বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় মামলা

আগুনের ঘটনায় মামলা - জাতীয় - ২ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
আগুনের ঘটনায় মামলা - জাতীয় - ২ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ মার্চ, ২০২৪: রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

গতকাল শুক্রবার (১ মার্চ) রাতে রাজধানীর রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বেইলি রোডের আগুনের ঘটনায় কয়েকজনকে আটক করা করেছে। যাচাই-বাছাই শেষে আগুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

শুক্রবার (১ মার্চ) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে থাকা চায়ের চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাই নামের আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। সর্বশেষ খবর এ ঘটনায় ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। এদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে এবং সর্বশেষ খবর অনুযায়ী ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
পরবর্তী যে কোন হুমকি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক: প্রধানমন্ত্রী