পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে: আদিলুর রহমান

Hello Bangla News | পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে আদিলুর রহমান - জাতীয় - ১০ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)
Hello Bangla News | পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে আদিলুর রহমান - জাতীয় - ১০ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “অগ্রাধিকার হিসেবে আমাদের গ্যাসের সমস্যা রয়েছে, ক্ষুদ্র শিল্প নিয়ে কিছু পরিকল্পনা আছে। পরিবেশ বান্ধব কাজ করার বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। যেমন সাভারে চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জাহাজ শিল্প নিয়েও আলোচনা করেছি। আমরা প্রতি দিনই বসবো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার করবো। এখানে একটি চমৎকার টিম রয়েছে তারা খুবই অ্যাক্টিভ। আমরা চেষ্টা করে যাবো আপনারা সব সময় আমাদের সহযোগী হিসেবে পাবেন।”
আজ শনিবার (১০ আগস্ট) সকালে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
আদিলুর রহমান খান বলেন, “আজকে আমার প্রথম দিন আমি কৃতজ্ঞ ছুটির দিনেও আমার সহকর্মীরা এসেছেন। আমাদের যেসব খাতে সমস্যা বা চ্যালেঞ্জ আছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে আমাদের গ্যাসে সংকটের জন্য গত ছয় মাস আমাদের চারটি সারকারখানা বন্ধ ছিল। শুধু ঘোড়াশাল সারকারখানা উৎপাদনে আছে। চামড়া খাতকেও অগ্রাধিকার দেওয়া হবে। গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করা, চামড়া ও সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তবে সব কাজই চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়।”
শিল্প উপদেষ্টা বলেন, “অত্যন্ত কঠোর অবস্থানে থেকে গণ-আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট সেটা নিয়েই সাধ্যমতো কাজ করবো। তবে সব কাজই চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়।”
লোকসানের বিষয় কী পদক্ষেপ নেবেন, গ্যাস সংকট সমাধানে কি পদক্ষেপ নেবেন জানতে চাইলে আদিলুর রহমান খান বলেন, “আমরা এসব বিষয় জানতে পেরেছি, আলোচনা করেছি, এ ব্যাপারে যতদূর সম্ভব কাজ করবো। সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে সার আমদানিতে। যাতে কৃষকদের কোনো সমস্যা না হয়। গ্যাসের জন্য এ সমস্যাটা না হয়। এর ফলে শিল্পের যে লোকসান হয় সেটা কমে যাবে।”
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, “এতো মানুষের রক্তের ওপর দিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা দায়িত্বে এসেছি এখানে দুর্নীতির বিষয়ে আমাদের কঠোর হওয়া ছাড়া উপায় নেই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে গণ-আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট সেটা নিয়েই সাধ্যমতো কাজ করবো। দুর্নীতির বিষয়তো প্রশ্নই আসে না। আমরা সবাই একটা টিম আপনারাও এর একটা অংশ। সবাই মিলে কাজ করলে আমরা সব কিছু ওভারকাম করতে পারবো।”

পূর্ববর্তী আজ সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন প্রধান বিচারপতি
পরবর্তী পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান