বৈশ্বিক গড় উষ্ণতা রেকর্ড ভেঙে দেড় ডিগ্রি বাড়তে পারে
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, বৈশ্বিক গড় উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তার আগের রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা।
বিশ্ব আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে উষ্ণতা বৃদ্ধির বিষয়টি পরিলক্ষিত হবে। ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন শঙ্কা দেখা দিয়েছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। খবর: বিবিসি’র।
অন্যদিকে বিবিসি জানায়, গবেষকরা বলছেন, ৬৬ ভাগ সম্ভাবনা রয়েছে যে ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সীমায় পৌঁছানোর অর্থ হলো, ১৯ শতকের দ্বিতীয়ার্ধের পর বিশ্ব ১ দশমিক ৫ সেলসিয়াস বেশি উষ্ণ।
তবে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির যে সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সীমা লঙ্ঘন করবে না এটি।
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘকালীন আবহাওয়া পূর্বাভাসের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, ২০২৭ সালের মধ্যে তাপমাত্রা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৬৬ শতাংশ। ইতিহাসে এবারই প্রথম আমরা উষ্ণতা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির এত কাছাকাছি রয়েছি।
গত বছর বলা হয়েছিল, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির এ আশঙ্কা ৫০-৫০। উষ্ণতা বৃদ্ধির আংশিক কারণ হলো এল নিনো ওয়েদার প্যাটার্ন। আগামী কয়েক মাসে এ প্যাটার্ন তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।










