Category: লিড নিউজ

  • এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মে, ২০২৪: এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আজ বুধবার সকালে ভারতীয় পুলিশ আমাদেরকে জানিয়েছেন এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ভারতীয় পুলিশ যে তথ্য আমাদেরকে দিয়েছিলেন সে তথ্যনুযায়ী বাংলাদেশ পুলিশ তিনজন অপরাধীকে ধরেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে।”

    আজ বুধবার (২২ মে) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী

    ঝিনাইদহ সন্ত্রাসপূর্ণ সীমান্ত এলাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আনার সাহেব এবারও সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি ভারতে যাওয়ার পরে এ ঘটনাটি ঘটে। বাংলাদেশ পুলিশ এ নিয়ে কাজ করছে, শিগগির খুনের মোটিভ নিয়ে জানাতে পারবো। ভারতীয় পুলিশ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে।”

    এ বিষয়ে যা যা করা দরকার আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    আনোয়ারুল আজীম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মরদেহ আমাদের হাতে এখনো আসেনি। দুই দেশের পুলিশ কাজ করছে। আমাদের কাছে যে তথ্য আছে সবগুলো প্রকাশ করছি না। তদন্তের স্বার্থে এখন আমরা অনেক কিছুই বলবো না। কোথায় খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তদন্ত শেষে সবকিছু জানানো হবে।”

    তিনি বলেন, “ভারতীয় পুলিশ জানিয়েছে, এমপি আনার খুন হয়েছেন এটি নিশ্চিত। খুনের পেছনে কী কারণ তা পরে জানাবো।”

  • প্রেসিডেন্ট রাইসি’র জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

    প্রেসিডেন্ট রাইসি’র জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ মে, ২০২৪: গত রবিবার (১৯ মে) হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীরা। আজ বুধবার (২২ মে) তাঁদের জানাজায় অংশ নিয়েছে ১০ লক্ষাধিক জনতা। এ জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি।

    আজ বুধবার (২২ মে) সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে ইব্রাহিম রাইসিসহ দুর্ঘটনায় নিহত আটজনের মরদেহের কফিন নিয়ে আসা হয়। এর আগে মঙ্গলবার, তাবরিজ, কোম এবং তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।

    জানাজায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং লেবানিজ হিজবুল্লাহ প্রতিরোধের ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেমসহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অক্ষের নেতারা। এছাড়া বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরা জানাজায় অংশ নেন।

    এই সময় তেহরান ইউনিভার্সিটি থেকে আজাদি স্কয়ার পর্যন্ত লাখ লাখ জনতার ঢল নামে। এর আগে প্রেসিডেন্ট রাইসি এবং তার সহযোগীদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গভীর রাতে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় একটি শোক অনুষ্ঠানে জনস্রোত নেমেছিল।  খবর প্রেস টিভি।

    গত সোমবার (২০ মে) সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দুজন ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন সেই হেলিকপ্টারের আরোহী ছিলেন।

    রাইসির প্রতিকৃতি হাতে নিয়ে হাজার হাজার মানুষ এই নগরীর কেন্দ্রস্থলে এবং তেহরান বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে জড়ো হয়েছেন।

    রাইসি’র হেলিকপ্টারটি আজারবাইজানের সাথে লাগোয়া সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়ার পর তাবরিজ শহরে যাওয়ার পথে ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে রবিবার বিধ্বস্ত হয়।

    তুরস্ক, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সেখানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে তাদের খুঁজে বের করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার ভোরে রাইসি’র মৃত্যুর ঘোষণা দেয়।

    রাইসি’র বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির স্থলাভিষিক্ত হবেন বলে ব্যাপকভাবে আশা করা হয়েছিল।

    রাজধানীতে প্রয়াত এই প্রেসিডেন্টকে ‘সেবার শহীদ’ হিসেবে সম্বোধন করে বিশাল ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।

  • এপ্রিল মাসে সড়ক, রেল ও নৌ পথে ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত হয়েছে

    এপ্রিল মাসে সড়ক, রেল ও নৌ পথে ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত হয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মে, ২০২৪: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে জানানো হয়, বিদায়ী এপ্রিল মাসে দেশের গণমাধ্যমে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত এবং ২ হাজার ৪৭২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

    এর মধ্যে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ৩৬ জন আহত; নৌ পথে ছয়টি দুর্ঘটনায় আটজন নিহত, ১০ জন আহত ও একজন নিখোঁজসহ ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত এবং ২ হাজার ৪২৬ জন আহত হন।

    আজ বুধবার (২২ মে) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিংয়ের পাশাপাশি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) সড়ক দুর্ঘটনায় আহত ১ হাজার ৩১৬ জনের মধ্যে যাচাই বাছাই করে ১ হাজার ৯৬ জন আহত রোগীর তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে।

    এই সময়ে ৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে- ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৭৯ জন নিহত ও ৩০৫ জন আহত। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে- ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬৯ জন চালক, ৬৩ জন পথচারী, ৫৮ জন পরিবহন শ্রমিক, ৪৬ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক, ১১৯ জন নারী, ৬৭ জন শিশু, তিনজন সাংবাদিক, দুইজন চিকিৎসক, একজন আইনজীবী, তিনজন প্রকৌশলী এবং আটজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। তাদের মধ্যে নিহত হয়েছেন- একজন পুলিশ সদস্য, তিনজন সেনাবাহিনী সদস্য, একজন সাংবাদিক, দুইজন চিকিৎসক, ১২৩ জন বিভিন্ন পরিবহনের চালক, ৫৮ জন পথচারী, ৯৩ জন নারী, ৪৯ জন শিশু, ৩৬ জন শিক্ষার্থী, ৩৩ জন পরিবহন শ্রমিক, ছয়জন শিক্ষক, তিনজন প্রকৌশলী ও আটজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

    এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৯৮৮টি যানবাহনের পরিচয় মিলেছে। তাতে দেখা যায়, ৩৪ দশমিক ৭১ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৬১ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ দশমিক ৪৮ শতাংশ বাস, ১৩ দশমিক ১৫ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫ দশমিক ৯৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৬ দশমিক ৭৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ২৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

     

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণসমূহ হলো-

    ১. দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল

    ২. জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ঈদে যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে এসব জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চালানো

    ৩. জাতীয়, আঞ্চলিক ও ফিডার রোডে টার্নিং চিহ্ন না থাকার ফলে নতুন চালকের এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছেন

    ৪. মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা

    ৫. উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন

    ৬. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো।

  • গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন: ধর্মমন্ত্রী

    গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন: ধর্মমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মে, ২০২৪: গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন, বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।তিনি বলেন, “গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। বুদ্ধ বাণীতে অহিংসতার বাণীকে আমরা সবসময় দেখতে পাই। তিনি পৃথিবীকে সুখ ও শান্তিময় করতে কাজ করেছেন। পৃথিবীর সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করার কথা বলেছেন।”

    আজ বুধবার (২২ মে) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ২৫৬৭ বুদ্ধ বর্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

    ধর্মমন্ত্রী বলেন, “আমাদের সংবিধানেও বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে গেছেন। তার বিপরীতে গিয়ে আমাদের কিছু করার কোনো সুযোগ নেই।”

    তিনি বলেন, “বিগত ১৫ বছরে বাংলাদেশের অসামান্য উন্নয়ন হয়েছে। দশ বছর আগেও বিদেশ গেলে চিন্তা করতাম আমাদের বাংলাদেশ কোথায়।”

    গোতম বুদ্ধের অহিংস বাণী থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে শান্তিময় রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, “গৌতম বুদ্ধের শান্তি ও অহিংসার বাণী সারা বিশ্বের সব মানুষের জন্য প্রযোজ্য। শুধু তাই নয় বরং এটি পৃথিবীর সকল প্রাণীর জন্যও প্রযোজ্য। বাংলাদেশে বিভক্তির রাজনীতির বিপক্ষে সব ধর্মের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ দেশের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।”

    শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনের অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জিসহ অন্যরা।

  • যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে

    যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ মে, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের প্রথমটিতে যুক্তরাষ্ট্র ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোন ফরম্যাটে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই জয়ের ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে প্রিইরে স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। পরে ওই রান তাড়া করতে নেমে তিন বল আগেই জয় পায় যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারন হিসেবে এই পরাজয় আসতে পারে। তবে পরবর্তিতে ভালো করবে বলে আশা ক্রিকেট প্রেমিকদের।

    টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ ম্যাচে আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে। খুব এখটা ভালো করতে পারেনি ব্যাটসম্যান। ১ চার ও সমান ছক্কায় ১৫ বলে ১৪ রান করেন জাসদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৩৪ রানের উদ্বোধনী জুটি ছিল তার।

    দুই ওপেনার অবশ্য ফিরে যান স্রেফ চার বলের ব্যবধানে। ৩ চারে ১৩ বলে ২০ রান করে বাউন্ডারি লাইনের কাছাকাছি মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    শান্তও ব্যর্থ হন। ১১ বল খেলে স্রেফ ৩ রান করে স্টিভেন টেলরের বলেই স্টাম্পিং হন তিনি। শুরুতে ধরে খেলার চেষ্টা করা সাকিব আল হাসানও বড় রান করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে রান আউটের শিকার হন তিনি। ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা দারুণ করে বাংলাদেশ।

    এর কৃতিত্ব তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের। ৪৭ বলে ৬৭ রানের জুটি গড়েন তারা। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। হৃদয়ের থেকে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।

    রান তাড়ায় নেমে ২৭ রানের উদ্বোধনী জুটির দেখা পায় যুক্তরাষ্ট্র। দুই ওপেনারের মধ্যে মোনাঙ্ক প্যাটেল ১২ বলে ১০ ও স্টিভেন টেলর ২৯ বলে ২৮ রান করেন। তিনে খেলতে নামা আন্দ্রিয়েস গুস ১৮ বলে ২৩ রান করেন।

    এরপর অ্যারন জোন্স ও নিতিশ কুমারও রান করতে পারেননি। তবে দলটির হয়ে হাল ধরেন করি অ্যান্ডারসন ও হারমিত সিং। একপ্রান্ত আগলে থাকা কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হওয়া তার সঙ্গী হারমিত ১৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৩ রানের ঝড় তোলেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা দুজন।

    মোস্তাফিজ ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪১ রান। শেষ দুই ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ২৪। ১৯তম ওভারে মোস্তাফিজ ১৫ রান দিলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। শরিফুল ৪ ওভারে ৩১ রানে একটি, রিশাদ ২ ওভারে ১৬ রানে নেন দুটি উইকেট। সাকিব ৩ ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

    ম্যাচ সেরা হয়েছেন হারমিত।

    বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার।

  • উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে তেমন কোনো সহিংসতা ঘটেনি: সিইসি

    উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে তেমন কোনো সহিংসতা ঘটেনি: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মে, ২০২৪: উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে তেমন কোনো সহিংসতা ঘটেনি, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “আজ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারা দেশে ১৫৬ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়েছে ১৩২ উপজেলায় এবং ইভিএম মেশিনে ভোট হয়েছে ২৪ উপজেলায়। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে দু-এক জায়গায় হাতাহাতি হয়েছে। এসব ঘটনায় এক থেকে দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু নির্বাচনকে ঘিরে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন মোটামুটি ভালো এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।”

    আজ মঙ্গলবার (২১ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    সিইসি বলেন, “ভোটার উপস্থিতির হার ৩০ শতাংশের উপর হতে পারে। সঠিক এবং নির্ভুল তথ্য আগামীকাল পাবেন। তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন খুব তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ছিল। এর মধ্যেও কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মী আহত হওয়ার খবর আমরা শুনেছি। বিভিন্ন অনিয়মে যখন তারা সাহস করে ছবি তুলতে গিয়েছেন তখন হেনস্থার শিকার হতে হয়েছে। তবে সঠিক তথ্য এখনো পাইনি। বিচ্ছিন্ন হাতাহাতির কারণে ৩৩ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে এক থেকে দুজনের অবস্থা গুরুতর হতে পারে।”

    তিনি বলেন, “গতকাল (সোমবার) রাতে একটি ঘটনায় একজনের হাত কেটেছে। সেটা আমি স্বচক্ষে দেখেছি, বেশ গুরুতর আঘাত। তবে আজ আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে তারা ব্যবস্থা নিয়েছেন। এ পর্যন্ত মোট আটক করা হয়েছে ২৫ জনকে। অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার কারণে ১০ জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

    ভোটকেন্দ্রে একজন সাধারণ ভোটার এবং একজন আনসার সদস্য মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে সিইসি বলেন, “দুজন নিহত হয়েছেন। তবে সেটি ভোটকেন্দ্রের সহিংসতাকে কেন্দ্র করে নয়। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি।”

    সিইসি আরও বলেন, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজশাহী, রাজবাড়ী, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ফরিদপুর, কুমিল্লা, পটুয়াখালী, নেত্রকোণা, জামালপুরসহ অধিকাংশ জেলার উপজেলায় সারাদিন ভোটার উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

  • আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন আরও ২০ হাজার গৃহহীন মানুষ

    আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন আরও ২০ হাজার গৃহহীন মানুষ

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মে, ২০২৪: আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম ধাপে ঘর পাচ্ছেন আরও ২০ হাজার ভূমি ও গৃহহীন মানুষ। আগামী জুনে একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম ধাপে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

    আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে ঘর বরাদ্দ প্রদান উপলক্ষ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে, এর ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে সম্পন্ন করার নীতিগত অনুমোদন অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে সভাপতিত্ব করেন।

    বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ-এর সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫২০ জন গৃহহীন ও ভূমিহীনকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। পঞ্চম পর্যায়ের অবশিষ্ট আরও ২০ হাজার ভূমিহীনকে ঘর বরাদ্দ দেয়া হবে।ঘরগুলো ইতোমধ্যে হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।”

    কবে নাগাদ এই ঘরগুলো হস্তান্তর করা হবে এমন প্রশ্নের জবাবে সমন্বয় ও সংস্কার সচিব জানান, প্রধামন্ত্রী বরাবর প্রেরিত সুপারিশে সম্ভাব্য সময় হিসেবে জুন মাসের কথা প্রস্তাব হয়েছে । তবে কোন তারিখ নির্ধারণ করা হয়নি। প্রধামন্ত্রী ওনার সুবিধামত সময় দেবেন।

  • ডলারের দাম বাড়লেও পণ্যের দাম একই পর্যায় রাখবো: বাণিজ্য প্রতিমন্ত্রী

    ডলারের দাম বাড়লেও পণ্যের দাম একই পর্যায় রাখবো: বাণিজ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ২১ মে, ২০২৪: ডলারের দাম বাড়লেও পণ্যের দাম একই পর্যায় রাখবো, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসমাল টিটু।তিনি বলেন, “আমদানিনির্ভর পণ্য বিশেষ করে ভোজ্যতেলের কোনো অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করবো না। আশ করছি উৎপাদনকারী ও আমদানিকারক যারা আছেন, ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না। পুরোনো মূল্যেই তারা সরবরাহ করতে পারবেন। ডলারের দাম বাড়লেও ভোক্তাদের সুবিধার্থে পণ্যের দাম একই পর্যায় রাখবো।”

    আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

    ডলারের দাম বাড়ায় আমদানিনির্ভর পণ্যের দামও বাড়বে, এতে ভোক্তাদের ওপর চাপ বাড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, ডলারের অ্যাডজাস্টমেন্টটা হলো ১০ টাকা থেকে ১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।”

    তিনি আরও বলেন, “আমদানিকারকরা তখনই অভিযোগ করছিলেন যে ব্যাংক থেকে তারা সরকারি নির্দিষ্ট রেটে ডলার পাচ্ছিলেন না, তারা তখনই ১২০ টাকা, ১২২ টাকা, একেকজন একেকভাবে প্রাইভেটলি সেটলড (নিষ্পত্তি) করছিলেন।”

    বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “এখন সরকার সমন্বয় করার কারণে সরকারি রেটেই তারা আমদানি করতে পারবেন। কাজেই আমদানিনির্ভর পণ্য বিশেষ করে ভোজ্যতেলের কোনো অ্যাজাস্টমেন্ট (সমন্বয়) করবো না।”

    তিনি আরও বলেন, “আগে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, ঈদের আগ পর্যন্ত নতুন কোনো দাম নির্ধারণ করা হবে না। পুরোনো দামেই তারা সরবরাহ করতে পারবেন।”

    ঈদের পরে দাম বাড়তে পারে এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “এটা একটা আন্তর্জাতিক পণ্য। কোথায় যুদ্ধ হবে, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না। তবে এই মুহূর্তে নতুন করে মূল্যা নির্ধারণের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যদি আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করবো।”

    বাজার মনিটরিংয়ে কী কোনো অবহেলা করা হয়েছে, যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মন্ত্রিসভার বৈঠকে নতুন করে নির্দেশনা দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “রমজানের আগে-পরে আমরা বাজার স্থিতিশীল রাখতে তৎপর ছিলাম। নতুন সরকার আসার পরে সময়টা কম ছিল, জোরটা অনেক বেশি ছিল, বাজারে যাতে কোনোভাবে খাদ্যের কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট না হয়।”

    তিনি বলেন, “রমজানের পর বাজার স্থিতিশীল ছিল। সামনে আবার কোরবানির ঈদ। ঈদ এলে আমাদের দেশের কিছু লোক আছে, যারা সুযোগ সন্ধানী, সরবরাহ ঠিক থাকার পরও জিনিসপত্রের দাম দুয়েক জায়গায় বেড়ে যায়। সেই লক্ষ্যে গত রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, প্রধানমন্ত্রী আমাকে আবারও সেটা করতে বলেছেন। ঈদে যাতে ভোক্তারা কোনো অসুবিধায় না পড়েন, ন্যায্যমূল্যে জিনিসপত্র পান, সেজন্য দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা আমাদের কাজের জন্য সহায়ক হয়েছে, কাজে গতি পাবে।”

    তিনি আরও বলেন, “মনিটরিং আবার সচল করবো, যেন ঈদ সামনে রেখে বাজার থেকে কেউ সুযোগ-সুবিধা নিতে না পারেন। এটা নিয়মিত মনিটরিং। একটা স্বাভাবিক গতিতে কার্যক্রম চলে, আরেকটি বিভিন্ন পরিস্থিতিতে রমজানে, ঈদে আমাদের বিশেষ ব্যবস্থা থাকে। আমাদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী আমাদের মনে করিয়ে দিয়েছেন। তাহলে আমাদের কার্যক্রম জোরদার হবে, দৃশ্যমান হবে।”

    প্রতিমন্ত্রী বলেন, “আমরা বাণিজ্য মন্ত্রণালয় কোনো উৎপাদন কিংবা সরবরাহ করি না। আমরা মোটামুটি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে তাদের কাছ থেকে সরবরাহ পেয়ে ভোক্তাদের কাছে নিশ্চিত করি। তাদের নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ যেহেতু খাদ্য ও কৃষিমন্ত্রী ছিলেন না, তাই ঈদের আগে আরেকবার বসবো। সেখানে খাদ্য ও কৃষিপণ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ে নির্দেশনা দেবো।”

  • রাইসির মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে

    রাইসির মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মে, ২০২৪: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

    আজ মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী ২৩ মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

    এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    একই সঙ্গে বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের প্রথম জানাজার আয়োজন শুরু হয়েছে দেশটির তাবরিজ শহরে। এতে অংশ নিতে মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে।

    বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব তেহরানে। ওইদিন বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে।

    এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজাভি খোরাসান প্রদেশে। এটিই হবে ইব্রাহিম রাইসির শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

  • দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি: পররাষ্ট্রমন্ত্রী

    দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ মে, ২০২৪: দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছেন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি।”

    আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স-এ তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছিল সেটি হচ্ছে থ্রি সি ভিসা পলিসি যেটি ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অব দ্য ইউএস। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ৭০৩১ (সি) অব দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশনস, অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস এপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের অধীনে। যে ভিসানীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি। অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

    নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ সরকারকে আগে জানানো হয়েছে কি না, জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, “আমাদের যুক্তরাষ্ট্র মিশনকে আগে জানানো হয়েছিল। অর্থাৎ এটি ঘোষণার আগে জানানো হয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাঙ্গেজমেন্টের মধ্যে আছি। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্নীতি দমন, সন্ত্রাস দমন এবং অন্যান্য ক্ষেত্রে মানবপাচার, সন্ত্রাস দমনে একযোগে কাজ করছি। দুর্নীতি দমনের ক্ষেত্রেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।”

    এ বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “দেখুন এটি আর্মির বিষয়। সেনাবাহিনীর বিষয় যেহেতু তাই এখন এ বিষয়ে কিছু বলতে চাই না। যেহেতু তিনি সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়।”