অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

Hello Bangla News | অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন - খেলাথুলা - ১০ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)
Hello Bangla News | অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন - খেলাথুলা - ১০ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১০ আগস্ট, ২০২৪: ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পার্ক দ্য প্রিন্সেসে শুরুতেই গোল পেয়েছিল ফ্রান্স। তবে মধ্যাহ্ন বিরতির আগেই সেই গোল শোধ করে উল্টো ২ গোলের ব্যবধানের লিড নেয় স্পেন। দ্বিতীয়ার্ধে সেই ২ গোল শোধ করে আবার ম্যাচে ফেরে স্বাগতিকরা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সের্হিও কামেয়োর জোড়া গোলে ৫-৩ গোলের জয় পেয়েছে স্পেন।
গতকাল শুক্রবার (১০ আগস্ট) পিএসজির ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন।
ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন এনজো মিলোত। কিন্তু সেই লিড ধরে রাখার জন্য খুব বেশি সময় পায়নি। উল্টো ১০ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্পেন। ১৮ মিনিটে গোল শোধ দেওয়ার কাজটা করেন ফেরমিন লোপেস। আলেক্স বায়েনার অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর কাছাকাছি দূরত্ব থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ২৮ মিনিটে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন বায়েনা।
দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ফ্রান্স জেগে ওঠে শেষ মুহূর্তে। ৭৯ মিনিটে ব্যবধান কমান মাগনেস আকলিওচে। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করতে কোনো ভুল করেননি জেন ফিলিপি মাতেতা।
ব্যবধান ৩-৩ হওয়ার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্যবধান গড়ে দিয়ে স্পেনের নায়ক বনে যান বদলি হিসেবে নামা সের্হিও কামেয়ো। জোড়া গোল করে দলকে সোনা জয়ের স্বাদ এনে দেন তিনি। ১০০ মিনিটে আদ্রিয়ান বের্নাবের থ্রু বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ১২০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে দারুণ শটে স্কোরশিটে নাম লেখান দ্বিতীয়বারের মতো।
অলিম্পিক ফুটবলে এটি স্পেনের দ্বিতীয় সোনা। ৩২ বছর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল তারা।

পূর্ববর্তী সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা
পরবর্তী যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ৬২ জন নিহত