যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের ৪ সদস্য বন্দুকধারীদের হামলায় নিহত

4 members of US Marshals Task Force killed - International - 30 April 2024
4 members of US Marshals Task Force killed - International - 30 April 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ এপ্রিল, ২০২৪: যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনের সময় বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার শার্লট শহরের একটি বাড়িতে এক অপরাধীকে ধরার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর গুলি চালানো হয়। এতে চার কর্মকর্তা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই মার্শাল টাস্কফোর্স গঠন করা হয়। এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনার পর সন্দেহভাজন একজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ ঘটনায় একজন ডেপুটি মার্শাল ও টাস্কফোর্সের তিন কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সিএমপিডি জানিয়েছে, বন্দুক হামলায় আহত হয়েছে চারজন। এদের একজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ কর্মকর্তা জনি জেনিংস সাংবাদিকদের বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন হামলায় নিহত এসব কর্মকর্তা। সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে তারা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্ত বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করে। তারা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়।

টাস্কফোর্সের কর্মকর্তারা তখন বাড়ির ভেতর থেকে গুলি চালান। কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলি চলার পর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে যায়। বাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। হেফাজতে নেয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও অপরজন ১৭ বছরের কিশোর।

জনি জেনিংস জানান, ওই ব্যক্তিদের মধ্যে অন্তত একজন পুলিশ কর্মকর্তাদের নিশানা করে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এর্টনি জেনারেল ম্যারিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, “বিচার বিভাগ আমাদের নিজস্ব আইন প্রয়োগকারী সহকর্মীদের প্রাণহানিতে মর্মাহত।”

প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি এ ঘটনায় শোক ও ওই সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন।

পূর্ববর্তী হজযাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়ল ৭ মে পর্যন্ত
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা