আজই সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

আজই সিরিজ জয়ের লক্ষ্য টাইগারদের

টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পারফরম্যান্স এই ম্যাচেও ধরে রাখতে চায় টাইগাররা।  অন্তত প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে এমনটাই বলা যায়।  এদিকে, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে সফরে প্রথম জয়ের পাশাপাশি সিরিজ বাঁচানোয় চোখ আইরিশদের।  বাংলাদেশের ক্রিকেটের দারুণ এই পরিবর্তনে ইংল্যান্ডের বিপক্ষে ছোট ফরম্যাটে সিরিজ জয়ের পর এবার সামনে আছে আয়ারল্যান্ড।

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বুধবার দুপুর ২টায়।  ২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি।

টাইগারদের ক্রিকেটিং মানসিকতা পরিবর্তনের লক্ষ্য নিয়েই দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার প্রথম মিশনে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ।

আগের ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড। শুরুটা দুর্দান্ত করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদদের তোপে সেই ধারা ধরে রাখতে পারেনি সফরকারীরা। অনায়াসেই জয় পায় টাইগাররা।

দ্বিতীয় টি-টুয়েন্টির আগে দুই দলই বিশ্রামে কাটিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টিতেও ভালো শুরু করা বাংলাদেশ দল অনেকটা নির্ভার। তবে চাপে আছে আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে অধিনায়ক বদলেও সাফল্য পাচ্ছে না দলটি।

 

পূর্ববর্তী সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩
পরবর্তী অস্ত্রের বিরুদ্ধে নামতে হবেঃ বাইডেন