নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে এটাই অংশগ্রহণমূলক নির্বাচন: সেতুমন্ত্রী

নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে সেতুমন্ত্রী - জাতীয় - ২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে সেতুমন্ত্রী - জাতীয় - ২ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ জানুয়ারি, ২০২৪: নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে এটাই অংশগ্রহণমূলক নির্বাচন, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে। এটাই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথেষ্ট বলে মনে করি। আশা করি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদিও অশান্তির উপাদান আছে। ইতোমধ্যে অগ্নিসন্ত্রাস, বাস-ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, যাতে জনগণ আতঙ্কগ্রস্ত হয়, তারা যেন ভোট দিতে না যায়, এজন্য সন্ত্রাসী কার্যক্রম বিএনপি চালিয়ে যাচ্ছে।”

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি এখন লিফলেট বিতরণের নামে কিছুটা নীরবতা দেখাচ্ছে। তবে হঠাৎ করেই তারা সশস্ত্র হয়ে মাঠে নেমে পড়বে। তাদেরকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হঠাৎ করে তারা গুপ্ত হামলা, ভয়ংকরভাবে ঝুঁকে পড়তে পারে। শুনেছি এজন্য তারা প্রস্তুতি নিচ্ছে।”

সেতুমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে ৭ জানুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশে প্রচারণা চলছে। জনসভাগুলোতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে নির্বাচনকে সামনে রেখে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এতেই স্পষ্ট ৭ জানুয়ারি নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। ৫ বছর পর ৭ জানুয়ারি যে নির্বাচন হবে। যতো বাধাই আসুক, লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে ভয় দেখানো হোক, কোনোভাবেই নির্বাচন বানচাল করা যাবে না।”

ড. ইউনূসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আদালতের রায়েই তিনি দন্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?”

পূর্ববর্তী ২০২৩ সালের ডিসেম্বরে প্রবাসী আয় এলো প্রায় ১৯৯ কোটি ডলার
পরবর্তী সংসদ নির্বাচনের দিন গণপরিবহন চলবে