Tag: পদত্যাগ

  • বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ

    বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ আগস্ট, ২০২৪: পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা । এ চারজন কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

    আজ সোমবার (১২ আগস্ট) দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন।

    এর আগে দুপুর একটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী। এদিন দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটাম দেন তিনি।

    মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের দোসরা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

  • ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন ৪ প্রসিকিউটর

    ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন ৪ প্রসিকিউটর

    www.HelloBangla.News – জাতীয় – ১২ আগস্ট, ২০২৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন চারজন প্রসিকিউটর।

    চারজন প্রসিকিউটর হলেন- শাহিদুর রহমান, আবুল কালাম আজাদ, রেজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহম্মেদ।

    আজ সোমবার (১২ আগস্ট) প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

  • ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর পদত্যাগ

    ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর পদত্যাগ

    www.HelloBangla.News – জাতীয় – ১১ আগস্ট, ২০২৪: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ।
    আজ রবিবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। যদিও এক বছরের বেশি সময় ধরে তিনি দেশে নেই।
    পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। পত্রে তিনি লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।
    তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।
    প্রসঙ্গত, অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৬৭ সালে সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন প্রথম বিভাগে। তিনি ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং বোর্ডের মেধা তালিকায় প্রথম হন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইতিহাস বিভাগ থেকে বি.এ (অনার্স) এবং ১৯৮৩ সালে এম.এ. ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
    অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রভাষক হিসেবে তার শিক্ষক জীবন শুরু করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এ নির্বাচিত হয়েছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

  • পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

    পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

    www.HelloBangla.News – জাতীয় – ১০ আগস্ট, ২০২৪: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেছেন।
    আজ শনিবার (১০ আগস্ট) বেলা ৩টার দিকে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
    আইন উপদেষ্টা বলেন, প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ পত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।
    পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরবর্তী প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, আইন উপদেষ্টা হিসেবে এটা আমার স্বাক্ষরের মাধ্যমে প্রধান উপদেষ্টার অফিসে যাবে। উনি এখন রংপুরে আছেন। উনি সম্ভবত প্লেনে আছেন। উনি নেমে আসার পর ওনার সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপর উনি এটা গ্রহণ করলে কার্যকর হয়ে যাবে। আমরা আশা করছি এটা আজকের মধ্যেই হবে। এরপর নতুন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
    নতুন প্রধান বিচারপতি কে হচ্ছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। সবার বিবেচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব সবচেয়ে যোগ্য, নিরপেক্ষ, সৎ একজন যেন নিয়োগ পান।
    আপিল বিভাগের আরো কয়েকজন বিচারপতির পদত্যাগ নিয়ে উপদেষ্টা বলেন, আপিল বিভাগের অন্যান্য যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে পদত্যাগের দাবি আছে বলে আমি শুনেছি। আমি শুনেছি, টেলিভিশন দেখেছি যে অন্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রণালয়ে আসেনি। আমরা অপেক্ষা করছি।
    এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  • কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের ‘পদত্যাগ’

    কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের ‘পদত্যাগ’

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। জানা গেছে হাতে লিখে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি নিজ দপ্তর ছেড়েছেন।

    সাইদুর রহমানের পদত্যাগপত্রে লেখা আছে, “আমি কাজী সাইদুর রহমান, ডিজি-১ নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে অদ্য পদত্যাগ করলাম।”

    আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে এই বিক্ষোভ শুরু হয়।

    সাইদুর রহমানের প্রতি বিক্ষোভকারীরা আক্রমণাত্মক ছিল কিন্তু তিনি নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন।

    জানা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে ‘পদত্যাগ’ করেছেন এবং এদের মধ্যে যারা কার্যালয়ে ছিলেন তারা এরইমধ্যে বেরিয়ে গেছেন। গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে যাননি।

    শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য দায়ী।

  • অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন

    অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন পদত্যাগ করেছেন । বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবরে তিনি  এ পদত্যাগপত্র দেন।

    গত ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন। পরবর্তীতে একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। মৌলভীবাজারের সন্তান এ এম আমিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন।

    গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরের দিন গতকাল ৬ আগস্ট পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

  • কয়েকজন বিচারপতির পদত্যাগের অনুরোধ করেছেন ব্যারিস্টার খোকন

    কয়েকজন বিচারপতির পদত্যাগের অনুরোধ করেছেন ব্যারিস্টার খোকন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: কয়েকজন বিচারপতির বিরুদ্ধে শপথ ভঙ্গ করার অভিযোগ এনে এক সপ্তাহের মধ্যে পদত্যাগের অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ।

    আজ মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলন থেকে এ অনুরোধ করা হয়।

    সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিএনপি সমর্থক তিনজনের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন।

    ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গাতে অনেক বিচারপতি যারা শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতি উৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। মোফাজ্জল হোসেন চৌধুরীর অনেক সম্পদ গোপন ছিল। তাকে খালাস দিয়ে দিয়েছেন। পাশাপাশি একই কোর্ট ইকবাল হোসেন টুকু-আমান উল্লাহকে সাজা দিয়ে দিয়েছেন। যারা এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছেন, শপথ ভঙ্গ করেছেন। আমি দাবি জানাচ্ছি আপনারা বিচার করার অনুপযুক্ত। যারা এসব করেছেন আমি অনুরোধ করবো এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি।”

    তিনি বলেন, “তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। আপনারা আওয়ামী লীগ হয়ে রাজনৈতিক নেতাদের বিচার করবেন, তা হবে না। যারা করেছেন তারা দয়া করে পদত্যাগ করুন।”

    তবে তিনি কোন বিচারপতির নাম বলেননি।

    জরুরি অবস্থার বিষয়ে ব্যারিস্টার খোকন বলেন, “ছাত্র সমাজসহ কেউ জরুরি অবস্থা চায় না। মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের মতো সরকার চাই না।”

    রাজনৈতিক বন্দিদের বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, “অনেকে জেলে আছেন। তাদেরকে জামিনের কথা বলেছেন রাষ্ট্রপতি। শুধু জামিন না, তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ অনুসারে সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা আজকের মধ্যে প্রত্যাহার করতে হবে।”