যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মধ্যস্থতা করতে সেতুমন্ত্রী - জাতীয় - ০৯ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল মধ্যস্থতা করতে সেতুমন্ত্রী - জাতীয় - ০৯ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ০৯ অক্টোবর, ২০২৩: নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলকে জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে প্রায় তিন ঘণ্টা রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুর ১২টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি। তাদের সঙ্গে কথা বলে সেটাই মনে হয়েছে।

তিনি বলেন, তাদেরকে আমরা বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা বাতিল বিষয়কে সামনে এনে ও সংসদ বিলুপ্ত করার দাবি করে বিএনপি সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা এগুলো তাদের বলেছি ৷ সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না ৷ মার্কিন প্রতিনিধি দল সমঝেতা ও সহাবস্থানের সুযোগ আছে কি না জানতে চেয়েছেন। অমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত্বাবধাযক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। এসব করা সম্ভব নয়।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব দিয়েছি। আইনের ভুল ব্যাখ্যা বিএনপি দিয়েছে। মার্কিন প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোনো কথা বলেননি। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দেখতে চান। কোনো সহিংসতার আশঙ্কা আছে কি না জানতে চেয়েছেন।  আমরাও বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, পদক্ষেপ নিচ্ছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে। তারা এখানে মধ্যস্থতা করতে এসেছেন বলে তাদের কথায় মনে হয়নি।

প্রতিনিধি দলে আরও ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মো. এ আরাফাত।

 

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের এ প্রতিনিধি দলটি আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে।  দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে।

আগামী ১০ অক্টোবর দলটি বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।

পূর্ববর্তী গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা ইসরায়েলের
পরবর্তী অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন