www.HelloBangla.News – জাতীয় – ১৯ ডিসেম্বর, ২০২৩: মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রাটি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, শাহবাগ, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অগ্নিসংযোগে চারটি তাজা প্রাণ ঝরে গেল। ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করে সেই রকম দৃশ্য দেখতে পেলাম। তাদের ক্ষমা নেই।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই, নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে? ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে।’
আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন ভুয়া। তারা এই বছর পারল না। আগামী বছর আবার করবে আন্দোলন। তারেক রহমানের সাহস নেই। থাকলে এখানে আন্দোলনে নেতৃত্ব দিত, জেলে যেত। যে জেলে যেতে ভয় পায়, তার নেতৃত্বে আন্দোলন হবে না।’
ঢাকা জেলার ১৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচনে বাধা দেবে, তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে নিয়ে পৌঁছাব। সামনে আসছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সাইন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
১৯টি শর্তে মহানগর আওয়ামী লীগকে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা’ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দেন।










