ব্রিকস জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে: দীপু মনি

Bangladesh to usher in new era in BRICS Dipu Moni - National - 12 June 2024
Bangladesh to usher in new era in BRICS Dipu Moni - National - 12 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ১২ জুন, ২০২৪: ব্রিকসে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে, বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “ব্রিকস দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে এবং ব্রিকসের জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে।

রাশিয়ার নিজনি নভগোরোডে ১০-১১ জুন ব্রিকসের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের দ্বিতীয় দিনে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ সভাপতিত্ব করেন। এতে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যোগ দেয়। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদও প্রতিনিধিদলে অংশ ছিলেন।

আজ বুধবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ গত দেড় দশকে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। প্রধানত কৃষিভিত্তিক দেশ থেকে বাংলাদেশ কীভাবে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হিসেবে রূপান্তরিত হয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন, কীভাবে জলবায়ু পরিবর্তন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ দেশের প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে।

বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি আমন্ত্রিত দেশ এবং ১০টি ব্রিকস সদস্য দেশ দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেয়। ব্রিকস একটি নতুন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থার সূচনা করবে এবং সংস্থার সম্প্রসারণে আরও গতি পাবে এই আশা নিয়ে বৈঠকটি শেষ হয়।

ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ১ জুন বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর হজে যাওয়ার তারিখ আগে চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে মস্কোতে সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পাঠানো হয়।

অনেক দিন ধরে ব্রিকসে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ব্রিকসের দক্ষিণ আফ্রিকা সম্মেলনে বাংলাদেশ জোটটিতে যুক্ত হচ্ছে এমন খবর চাউর হয়। তবে শেষ অবধি ব্রিকসে যুক্ত হওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ।

জানা গেছে, আপাতত নতুন সদস্য নিতে রাজি নয় ব্রিকস। তবে অংশীদার রাষ্ট্র যুক্ত করতে চায় ব্রিকস। যার ফলে ব্রিকসে বাংলাদেশের যুক্ত হতে আরও অপেক্ষা বেড়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—প্রাথমিকভাবে এই পাঁচ দেশ ব্রিকস গঠন করেছিল।

পূর্ববর্তী ভারতের জম্মু ও কাশ্মিরের সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা
পরবর্তী বার্ডস আই এর ঈদের শার্ট