Tag: বাংলাদেশ

  • এ বছর বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স

    এ বছর বাংলাদেশ সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ মার্চ, ২০২৪: এ বছরের কোন এক সময় সৌদি আরবের প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাংলাদেশে সরকারি সফরে আসছেন।বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি যুগান্তকারী ঘটনা হবে এবং সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করবে বলে আশাবাদী উভয় পক্ষ।

    ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুহাইলান আজ শুক্রবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। এ বছর তিনি আসবেন, তবে তারিখ এখনও ঠিক করা হয়নি।’

    বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, “সৌদি যুবরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তারিখ এখনো ঠিক হয়নি। সুবিধাজনক সময়ে শিগগিরই যুবরাজের প্রস্তাবিত সফর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ১৯৮৫ সালের পর তৎকালীন সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ঢাকা সফরের পর এটিই হবে কোনো সৌদি যুবরাজের প্রথম বাংলাদেশ সফর।

    সৌদি নেতার সফরকালে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে, যা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

    সৌদি রাষ্ট্রদূত বলেন, “সফরকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে।”

    রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল আগামী মাসে চট্টগ্রামের পতেঙ্গা বে টার্মিনাল পরিচালনা শুরু করবে। সৌদি আরবে কর্মরত প্রায় ২৮ লাখ বাংলাদেশি সৌদি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

    বৃহস্পতিবার ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌদি রাষ্ট্রদূত।

    ফুড বাস্কেট বিতরণ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সারা দেশের ৩২টি স্থানে ঝুঁকিপূর্ণ মানুষের মধ্যে ২৪ কেজি করে মোট ১৫ হাজার ৫০০ ঝুড়ি খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। কক্সবাজারের রোহিঙ্গারা এই গ্রহীতাদের মধ্যে থাকবে।

    সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় সংহতির প্রতীক হিসেবে অসহায় মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে।

  • ভারতকে হারিয়ে অনূর্ধ্ব–১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    ভারতকে হারিয়ে অনূর্ধ্ব–১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ মার্চ, ২০২৪: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ভারতকে  ৩–২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

    ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। শুরুতেই গোল খেয়ে হতাশায় পড়ে বাংলাদেশ। তাই গোল পরিশোধ করতে খানিকাটা বেশি সময়ই নিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের মেয়েরা। ফাইনাল খেলার চাপেই কিনা, স্বাভাবিক খেলাটা একেবারেই খেলতে পারছিল না বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রেখে খেলার পুরস্কারটা বাংলাদেশ আদায় করে নিয়েছে ম্যাচের ৭১ মিনিটে। মোমিতার সুযোগ সন্ধানী এক গোলে ১–১ সমতায় ফিরে মেয়েদের সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবলের ফাইনাল টাইব্রেকারে যায় বাংলাদেশ।

    টাইব্রেকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়। ৩-২ গোলে জিতে শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

  • ভুটানকে ৬ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

    ভুটানকে ৬ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ মার্চ, ২০২৪: সাফ অনূধ্বং-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শেষ খেলায় ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য এই ম্যাচটি ছিল বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকতা মাত্র। কেননা এর আগে নেপাল ও ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠবে বাংলাদেশ।

    আজ শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা দাপটের সঙ্গে খেলে ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। রোববার ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিষ্যদের ঝালাই করে নিতে পারলেন কোচ সাইফুল বারী টিটু।

    টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।

    ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল ১৪ মিনিটে। বাম দিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের নেওয়া ফ্রি-কিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে।৪১ মিনিটে সুরভী আকন্দ প্রীতি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। বাম দিক থেকে ৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা।

    শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন নেপালের বিপক্ষে জোড়া ও ভারতের বিপক্ষে একটি গোল করা সুরভী। এ নিয়ে টুর্নামেন্টে ৬ টি গোল করলেন প্রীতি।

  • টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

    টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৭ মার্চ, ২০২৪: ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ঘুঁরে দাড়ানোর ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই অধিনায়ক শান্তর অপরাজিত ৫৩ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজ ১-১ সমতায় আনলো বাংলাদেশ।

    গতকাল বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। দু’জনের জুটি থেকে আসে ৬৮ রান। সৌম্য ২২ বলে ২৬ রান করে সাজঘরে ফিরলে লিটনকে সঙ্গ দেন অধিনায়ক শান্ত।

    টস জিতে ফিল্ডিং নিয়ে পাওয়ার প্লের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে এসে মেডেন দেন শরিফুল ইসলাম। পরের ওভারে তার ফায়দা তুলে নেন তাসকিন আহমেদ। তৃতীয় বলে একটি সিঙ্গেল নিয়ে আগের ছয় বলে কোনো রান করতে না পারা আভিস্কা ফার্নান্দোকে স্ট্রাইক দেন কুশল মেন্ডিস। প্রথম বলেই তুলে মেরে বোলার তাসকিনের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন আভিস্কা।

    উইকেটে এসে প্রথম বলেই চার হাঁকান কামিন্দু মেন্ডিস। শরিফুল নিজের দ্বিতীয় ওভারে এসেও তিন রান দেন। কিন্তু তার পরের ওভারেই ১৭ রান হজম করেন তাসকিন। সব মিলিয়ে পাওয়ার প্লের ছয় ওভারে ৪৯ রান করে শ্রীলঙ্কা। তাদের ওই রানের গতি স্পিনার এনে ঠেকিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    হুট করে সৌম্য সরকারকে বোলিংয়ে এনে সফল হন শান্ত। কুশল ও কামিন্দু মেন্ডিসের ৪২ বলে ৬৬ রানের জুটি ভাঙেন তিনি। দুই চার ও তিন ছক্কায় ২২ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরত যান কুশল মেন্ডিস। পরের ওভারেই কামিন্দু মেন্ডিস হন রান আউট। শুরু থেকে আক্রমণাত্মক এই ব্যাটার কিছুটা দুর্ভাগাই।

    কাভারে থাকা মাহেদী হাসানের হাতে বল পাঠান কামিন্দু। রান নিতে চাননি তিনি। কিন্তু দৌড়ে ততক্ষণে অনেকদূর চলে এসেছেন নন স্ট্রাইক প্রান্তে থাকা সাদিরা সামারাবিক্রমা। এরপর দৌড় দিলেও পৌঁছাতে পারেননি কামিন্দু। মাহেদীর থ্রোতে স্টাম্প ভাঙেন রিশাদ। তিন চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন কামিন্দু।

    সামারাবিক্রমাও বড় রান করতে পারেননি। ১১ বলে ৭ রান করে মোস্তাফিজুর রহমানের বলে তার হাতেই ক্যাচ দেন। এরপর ১৪ বলে ২৮ রান করা আশালাঙ্কাকে বোল্ড করেন মাহেদী হাসান।

    শেষ জুটিতে ৩৭ বলে ৫৩ রানের জুটি গড়ে দলের সংগ্রহ ১৬৫ পর্যন্ত নিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। ম্যাথিউস অপরাজিত থাকেন ২১ বলে ৩২ রান করে। ১৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। আগের ম্যাচে শেষ চার ওভারে ৬০ এর বেশি রান দিলেও এদিন বাংলাদেশ দেয় ৩৪ রান।

    রান তাড়ায় নেমে শুরুটা দুর্দান্ত হয় বাংলাদেশের। এর মধ্যে অবশ্য তৈরি হয় বিতর্কেরও। প্রথম তিন ওভারে ২৮ রান তোলে স্বাগতিকরা। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের প্রথম বলে আম্পায়ার দেন এক বিতর্কিত সিদ্ধান্ত। তার বলে উইকেটরক্ষক ক্যাচ নেন সৌম্য সরকারের। আম্পায়ারও আউট দেন।

    কিন্তু সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিপ্লেতে স্পাইক দেখা গেলেও নট আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার; তার ভাষ্য, যখন স্পাইক দেখা গেছে তখন বল ব্যাট পেরিয়ে গেছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় শ্রীলঙ্কার ডাগ আউট ও  ক্রিকেটারদের পক্ষ থেকে।

    পরে পাওয়ার প্লের ছয় ওভারে ৬৩ রান তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। পাওয়ার প্লের পরের ওভারেই অবশ্য আউট হয়ে যান সৌম্য। মাথিশা পাথিরানাকে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার। ৫ চারে ২২ বলে ২৬ রান করেন তিনি। এক ওভার পর সাদামাটা আউট হন লিটন দাসও। ২৪ বলে তার ব্যাট থেকে আসে ৩৬ রান।

    তবুও বাংলাদেশের জিততে কোনো অসুবিধা হয়নি। ৫৫ বলে ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ছক্কায় জয়ের রান করে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন শান্ত। ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি, ২৫ বলে ৩২ রান করেন হৃদয়।

  • আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

    আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছি, সেই অনুযায়ী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করে জাতির পিতার স্বপ্ন পূরণ করব, এটাই আমার প্রতিজ্ঞা।

    গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে স্থানীয় সময় রাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রা যেন আর ব্যাহত না হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে।”

    শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি শুধু সেইটুকু চাই, কেউ যেন আবার এই দেশকে কখনো পেছনে না নিতে পারে। আবার যেন রাজাকার খুনিদের দেশ যেন না বানায়।”

    প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগেও বলেছে, আন্দোলন করে নাকি আমাদের সরকার উৎখাত করবে। তো আন্দোলন করতে করতে সরকার উৎখাত দূরের কথা, জনগণের ভোট যেন আরও কয়েকগুণ বেশি পেল (আওয়ামী লীগ)। এখন আবার হুমকি-ধমকি দিচ্ছ। আর আমাদের কিছু খুচরা পার্টি আছে তারা লাফায়।”

    আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “এখানে আরেক মজার ব্যাপার হচ্ছে, একেবারে অতি বাম অতি ডান তারা আবার একসঙ্গে হয়ে যায়। প্রশ্ন করলে বলে, আমরা তো একসঙ্গে হইনি। আরেক দিকে মুখ করে ছিলাম। কিন্তু আপনারা দেখেন, ওদিকে কমিউনিস্ট পার্টি এদিকে জামায়েত ইসলামী থেকে শুরু করে, সব আবার খুব আদর্শবাদী কথা, বিপ্লব করবে, সব হবে৷ বিপ্লব করতে করতে তারাও… হওয়ার পথে। আরেক দিকে বিএনপির অবস্থা তো আপনারা জানেনই।”

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

  • বাংলাদেশের সঙ্গে ইইউ বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায়

    বাংলাদেশের সঙ্গে ইইউ বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায়

    www.HelloBangla.News – অর্থনীতি – ৫ ফেব্রুয়ারি ২০২৪: বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চাই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের ২৪ বিলিয়ন ইউরো বাণিজ্য আছে।

    আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইইউর রাষ্ট্রদূত চার্লস হুইটলি।

    ইইউ রাষ্ট্রদূত বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।”

    তিনি বলেন, “সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সে সব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি। বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে।”

    ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ আছে। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা আছে। এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমরা প্রত্যাশা বেড়েছে।”

    এক প্রশ্নের জাবাবে হুইটলি বলেন, “স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে বাংলাদেশের উত্তরণ সহজ হোক, আমরা সেটিই চাচ্ছি। আমরাও এ বিষয়ে জোর দিচ্ছি। কারণ এটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই জিএসপি প্লাসে সহজ রূপান্তর চাচ্ছি। এটাই আমাদের সম্পর্কের ক্ষেত্রে বড়ো ভিত্তি। ২০২৬ সালের প্রক্রিয়ার জন্যই এটা গুরুত্বপূর্ণ। কাজেই ইউরোপীয় চেম্বারস অব কমার্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কীভাবে সহায়তা করতে পারি, সেদিকেই আমরা বেশি আলোকপাত করছি।”

    শ্রম অধিকার ও প্রসঙ্গে তিনি বলেন, “শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কোনো কথা হয়নি।”

  • উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: উন্নয়নের সকল সূচকে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, “উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে এবং বিএনপি-জামায়াতের পলিটিক্স অব ডিনায়াল এবং পলিটিক্স অব কনফ্রন্টেশন অর্থাৎ সবকিছুতে না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকতো, তাদের জ্বালাও-পোড়াও যদি না থাকতো, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।”

    পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।”

    বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব কালচার মিলনায়তনে বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম ও বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল কাসেম, ড. ফারুক মির্জা, মোতাহার চৌধুরী, মনির হোসেন পলিন প্রমুখ।

    এ সময় রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন, স্মরণ করিয়ে দেন তিনি।

    প্রবাসী বক্তারা তাদের বক্তৃতায় বেলজিয়ামে দীর্ঘ সময় অধ্যয়নকারী হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের পক্ষ থেকে মন্ত্রী হাছান মাহমুদকে ফুল ও সংবর্ধনা স্মারক দেন।

  • দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল টহল: আইজিপি

    দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল টহল: আইজিপি

    হ্যালো বাংলা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ সোমবার (২৬ জুন) রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    পশুর হাট পরিদর্শন শেষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাংবাদিকদের  জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরেফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নির্ধারিত সময়ে গমন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সড়কে থাকবে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। অনেক সময় অভিযোগকারীদের যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল টহল। যাতে দ্রুত সময়ে অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থাগ্রহণ করা যায়।

    পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, গত ঈদুল ফিতরে সবার সার্বিক সহযোগিতায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পেরেছি। সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন ও যার যার গন্তব্যে নির্বিঘ্নে এবং যথাসময়ে গমন করতে পেরেছেন। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    আইজিপি বলেন, মেট্রোপলিটন পুলিশ হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ রেলওয়ে পুলিশ, র‌্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সব ইউনিট একযোগে কাজ করছে। আমরা মালিক শ্রমিক, হাটের ইজারাদার ও যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কেউ হয়রানির শিকার হচ্ছেন কি না তা জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সব স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন তারা।

    আইজিপি আরও বলেন, এর আগে আমরা গাজীপুর সাভার বাইপাইল এলাকা পরিদর্শন করেছি। সড়কের অবস্থার বিষয়ে মানুষের জেনেছি। ঈদযাত্রা সরজমিনে পরিদর্শন করেছি। সাধারণ মানুষ নিরাপদে নির্বিঘ্নে যার যার গন্তব্যে যাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, পদ্মাসেতু হয়েছে। আগের মতো অবস্থা আর নেই যে মানুষ বাসের ছাদে চড়ে গন্তব্যে যাবেন। ঈদযাত্রায় সড়কের অবস্থার কথা ভেবে মানুষ আগে বাড়িতে নাকি রাস্তায় ঈদের নামাজ পড়বেন সেই শঙ্কায় থাকতেন, তবে সে পরিস্থিতি এখন আর নেই। গত ঈদুল ফিতরের ঈদযাত্রা ছিল স্মরণকালের স্বস্তিদায়ক।

    গত ঈদের অভিজ্ঞতার আলোকে এবারের ঈদযাত্রা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    সাধারণ যাত্রীদের উদ্দেশে আহ্বান জানিয়ে আইজিপি বলেন, যেকোনো সমস্যায় প্রয়োজনে নিকটস্থ পুলিশে খবর দিন অথবা ৯৯৯ নম্বরে ফোন করুন। আপনার অভিযোগ জানান, পুলিশ দ্রুত সময়ের মধ্যে আপনার অভিযোগের নিষ্পত্তি করবেন।

    ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন না চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, টেলিভিশনে টিভিসি চালানো হয়েছে। খালি পিকাপ বা ট্রাকে যাত্রী হিসেবে উঠবেন না। এরপরও যদি কোনো যাত্রী ট্রাক-পিকাপে ওঠেন তাহলে পুলিশ সদস্যরা দেখামাত্রই তাদের সড়কে নামিয়ে দেবেন। সুতরাং নেমে ভোগান্তিতে পড়ার আগে স্বাভাবিক গণপরিবহন ব্যবহার করুন। অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে, ট্রেনে বা নৌপরিবহনে গমন না করতে অনুরোধ জানান আইজিপি।

    তিনি বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় পুলিশের দায়িত্ব বেশি। এবার সড়কে শুধু ঈদযাত্রায় কোরবানির হাটের নিরাপত্তা দিতে হচ্ছে পুলিশকে। পাশাপাশি মৌসুমি ফল ও কোরবানির হাটে পশুবাহী যানবাহনকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

    আইজিপি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা জাল টাকার কারবার করেন তারা হুঁশিয়ার হয়ে যান। আমরা গত দুই মাসে ৩  কোটি ৬১ লাখ জাল টাকা উদ্ধার করেছি, গ্রেপ্তার করেছি কারবারিদের। সাম্প্রতিক সময়ে দেড় কোটি জাল টাকা উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তার করেছি। অজ্ঞানপার্টি মলমপার্টি, ছিনতাইকারিসহ যারা প্রতারণার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সাবধান হয়ে যান, প্রতারণামূলক কাজে জড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে খবর দিন, পুলিশ ব্যবস্থা নেবে।

    ঈদের ছুটিতে যারা ঢাকাসহ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন তাদের উদ্দেশে আইজিপি বলেন, আমরা ঢাকাসহ বিভিন্ন জেলা পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঈদ উপলক্ষ্যে জনসমাগম বাড়বে সে কারণে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তারা দিবারাত্রি দায়িত্বে নিয়োজিত থাকবেন।

  • আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

    হ্যালো বাংলা ডেস্ক:  বাংলাদেশ  উন্নয়শীল দেশের মর্যাদা অর্জন করতে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে বলেন, আপনারা আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে  এসেছেন বলে ‘আওয়ামী লীগ সরকার দেশের সেবা করতে পেরেছে, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে।’

    সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের সাধারণ আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, বাঙালি জাতি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।’

