Tag: চিকিৎসা

  • শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়: স্বাস্থ্যমন্ত্রী

    শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – স্বাস্থ্য – ২৬ জুন, ২০২৪: শুরুর স্টেজে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আমার খুবই কষ্ট লাগে যখন গ্রাম থেকে মায়েরা আসেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে। তারা এত দেরিতে আসেন তখন তাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না। এজন্য যত দ্রুত সম্ভব ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুর স্টেজে এটা শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা করা যায়।”

    আাজ বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর হাজারীবাগে শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একটা ব্যাপার আমাদের দেশে কমন যা সাধারণ মায়েরা অবহেলা করে। সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আপনাদের কাছে যখন রোগী আসবে তখন আপনারা খেয়াল করবেন ব্রেস্টে কোন লাম্প আছে কিনা। আপনারা যদি সেরকম কোনো রোগী পান তাহলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠাবেন। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ব্রেস্ট স্ক্রিনিং এর সেরা ফ্যাসিলিটি আছে। আপনারা যদি এরকম ১০ জন, ১৫ জন করে রোগী পাঠান আমরা বিনামূল্যে সব রকমের টেস্ট করে তাদের চিকিৎসা করব।”

    স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে আরও উন্নতমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “শেখ পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক, সাংবাদিক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী একজন মহীয়সী নারীর নামে প্রতিষ্ঠিত এ কল্যাণ কেন্দ্রের উন্নয়নে যা যা করা দরকার সবই আমি করব। দেশের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে মা ও শিশু স্বাস্থ্যের উন্নতির কোনো বিকল্প নেই।”

    স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌস আহমেদ।

  • বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

    বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

    www.HelloBangla.News – জাতীয় – ১ মার্চ, ২০২৪: গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১১ জন। তাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদের চিকিৎসা খরচ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

    আজ শনিবার (২মার্চ) ১১টার দিকে আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিলেন। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে ১১ জনের মধ্যে থেকে ৬ জন সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ৫ জন থাকবেন, এরা কেউ শঙ্কামুক্ত নন। তাদের কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।”

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এদের কেয়ার নেওয়ার কথা, চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এখানকার চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন।”

    এদিকে বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি ৩ জনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।

    অগ্নিকাণ্ডের এ ঘটনায় আশঙ্কাজনক ৫ জন এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন আরও ২ জন। 

  • বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে, বলে জানিয়েছেন প্রধামনমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বেশ কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে ক্লিনিক্যাল কেয়ার, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। সার্বজনীন স্বাস্থ্য কর্মসূচি প্রদানে সরকারের সাংবিধানিক ও বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে গ্রামীণ পর্যায়ে প্রায় ১৮ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।”

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগ ‘বায়োব্যাংকিং উইথ বাংলাদেশ: এ জয়েন্ট অ্যাপ্রোচ টু ডিজিজ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে ন্যাশনাল বায়োব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রী বলেন, “নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ডাটা অবকাঠামোসহ বায়োম্যাটেরিয়ালের সংকটের কারণে বৃহত্তর চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে থাকছে। বায়োব্যাংক চিকিৎসা এবং জীবন বিজ্ঞান শাখার অন্যান্য শাখায় উদ্ভাবন এবং আবিষ্কারের প্রচার করবে। এটি রোগ নির্ণয়, প্রতিরোধ এবং ব্যক্তিগত দক্ষতা সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে।”

    তিনি বলেন, “চিকিৎসা খাতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা চালু করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশে প্রতিস্থাপন গবেষণা সক্ষমতা উন্নয়নের জন্য একটি বিশ্বমানের বায়োব্যাংক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    প্রধানমন্ত্রী বলেন, “২ হাজার ৬৫০ শয্যার হাসপাতাল, আটটি অনুষদ, ৬৮টি বিভাগ এবং প্রায় ৫০০ অনুষদ সদস্য নিয়ে বাংলাদেশের শীর্ষ স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সুবিধা রাখার সক্ষমতা রয়েছে। তিনি ব্যক্তি ও সংস্থাকে বাংলাদেশের সঙ্গে একটি সমন্বিত কৌশলগত সহযোগিতা গঠন এবং বাংলাদেশ ও এর বাইরে লাখ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দেওয়ার জন্য স্বাগত জানান।”

    তিনি আরও বলেন, “এই বায়োব্যাংকে অবদান রাখা কেবল আর্থিক পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মানবিক কাজ, এমন একটি বিশ্বের আশার প্রতীক যেখানে প্রত্যেকের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ রয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “এটি জীবন সংরক্ষণ, পরিবারের সুরক্ষা এবং একটি জাতির ক্ষমতায়নের প্রতীক, যা আঞ্চলিকভাবে সামগ্রিক গবেষণা সক্ষমতায় অবদান রাখবে।

    তিনি বলেন, “আসুন আমরা এই বায়োব্যাংককে বাস্তবে রূপ দিতে একসঙ্গে কাজ করি। এটি আমাদের আশার প্রতীক, যা আরও ভাল স্বাস্থ্যকর বিশ্বের দিকে পরিচালিত করবে।”