www.HelloBangla.News – বিনোদন – ২৬ সেপ্টেম্বর, ২০২৩ : শাহরুখ ও সালমান খান জুটি সিনেমা ‘টাইগার-৩’ বক্স অফিসে ব্যবসা সফল হবে এমনটাই আশা করছেন সিনেমা অনুরাগীদের। বলিউডের এই দুই তারকার সমর্থক আছে সারা বিশ্বজুড়ে। তাই অতি আগ্রহর সঙ্গে অপেক্ষায় আছে ‘টাইগার কা মেসেজ’ সিনেমা প্রেমীরা। জানা গেছে আগামী ২৭ সেপ্টেম্বর নাকি মুক্তি পেতে চলেছে টাইগার সিরিজের এই ছবিটি। যেখানে সালমানের সঙ্গে পাওয়া যাবে শাহরুখ খানকে। আর এটা হতে পারে দর্শকদের প্রধান আগ্রহের কারণ।
বছরের শুরুতে ‘পাঠান’-এর মাধ্যমে বক্স অফিস ব্যবসায় সাফল্যের মুখ দেখেছে যশরাজ ফিল্মস। শাহরুখ খানের ছবির সাফল্যে ‘স্পাই ইউনিভার্স’ তথা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’কে আরও প্রসারিত করার উৎসাহ পেয়েছে ওয়াইআরএফ। ‘পাঠান’-এর পর যশরাজের ঝুলিতে রয়েছে ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির পরের ছবি। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা সালমান খানের ‘টাইগার ৩’-এর। ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নেওয়া ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। এর আগের দুই ছবি ভালই ব্যবসা করেছে বক্স অফিসে। তার উপরে ‘পাঠান’-এর পরে ‘টাইগার ৩’ ছবিতেও নাকি ফের ঝলক দেখা যাবে শাহরুখ-সালমান জুটির। স্বাভাবিক ভাবেই, ছবি নিয়ে উৎসাহ কম নয় অনুরাগীদের। সেই অত্যুৎসাহের জেরেই সমাজমাধ্যমের পাতায় ‘ফাঁস’ হয়ে গেল ‘টাইগার ৩’ ছবির দৃশ্য। তাই কিছুটা অস্বস্তিতে পড়লেন ছবির নির্মাতারা।
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, জেল ভেঙে দৌড় দিয়েছেন সালমান। আগেই জানা গিয়েছিল, ‘টাইগার ৩’ ছবিতে নাকি থাকছে জেলব্রেকের একটি দৃশ্য। সেই দৃশ্যেই একসঙ্গে দেখা যাওয়ার কথা শাহরুখ-সালমান তথা পাঠান-টাইগার জুটিকে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ভিডিয়ো কি তবে‘টাইগার ৩’ ছবিরই দৃশ্য? নেটাগরিকদের একাংশের পর্যবেক্ষণ, ভিডিয়োয় ওয়াইআরএফের যে লোগো রয়েছে, তা সংস্থার পুরনো লোগো। ৫০ বছরের পূর্তিতে যে নতুন লোগো প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা, ‘টাইগার ৩’ ছবিতে সেই লোগোই থাকার কথা। এই যুক্তিতেই অনেকে দাবি করেছেন, সালমানের দৌড়ের ওই দৃশ্য নাকি আদপে ‘টাইগার ৩’ ছবির নয়।
এ দিকে সেপ্টেম্বর গো়ড়ার দিকে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’ ছবির প্রথম পোস্টার। পোস্টারে সালমান ও ক্যাটরিনা কইফের লুক দেখে ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর প্রিভিউয়ের আদলে আগামী ২৭ সেপ্টেম্বর নাকি মুক্তি পেতে চলেছে ‘টাইগার কা মেসেজ’। ওই ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দেবেন খোদ ভাইজান। ছবির প্রথম ঝলক মুক্তির আগে ওই ভিডিয়োর মাধ্যমেই নাকি ছবির প্রচার শুরু করতে চলেছে ওয়াইআরএফ। আশা করা যাচ্ছে, দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।










