Tag: গাজা

  • ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই সাংবাদিক নিহত

    ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই সাংবাদিক নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ আগস্ট, ২০২৪: ফিলিস্তিনের গাজায় দায়িত্ব পলনকালে ইসরায়েলি বিমান হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন আল-জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাপারসন রামি আল-রিফি।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার গাজা সিটির পশ্চিম দিকে শাতি শরণার্থী শিবিরে ওই দুই সাংবাদিকের গাড়িতে হামলা হয়। এতে তারা নিহত হন।

    সদ্য নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। হানিয়া হামাসের রাজনৈতিক নেতা। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন। গোষ্ঠীটির দাবি এ হামলা চালিয়েছে ইসরায়েল।

    আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ গাজা থেকে জানান, তার দুই সহকর্মীর মরদেহ হাসপাতালে নেওয়ার সময় তিনি সেখানে ছিলেন।

    তিনি বলেন, নিহত সাংবাদিক ইসমাই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কষ্ট এবং আহতদের দুঃখ-কষ্টের কথা জানাচ্ছিলেন। পাশাপাশি তিনি গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলি দখলদারত্বের চালানো তাণ্ডব নিয়েও খবর দিচ্ছিলেন। আনাস আল-শরীফ বলেন, আসলে যা ঘটেছে তা বলার ভাষা নেই।

    হামলার সময় ইসমাইল ও রামি- দুজনই মিডিয়া পোশাক পরিহিত ছিলেন। তাদের গাড়িতেও শনাক্তকরণ চিহ্ন ছিল। হামলার ১৫ মিনিট আগেই তারা নিউজ ডেস্কে যোগাযোগ করেছিলেন।

    সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১১ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। অবশ্য গাজার গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ১৬৫।

  • গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলা হ্যারিসের

    গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান কমলা হ্যারিসের

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ জুলাই, ২০২৪: গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী। নেতানিয়াহুর সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠকে তিনি বলেন, এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে।

    প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কঠোর সুরে তিনি গাজায় হতাহতের বিষয়ে তার ‘গুরুতর উদ্বেগ’ স্পষ্ট করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এ সময় দ্বি-রাষ্ট্র সমাধানের পথের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

    তবে ইসরায়েলের প্রতি অটুট প্রতিশ্রুতির কথাও উল্লেখ করে হ্যারিস বলেন, নিজেকে রক্ষার অধিকার আছে ইসরায়েলের তবে সেটা তারা কীভাবে করে এটাই হলো ব্যাপার। এ সময় তিনি গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি উল্লেখ করেন, গত ৭ অক্টোবর এই সংঘাতের শুরু হয়। সেইসময় হামাসের হামলায় নিহত হয় ১২০০ ইসরায়েলি এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। আর গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে ৩৯ হাজারের বেশি মানুষ নিহত হন।

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি এনিয়ে নীরব থাকব না।

    নেতানিয়াহুকে হ্যারিস বলেন, আসুন আমরা চুক্তিটি সম্পন্ন করি যাতে আমরা যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতিতে যেতে পারি। আসুন আমরা জিম্মিদের বাড়িতে নিয়ে আসি এবং ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আসার ব্যবস্থা করি।

    বৃহস্পতিবার বাইডেনের সঙ্গেও দেখা করেছেন নেতানিয়াহু। গত রবিবার তার পুনঃনির্বাচন প্রচার থেকে পদত্যাগ করেছেন বাইডেন। শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেতানিয়াহুর।

    ইসরায়েল-গাজা যুদ্ধ এখন নবম মাসে। অচিরেই এই যুদ্ধ শেষ করতে এখন দেশে ও বিদেশে চাপের মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

    এদিকে গাজায় বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। এমন অবস্থায় যুদ্ধাপরাধী হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একইসঙ্গে নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণের সুযোগ দেওয়ারও সমালোচনা করেছে গোষ্ঠীটি।

  • গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৬ জন

    গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৬ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ জুলাই, ২০২৪: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত চলছে ইসরায়েলি হামলা। এবার একটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ডজন খানেক মানুষ। বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

    হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের ওই ভবনটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

    গাজায় জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। জানাযায় জাতিসংঘ-পরিচালিত এই স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

    ফিলিস্তিনি অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে চালানো ওই হামলায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক, শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিন্দাও জানিয়েছেন তারা।

    জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ উদ্বাস্তুদের জন্য আশ্রয়শিবির হিসেবে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলটি পরিচালনা করতো। ইসরাইয়েলি দখলদার বাহিনী এর আগেও স্কুলে পরিচালিত একাধিক আশ্রয়শিবির হামলা চালিয়ে।

    গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৯৮ নিহত এবং ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

    ধ্বংস হয়েছে বহু স্থাপনা। হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয় ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি। গাজায় দেখা দিয়েছে ওষুধ ও খাদ্য সংকট।

  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭৬৫৮ ফিলিস্তিনি

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭৬৫৮ ফিলিস্তিনি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ জুন, ২০২৪: গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি হামলা। এই হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ-সংঘাতে সেখানে খাবার এবং পানির তীব্র সংকট তৈরি হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৬৫৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ২৩৭ জন।

    আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির একটি জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র এবং খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। হামলার পর একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

    দীর্ঘদিন ইসরায়েলি আগ্রাসনে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। সেখানে ৪ লাখ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি বাহিনী ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ি অপেক্ষা করছে অন্যদিকে তীব্র ক্ষুধায় ছটফট করছে গাজার ছোট ছোট শিশু, নারী, পুরুষ এবং বয়স্ক লোকজন।

    সেখানে সংঘাত শুরুর পর কয়েকবার মাত্র ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। বাইরে থেকে কোনো সহায়তা না পাওয়ায় এবং ক্রমাগত হামলা চলতে থাকায় গাজায় ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। ছোট ছোট শিশুরা খাবারের অভাবে এবং তীব্র পুষ্টিহীনতায় মারা যাচ্ছে। একদিকে দফায় দফায় বোমা হামলা অন্যদিকে খাদ্য সংকট, বাসস্থানের সংকট, একটু মাথা গোজার নিরাপদ আশ্রয়ের অভাব সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। কবে এই পরিস্থিতি ঠিক হবে সেটাও কারও জানা নেই।

    ত্রাণসামগ্রী নিতে যাওয়া লোকজনের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী গাড়ি, বিভিন্ন ত্রাণ সংস্থাও হামলার শিকার হচ্ছে।

    ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে অপেক্ষায় থাকার পরেও শিশুরা অপুষ্টি এবং পানিশূন্যতায় মারা যাচ্ছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তায়ও পৌঁছানো সম্ভব হচ্ছে না।

  • ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০১ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ১০১ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ জুন, ২০২৪: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ৫৫০। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৬ হাজার ফিলিস্তিনি।

    শনিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, আট মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৫১ জনে পৌঁছেছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ৮৫ হাজার ৯১১ জন অন্যান্য লোকও আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

    শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ১০১ জন নিহত এবং আরও ১৬৯ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলার কারণে অনেক লোক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

    মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানের সামনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে মধ্য বয়স্ক এক ব্যক্তিকে। এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় আহত ফিলিস্তিনি ব্যক্তিকে তাদের গাড়ির সামনে বেঁধে নিয়ে গিয়ে প্রোটোকল লঙ্ঘন করেছে।

    ঘটনাটির ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেটি নিশ্চিত করে।

  • গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯ জন

    গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ জুন, ২০২৪: ইসরায়েলি হামলায় এবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজার একটি স্কুল ভবনে জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে যুদ্ধবিমান থেকে হামালা চালানো হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গোয়েন্দাতথ্যের ভিত্তিতে তারা হামাসের একটি কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে ‘বেশ কিছু সন্ত্রাসী’ কে নির্মূল করেছে যারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল।

    ইসরায়েল বলছে, ‘হামাসের সন্ত্রাসী’রা স্কুলটিকে ব্যবহার করে তাদের ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালিয়ে আসছিল। তারা বলছে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এই হামলার আগে এরিয়াল সার্ভিলেন্স এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে।

    আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩৯ নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে, আহতদের এখনও হাসপাতালে আনা হচ্ছে, ফলে হতাহতে সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

    গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে আসছে। এত প্রায় ৩৭ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই অবস্থায় বিশ্বের শান্তিকামী দেশগুলো যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। বিষয়টি বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

  • ইসরায়েলি হামলায় গাজায় ১০ হাজারের বেশি নারী নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ১০ হাজারের বেশি নারী নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ মে, ২০২৪: ইসরায়েল গত সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় নারী এবং কিশোরীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী সংস্থার প্রধান। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহাউস এ কথা জানান।