    জাতির পিতা আমাদের এই দেশ দিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, এ দেশকে সমৃদ্ধ করা। আজ আমরা অনেক দূর এগিয়েছি এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

    গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭৬১,৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বাংলাদেশকে বিজয়ী জাতি হিসেবে সামনে এ গিয়ে নিয়ে যাওয়া।

    তিনি আরো বলেন, আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। আমরা কারো ওপর নির্ভরশীল হতে চাই না। আমরা ভিক্ষা চাই না। আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

    তিনি বলেন, এত প্রতিবন্ধকতা, এত বিরোধিতা, এত সমালোচনা এবং প্রতিনিয়ত ঘটতে থাকা অনেক কিছুকে অতিক্রম করে আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে আমরা (আ.লীগ সরকার) যথাযথ ব্যবস্থা নিয়েছি।

    কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে বাংলাদেশ উন্নয়নের যাত্রায় আরো এগিয়ে যেতে পারতো  বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, তবে ভয়ের কিছু নেই। কেননা, বিভিন্ন সময়ে সমস্যা আসাটাই স্বাভাবিক। ‘সমস্যা দেখে মন খারাপ করবেন না বরং এর মুখোমুখি হতে হবে। আমরা অনেক কথা শুনছি যে, সরকার আজকে উৎখাত হবে এবং আগামীকাল অন্য কিছু ঘটবে’ তিনি যোগ করেন।

    বাজেট নিয়ে সমালোচকদের সমালোচনা করে তিনি বলেন, অনেকেই এই বাজেটকে উচ্চাভিলাষী বা বাস্তবায়ন যোগ্য নয় বলে অভিহিত করেছেন, যা তারা  সব সময়ই বলে আসছে।

    এ ছাড়াও কিছু লোক আছে যারা সব সময় নেতিবাচক মনোভাব পোষণ করে এবং তারা ইতিবাচক কিছুই দেখে না, যা দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় বলে  তিনি উল্লেখ করেন।

    সরকার প্রধান বলেন, তারা (সমালোচকরা) হয়তো কখনোই প্রত্যন্ত অঞ্চলে যাননি, যেখানে শহরের তুলনায় দারিদ্র্যের হার অনেক কমেছে। তিনি আরো বলেন, গ্রামীণ জনসাধারণের মধ্যে এমন  কোনো দুর্ভোগ নেই।

    তিনি বলেন, গত সাড়ে ১৪ বছর ধরে দেশে স্থিতিশীলতা বজায় থাকায় দেশের জনগণ ব্যাপক অগ্রগতি দেখতে পেরেছে।

    তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে কঠিন সময়ের মধ্যেও সরকার রেকর্ড ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছে।

    তিনি বলেন, ‘বিশ্বে অনেক উন্নত দেশের অর্থনীতি যখন খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তখন আমরা এই বিশাল বাজেট দিতে পেরেছি।’

    বাজেটের ঘাটতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতি বছর বাজেট ঘাটতি ৫ থেকে ৫.৫ শতাংশের মধ্যে রাখে। তিনি বলেন, ‘এবার বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে এবং দুশ্চিন্তার  কিছু নেই।’

    বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

    আসন্ন ’২৪ অর্থবছরেই সার্বজনীন পেনশন স্কিম চালু  করা যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী তাঁর বত্তব্যে  সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে বিবেচনার ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশ দেন।

    ‘আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই জরুরি সময়ে সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ বেতন হিসেবে দেওয়ার কথা বিবেচনা করুন।  আমি আশা করি, মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি মেনে নেবেন। আমরা বিশেষ প্রণোদনা হিসেবে তাদের মূল বেতনের ৫ শতাংশ প্রদান করব।’

  • শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি সাক্ষাৎ করেছেন

    শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি সাক্ষাৎ করেছেন

    হ্যালো বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং ক্যাথেরিন পোলার্ড।

    স্বাক্ষাতে জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রম, জলবায়ু পরিবর্তন এবং নারী নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

    আজ রবিবার (২৫ জুন) গণভবনে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

    জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেছেন, জাতিসংঘ সফলভাবে তার শান্তিরক্ষা অভিযানের ৭৫ বছর পূর্ণ করেছে।

    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে আসছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ।

    প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে প্রায় ৭,৫০০ বাংলাদেশী নারী-পুরুষ নিযুক্ত রয়েছে।’

    ক্যাথরিন পোলার্ড যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা এবং (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে) নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যৌন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

    জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং তার সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বৈঠকে উপস্থিত ছিলেন।