Category: লিড নিউজ

  • বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের গভীর সম্পর্ক রয়েছে: সেতুমন্ত্রী

    বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের গভীর সম্পর্ক রয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩ জুন, ২০২৪: বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের গভীর সম্পর্ক রয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে। যে কারণে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে”।

    আজ সোমবার (৩ জুন) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

    বিবৃতিতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতাবিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।

    বিবৃতিতে সেতুমন্ত্র বলেন, “স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে”।

    বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থি। রাজনীতির এ ধারা বার বার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে”।

    বিবৃতিতে তিনি আরও বলেন, “একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ত্রিশ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনাবিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে”।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শবিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি— ভবিষ্যতেও দেবে না”।

  • বেনজীরের দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

    বেনজীরের দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ জুন, ২০২৪: বেনজীরের (পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ) দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারো ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয়, না কি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন”।

    আজ সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বেনজীর আহমেদকে ৬ জুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। কিন্তু তিনি তার এক মাস আগেই দেশ থেকে চলে যান”।

    বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বলে অভিযোগ করছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। সরকারের কোনো হাত না থাকায় দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে উঠে এসেছে বিষয়গুলো। আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ”।

    জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, “ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। কোনো তথ্য-উপাত্তের ভিত্তিতে সেই প্রতিবেদন তৈরি করা হয়নি। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন করা হয়েছে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করতে”।

    মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১ মে পর্যন্ত যে ডেডলাইন ছিল, সেটা যেন বর্ধিত করা হয়, সে বিষয়ে আলোচনা চলছে”।

    তিনি আরও বলেন, “এ ক্ষেত্রে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি, মালয়েশিয়া যে ডেডলাইন ইমপোজ করেছে, সেটি যেন আরও কিছুদিন বাড়ানো হয়”।

  • এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য: মেয়র আতিক

    এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ৩ জুন, ২০২৪: এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একটি বাসাও ঢাকায় নেই। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমার বাসা লাগবে না। আমার বাসা আছে গোপালগঞ্জে। এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য”।

    আজ সোমবার (০৩ জুন) রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সেখানে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ডিএনসিসি এলাকায় স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

    আতিকুল ইসলাম বলেন, “দেশ ও শহরকে ভালোবাসার মানুষ দিনদিন কমে যাচ্ছে । আমরা শুধু নিজেদের চিন্তা করি, কিন্তু আমাদের কি হবে সেটা কেউ চিন্তা করি না। আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে শুধু নিজেদের না, আমাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চিন্তা করেননি আমার। উনি চিন্তা করেছেন আমাদের। তাই আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি”।

    আতিকুল বলেন, “আজকে বিডি ক্লিনের অষ্টম জন্মদিন। এই আট বছরে ৫৭টি জেলায় ও ১৫৭টি উপজেলায় ৪৬ হাজার সদস্য আছে। আমার মনে হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা জন্য এর থেকে বড় অর্গানাইজেশন আর কারও নেই। আমার সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অনেক দিনের পরিচয়।”

    করোনাকালের কথা উল্লেখ করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বিষয়ে মেয়র বলেন, “করোনাকালে যখন বাবা-মা তাদের সন্তানকে ঘর থেকে বের হতে দিচ্ছিলেন না, তখন বিডি ক্লিনের সদস্যরা আমার সঙ্গে কাজ করেছেন। করোনার ঝুঁকি মাথায় নিয়ে তারা আমার সঙ্গে ৩ মাস কাজ করেছেন। একটি টাকাও বিডি ক্লিন আমার কাছ থেকে নেয়নি। জীবন বাজি রেখে, টাকার কাছে মাথা নত না করে তারা করোনাকালে চলে আসছে কাজ করার জন্য। সেই সময়টায় তারা খাবার প্যাকেট করেছে; বাড়ি-বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছে। এভাবেই কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী এই সংগঠন বিডি ক্লিন”।

  • ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ

    ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩ জুন, ২০২৪: সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে আসন্ন কোরবানির ঈদে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার। এবার ঢাকার মধ্যে গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা।

    আজ সোমবার (৩ জুন) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে চামড়ার নতুন মূল্য ঘোষণা করা হয়।

    গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকায় প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার টাকা।

    বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, এবারের ঈদে খাসির চামড়ার ক্রয়মূল‍্য প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল‍্য প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    গত বছর ঢাকার মধ্যে কোরবানি গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয় ৪৫ থেকে ৪৮ টাকা। আর খাসির চামড়ার ক্রয়মূল‍্য নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল‍্য নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা।

    বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, “চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। অতিরিক্ত গরমে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এ বছর। এজন্য চামড়া ছাড়ানোর সাথে সাথে লবণ দেওয়া”।

    এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ইটিপি প্ল্যান নিয়েছি সেটা হয়ে যাবে। বেসরকারি খাতেও ইটিপি তৈরি করা হচ্ছে। চামড়া জাতীয় সম্পদ। সেটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। আমরা বা সরকার পলিসি মেকার। ট্যানারি মালিকরা যদি একটি মূল্য নির্ধারণ করে দেয় তাহলে ভালো হয়। চামড়া সংরক্ষণের ওপর দাম নির্ভর করে”।

    তিনি বলেন, “এ বছর কোরবানিতে আমাদের এক কোটি ৭ লাখ পশুর চাহিদার বিপরীতে সরবরাহ আছে এক কোটি ২৯ লাখ পশু। এর মধ্যে ৫৫ লাখ গরু মহিষ এবং বাকিগুলো উট, ছাগল, ভেড়াসহ অন্যান্য প্রাণি রয়েছে। এ বছর আমরা শতভাগ চামড়া সংরক্ষণের চেষ্টা করব”।

    গত বছর (২০২৩) ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসবে না

    রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসবে না

    www.HelloBangla.News – জাতীয় – ৩ জুন, ২০২৪: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

    হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইজারাদার নুরুল হকের করা আবেদন আজ সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ খারিজ করে দেন।

    আদালতে রিটকারী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক । ইজারাদারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসি।

    গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন।

    এ বিজ্ঞপ্তিতে ১১টি হাটের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে আফতাবনগর হাটের অংশের বৈধতা নিয়ে রিট করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক এস এম কামাল।

    ৮ মে শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    আদেশে ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক।

  • গাজায় হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল

    গাজায় হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ জুন, ২০২৪: গত বছরের ৭ অক্টোবর হামাসকে নিমূল করতে গাজায় অভিযান চালায় ইসরায়েল। এই অভিযান এখনও চলছে। যদিও ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৩৬ হাজরেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।সেখানে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল জানিয়েছে গাজায় যেকোনও মূল্যে হামাসকে নির্মূল করতে চায়। অন্যদিকে পাল্টা প্রতিরোধে গাজায় এখনও অবস্থান ধরে রেখেছে হামাস।

    এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও। হামাস বলছে, যুদ্ধের পরও তারা গাজায় থাকবে। তবে গাজায় হামাসের শাসন আর কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল। এমন ঘোষণাই দিয়েছে আগ্রাসী এই দেশটি।

    আজ সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় হামাসের শাসন আর মেনে নেবে না এবং হামাসের বিকল্প কারা হতে পারে সেটি তারা (ইসরায়েল) পরীক্ষা করছে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন। তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবকে অগ্রাহ্য করার আরও একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট রবিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলো পরিচালনা করার পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিকল্প শাসক খুঁজে বের করার বিষয়টি মূল্যায়ন করছে।’

    গ্যালান্ট বলেছেন, ‘আমরা একের পর এক এলাকা বিচ্ছিন্ন করব, সেই এলাকাগুলো থেকে হামাস সদস্যদের সরিয়ে দেব এবং এমন একটি বাহিনী তৈরি করব যা (হামাসের) একটি বিকল্প সরকার গঠন করতে পারবে এবং বিকল্প সেই সরকার হামাসের জন্যও হুমকি হবে।’

    ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘একদিকে সামরিক পদক্ষেপ, অন্যদিকে সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে হবে। চলমান যুদ্ধের এই দুটি লক্ষ্য আমাদের সামগ্রিক লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করবে: (আর তা হলো) হামাস সরকার এবং এর সামরিক শক্তিকে ধ্বংস করা এবং বন্দিদের ফিরিয়ে আনা। যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমরা গাজায় হামাসের শাসন কোনো পর্যায়েই মেনে নেব না।’

    এর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার একটি প্রস্তাব সামনে আনেন। বাইডেনের এই যুদ্ধবিরতি প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে। যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে।

    চুক্তি অনুযায়ী, পরবর্তীতে সব বন্দিদের মুক্তি, শত্রুতা ও সংঘাতে স্থায়ী অবসান এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

    আল জাজিরা বলছে, গত শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন ওই প্রস্তাবটি ঘোষণা করার পরে সেটি মেনে নিতে ইসরায়েলের সরকারের ওপর ইতোমধ্যেই চাপ বাড়ছে। অবশ্য ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করা হামাস মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবটির বিষয়ে ‘ইতিবাচকভাবে’ প্রতিক্রিয়া জানিয়েছে।

    এদিকে গতকাল রবিবার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানে যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হলে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    বেন-গভির বলেছেন, ‘এই চুক্তি … মানে যুদ্ধের সমাপ্তি এবং হামাসকে ধ্বংস করার লক্ষ্য পরিত্যাগ করা। বেপরোয়া এই চুক্তিটি হবে সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য এটি নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে।’

    নেতানিয়াহুর ডানপন্থি জোট সংসদে একটি ছোটখাটো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। বেন-গভিরের ওটজমা ইয়েহুডিত (ইহুদি শক্তি) পার্টির ছয়টি আসন রয়েছে। আর স্মোট্রিসের ধর্মীয় জায়োনিজম পার্টির রয়েছে মাত্র সাতটি আসন। তারা ক্ষমতায় থাকতে জোটবদ্ধ হিসেবে সংসদে রয়েছে।

    এদিকে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। হামাস চুক্তিতে রাজি হলে ইসরাইলও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে বলে ‘উচ্চ প্রত্যাশা’ রয়েছে মার্কিন সরকারের। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এসব কথা জানিয়েছেন।

    তার পরেও ইসরায়েল জানিয়েছে তারা হামাসকে নির্মূল করেই যুদ্ধ বিরতিতে যাবে। এই অবস্থায় মার্কিন সরকার কি সিন্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

  • বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ

    বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট পেশ

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩ জুন, ২০২৪: বাংলাদেশ অর্থনীতি সমিতি আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে । যা চলতি অর্থবছরের তুলনায় ১.৫৭ গুণ বড়।

    আজ সোমবার (৩ জুন) অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে ‘বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০২৪-২৫ : উন্নত বাংলাদেশ অভিমুখী বাজেট’ শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ওই প্রস্তাব উপস্থাপন করেন। এসময় অর্থনীতি সমিতি সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত উপস্থিত ছিলেন।

    এই বাজেটে কালো টাকা উদ্ধার ও বিদেশে অর্থপাচার হওয়া টাকা উদ্ধারের সুপারিশের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

    কালো টাকা প্রসঙ্গে অর্থনীতি সমিতি বলছে, ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে কালো টাকা ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন বাজেটে মাত্র .৯৮ শতাংশ উদ্ধারের সুপারিশ করছি। সেখান আহরণ হবে ১০ হাজার কোটি টাকা।

