অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন

Actor Rumi passes away - Entertainment - 22 April 2024
Actor Rumi passes away - Entertainment - 22 April 2024

www.HelloBangla.News – বিনোদন – ২২ এপ্রিল, ২০২৪: অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে।

মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক।

নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে  ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন।

রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

পূর্ববর্তী এখন থেকে ট্রেন যাত্রীরা স্টেশন থেকে ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে পারবে
পরবর্তী টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা