www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: ব্রাজিলের একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির আমাজন রাজ্যে পর্যটন শহর বার্সেলোসে এ ঘটনা ঘটে। বৈরি আবহাওয়ায় অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে।
বিবিসি জানিয়েছে, ছোট প্রপেলার প্লেনটি দুজন ক্রু ও ১২ যাত্রী নিয়ে ভ্রমণ শুরু করেছিল। আমাজনাস রাজ্যের রাজধানী মানাউস ও পর্যটন শহর বার্সেলোসে মাঝামাঝি এলে প্লেনটি বৈরি আবহাওয়ার শিকার হয়। পাইলট এ অবস্থায় আকাশযানটিকে অবতরণের চেষ্টা করছিলেন। এ সময় ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় প্লেনটি। পরক্ষণেই বিধ্বস্ত হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্লেনটিতে থাকা সবাই ব্রাজিলের নাগরিক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
বার্সেলোস মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ শনাক্তকরণের জন্য মানাউসে নিয়ে যাওয়া হবে।
আমাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিবিসিকে বলেছেন, প্রবল বৃষ্টি ও কম দৃশ্যমানতার কারণেই প্লেনটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিক ধারণা করছেন তারা। কারণ, প্লেনটি বার্সেলোসে নামার সময় রানওয়ে থেকে বেরিয়ে গিয়ে বিধ্বস্ত হয়।
জনা গেছে, বিধ্বস্ত হওয়া প্লেনটি ছিল একটি ইএমবি-১১০ প্রপেলার। টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ ক্রাফটটি তৈরি করেছে ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ার।
আমাজোনাসের গভর্নর উইলসন লিমা দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম নিয়ে একটি পোস্ট দেন। তিনি লেখেন- আমাদের জরুরি সেবা দেওয়া দলগুলো ঘটনার পরপরই সহায়তা প্রদানের জন্য এগিয়ে যায়। তিনি প্লেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনাও জানান।