    সিমা বাহাউস বলেন, “গাজায় গত সাত মাস ধরে চলা সংঘাতে ১০ হাজারের বেশি নারী প্রাণ হারিয়েছেন। রাফা শহরের নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা বিভিন্ন স্থানেও হামলা চালানো হচ্ছে। সেখানে একটি ছোট তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় বহু নারী ও শিশু নিহত হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।”

    মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বাহাউস বলেন, এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে কারণ নারী, তরুণী ও কিশোরী মেয়েরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    গাজায় আর কোনো স্থানই এখন নিরাপদ বলা যাচ্ছে না। যেসব এলাকা নিরাপদ ভেবে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে। রাফার পশ্চিমাঞ্চলে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই নারী এবং কিশোরী।

    গত কয়েকদিন ধরেই রাফার বিভিন্ন স্থানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এদিকে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে রাফায় বিমান হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আফ্রিকার দেশ আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের তাণ্ডবে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

    গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮১ হাজার ১৩৬ জন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯। এছাড়া আরও বেশ কয়েকজনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

    এদিকে ফিলিস্তিনকে একটি রাষ্ট্রের মর্যাদা দিয়ে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দিচ্ছে। যুদ্ধ বন্ধের আহ্বান করেছে বিশ্বের শান্তিকামি রাষ্ট্রগুলো। তার পরেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। বিষয়টি অবশ্যই উদ্বেগের।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩৫ হাজার ৫৬২ জন ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ৩৫ হাজার ৫৬২ জন ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ মে, ২০২৪: গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে কিছু ইসরায়েলি সেনা নিহত হয়। এর পর থেকেই এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ-সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৫৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬৫২ জন।

    জাতিসংঘের মানবিক কার্যালয় বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত দুই সপ্তাহে গাজার জনসংখ্যার ৪০ শতাংশ বা ৯ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া ও বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত কয়েক ঘণ্টায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

    এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ও ব্রিটিশ আইনজীবী করিম খান। অবশ্য ওই দুজন ছাড়া হামাসের তিন নেতার বিরুদ্ধেও একই আবেদন করেছেন করিম।

    হামাসের যে তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে, তারা হলেন- ইয়াহিয়া সিনওয়ার, আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া।

    করিম খান বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে, তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। নেতানিয়াহুর পাশাপাশি হামাসের কয়েকজন নেতাও এর জন্য দায়ী।

    নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এই আবেদনের রায় আসতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লেগে যেতে পারে। আইসিসি গত তিন বছর ধরে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত করছেন। সাম্প্রতিক সময়ে হামাসের কর্মকাণ্ডও তদন্ত করেছেন এই আদালত।

    আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে প্রধান প্রসিকিউটর করিম খানের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর বাইডেন দেশটির পক্ষ নিয়ে কথা বলেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকানদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, আমাকে স্পষ্ট করে বলতে দিন, আইসিসিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩৫১৭৩ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ৩৫১৭৩ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ মে, ২০২৪: সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। এই হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬১ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ২৪ ঘণ্টায় ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও ২৩৪ ফিলিস্তিনি। এদিকে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বেশ কিছু মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

    গাজায় বেসামরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক কর্মকর্তা।

    এদিকে রাফায় জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেস। একই সঙ্গে তিনি এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

    অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৯০ জনের বেশি কর্মী প্রাণ হারিয়েছেন।

    ইসরায়েলের সামরিক বাহিনী রাফার কুয়েতি হাসপাতালের কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্থবির হয়ে পড়বে। কারণ বেশিরভাগ হাসপাতালই জ্বালানির অভাবে তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হচ্ছে।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে

    ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ মার্চ, ২০২৪: প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। সেখানে বিপুল প্রাণহানির পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট।বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে গাজায় লাশের সারি যেন থামছেই না। প্রতিদিনই সেখানে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে ১৫ জন নিহত হয়েছে। সেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

    আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরেও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা এবং যুদ্ধবিমান পাঠাচ্ছে। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ২৬ কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য রয়েছেন যারা চিকিৎসা সেবা দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ৯২ জন।

    এর আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানায়। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।

    এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, একটি হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

    এদিকে ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয়। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালাবে ইসরায়েল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমেই তাদের মুক্ত করা সম্ভব। তাছাড়া রাফায় সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজা ও খান ইউনিস জয় করেছি।

    অপরদিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে আরও দুইটি ইস্যু জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। সেখানে মৌলিক সেবা ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস হামলা চালানোর পর থেকে গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে, সে বিষয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।