শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক

শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক - জাতীয় - ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক - জাতীয় - ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে (এমএসসি) অংশ নিতে তিনদিনের সরকারি সফরে জার্মানির মিউনিখে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি শনিবার তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ প্রজাতন্ত্রের সমর্থনের প্রশংসা করি। প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সাথে সাক্ষাতকালে, শান্তি ফর্মুলার উপর ভিত্তি করে একটি ন্যায্য শান্তির ইউক্রেন ভিশন, বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

এমএসসি সম্মেলন চলাকালে সাইডলাইনে শনিবার সকালে হোটেল বেয়েরিশার হফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন। বৈঠকে তারা গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ও জেলেনস্কির মধ্যে আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ স্পষ্টভাবে উঠে আসে।”

জেলেনস্কির সঙ্গে বৈঠক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, “স্বাধীনতার সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই বৈঠকের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধের পর বাংলাদেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা ইউক্রেনের সঙ্গে শুধু যুদ্ধ বন্ধের জন্য আলোচনা করেছি।”

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূর এলাহী মিনা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে প্রধানমন্ত্রীর ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

পূর্ববর্তী নেতিবাচক রাজনীতির মাধ্যমে বিএনপি ভুল করেছে: সেতুমন্ত্রী
পরবর্তী শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত