www.HelloBangla.News – জাতীয় – ২ এপ্রিল, ২০২৪: সাভারের হেমায়েতপুর জোরপুল এলাকায় তেলবাহী লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুনের ঘটনায় সাত জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অগ্নিদগ্ধ দুই জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আটজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। তারা হলেন– মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নীড়াঞ্জন (৪৫), ট্রাকের হেলপার হেলাল (৩০), সাকিব (২৪), আবদুস সালাম (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)। এর মধ্যে নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ছয়টি ইউনিটের মাধ্যমে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করা হয়। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করেছি। আটজন দগ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। পরে সেটি পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। নিহতের নাম ইকবাল। তিনি যশোরের চৌগাছা থানার বাসিন্দা।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম নামে আও একজনের মৃত্যু হয়।










