রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা আছে: সমবায় মন্ত্রী

Holiday Market to open Minister of Cooperatives - National - 30 June 2024
Holiday Market to open Minister of Cooperatives - National - 30 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুন, ২০২৪: রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা আছে, বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “রাজধানীতে আরও হলিডে মার্কেট চালুর পরিকল্পনা আছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বঙ্গবন্ধু হকার্স মার্কেট, গুলিস্থান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেট, শেরে বাংলা হকার্স মার্কেট, সদরঘাট হকার্স মার্কেট ইত্যাদি মার্কেটে হকারদের দোকান বরাদ্দের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এছাড়াও ২৩নং ওয়ার্ডের বেড়িবাঁধ সেকশন হতে হোসেন উদ্দিন খান ১ম লেন পর্যন্ত সাপ্তাহিক বাজারে হকাররা নির্বিঘ্নে ব্যবসা করছেন।”

আজ রবিবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করা প্রশ্নের জবাবে সমবায় মন্ত্রী এ কথা বলেন।

রাজধানী ঢাকার ফুটপাতগুলোর যত্রতত্র বাজার/দোকান বন্ধ করে একটি হলিডে মার্কেটের স্থান নির্ধারণ করে হকারদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না মন্ত্রীর কাছে জানতে চান বাহাউদ্দিন নাছিম।

সমাবয় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ইতোমধ্যে ৫টি স্থানে হলিডে মার্কেট চালু করা হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, গুলিস্তান জিপিও সংলগ্ন বায়তুল মোকাররম লিংক রোড, সেগুনবাগিচা বিভাগীয় অফিস সংলগ্ন কার্পেট গলি, মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের সামনে ও গুলিস্তান নবাবপুর রোডে হলিডে মার্কেট চালু করা হয়েছে।”

সমবায় মন্ত্রী বলেন, “ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নিম্ন আয়ের মানুষ, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিয়ন্ত্রিত স্ট্রিট ভেন্ডর পদ্ধতি প্রচলন করা হয়েছে। শহরের যে সমস্ত সড়কে ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকে সে সমস্ত সড়কে নিয়ন্ত্রিত স্ট্রিট ভেন্ডর পদ্ধতিতে হলিডে মার্কেট চালু করা হয়েছে। পথচারীদের চলাচলের জন্য রাজধানীর ফুটপাত সর্বদা উন্মুক্ত থাকে কিন্তু কিছু দখলদার বেআইনিভাবে মাঝে মাঝে ফুটপাত দখল করে নিজ নিজ ব্যবসা পরিচালনা করেন। জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় অবৈধ দখল/ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করা হচ্ছে।”

পূর্ববর্তী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই বাজেট দিয়েছি: প্রধানমন্ত্রী
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত