www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ জানুয়ারি, ২০২৪: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানের ঝাওতং শহরের দুই পার্বত্য গ্রামে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮টি বাড়ি মাটিচাপা পড়েছে এবং সেসব বাড়িতে বসবাসকারী লোকজনদের মধ্যে ৪৭ জন এখনও নিখোঁজ রয়েছেন । আজ সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫ টা ৫১ মিনিটে ঘটেছে এই ধস।
ঝাওটং শহরের তাপমাত্রা এখন জিরো ডিগ্রির নিচে। এর মধ্যেই সেখানে উদ্ধার তৎপরতা চলছে। কেউ মারা গেছেন কি না তা এখনও পরিষ্কার নয়।
বেশ কিছু ভিডিওতে দেখা গেছে উদ্ধারকর্মীরা ধসে পড়া বাড়ি-ঘর এবং ভবনের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছে।
পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসের পর ওই অঞ্চল থেকে পাঁচ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। কী কারণে সেখানে ভূমিধসের ঘটনা ঘটলো তা এখনও নিশ্চিত নয়। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখছে।
পাহাড় দিয়ে ঘেরা চীনের দুর্গম অঞ্চলে ভূমিধস খুবই সাধারণ ঘটনা। এর আগে ২০১৩ সালে ঝেনজিয়ং কাউন্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়।










