বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

মেডিকেল বোর্ড গঠন - জাতীয় - ২ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
মেডিকেল বোর্ড গঠন - জাতীয় - ২ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১ মার্চ, ২০২৪: গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১১ জন। তাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদের চিকিৎসা খরচ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার (২মার্চ) ১১টার দিকে আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিলেন। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে ১১ জনের মধ্যে থেকে ৬ জন সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ৫ জন থাকবেন, এরা কেউ শঙ্কামুক্ত নন। তাদের কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এদের কেয়ার নেওয়ার কথা, চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এখানকার চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন।”

এদিকে বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি ৩ জনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় আশঙ্কাজনক ৫ জন এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন আরও ২ জন। 

পূর্ববর্তী নিয়ম মানা না হলে প্রতিষ্ঠান কেন বন্ধ করা হয়নি: হেলাল উদ্দিন
পরবর্তী বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় মামলা