Tag: সংসদ

  • জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

    জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গভবন প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে; ১ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

  • সংসদে বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী

    সংসদে বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ৬ জুন, ২০২৪: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি আজ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

    অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার (৬ জুন) ৩ টা থেকে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন।

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে এ বাজেট বিদায়ী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অংকে ৩৫ হাজার ২১৫ কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরের বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

    নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে দুই লাখ ৮৩ হাজার ৭৮৫ কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল পাঁচ লাখ কোটি টাকা।

    নতুন বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। টাকার অংকে ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে যা ছিল ৭ দশমিক ৫ শতাংশ। পরে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়।

    এটি স্বাধীন বাংলাদেশের ৫৪তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট, টানা ১৬তম এবং আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট এটি।

  • দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    www.HelloBangla.News – জাতীয় – ৫ জুন, ২০২৪: আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। আজ বুধবার (৫ জুন) বিকাল পাঁচটায় বসবে এই অধিবেশন। এই অধিবেশনেই পেশ করা হবে জাতীয় বাজেট। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এরআগে ১০ জুন সম্পূরক বাজেট পাস হবে বলে জানা গেছে।

    আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে পাঁচ হাজার ৭৮৫ কোটি টাকা বলে জানা গেছে।

    অধিবেশন শুরু হবার আগে  বিকাল ৪ টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক  অনুষ্ঠিত হবে।  এই বৈঠকেই  চলতি অধিবেশন কতো কার্যদিবস  চলবে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

    তিনি বলেন, বাজেট অধিবেশন একটু লম্বা হয়। তাই কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

    সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের প্রথমদিন কোনও শোক প্রস্তাব  আনা হচ্ছে না। সাধারণত চলতি সংসদের কোনও সদস্য মৃত্যুবরণ করলে মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ করে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে ‘খুন’ হন। তবে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় বুধবার বৈঠকে তার জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না।সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর রয়েছে। এ ছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আক্রমণ, মধ্যপ্রাচ্য সমস্যা, আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে বিশ্বে অর্থনৈতিক মন্দা ভাব চলছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশে। এই সময় দেশের বাজেট পেশের বিষয়টি কতটা ইতিবাচক হয় সেটাই দেখার বিষয়।

  • দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

    দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জানুয়ারি, ২০২৪: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশষ আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) শরু হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে সংসদ ভবনে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ পড়ান রাষ্ট্রপতি ।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের সফলভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শক্তি আরও সুদৃঢ় হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের।”

    তিনি বলেন, “জনগণের রায় মেনে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা, যা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে দেশের জনগণের, জয় হয়েছে গণতন্ত্রের।

    রাষ্ট্রপতি বলেন, “নির্বাচন ঘিরে একটি মহল সহিংসতা ও সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রের শান্ত-স্নিগ্ধ যাত্রাপথে বাধা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। তাদের গণতন্ত্র বিরোধী ও সহিংস কর্মকাণ্ড সাময়িকভাবে জনগণকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রাখলেও ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে পারেনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের জন্যই সরকার ও নির্বাচন কমিশনের সব পদক্ষেপ সার্থক হয়েছে।”

    তিনি আরও বলেন, “নির্বাচন বর্জনকারী দলগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। আমি আশা করি— ভবিষ্যতে দেশের রাজনৈতিক দলগুলো সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করবে। সরকারও এক্ষেত্রে সংযত আচরণ করবে- এটাই সবার প্রত্যাশা।”

    ১৯৭৫-এর ১৫ই আগস্টের বর্বর হত্যাকাণ্ড ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় উল্লেখ করে রাষ্ট্রপতি নিহত বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

    মো. সাহাবুদ্দিন বলেন, “২০০১ সালের নির্বাচন পরবর্তী দেশে যে নৃশংস সহিংসতা হয়েছিল তা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এর মাধ্যমে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালের নির্বাচনসহ পরবর্তীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে সহিংসতার পুনরাবৃত্তি থেকে মুক্তি পেয়েছি।”

    গণতন্ত্র ও উন্নয়নের নিষ্কণ্টক পথচলার জন্য রাজনৈতিক দলগুলো উদার ও গঠনমূলক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াবে এটাই দেশবাসীর প্রত্যাশা বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

  • কাল থেকে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

    কাল থেকে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ জানুয়ারি, ২০২৪: আগামী কাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হবে । বিকাল ৩ টায়  বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।এরইমধ্যে প্রথম  অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

    চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী জানিয়েছে, অধিবেশনর সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বিন্যাসের কাজও চূড়ান্ত। নবনির্বাচিত সংসদ সদস্যরা ওরিয়েন্টশন কর্মসুচিতে অংশ নিয়েছেন।

    নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছেন।সরকারী দল আওয়ামী লীগ সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও  ভোটে তারা বিজয়ী হবেন। স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার শপথবাক্য পাঠ করাবেন।

    শপথ নেওয়ার পর  নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশনের বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করার পর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করবেন। আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।

    উল্লেখ্য, দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

    এখানে উল্লেখ থাকে যে, একাদশ জাতীয় সংসদের মেয়াদ আজ ২৯ জানুয়ারী শেষ হচ্ছে। এই সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ২০২৩ সালের ২ নভেম্বর  ২৫ তম অধিবেশন শেষ হয়। সর্বশেষ ২৫ টি অধিবেশনে মোট ২৭২ কার্যদিবস পর্যন্ত চলে ।