    অন্যদিকে ওই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা। যার মধ্যে ০.৪৯ শতাংশ উদ্ধারের সুপারিশ করা হয়েছে। যার পরিমাণ হবে ৫ হাজার কোটি টাকা। আর রাজস্ব খাত থেকে আসবে ১০ লাখ ২৪ হাজার ৭৬৭ কোটি টাকা।

    প্রস্তাবনায় বলা হয়েছে, আমাদের ঘোষিত বাজেট সম্প্রসারণশীল বাজেট। সুপারিশ সংখ্যা ৩৬১টি।এখানে ২৪টি মূল পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বৈষম্য ও অসমতা দারিদ্র নিরসন, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা বেষ্টনী, মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সঞ্চয়, রেমিট্যান্স, পুঁজিবাজার, ব্যাংক, বৈদেশিক খাত, রিজার্ভ শক্তিশালীকরণ, সরকারি ঋণ, কৃষি ভূমি, ভূমি মামলা, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়, প্রতিবন্ধী মানুষ, প্রকৃতি ও সরকারি অর্থের সংস্থান প্রভৃতি।

    বিকল্প বাজেট সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে দেশের ৬৪টি জেলা, ১৩৫টি উপজেলা এবং ৪৫টি ইউনিয়ন থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।

  • সুপার ওভারে নামিবিয়া হারিয়েছে ওমানকে

    সুপার ওভারে নামিবিয়া হারিয়েছে ওমানকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩ জুন, ২০২৪: টি-টোয়িন্টি বিশ্বকাপের আজকের প্রথম খেলায় সুপার ওভারে নামিবিয়া হরিয়েছে ওমানকে। ট্রাম্পেলম্যান-ভিসের দারুণ বোলিংয়ে ওমান ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারেনি। যদিও মিডল অর্ডার নৈপুণ্যে শতরান পার করে তারা। তবে অল্প রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় নামিবিয়াকে। শেষ ওভারের থ্রিলারে ম্যাচ ড্র হওয়ার পর সুপার ওভারে তাণ্ডব চালায় তারা। ২১ রানের জবাবে ওমান অবশ্য ১০ রানের বেশি নিতে পারেনি।

    শেষ পর্যন্ত উত্তাপ ছড়ানো এই ম্যাচের ভাগ্যটাও নির্ধারণ হলো এখানেই। অধিনায়ক গেরহার্ড এরাসমাস শেষ দুই বল সুযোগ পেয়ে তুললেন আরও ৮ রান। সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ ২১ রান।

    বোলিংয়ে আজ নামিবিয়ার হয়ে দুর্দান্ত ছিলেন ট্রাম্পেলম্যান। তবে অধিনায়ক ভরসা রাখলেন উইসার অভিজ্ঞতার ওপর। তিনিও নিরাশ করেননি। ২২ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওমানকে আটকে রাখলেন ৬ রানেই। প্রথম বলে দুই। আর পরের বলে ডট। সেখানেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় নামিবিয়ার জন্য। তৃতীয় বলে নাসিম খুশিকে আউট করে জয় নিশ্চিত করে ফেলেন উইসা।

    শেষ তিন বলে ওমানের সংগ্রহ ৮ রান। ওমান সুপার ওভারে থামে ১০ রানে। নামিবিয়ার জয় ১১ রানের ব্যবধানে। নির্ধারিত ২০ ওভারে ওমানের হাতের মুঠোয় থাকা ম্যাচটায় জয়ের হাসি হেসেছে নামিবিয়া। ডেভিড উইসার অভিজ্ঞতাই শেষ পর্যন্ত নির্ধারণ করল লো-স্কোরিং ম্যাচের ভাগ্য।

    বার্বাডোজে অনুষ্ঠিত এই ম্যাচে বোলারদের দাপট থাকবে সেটা বোঝা গিয়েছিল ওমান ইনিংসের শুরুতেই। ট্রাম্পেলম্যান প্রথম দুই বলেই পেলেন দুই উইকেট। শুরুর সেই ধাক্কাটা এশিয়ান দেশটি আর সামলে নিতেই পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। জিসান মাকসুদ এবং খলিল খানের দুই ইনিংস ওমানকে খানিক ভরসা দিয়েছে। পুরো দলে দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিতে পেরেছেন কেবল ৪ জন।

    ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট হারানো ওমানকে এরপর ভরসা দেখিয়েছেন জিশান মাকসুদ এবং খালিদ খান। জিশান ইনিংস মেরামত করেছিলেন। সঙ্গী হিসেবে ছিলেন খালিদ। যদিও ব্যক্তিগত ২২ রান ফিরে যান জিশান। এরপর খালিদ সঙ্গী হিসেবে পান আয়ান খানকে। সেই জুটিও বড় হয়নি। দলীয় ৬৮ রানে ফেরেন আয়ান। দলের ৫ম উইকেটের পতন।

    এরপরেই আরেকদফা ধস নামে তাদের ইনিংসে। ৬৮ থেকে ৯৯ রানে যেতেই ওমান হারায় ৫ উইকেট। একপর্যায়ে ওমানের সংগ্রহ ১০০ পার হওয়া নিয়েই ছিল শঙ্কা। কিন্তু শেষ দিকে শাকিল আহমেদের দুই চার তাদের দলীয় সংগ্রহ টেনে নেয় ১০৯ রান পর্যন্ত। ক্ষুদ্র এই রানটাই অবশ্য একসময় মনে হচ্ছিল যথেষ্ট।

    সেটার জন্য অবশ্য কৃতিত্ব পাবে ওমানের বোলাররা। বিলাল খান প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। নিকোলাস ডাভিন আর ইয়ান ফ্রাইলিংক অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন একপেশে ম্যাচের। ধীরগতির ব্যাটিং করলেও রানরেট রেখেছিলেন নাগালের মাঝে। ৪২ রানের জুটি গড়ে ফেরেন ডাভিন। এরপর অধিনায়ক ইরাসমাসকে নিয়ে দলকে জয়ের দিকে নিতে থাকেন ফ্রাইলিঙ্ক।

    বিপর্যয়ের শুরু এরাসমাসের উইকেট দিয়ে। পুরো ম্যাচে ৩ ক্যাচ ছেড়ে ওমান যখন হতাশ, তখনই উইকেটের দেখা পান আয়ান খান। জিশান মাকসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নামিবিয়া অধিনায়ক। এরাসামাস-ফ্রাইলিং জুটি ছিল ধীরগতির। সেটা পরে আরও ধীর হয়ে আসে। একের পর এক ডটবল চাপ বাড়াতে থাকে নামিবিয়া ইনিংসে।

    শেষ ওভারের আগের ওভারে বিলাল খানের বলে ছয়টা আরও হতাশ করেছিল ওমানকে। মেহরান খান তবু শেষ ওভারে শুরুটা করেছিলেন দারুণ। প্রথম তিন বলের মাঝেই তুলে নিয়েছেন দুই উইকেট। শেষ বলে দরকার ছিল ২ রান। ব্যাটার ডেভিড উইসা নামিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞও তিনি। শেষ বলে ব্যাটে বলে করা হয়নি। ১ রান নিয়েই থামলেন। ম্যাচ যায় সুপার ওভারে।

    আর সেখানেই নিজের অভিজ্ঞতার চমক দেখান উইসা। ব্যাট হাতে ১৩ রান। আর বল হাতে ১ উইকেটের বিনিময়ে ১০ রান দিয়ে নামিবিয়াকে এনে দিলেন মনে রাখার মতো এক জয়।

    ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে

    টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল রবিবার রাতের ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে পিএনজি। ওই রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৩৬ রান তাড়া করতে গিয়ে ১৯ ওভার জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।হারিয়েছে ৫ উইকেট।

    আজকের রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

  • রান্না: সরিষা ইলিশ

    রান্না: সরিষা ইলিশ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ জুন, ২০২৪: সরিষা ইশিল আমাদের একটি প্রিয় খাবার।তবে এই মাছের সুখ্যাতি এখন এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।অবশ্য এর জন্য বেশি অবদান রন্ধন শিল্পীদের। আজ দেওয়া হলো সরিষা ইলিশের রেসিপ। আপানারা ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

    Culinary artist-Nitu Rahman
    Culinary artist-Nitu Rahman

    উপকরণ:

    ইলিশ মাছ-৮ পিস, সরিষার তেল-দেড় কাপ, সরিষা বাটা-৪ টেবিল চামচ, পিয়াজ বাটা-১ কাপ, হলুদ-১ চা চামচ, মরিচ-২ চা চামচ, ধনিয়া ১ চা চামচ, কাঁচা মরিচ ১০ টা, লবন-স্বাদমতো, রান্নার জন্য পানি পরিমাণ মতো।

    প্রণালী:

    রান্না শুরু করার আগে মাছে হালকা হলুদ ও লবন মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।প্রথমে একটা নন স্টিকি প্যানে তেল দেই। মাঝারি আঁচে তেল গরম করে তাতে প্রথমে সরিষা বাটা দেই। ধীরে ধীরে পিয়াজ বাটা, ও অনান্য মসলা, লবণ  যোগ করি। মসলাটা ভালো ভাবে কসিয়ে নেই। এরপর মাছ দেই। মাছ ৩ মিনিট মসলায় আলতো করে কসাতে হবে। এরপর পরিমানমতো পানি দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে।

    ৫ মিনিট পর ঢাকনা তুলে কাঁচা মরিচ দিতে হবে। আবারো পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে মাছ। নামানোর আগে সামান্য সরিষার তেল উপরে ছড়িয়ে দিতে হবে। মিনিট খানেক পরেই চুলার জ্বাল বন্ধ করে দিবো। তৈরি হয়ে যাবে মজাদার সরিষ ইলিশ।

    রেসিপি দিয়েছেন : নিতু রহমান

  • অবৈধভাবে গরু দেশে ঢুকতে দেওয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

    অবৈধভাবে গরু দেশে ঢুকতে দেওয়া হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ জুন, ২০২৪: অবৈধভাবে গরু দেশে ঢুকতে দেওয়া হবে না, বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, “কোরবানি ঈদকে সামনে রেখে কিছু দুষ্টু ও মতলববাজ লোক আমাদের দেশীয় খামারিদের নিরুৎসাহিত করার জন্য চোরাই পথে অবৈধভাবে কিছু কিছু গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান।”

    আজ রবিবার (২ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগে ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে চোরাই পথে অবৈধভাবে কোনো গরু যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়টি খুব কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে”।

    তিনি বলেন, “দেশীয় খামারিদের এ ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই। আসন্ন ঈদুল আজহা যাতে মুসলিম ধর্মাবলম্বীরা উৎসবের সাথে ও সুন্দরভাবে উদযাপন করতে পারে সেই ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সার্বিকভাবে তত্ত্বাবধানে থাকবে”।

    মন্ত্রী বলেন, “দুধের উৎপাদন বাড়ালে দুধ খাওয়া বাড়বে এমনটি নয় বরং দুধ খাওয়ার প্রবণতা বাড়লেই দুধের উৎপাদন বাড়বে। কারণ চাহিদা বাড়লেই সরবরাহ বাড়ানোর বিষয়টি সামনে আসে। দুধের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।”

    গ্রামে প্রান্তিক খামারিরা দামের অভাবে অনেক সময় দুধ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “দুধের দাম কম হলেও দুধ থেকে উৎপন্ন মিষ্টির দাম অনেক বেশি। দুগ্ধ শিল্পের সাথে যারা জড়িত তারা অনেক সময় ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া যায়। খামারিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে।”

    শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রিতে স্নাতক ডিগ্রিধারীদের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

    কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. কে বি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) ও কৃষিবিদ নজরুল ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, কোষাধ‍্যক্ষ ড. মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও কৃষিবিদ সমীর চন্দ।