প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারালো পাকিস্তান

আফগানিস্তানকে হারালো পাকিস্তান - খেলাধুলা - ২৩ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
আফগানিস্তানকে হারালো পাকিস্তান - খেলাধুলা - ২৩ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ আগস্ট, ২০২৩ : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান ১৪২ রানে জয় পেয়েছে।প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ২০১ রানে অরআউট হয়ে যায়।জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেয়ে আফগানিস্তান মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানি বোলারদের তোপের মুখে হুড়মুড় করে ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ।
সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার হাম্বানটোটায় আগে ব্যাট করে ৪৭.১ ওভারে মাত্র ২০১ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তানি দল। জবাবে ১৯.২ ওভারে ৫৯ রানে অলআউট হয় আফগানরা।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। টানা দুই বলে উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তৃতীয় ওভারের চতুর্থ বলে তার বলে আগা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার ইব্রাহীম জাদরান। ৬ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের বলে একই ফিল্ডারের জাতে ক্যাচ তুলে দেন তিনে নামা রহমত শাহ।
পরের ওভারে আঘাত হানেন আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহ। এই ডানহাতি পেসারের বলে ক্যাচ তুলে দেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি। ৩ বলের মোকাবিলায় হাশমতুল্লাহও রানের খাতা খুলতে ব্যর্থ হন। দলীয় ৪ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর একে ড্রেসিংরুমে ফেরেন একের পর এক ব্যাটার।
তবে দীর্ঘ সময় একপ্রান্তে অনড় অবস্থানে ছিলেন আফগান ওপেনার ও উইকেটকিপার রহমনুল্লাহ গুরবাজ। দলকে ৩৫ রানে রেখে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে তিনি ৪৭ বলের মোকাবিলায় ১৮ রান করতে পারেন।উইকেট পতনের মিছিলে একে একে যুক্ত হন আফগান ব্যাটাররা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। ৩ বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও তাকে মাঠ ছাড়তে হয় রিটায়ার্ড হার্ট হয়ে।
বল হাতে পাকিস্তানের হারিস রৌফ ৬.২ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। ২ উইকেট শাহিন আফ্রিদির। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন নাসিম ও শাদাব খান।
এর আগে ইমাম-উল-হকের ফিফটি এবং ইফতিখার আহমেদ ও শাদাব খানের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে দুইশ ছাড়ায় পাকিস্তান। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ইমাম। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯৪ বলে ৬১ রান করেন তিনি। ইফতিখার ৩০ ও শাদাবের ব্যাট থেকে আসে ৩৯ রান। বাকিদের মধ্যে বলার মতো রান পেয়েছেন কেবল মোহাম্মদ রিজওয়ান (২১)।
ম্যাচসেরা হয়েছেন হারিস রৌফ। আগামিকাল ২৪ আগস্ট দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার এই দুই দেশ।

পূর্ববর্তী বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী
পরবর্তী ভ্যাট আদায় বাড়াতে ইএফডিএমএস চালু করেছে এনবিআর