শুক্রবার মানবিক ত্রাণবাহী প্রথম ২০টি ট্রাক গাজায় আসছে

শুক্রবার ত্রাণবাহী ২০টি ট্রাক গাজায় আসছে - আন্তর্জাতিক - ১৯ অক্টোবর ২০২৩
শুক্রবার ত্রাণবাহী ২০টি ট্রাক গাজায় আসছে - আন্তর্জাতিক - ১৯ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ অক্টোবর, ২০২৩: মানবিক ত্রাণবাহী প্রথম ২০টি ট্রাককে গাজায় প্রবেশের সুযোগ দেয়ার জন্যে রাফাহ ক্রসিং খুলে দিতে সম্মত হয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।বিষয়টি তখন ঘটল যখন ইসরাইল সফর শেষে ফেরার পথে জো বাইডেন এয়ার ফোর্স ওয়ান থেকে আল সিসির সঙ্গে কথা বলেন।বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, তিনি সম্মত হয়েছেন। শুরুতে ২০ ট্রাক পর্যন্ত গাজায় ঢুকতে দিতে তিনি রাজি হয়েছেন।তবে সড়ক মেরামত করার পর শুক্রবার এসব ট্রাক গাজায় ঢুকতে পারবে।

তিনি আরো বলেন, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসকে ত্রাণ বিতরণের অনুমতি দেয়া হবে না। তাই এই ২০ ট্রাক ত্রাণ দিয়ে পরীক্ষামূলক বিতরণ চালানো হবে। এদিকে জাতিসংঘ গাজা সীমান্তে ত্রাণ বিতরণে প্রস্তুত বলে জানা গেছে।

বাইডেন বলেন, ত্রাণ পাঠানোর প্রথম কিস্তি হিসেবে এই ২০ ট্রাক পাঠানো হচ্ছে। মোট দেড়শো কিংবা আরো কিছু ত্রাণবাহী ট্রাক অপেক্ষমান। তবে এই ২০ ট্রাক ত্রাণের পরিস্থিতি দেখে পরবর্তী ট্রাক গুলো পাঠানোর অনুমোদন দেয়া হবে।

জর্ডানে চতুর্থ পক্ষীয় বৈঠকে সিসির সাথে বাইডেনের বৈঠকের কথা ছিল। কিন্তু গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার প্রেক্ষিতে বৈঠকটি বাতিল করা হয়। এ প্রেক্ষিতে বাইডেন বিমান থেকে তার সাথে প্রায় আধা ঘন্টা কথা বলেন।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বলছে, গাজায় এখন যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, তাতে করে এ ২০ ট্রাক ত্রাণসহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। কারণ, গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য এখন প্রতিদিন অন্তত ১০০ ট্রাক ত্রাণসহায়তার প্রয়োজন।

পূর্ববর্তী রান্না : মানকচুতে ইলিশের ঝোল
পরবর্তী শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিল্পকলায় দিনব্যাপী অনুষ্ঠানমালা