প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন - জাতীয় - ২৫ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী আগামীকাল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন - জাতীয় - ২৫ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৫ আগস্ট, ২০২৩ : গত ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ফলপ্রসু এই সম্মেলনে যোগদানের পর ঢাকার উদ্দেশ্যে আগামীকাল জোহানেসবার্গ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আগামীকাল দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছেন প্রধানমন্ত্রী।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।
কোভিড-১৯ মহামারী এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন যা সশরীরে আয়োজিত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেন।
পররাষ্ট্র মন্ত্রী মোমেন বলেন, বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
সূত্র : বাসস

পূর্ববর্তী আমেরিকায় দেখা হয়ে গেল দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের
পরবর্তী প্রধানমন্ত্রী নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রবাসীদের কাছে