www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ মে, ২০২৪: যে দলটি হারতেই ভুলে গিয়েছিল, সেই দলটিই কিনা ইউরোপা লিগের ফাইনালে এসে হজম করে বসলো তিন গোল! ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতে অ্যাডেমোলা লুকম্যানের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ধরাশায়ী হয়েছে লেভারকুসেন। এই নাইজেরিয়ানের অতিমানবীয় পারফরম্যান্সে তাদের ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে আতালান্তা।দারুণ এক পথচলায় বেশ কয়েকটি রেকর্ড গড়ার পাশাপাশি লেভারকুজেন জয় করে বুন্ডেসলিগাও। স্বপ্নের এই পথচলা ইউরোপা লিগে এসে থামল তাদের।
বিবর্ণ এই দলের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আতালান্তা। এই ধাক্কা সামলাতে পারেনি আর লেভারকুজেন। বিরতির পর আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন অ্যাডেমোলা লুকম্যান। দলকে জেতান প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা।
গতকাল রাতে ইউরোপা লিগের ফাইনালে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ৩-০ গোলে জিতে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়েছে আতালান্তা। অপরদিকে এই হারে থামল লেভারকুজেনের অপরাজিত ৫১ ম্যাচের যাত্রা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আতালান্তা। যার সুফলও পায় তারা। দ্বাদশ মিনিটে এগিয়ে যায় দলটি। জাপাকস্তার পাস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি পালাসিওস। ফিরতি শটে জাল খুঁজে নেন লুকম্যান। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বক্সের বাইরে একজনকে কাটিয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
একের পর এক আক্রমণে জার্মান ক্লাবটির ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন। এরপর ম্যাচের ৭৫ মিনিটে আরেকটি দারুণ গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। তাতেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। অপরাজিত মৌসুম শেষ করার বিরলতম রেকর্ডের খুব কাছ থেকেই ফিরতে হয়েছে লেভারকুসেনকে। বিপরীতে ৬১ বছর পর কোনো শিরোপা নিয়ে উল্লাস করে আতালান্তা।










