Tag: প্রধানমন্ত্রী

  • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে মালয়েশিয়া

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবে মালয়েশিয়া

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ আগস্ট, ২০২৪: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থনের প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফোনকলে এ প্রস্তাব দেন তিনি।

    বুধবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

    প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। তিনি ড. ইউনূসকে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন।

    ফোনে কথা বলার বিষয়ে আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমি তাকে (ড. ইউনূস) আশ্বস্ত করেছি যে, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন এবং পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত।’

    তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, ড. ইউনূস সংখ্যালঘুসহ সব বাংলাদেশির অধিকার রক্ষার আশ্বাস দিয়েছেন।’

    ড. ইউনূসকে ‘পুরনো বন্ধু’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তিনি আমাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’

    উল্লেখ্য, ছাত্র-জনতার বিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। তিনি ক্ষুদ্রঋণের প্রবর্তক এবং একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেক্র।

    আজ রবিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণবভনে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

    পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

    শেখ হাসিনা বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাথমিকভাবে জামায়াত-শিবির সন্ত্রাসীরা লো-প্রোফাইলে (ঘাপটি) থাকলেও একটা পর্যায়ে ভয়ংকরভাবে আবির্ভূত হয়।

    প্রধানমন্ত্রী বলেন, যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক এবং যেখানে যেখানে সাফল্য সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানে হামলা করে।

    এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোভিড হাসপাতাল, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং ডেটা সেন্টার; সবগুলো আমাদের উন্নয়নের প্রতীক। এসব প্রতিষ্ঠান জনগণকে সেবা দেয় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংসে তারাই আসল ক্ষতিগ্রস্ত।

    সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে।

    শেখ হাসিনা জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে তার দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ জন মারা গেছে।

    প্রধানমন্ত্রী বলেন, তিনি দলমত নির্বিশেষে সংঘাতে নিহত ও আহতদের সহযোগিতা করছেন। সহযোগিতা করার ক্ষেত্রে তিনি দল বিবেচনা করতে আগ্রহী নন।

    কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্দোলন যখন চরম মুহূর্তে ছিল তখন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটার অস্তিত্বই ছিল না। তখন তাদের দাবির যৌক্তিকতা কী ছিল।

    সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের জীবন-জীবিকা এবং বিনামূল্যে আহতদের সুচিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    শান্তি ও সমৃদ্ধির স্বার্থে সেনা মোতায়েন এবং কারফিউ আরোপের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু বলেন, এখন ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে।

    স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি তা বোঝেন।

    মারিয়া সিস্তিয়াগা বলেন, তিনি টেলিভিশনে সবকিছু দেখেছেন। তবে ভাষাগত পার্থক্যের কারণে সেগুলো বুঝতে পারেননি। তিনি সংবাদপত্র থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ ও সংঘাতের বিষয়টি জানেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভাঙচুরের শিকার কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বলেও প্রধানমন্ত্রীকে জানান স্প্যানিশ রাষ্ট্রদূত।

    গত ১৬ বছরে বাংলাদেশে উন্নয়ন হয়েছে তা খুবই দৃশ্যমান উল্লেখ করে মারিয়া সিস্তিয়াগা বলেন, গত ১৬ বছরে উন্নয়ন অত্যন্ত বাস্তব, চাইলে যে কেউ যাচাই করতে পারে।

    বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দের প্রশংসা করে স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, এসব বরাদ্দ জনগণের কল্যাণে সরকারের আন্তরিকতা নিশ্চিত করে। এসব খাতে অনেক দেশে এ ধরনের আলাদা বাজেট সাপোর্ট থাকে না।

    সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

  • চীন সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    চীন সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন । আজ শনিবার (জুলাই ১৩) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার বিকেল ৪টায় গণভবনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এর আগে গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি ছিল তার প্রথম চীন সফর।

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয় ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্র সই করে দুই দেশ।

    এ সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত’উন্নীত হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    বুধবার (জুলাই ১০) স্থানীয় সময় রাতে দেশে ফেরেন শেখ হাসিনা।

  • বেইজিং থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    বেইজিং থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ জুলাই, ২০২৪: চীনের রাজধানী বেইজিংয়ে তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিাবগত রাত সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

    এর আগে বুধবার (জুলাই ১০) রাত ১০টা ৫ মিনিটে (বেইজিং সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

    গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সফরের শেষ দিন বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

    এর আগে দুপুরে একই স্থানে দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্র সই করে দুই দেশ।

    দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে গ্রেট হলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

    সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (জুলাই ০৯) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

    এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং হানিং এবং এশিয়ান অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন।

    মঙ্গলবার সকালে বেইজিংয়ের সাংগ্রি-লা হোটেলে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা’ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন । প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট আজ সোমবার (৮ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেইজিং সময় সন্ধ্যা ৬টায় ৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি বেইজিং অবতরণ করে।

    চারদিনের সফরের দ্বিতীয় দিন ৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরদিন ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এছাড়াও চীনের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

    বাংলাদেশ চীনে রপ্তানি করে এক বিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে চীন থেকে আমদানি করা হয় ১৩ বিলিয়ন ডলারের পণ্য। বিশাল এই বাণিজ্য ঘাটতি দূর করতে উদ্যোগ নেওয়া হবে। এরই মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    আলোচনা হবে ৭০০ কোটি ডলারের সমপরিমাণ ঋণ নিয়ে। এতে প্রাধান্য পাবে বাণিজ্য সহায়তা ও বাজেট সহায়তার আওতায় ঋণ, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, ব্লু ইকোনমি, মুক্তবাণিজ্য চুক্তির সমীক্ষার ঘোষণা, সড়ক নেটওয়ার্ক, একাধিক সেতু নির্মাণ ও সংস্কার। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীন কীভাবে কাজ করতে চায়, এ নিয়েও আলোচনা হবে।

    গত এক দশকে দুইবার চীন সফরের পাশাপাশি মোট চারবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা। এর মধ্যে ২০১৪ সালে বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর, ২০১৬ সালে শি জিনপিংয়ের ঢাকা সফর, ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবার বেইজিং সফর এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তাদের মধ্যে বৈঠক হয়। এবার তৃতীয়বারের মতো চারদিনের দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাচ্ছেন শেখ হাসিনা।

    ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীন ত্যাগ করবেন এবং দুপুর ২টায় ঘটিকায় ঢাকা অবতরণ করবেন।

  • প্রধানমন্ত্রীর চীন সফরে প্রায় ২০‌টির ম‌তো সম‌ঝোতা স্মারক সই হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

    প্রধানমন্ত্রীর চীন সফরে প্রায় ২০‌টির ম‌তো সম‌ঝোতা স্মারক সই হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রীর চীন সফরে প্রায় ২০‌টির ম‌তো সম‌ঝোতা স্মারক সই হতে পারে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৮ থে‌কে ১১ জুলাই বেইজিং সফর কর‌বেন। প্রধানমন্ত্রীর সফ‌রে প্রায় ২০‌টির ম‌তো সম‌ঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।”

    প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে আজ রবিবার(৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। চার‌ দি‌নের সফ‌রে আগামীকাল সোমবার (৮ জুলাই) চীন যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

    পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “প্রধানমন্ত্রী সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে বাংলাদেশ ত্যাগ করবেন। একই দিন চীনের স্থানীয় সময় বিকেল ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দ‌রে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।”

    তি‌নি ব‌লেন, “আগামী ৯ জুলাই সকালে প্রধানমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন প্রধানমন্ত্রী সাং-গ্রি-লা সার্কেলে ‘সা‌মিট অন ট্রেড, বিজ‌নেস অ্যান্ড ইন‌ভেস্ট‌মেন্ট অপরচু‌নি‌টিজ বিটুইন বাংলা‌দেশ অ্যান্ড চায়না’শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রী ১৪তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী তিয়েনআমেন স্কয়ারে শ্রদ্ধা জানা‌বেন।”

    হাছান মাহমুদ ব‌লেন, “১০ জুলাই প্রধানমন্ত্রী চী‌নের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। প‌রে দুই প্রধানমন্ত্রীর উপ‌স্থি‌তি‌তে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে প্রায় ২০টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে।”

    হাছান মাহমুদ জানান, অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে।

    আগামী ১০ জুলাই বিকেলে প্রধানমন্ত্রী চী‌নের প্রেসি‌ডেন্টর স‌ঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ব‌লেও জানান হাছান মাহমুদ। এছাড়া, সরকারপ্রধান বেইজিং সফ‌রের সময় বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ চীনা ভাষায় অনূদীত বইটির মোড়ক উন্মোচন কর‌বেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য, আর্থিক সহায়তা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ চীনের সহায়তা কামনা করবে। একইসঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন প্রদান করে যাবে।

    আগামী ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীন থে‌কে ঢাকার উদ্দেশে রওনা হ‌বেন।

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্রসচিবসহ অন্যান্য সচিব ও সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা চীনে যাবেন।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৪ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই মানব সম্পদ থেকে দুই দেশই উপকৃত হচ্ছে।

    এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেন, এটা সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে।

    আজ বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে বাংলাদেশে এই সৌজন্য সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়।

    পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

    বৈঠকে ওমানের রাষ্ট্রদূত বলেন, ওমান দীর্ঘ সময় ধরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

    সার আমদানি বিষয়ে রাষ্ট্রদূত বলেন, সরকারের সঙ্গে সরকার (জিটুজি) চুক্তির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার এই প্রস্তাব যাচাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হলে ভালো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৪ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) গণভবনে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্টিয়াগা ওচোয়া ডি শিঞ্চেত্রু।

    রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

    প্রধানমন্ত্রী ও স্পেনের রাষ্ট্রদূত দুদেশের অভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বৈঠকে আলোচনা হয়।

    আন্তর্জাতিক অংগনে দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয় উক্ত সাক্ষাতে।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    আজ রবিবার (২৩ জুন) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

    প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

    প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

  • দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন প্রধানমন্ত্রী

    দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জুন, ২০২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লির গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে নতুন সরকার গঠনের পর এটিই কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হবে।

    আজ শুক্রবার (২১ জুন) দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

    প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বিকেল সোয়া ৪টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কির্তি বর্ধন সিং।

    টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

    এর আগে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৯ জুন বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। ১৫ দিনের কম সময়ের মধ্যে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর।

    দ্বিপক্ষীয় এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।

    নয়াদিল্লি সময় বিকেল ৪টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (পালাম) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ভারত সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ও নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান স্বাগত জানাবেন।

    সফরের প্রথম দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল হোটেল তাজ প্যালেসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

    আগামীকাল শনিবার (২২ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে।

    এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যাবেন। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি হায়দ্রাবাদ হাউসে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

    বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতি দেবেন। পরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা তার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অংশ নেবেন।

    বিকেলে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখার কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন।

    নয়াদিল্লি সময় বিকেল ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ সময় রাত ৯টায় ঢাকা পৌঁছাবেন।