৬তম মিনিটে জোয়াও কানসেলোকে পাশ কাটিয়ে বক্সে ঢুকেছিলেন লুকাস ভাসকেস। কিন্তু তাকে ফাউল করেন কুবারসি। পেনাল্টি পেয়ে গোল করতে কোনো ভুল করেননি ভিনিসিয়ুস।

    ২৮তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার খুব কাছাকাছি ছিল বার্সা। লামিন ইয়ামালের ব্যাকহিল ফেরাতে গোললাইনের ভেতরেই ঢুকে পড়েন আন্দ্রি লুনিন। তবে ভিএআর জানায়, বল পুরোপুরি গোললাইন অতিক্রম করার আগেই তা ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। তাই এ যাত্রায় বেঁচে যায় রিয়াল।

    প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় বার্সা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে। বিরতির পর দুদলই সমান পাল্লায় লড়তে থাকে। তবে এবারও আগে গোলের দেখা  পায় বার্সা। ৬৯ মিনিটে ইয়ামালের শট লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই কাতালানদের এগিয়ে দেন ফারমিন লোপেস। কিন্তু সেই লিড চার মিনিটের বেশি ধরে রাখতে পারেনি সফরকারীরা।  বাঁ প্রান্ত থেকে ভিনির নিখুঁত ক্রসে জোরালো শট নিয়ে বার্সা গোলরক্ষক টার স্টেগানকে পরাস্ত করেন ভাসকেস। ডানপ্রান্তে থাকা বার্সা ডিফেন্ডার জুলেস কুন্দেকে নিজের উপস্থিতি টেরই পেতে দেননি তিনি।

    সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। বার্সার দুর্গে একের পর এক হানা দেয় তারা। ৭৮ মিনিটে পাল্টা আক্রমণে স্টেগানকে একা পেয়েও গোল করতে পারেননি ভিনি। তবে রিয়ালের চেষ্টা থেমে থাকেনি। যোগ করা সময়ের  প্রথম মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ভাসকেসের দূরপাল্লার ক্রস পেছনে থাকা বেলিংহ্যামের জন্য ছেড়ে দেন হোসেলু। তা দেখে বোকা বনে যান বার্সা ডিফেন্ডাররা। এরপর সেই ক্রস থেকে দুর্দান্ত শটে বেলিংহ্যাম গোল করলে তাদের অসহায়ত্ব ফুটে ওঠে আরও করুণভাবে। যেন কিছুই করার ছিল না তখন!

    ২০০৭ সালে রুড ফন নিস্তরলয়ের পর লা লিগায় নিজের প্রথম দুই এল ক্লাসিকোতে জয়সূচক গোল করা রিয়ালের প্রথম ফুটবলার বেলিংহ্যাম। লা লিগায় চলতি মৌসুমে এটি ইংলিশ মিডফিল্ডারের ১৭তম গোল। সেই গোলে এনে দেওয়া জয়ে ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে তাদের ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। লিগ জয়ের স্বপ্নটা তাদের জন্য বলতে গেলে আরও ফিকে হয়ে গেল।

  • ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

    ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ এপ্রিল, ২০২৪: অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা এ ধরনের কোনো বিষয়ে অবগত নয়।

    এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু বলেছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। আজ সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীর ওপর যেকোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটে সহায়তা কমানোর পরিকল্পনা করছে এমন খবরের পর তিনি এই অবস্থান জানান।

    রবিবার ইসরায়েলের এই কট্টরপন্থি প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।’

    এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ সাইট জানায়, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরেপ করতে পারে।

    মূলত ‘নেতজাহ ইয়েহুদা’ নামের এই ইউনিটটি ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে মোতায়েন রয়েছে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইউনিটগুলোতে মার্কিন সামরিক সহায়তা হ্রাস করা হতে পারে এমন প্রতিবেদন সম্পর্কে গত সপ্তাহে জিজ্ঞাসা করা হলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন: ‘আমি সিদ্ধান্ত নিয়েছি; আপনারা সামনের দিনগুলোতে সেসব সিদ্ধান্ত দেখতে পাবেন বলে আশা করতে পারি।’

    অবশ্য ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের কোনও ইউনিটের সহায়তা স্থগিত করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নেতজাহ ইয়েহুদা ‘আন্তর্জাতিক আইন মেনেই’ কাজ করছে।

    তারা বলেছে, ‘ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে এই রিপোর্টের পরও আইডিএফ বিষয়টি সম্পর্কে অবগত নয়। আইডিএফ কাজ করছে এবং আইন অনুযায়ী কোনো অস্বাভাবিক ঘটনা তদন্ত করতে কাজ করে যাবে।’

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতজাহ ইয়েহুদার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে দেখছে।

    উল্লেখ্য, গত শনিবার অ্যাক্সিওস তিনটি মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েক দিনের মধ্যে নেতজাহ ইয়েহুদার বিরুদ্ধে ব্যবস্থা বা পদক্ষেপ ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

  • রান্না: চিজ চিকেন টিক্কা স্টিক

    রান্না: চিজ চিকেন টিক্কা স্টিক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২২ এপ্রিল, ২০২৪: এই গরমে রন্ধন শিল্পীরা তৈরি করছে মজাদার সব খাবার। যে খাবারগুলোতে গরমে এমন সব উপকরণ ব্যবহার করা হয়েছে যাতে তা হয় উপাদেও ও মজাদার। আজ দেওয়া হলো ‘চিজ চিকেন টিক্কা স্টিক’ এর রেসিপি। যা আপনি সহজেই ঘরে বসেই তৈরি করতে পারেন।

    Culinary artist-Razia Smriti
    Culinary artist-Razia Smriti

     

    উপকরণ:

    চিকেন কিউব করে কাটা-৩০০ গ্রাম, মোজেরোলা চিজ গ্রেট করা-আধা কাপ, আদা রসুন বাটা-১চা চামচ, গোলমরিচ গুঁড়া–১/২ চা চামচ, মরিচ গুঁড়া-হাফ চা চামচ, কাবাব মসলা-হাফ চা চামচ, লেবুর রস-১চা চামচ, লবন-স্বাদ মত, সয়াসস-১চা চামচ, টমেটো সস-১ চা চামচ, রান্নার তেল-ভাজার জন্য।

     

    প্রস্তুত প্রণালী:

    কিউব করা মুরগির মাংসের সাথে একে একে তেল ও চিজ বাদে উপরের সব উপকরণ গুলো একসঙ্গে মেখে প্রায় দুই ঘন্টা রেখে দিতে হবে।

    দুই ঘন্টা মেরিনেট হওয়ার পর চিকেন সাসলিকের কাঠিতে ৫/৬ টুকরা করে চিকেন গেথে নিতে হবে। একে একে সব মাংস গুলি কাঠিতে গেথে নিতে হবে। এবার অল্প তেলে চিকেন স্টিক গুলো ভেজে নিতে হবে উল্টিয়ে উল্টিয়ে। চিকেন ভাজা হয়ে গেলে মোজেরোলা চিজ গ্রেট করে চিকেনের উপর ছিটিয়ে দিয়ে   ওভেনে বেক করে নিতে হবে ৫ মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মজাদার চিজ চিকেন স্টিক।

    পোলাও বা সালাদের সাথে সসদিয়ে পরিবেশন করুন গরম গরম চিজ চিকেন স্টিক।

     

    রেসিপি দিয়েছেন: রাজিয়া স্মৃতি

  • আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান

    আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল; স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামীকাল ২২ এপ্রিল সোমবার, সকাল ১০ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে, সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শিরোনামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, প্রে-ভাইস চ্যান্সেলর(শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়।

    প্রধান আলোচক পীযূষ বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক, সম্প্রীতি বাংলাদেশ, সম্মানীয় আলোচক হিসাবে থাকবেন অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অধ্যাপক আব্দুল বাছির, ডীন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ডীন, ফার্মেসী অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, সদস্য সচিব, সম্প্রীতি বাংলাদেশ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন সম্প্রীতি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দীন ।

    অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দৈনিক/টেলিভিশন ও অনলাইন নিউজ পো্র্টালের সাংবাদিকরা।

  • বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে: সেতুমন্ত্রী

    বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২১ এপ্রিল, ২০২৪: বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত ও পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উসকানি সৃষ্টির পাঁয়তারা করছে।”

    আজ রবিবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

    সেতুমন্ত্রী বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে। অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে।”

    ওবায়দুল কাদের বলেন, “বিএনপি ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যুদস্ত। এ ঝাঁকুনি হলো বার বার পরাজয়ের ঝাঁকুনি। হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তি লোপ পেয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে।”

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে দুরভিসন্ধিমূলক, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

    ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হয়।”

  • হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ এপ্রিল, ২০২৪: হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছ, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “তাপদাহের কারণে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হবার দরকার নেই) এই মুহূর্তে হাসপাতালে ভর্তি না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে।”

    আজ রবিবার (২১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে এক সভা শেষে তিনি এই নির্দেশনার কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক এবং বাচ্চারা। এবার এমন একটা জলবায়ু পরিবর্তন হলো যে আমরা জীবনে কখনো শুনিনি যে দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। যাহোক এটা প্রকৃতির নিয়ম। আমাদের এগুলো ফেস করতে হবে।”

    তিনি বলেন, “আমার কাছে যখন মেসেজ আসলো (হিট অ্যালার্ট), আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে গিয়ে স্কুলটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা। আজকে আমরা সবাই মিলে সারা বাংলাদেশে যত হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনের সঙ্গে জুম মিটিং করি। আমার কয়েকটা নির্দেশনা ছিল তার মধ্যে একটা হলো- যারা বয়স্ক এবং বাচ্চা, তারা প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়।”

    সামন্ত লাল বলেন, “হাসপাতালগুলোতে কোনো কোল্ড কেস এখন ভর্তি করতে না করেছি। কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা দুই সপ্তাহ পরে করুক। হাসপাতাল খালি রাখার জন্য বলছি যে যদি চাপ হয়, তাহলে বাচ্চা এবং বয়স্কদের জন্য যেন ভর্তি করা হয়। এখন কোল্ড কেস কয়েক দিন বন্ধ থাকবে।”

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের ওরাল স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। কোনো জায়গায় কোনো ঘাটতি হলে…। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রকৃতির ওপর তো আমাদের কারও হাত নেই। এটা আমাদের রেডি রাখতে হবে।”

    তিনি বলেন, “আমি গতকাল শিশু হাসপাতালে গিয়েছিলাম। শিশু হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা রাখার জন্যই সারাদেশের হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছি। কোল্ড কেসগুলোকে এখন হাসপাতালে ভর্তি না করতে বলা হয়েছে। বাচ্চাদের ব্যাপারে আজকে থেকে একটা অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করছি সারাদেশের চিকিৎসকদের নিয়ে। মহাখালীতে করোনা চিকিৎসার জন্য ডিএনসিসি হাসপাতালে শিশু ও বয়স্কদের জন্য আলাদাভাবে বেড রাখতে বলা হয়েছে।”