ঈদ জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দিনাজপুর ঈদগাহ মাঠ

The largest Dinajpur Eidgah ground in the subcontinent - National - 8 April 2024
The largest Dinajpur Eidgah ground in the subcontinent - National - 8 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ৮ এপ্রিল, ২০২৪: ঈদ জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দিনাজপুর গোর-এ-শহীদ মাঠ। ইতিমধ্যে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছে দিনাজপুর জেলা প্রশাসন।

সবুজ ঘাসে মোড়ানো দিনাজপুর গোর-এ-শহীদ মাঠের আয়তন ২২ একর। মাঠের পশ্চিমে রয়েছে লাল খয়েরি আর সাদা রংয়ের মিশ্রণে ৫১৬ ফুট দৈর্ঘ্যের সুউচ্চ ঈদগাহ মিনার। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। দিনাজপুর জেলা প্রশাসন আসন্ন ঈদুল ফিতরে লাখো মুসল্লির নামাজ আদায়ের জন্য গোর-এ-শহীদ মাঠ প্রস্তুত করছে । এই ময়দানে নামাজ আদায় করতে আসা দূরের মুসল্লিদের জন্য থাকছে বিশেষ দুটি ট্রেন।

দিনাপুর থেকে শাহরিয়ার সুমন জানান, গোর-এ-শহীদ ময়দানে মিনারটি তৈরি হবার পরে ২০১৭ সালে প্রথম বৃহৎ পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল। প্রতিবারের ন্যায় এবারও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাঠে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র‍্যাব, পুলিশ, আনসার সদ্যসরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। মাঠে প্রবেশের জন্য মোট ১৯টি গেট তৈরি করা হয়েছে। এসব গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

জানা গেছে, এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে ২০২৩ সালে পবিত্র ঈদুল ফিতরে এই মাঠে এক সঙ্গে ৬ লক্ষাধিক মানুষ নামাজ আদায় করেছিল।

এদিকে গোর-এ শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত করার লক্ষ্যে দুটি বিশেষ ট্রেন থাকছে। একটি ট্রেন ঠাকুরগাঁও থেকে ছেড়ে সেতাবগঞ্জ হয়ে দিনাজপুর এবং আরেকটি পার্বতীপুর থেকে ছেড়ে চিরিরবন্দর থেকে দিনাজপুর আসবে। ঠাকুরগাঁওয়ে ঈদের দিন ট্রেনটি ভোর ৫টায় ছাড়বে। ট্রেনটি ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, মঙ্গলপুর ও কাঞ্চন ট্রেন স্টেশনে যাত্রা বিরতী দিয়ে সকাল সোয়া ৭টায় দিনাজপুর স্টেশনে আসবে। অপরদিকে পার্বতীপুরে সকাল ৬টায় ট্রেনটি ছেড়ে মন্মথপুর, চিরিরবন্দর, কাউগাঁওয়ে যাত্রাবিরতী দিয়ে সকাল পৌনে ৭টায় দিনাজপুর স্টেশনে এসে থামবে। অপরদিকে নামাজের পর সোয়া ৯টায় পার্বতীপুরমুখী ও সাড়ে ৯টায় ঠাকুরগাঁও মুখী ট্রেনটি দিনাজপুর স্টেশনে ত্যাগ করবে।

পূর্ববর্তী ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
পরবর্তী মোজাম্বিকে নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু