Tag: বৈঠক

  • রাষ্ট্রপতির সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠক

    রাষ্ট্রপতির সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    আজ সোমবার (৫ আগস্ট) রাতে এ বৈঠক হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বঙ্গভবন প্রেস উইং।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

    এ ছাড়া সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ধারণ এবং সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

    পাশাপাশি লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

    এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব  বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

    সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনভাবেই বিনষ্ট না হয় সে বিষয়েও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

    সভায় রাজনৈতিক নেতা-সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জি এম কাদের, মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মো. মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.), জাকের পার্টির শামিম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাকের পার্টির শামিম হায়দার, গণ-অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ফিরোজ আহমদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোবাশ্বেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান।

  • পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

    পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। বৈঠকে বিশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

    আজ বুধবার (১০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর সভা কক্ষে এক সৌজন্য সাক্ষাতের পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে জাপানের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে দ্বিতীয় ধাপে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

    পরিকল্পনা মন্ত্রী বলেন, “জাপানি রাষ্ট্রদূত আমাকে অভিনন্দন জানাতে এসেছেন। বাংলাদেশের দক্ষতা বৃদ্ধিতে জাপান সহযোগিতা দিয়ে আসছে সেটি অব্যাহত রাখতে অনুরোধ জানানো হয়েছে তাকে। বিশেষ করে পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বিতীয় পর্যায়ে সহায়তা চাওয়া হয়েছে। জাপানের অর্থায়নে ৪০ প্রকল্প বাস্তবায়ন হয়েছে।”

    তিনি আরও বলেন, “আমাদের দক্ষতা বৃদ্ধি নিয়ে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে। পঞ্চবার্ষিক ও প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে জাপান পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি।

    এক প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, “জাপান সব সময় আমাদের সঙ্গে আছে। ভবিষ্যতে নানা উন্নয়নে তারা পাশে থাকার অঙ্গীকার করেছে।”

    জাপানি রাষ্ট্রদূত বলেন, “আমাদের মধ্যে নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। নবম-পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ। এই বিশাল পরিকল্পনায় জাপানের পলিসি ও বাংলাদেশের চাহিদা অনুযায়ী জাপান অর্থায়ন করে পাশে থাকবে।”

    এদিকে, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে টার্গেট করে বাংলাদেশের চাহিদা ও জাপানের পলিসি অনুযায়ী সহযোগিতা পরিকল্পনা সংশোধন করছে জাপান। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি তৈরি করা হবে। কোভিডের কারণে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হয়েছিল। নবম পরিকল্পনায় তা পুষিয়ে নেবে সরকার।

    ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন মাসের মধ্যে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ পরিকল্পনা তৈরি করছে।

  • ৪ আরব শীর্ষ কূটনীতিকের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক

    ৪ আরব শীর্ষ কূটনীতিকের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ মে, ২০২৪: ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং গাজায় যুদ্ধ বন্ধের উপায় নিয়ে এক বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং কাতারের প্রধানমন্ত্রী, সৌদি আরব, জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা । একথা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর ।

    ইসরায়েলের গণহত্যার যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগ জাতিসংঘের আদালতে রাফাহতে হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার পর ম্যাঁক্রো এই বৈঠকের আয়োজন করেন।

    তাদের আলোচনায় বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের ‘দ্বিরাষ্ট্র’সমাধান প্রচেষ্টা শুরু এবং গাজায় মানবিক সহায়তার বিষয় তাদের আলোচনায় প্রধান্য পায়।

    এলিসি প্রসাদের বিবৃতিতে বলা হয়, তারা গাজার সব ক্রসিংগুলো খোলা ও চালু করার সব বিষয়ে আলোচনা করেছেন। এতে আরও বলা হয়, ইসরায়েল রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি দান এবং সেই সঙ্গে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্খা পূরণে ৫টি দেশ নিজেদের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে।

    গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ২৩৩তম দিন আজ শনিবার (২৫ মে)। অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার শিকার হয়েছেন ৩৫,৮৫৭ জন, যাদের অধিকাংশ নবজাতক, শিশু ও নারী। আহত হয়েছেন ৮০,২৯৬ জন। আর ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে আরও ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গাজায় দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট।

  • আজ এফডিসিতে নিপুণ কাণ্ডে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের বৈঠক

    আজ এফডিসিতে নিপুণ কাণ্ডে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠনের বৈঠক

    www.HelloBangla.News – বিনোদন – ২২ মে, ২০২৪: গত ২০ মে (সোমবার) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই নয় হাইকোর্ট একই সঙ্গে সমিতির নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তা তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এর আগে গত বুধবার (১৫ মে) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

    এই প্রেক্ষিতে আজ  উত্তাল এফডিসি। নিপুণের কাণ্ডে বৈঠকের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন।

    আজ বুধবার (২২ মে) বিকেলে এফডিসিতে ১৮ সংগঠনের সঙ্গে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে।

    এই বৈঠকে স্টার সিনেপ্লেক্সের অনিয়মসহ নিপুণের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসবে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, এদিন নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসবে!

    মিটিং শুরুর দেড় ঘণ্টা আগে থেকেই এফডিসিতে উত্তেজনা দেখা যাচ্ছে। চলছে নিপুণের বিপক্ষে মিছিল ও বিক্ষোভ। সাধারণ শিল্পীরা স্লোগান দিচ্ছেন এফডিসি চত্বরে। বিক্ষোভে ব্যানার হাতে শিল্পীরা নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    গত ১৯ এপ্রিল অনেকটা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারই ফুলের শুভেচ্ছা জানান।

    কিন্তু এর কয়েক দিন পর উল্টো পথে হাঁটা শুরু করেন নিপুণ। তার দাবি, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এই অভিনেত্রী।

    দেখার বিষয় আজ এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ টি সংগঠন কি নিন্ধান্ত নেয়। তবে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

  • ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষকের বৈঠক

    ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষকের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।

    জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ফিলিস্তিনি জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুন্ঠ সমর্থনের কথা তাকে অবহিত করেন।

    আজ শনিবার (৪ মে) ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রনারয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

    ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওআইসি’র সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

    উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন।

    পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ও ওআইসি’তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, গাম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত নাইজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাসমূহ অণুবিভাগের মহাপরিচালক ওয়াহিদা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ মার্চ, ২০২৪: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে আরও জোরালো সমর্থন চেয়েছেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন আজ রবিবার (৩১ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন।

    বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।”

    প্রধানমন্ত্রী এডিবি ভাইস প্রেসিডেন্টকে বলেন, “তাঁর সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে।”

    শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধারের মতো খাতে এডিবির সহায়তা চেয়েছেন।

    তিনি এডিবির ভাইস প্রেসিডেন্টকে আরও জনকেন্দ্রিক প্রকল্প গ্রহণের আহ্বান জানান- যাতে করে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতে পারে।

    প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ সালে বেসরকারী খাতে বিভিন্ন শাখা খোলার জন্য তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন, যাতে এটিকে এগিয়ে নিয়ে যায় এবং প্রাণবন্ত করে তোলে- যার ফলে কর্মসংস্থান সম্প্রসারিত হয়।

    ফাতিমা ইয়াসমিন বলেন, “বাংলাদেশ এডিবির অন্যতম শীর্ষ অগ্রাধিকারের দেশ এবং ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে এডিবি’র সহায়তা পাঁচ গুণ বেড়ে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।”

    তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, “এডিবি নদী পুনরুদ্ধার, নদী ভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র ও সেচের মতো প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। কারণ এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।”

    এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আইপিইউ সেক্রেটারির সঙ্গে স্পিকারের দ্বিপাক্ষিক বৈঠক

    আইপিইউ সেক্রেটারির সঙ্গে স্পিকারের দ্বিপাক্ষিক বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ মার্চ, ২০২৪: ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বিকেলে ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি উপলক্ষে আইপিইউ সেক্রেটারি জেনারেলের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

    এসময় তাঁরা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পীকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে ধারাবাহিকভাবে চতুর্থবারের মত বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

    মার্টিন চুংগং এসময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং  ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান।

    স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পীকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার ব্যাপারে সম্মতি প্রদান করেন।

    এদিকে শনিবার অপরাহ্নে সম্মেলনের ১ম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এপিএ সংক্রান্ত সভায় আখতারুজ্জামান এমপি ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য প্রদান করেন।

    এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং  আখতারুজ্জামান এমপি উপস্থিত ছিলেন।

  • সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখা হবে: এমডি বিশ্বব্যাংক

    সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখা হবে: এমডি বিশ্বব্যাংক

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: আগারগাঁওয়ের ইআরডি ভবনে সকালে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়।

    বৈঠক শেষে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন,“মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস জানান।”

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না, এ নিয়ে কাজ চলছে, অপেক্ষা করতে হবে, আমাদের ম্যানেজ করতে হবে।

    শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড। তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

    শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠকে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক

    শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (এমএসসি) অংশ নিতে তিনদিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি শনিবার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন।

    পোস্টে তিনি লিখেছেন, আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ প্রজাতন্ত্রের সমর্থনের প্রশংসা করি। প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সাথে সাক্ষাতকালে, শান্তি ফর্মুলার উপর ভিত্তি করে একটি ন্যায্য শান্তির ইউক্রেন ভিশন, বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

    এমএসসি সম্মেলন চলাকালে সাইডলাইনে শনিবার সকালে হোটেল বেয়েরিশার হফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

    বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন। বৈঠকে তারা গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ স্পষ্টভাবে উঠে আসে।”

    জেলেনস্কির সঙ্গে বৈঠক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, “স্বাধীনতার সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই বৈঠকের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা ইউক্রেনের সঙ্গে শুধু যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করেছি।”

    জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূর এলাহী মিনা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে প্রধানমন্ত্রীর ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

  • সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন ।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে তাদের সঙ্গে বসবেন তিনি।

    আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

    গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

    আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।