Tag: কোটা আন্দোলন

  • কোটা আন্দোলনে আহতদের তিন জনের মৃত্যু

    কোটা আন্দোলনে আহতদের তিন জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুলাই, ২০২৪: কোটা বিরোধী আন্দোলন চলাকালে আহত তিনজনের মৃত্যু হয়েছে । গতকাল মঙ্গলবার ২৩ শে জুলাই বিভিন্ন হাসপাতালে মরা গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র বড়ুয়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অজ্ঞাত ২২ বছর বয়সী তরুণ। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন শুভ শীল (২৪)। গত শনিবার  ২০ জুলাই সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন।

    এ ছাড়া, গত রবিবার ২১ জুলাই মারা যাওয়া একজনের তথ্য আজ নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার নাম ফারুক (২৪)। সাভারে শনিবারের সংঘর্ষে তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন।

    এছাড়া গত ৮ দিনে নিহত অন্তত ১৯৯  এবং আহত কয়েক হাজার। বিভিন্ন হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

    নিহতদের মধ্যে ১৬ জুলাই ৬জন, ১৭ জুলাই একজন, ১৮ জুলাই ৪১জন, ১৯ জুলাই ৮৪ জন, ২০ জুলাই ৩৮ জন, ২১ জুলাই ২১ জন, ২২ জুলাই ৫ এবং ২৩ জুলাই তিনজন মারা যান।

  • কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে: সেতুমন্ত্রী

    কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৪: কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “কোটা আন্দোলনের পেছনে একটি মতলবি মহল আছে। অতীতেও সড়ক আন্দোলন, কোটা আন্দোলনের ওপর ভর করে আন্দোলনের ফসল ঘরে তুলতে চেয়েছিল বিএনপি। অগ্নিসন্ত্রাস করেছিল। কিন্তু সে আন্দোলনে তারা সাড়া পায়নি। জনগণের শক্ত অবস্থানের কাছে তারা পরাজিত হয়।”

    আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

    সেতুমন্ত্রী বলেন, “আন্দোলনকারীদের একটি অংশ রাজাকারদের পক্ষে কথা বলছে। এটি স্পষ্ট, এর পেছনে রয়েছে বিএনপি-জামায়াত।”

    তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে যে আন্দোলন, তা প্রতিহত করা হবে। ধৈর্য ধারণ করা মানে নীরবতা নয়, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আজ যে কোটা সংস্কার আন্দোলন চলছে, এ আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটি অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করছে বিএনপি। অপশক্তিকে এর পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কোটা নিয়ে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, সেটিকে বিকৃত করে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার অপ্রয়াস চালানো হচ্ছে।  প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্যে করে রাজাকার শব্দ ব্যবহার করেননি।”

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াতের ক্যাডাররা জোর করে ছাত্রদের আন্দোলনে নামতে চাপ দিচ্ছে। বিনা উসকানিতে ছাত্রলীগসহ সাধারণ ছাত্রদের ওপর গতকাল হামলা চালিয়েছে। ছাত্রলীগের অন্তত পাঁচশ নেতাকর্মী আহত। দুজন নেতা গুলিবিদ্ধ। ছাত্রলীগের বিভিন্ন নেতার ভুয়া ছবি ব্যবহার করে বিভিন্ন পেজে অপপ্রচার চালানো হচ্ছে। কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিষয়। আদালত ছাড়া কোনো উপায় বা বল প্রয়োগ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।”

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলারের বিবৃতির নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য দেশের গণতন্ত্র নিয়ে কথা বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, “যে আন্দোলন স্বাধীনতাকে টার্গেট করে, সে আন্দোলন মোকাবিলা করবে আওয়ামী লীগ। আন্দোলনের নামে কোনো প্রকার জনদুর্ভোগ সরকার মেনে নেবে না। মুক্তিযুদ্ধের চেতনার কোনো প্রকার অবমাননা সহ্য করা হবে না। প্রশাসনের ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়। সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।”

  • কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে: পররাষ্ট্রমন্ত্রী

    কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুলাই, ২০২৪: কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “দেখুন গতকাল রাতে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, রাষ্ট্রবিরোধী স্লোগান। মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। একইসঙ্গে সেখানে সরকারবিরোধী, প্রধানমন্ত্রীবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে।”

    আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াতসহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে। তাদের পরিকল্পিত কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা যেটি বলেছিলাম সেটি তারা গতকাল স্পষ্ট করেছে। এটি আসলে কালকের স্লোগান এবং কালকের যে সমস্ত ঔদ্ধত্বপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটাবিরোধী আন্দোলন নয়। এটি রাষ্ট্রবিরোধী, সরকারবিরোধী আন্দোলনে রুপ দেয়ার চেষ্টা করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কিছু নেতা এবং বাইরে থেকে বিএনপি-জামায়াতসহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে।”

    তিনি বলেন, “সরকার স্পষ্ট করে বলেছে আদালতে বিচারাধীন কোন বিষয়ে সরকার সিদ্ধান্ত দিতে পারে না। আদালতে এটি নিষ্পত্তি হওয়ার পর আদালত যেভাবে নিষ্পত্তি করবে সরকারকে সেভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, এটি স্পষ্ট। যারা সংবিধান জানে, দেশের আইন জানে, আপনারা সবাই জানেন- এটি স্পষ্ট। এরপরও এ ধরনের স্লোগান দেওয়া এবং আন্দোলন করা এবং কালকের স্লোগান, কালকের বক্তব্য একেবারে দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে এটির মধ্যে রাজনীতি ঢুকেছে। রাজনীতিকদের রাজনৈতিক অপশক্তির পরিকল্পনামাফিক কিছু ব্যক্তিবিশেষ এখানে যে নেতৃত্ব দিচ্ছে, ইন্ধন দিচ্ছে সেটি গতকাল স্পষ্ট হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দেবো না। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। আমরা কোন রাজনৈতিক অপশক্তিকে কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দেবো না।”

  • আদালতের নির্দেশনার প্রেক্ষিতে কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই: ডিএমপি

    আদালতের নির্দেশনার প্রেক্ষিতে কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই: ডিএমপি

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জুলাই, ২০২৪: আদালতের নির্দেশনার প্রেক্ষিতে কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই, বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) ড. খ: মহিদ উদ্দিন। তিনি বলেন, “কোটা নিয়ে বুধবার(১০ জুলাই) আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সে প্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনো অবকাশ নেই। আমরা অনুরোধ করবো আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ।”

    আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    মহিদ উদ্দিন বলেন, “গত ১ জুলাই থেকে শাহবাগসহ বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে যানবাহন, মানুষের চলাফেরা ও জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নগরবাসীর নিরাপত্তার জন্য ডিএমপি বদ্ধপরিকর। আমরা চেষ্টা করেছি পরিস্থিতি মোকাবিলার জন্য, সহনশীল আচরণ করেছি।”

    তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে গত ৬ জুলাই থেকে গতকাল পর্যন্ত বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করেছে। তারা দেশের বিভিন্ন স্থানসহ ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ, অ্যাম্বুলেন্স, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচল স্বাভাবিক রাখার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা শুরু থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, যেন সবকিছু স্বাভাবিক থাকে।”

    তিনি আরও বলেন, “আন্দোলনের ব্যাপারে হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা ব্যবস্থা থাকবে না মর্মে পরিপত্র জারি করা হয়েছিল। সেটির ব্যাপারে গত ৫ জুলাই একটি রায় আসে। এরপর বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হয়। আপিল বিভাগ থেকে চার সপ্তাহের জন্য সেই নির্দেশনা স্থগিত করা হয়েছে। অর্থাৎ জনপ্রশাসনের সেই পরিপত্র বলবৎ হয়েছে। এর মধ্য দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একত্রিত হয়ে নতুন করে আন্দোলন করার আর কোনও অবকাশ বা প্রয়োজন আছে বলে মনে করে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ।”

    ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, “যারা আন্দোলন করছে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা ও ভালোবাসা আছে। কিন্তু আমাদের দেশের প্রচলিত আইন ও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। ছাত্ররা শিক্ষিত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি অনুরোধ করব, তারা যেন আপিল বিভাগের নির্দেশনার পর মানুষকে দুর্ভোগ দিয়ে কোনও কর্মসূচি না দেয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আর কোথাও নামবেন না।”

    তিনি বলেন, “গতকাল ২১ টি পয়েন্টে তারা অবস্থান নিয়েছিল। আমরা পেশাদারিত্বের সঙ্গে তাদের মোকাবিলা করেছি, কথা বলেছি। এটা মনে রাখতে হবে যে, ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নগরবাসীর নিরাপত্তা, চলাফেরা ও স্বাধীনতা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাধ্য। কাজেই আমরা আশা করব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কী আবেদন, সর্বোচ্চ আদালতের যে নির্দেশনা… তারা মানবে। আদালতের নির্দেশনাও শিক্ষার্থীদের পক্ষেই আছে।”

    আন্দোলনের আর কোনও যৌক্তিকতা নেই উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা চলছে, গত ৭ জুলাই রথযাত্রা হয়েছে, পুলিশকে প্রচণ্ড পেশার নিতে হয়েছে। এরপর আবার রথযাত্রা আছে, আশুরার অনুষ্ঠান আছে। যেহেতু এটা সেটেল হয়ে গেছে, সুতরাং ফারদার কোনও কর্মসূচি দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না।”

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা শুনছে, তারা যেন সহকর্মীদের জানিয়ে দেয়, তাতে আমাদের জন্য, তাদের জন্য সবার জন্যই মঙ্গল।

    আরেক প্রশ্নের জবাবে মহিদ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনা ও আমাদের অনুরোধ সত্ত্বেও যদি জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু তা হবে সংবিধান অনুযায়ী ওফেন্স (অপরাধ)। আমি মনে করি, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে না। কারণ তারা আন্দোলন শুরু করার পর থেকে আমরা এমন কোনও আচরণ করিনি, যাতে তারা আমাদের পেশাককে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

    তিনি বলেন, “এরপরও যদি কেউ নিজেদের অবস্থানে থাকে বা আমাদের কথা না শোনে, আদালতের নির্দেশনা না মানে… তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের জবাবদিহিতা তো সবার কাছে। সবার অধিকার তো আমাদের নিশ্চিত করতে হবে।”

  • হাইকোর্টের রায়ে কোটা বহাল হয়েছে তাই এই আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    হাইকোর্টের রায়ে কোটা বহাল হয়েছে তাই এই আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুলাই, ২০২৪: হাইকোর্টের রায়ে কোটা বহাল হয়েছে তাই এই আন্দোলনের যৌক্তিকতা নেই, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কোটা বাতিলের আন্দোলন হচ্ছে। কোটা বন্ধ করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ে বহাল হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে ছেলে-মেয়েরা আন্দোলন করছে। এর কোনো যৌক্তিকতা নেই।”

    আজ রবিবার (৭ জুলাই) গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী বলেন, “আন্দোলন-সংগ্রামে যুব মহিলা লীগ সব সময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি।”

    মহিলা লীগের কর্মীদের পেনশন স্কিমে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সবার জন্য পেনশন স্কিম করা হয়েছে। জীবনের নির্ভরতার জন্য পেনশন। আমরা চাই সবাই একটু ভালোভাবে বাঁচুক।”

    শেখ হাসিনা বলেন, “বিএনপি ভোট চুরি করে মাত্র দেড় মাস টিকেছে। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় গিয়েছিল বিএনপি। ভোট চুরির অবপাদে ২ বার ক্ষমতাচ্যুত হয়েছে তারা।”

    প্রধানমন্ত্রী আরও বলেন, “বিএনপির নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। তারা সমাজের অভিশপ্ত বোঝা। তাদের অত্যাচার-নির্যাতন যেন আবার ফিরে না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।”