জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম

জবির প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম - জাতীয় - ৩০ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
জবির প্রথম নারী উপাচার্য ড. সাদেকা হালিম - জাতীয় - ৩০ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৩০ নভেম্বর, ২০২৩: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদেকা হালিমক। তিনি প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হলেন। সাদেকা হালিম উক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী যিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অথবা অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ’

ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১১ নভেম্বর মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক সাদেকা হালিম।

সাদেকা হালিম উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন সাদেকা হালিম। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন। তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি।

এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী সিলেট টেস্টে শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ২০৫ রান
পরবর্তী নির্বাচনের সময় ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি: আইজিপি