www.HelloBangla.News – বিনোদন – ৩০ আগস্ট, ২০২৩ : আমির খান মানেই দারুন সফল ছবি। বিশেষ ভাবে তারে জমিন পার (২০০৭), থ্রি ইডিয়টস (২০০৯), পিকে (২০১৪),দঙ্গল (২০১৬) সাফলের পর গত কয়েক বছর বিশেষ ভাল কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠগ্স অফ হিন্দোস্তান’। তার পরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’-ও। ‘লাল সিংহ চড্ডা’র ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে আমির ভক্তদের জন্য আনন্দের খবর এ বার সেই বিরতিতে ইতি টানতে চলেছেন আমির। ২০২৪ সালের শেষের দিকেই পর্দায় ফিরছেন ‘দঙ্গল’ খ্যাত তারকা।
মাসখানেক আগে শোনা গিয়েছিল, প্রত্যাবর্তনের জন্য ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’-র জুটির উপরেই নাকি ভরসা রাখতে চলেছেন আমির। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গেই ফের হাত মিলিয়ে পর্দায় ফেরার কানাঘুষো শোনা যাচ্ছিল বলিপাড়ার অন্দরে। তবে এখন খবর, রাজকুমার হিরানি নন, রাজকুমার সন্তোষীর সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন আমির।
১৯৯৪ সালে ‘অন্দাজ় অপনা অপনা’ ছবিতে শেষ বার রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করেছিলেন আমির।হাসির ছবি হিসেবে বেশ জনপ্রিয় হয়ছিলো ছবিটি। তার পর কেটে গিয়েছে তিন দশক। খবর, তিরিশ বছর পরে ফের রাজকুমার সন্তোষীর সঙ্গে হাত মিলিয়ে দু’টি ছবির চুক্তি সই করেছেন আমির। তার মধ্যে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন আমির। ছবির প্রযোজনায় থাকছে তাঁরই সংস্থা ‘আমির খান প্রোডাকশন্স’। যে ছবিতে আমির অভিনয় করছেন, তা মুক্তি পাওয়ার কথা আগামী বছর ক্রিসমাসে। দ্বিতীয় ছবির কাজ শুরু হওয়ার কথা ২০২৫ সালে।
দেখার বিষয় আমির খান তার সেই ‘থ্রি ইডিয়টস’ ইমেজে ফিরতে পারেন কি না।তবে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বছরের ক্রিসমাস পর্যন্ত।অনেকের ধারণা আমির খান আবার ফিরে আসবেন আগের ইমেজে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা










