www.HelloBangla.News – বিনোদন – ২৬ এপ্রিল, ২০২৪: বাংলা সাহিত্যে ছোটগল্পের আবেদন জীবনে শুধু বৈচিত্র্যই আনেনা, মানুষকে ভাবায়, মানবিক মূল্যবোধের সৃষ্টি করে, সংস্কারমুক্ত ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে। দেশকে ভালোবাসতে শেখায়। ছোটগল্পে যেমন থাকে প্রেম, তেমনি থাকে সংঘাত।তাই ছোটগল্প জীবনের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িযে আছে। থাকবে অনন্তকাল।
কালের বিবর্তনে ছোটগল্প লেখায় এসেছে বিভিন্ন ধারা। আগে যেমন একটি বিষয়কে সরাসরি বলা হতো এখন তা নয়। তাই গল্প লেখায় এসেছে নতুন ধারা। তাই এই গল্প লেখা জন্য আয়োজন করা হচ্ছে কর্মশালার।
সদ্য ‘গল্পের কলকব্জা’ শীর্ষক গল্প লেখার একটি কর্মশালা আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডির বেঙ্গল শিল্পলয়ে অনু্ষ্ঠিত কর্মশায় গল্প লেখার নানা কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন দেশের বরেণ্য গল্প লেখকরা।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গল্প লেখার নানা করণকৌশল সম্পর্কে আলোকপাত করবেন সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত লেখক সুব্রত বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, সাদিয়া মাহজাবীন ইমাম ও মোজাফফর হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, গল্প লেখার জন্য প্রথমে একটি ভালো ধারণা প্রয়োজন। ধারণা ঠিক হয়ে গেলে তা লেখার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। গল্পের চরিত্র, পরিবেশ ও ঘটনাবলীর মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক।
তারা বলেন, বর্তমান সময়ে মানুষ পড়ার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বা রিলস দেখে বেশি সময় অতিবাহিত করেন। এমন একটা সময়ের মধ্যে পাঠককে লেখার মধ্যে আকৃষ্ট করে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচিত উদীয়মান লেখকরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। নবীন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহিত করার জন্যই মূলত এ কর্মশালার আয়োজন করা হয়।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ দেওয়া উপলক্ষে এবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।










