বিশ্বজুড়ে ভয়াবহ পানির সংকট ‘আসন্ন’ : জাতিসংঘ

বিশ্বজুড়ে ভয়াবহ পানির সংকট ‘আসন্ন’ : জাতিসংঘ

বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘ মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ব পানি উন্নয়ন প্রতিবেদন ২০২৩ প্রকাশ করেছে ৷ এতে বলা হয়, বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না ৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷ বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানির সংকট থাকা দেশগুলোতে বসবাস করছে। এমতাবস্থায় জলবায়ু সংকট আরো প্রবল হলে বৈশ্বিক সুপেয় পানির সংকট আরো বহু গুণে বেড়ে যাবে।

প্রায় অর্ধশতাব্দী পর বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের আয়োজনে বিশ্ব পানিসংকট নিয়ে একটি সম্মেলন শুরু হচ্ছে। তার আগে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ সতর্ক করে বলেছে, পানি নিয়ে আন্তর্জাতিক সংকট ‘আসন্ন’।

প্রতিবেদন বলছে, গত চার দশকে প্রতিবছর বিশ্বে পানির ব্যবহার এক শতাংশ করে বেড়েছে। ২০৫০ সাল পর্যন্ত এই হার বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অঞ্চলভেদে পানি প্রাপ্যতার মধ্যে একটি বড় ব্যবধান আছে বলে প্রতিবেদনে জানানো হয়। এটি দূর করতে চায় জাতিসংঘ। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিশুদ্ধ পানিও নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। এসব লক্ষ্য পূরণে বছরে ৬০০ বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড কনোর।

বর্তমানে বিশ্বে ব্যবহৃত মোট পানির ৭০ শতাংশ ব্যবহার হচ্ছে কৃষি খাতে। তবে শহরে জনসংখ্যা বাড়ছে বলে কৃষিজমি থেকে পানি সরবরাহ কমিয়ে শহরাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বো হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে মধ্য আফ্রিকা, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে বছরের একটা সময় যে পানির অভাব দেখা দেয়, সেটা আরো বাড়বে। আর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাহারা অঞ্চলে যে পানির সংকট রয়েছে, সেটাও আরো বাড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।