আইপিইউ সেক্রেটারির সঙ্গে স্পিকারের দ্বিপাক্ষিক বৈঠক

Speaker's meeting with IPU Secretary - National - 24 March 2024
Speaker's meeting with IPU Secretary - National - 24 March 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৪ মার্চ, ২০২৪: ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বিকেলে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি উপলক্ষে আইপিইউ সেক্রেটারি জেনারেলের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

এসময় তাঁরা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পীকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে ধারাবাহিকভাবে চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

মার্টিন চুংগং এসময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং  ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার ব্যাপারে সম্মতি প্রদান করেন।

এদিকে শনিবার অপরাহ্নে সম্মেলনের ১ম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এপিএ সংক্রান্ত সভায় আখতারুজ্জামান এমপি ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য প্রদান করেন।

এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং  আখতারুজ্জামান এমপি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা ১৯ ফিলিস্তিনি নিহত
পরবর্তী এ সাতটি ফ্লাইওভার জনগণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: সেতুমন্ত্রী