Category: লিড নিউজ

  • বিএনপিই চিতপটাং হয়ে গেছে সরকারকে নামাতে গিয়ে : তথ্যমন্ত্রী

    বিএনপিই চিতপটাং হয়ে গেছে সরকারকে নামাতে গিয়ে : তথ্যমন্ত্রী

    আজ শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘সরকারকে দড়ি ধরে টান দিতে গিয়ে বিএনপি নিজেই চিতপটাং হয়ে গেছে এরপর দড়ি ধরে টান দিলে, দড়ি ছিঁড়ে হামাগুড়ি দিতে হবে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়-সমতলে আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির ওই পলাতক নেতা তারেক রহমানের দেশের পরিবর্তন সহ্য হচ্ছে না। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে আর মির্জা ফখরুল বকবক করছেন।

    ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে-সমতলে আমূল পরিবর্তন হয়েছে। বিশ্বে আয়তনের দিক দিয়ে ৯২তম ও মাথাপিছু সর্বনিম্ন কৃষিজমির দেশ হয়েও আমরা ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস মোকাবেলা করে পৃথিবীতে ধান উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয়-তৃতীয়তে ওঠানামা, সবজিতে চতুর্থ, আলুতে সপ্তম, আম উৎপাদনে দ্বিতীয়, ইলিশ উৎপাদনে প্রথম। এটি শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বেই সম্ভব হয়েছে।’

    তিনি বলেন, জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন আর শেখ হাসিনা সেই বিভেদ দূর করে পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করেছেন। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটে তা শুধু চাঁদাবাজির কারণে।

    কৃষক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রীর কৃষিপ্রীতি তুলে ধরে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠনের পর প্রথম মন্ত্রিপরিষদসভার প্রথম সিদ্ধান্ত ছিল কৃষি ও কৃষকের জন্য ভর্তুকি প্রদান। আর জননেত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষিকে কত ভালোবাসেন, গণভবনে কৃষি উৎপাদনের কথা আপনারা টিভিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। গণভবনে মৌমাছির চাষ করে ১০০ কেজি মধু হয়েছে। অন্যান্য শাকসবজি উৎপাদন হচ্ছে, ধানও হচ্ছে। সেখানে অন্য প্রধানমন্ত্রীরাও ছিলেন, খালেদা জিয়াও ছিলেন, তারা কেউ এটি করতে পারেননি।’

    ‘বঙ্গবন্ধুকন্যা সেই প্রধানমন্ত্রী যিনি রাত ১২টার আগে ঘুমাতে যেতে পারেন না, ফজরের আজানের আগে উঠে তাহাজ্জুতের নামাজ পড়েন, আজানের পর ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দেশ পরিচালনা করেন, দল পরিচালনা করেন আবার কিষানি হিসেবেও কাজ করেন’, বলেন হাছান মাহমুদ।

    কৃষক লীগ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, যা সমগ্র দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত সুসংগঠিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে ফিরে কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছেন। সেই সময় থেকে প্রথমে বছরে এক মাস, পরে বছরে তিন মাসব্যাপী এ অভিযান চলে আসছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, তখনো কৃষক লীগ কৃষকের কল্যাণে কাজ করে গেছে।’

    এর আগে সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

    খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু প্রধান বক্তা এবং ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তি চাকমা এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আকবর আলী চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন সম্পাদক অ্যাডভোকেট রাবেয়া হকসহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও অঙ্গসংগঠনগুলোর নেতৃবৃন্দ।

    সম্মেলন শেষে পিন্টু আচার্য্যকে সভাপতি এবং খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

    চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

    নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩) বেছে নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১১ মার্চ) সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন। খবর বিবিসির।

    লি কিয়াং চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির প্রধান। সে সঙ্গে তিনি শির ঘনিষ্ঠ মিত্র। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে শির চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন কিয়াং, যখন শি পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের প্রাদেশিক পার্টি সেক্রেটারি ছিলেন।

    এদিকে সিনহুয়া জানিয়েছে, শনিবার লিউ জিনগুওকে ন্যাশনাল কমিশন অব সুপারভিশনের পরিচালকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সংস্থাটি সরকারের দুর্নীতি বিরোধী কাজ তদারকি করে। এ ছাড়াও ঝাং জুনকে সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্টের প্রার্থী হিসেবে এবং ইং ইয়ংকে প্রকিউরেটর জেনারেলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

    সূত্র : দ্য গার্ডিয়ান

  • জীবনধর্মী ভাল চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

    জীবনধর্মী ভাল চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র নির্মাতাদের জীবনমুখী ভালো চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে বলেছেন, একটি চলচ্চিত্র ব্যক্তির জীবন যেমন পরিবর্তন করতে পারে, তেমনি একটি সমাজকেও বদলে দিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, “আপনারা লক্ষ্য করবেন জীবন ধর্মী চলচ্চিত্র যখন নির্মান করা হয় সেগুলো কিন্তু মানুষকে সবথেকে বেশি আকর্ষণ করে। কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবিটা সেখান থেকে পায়। আবার একটা সিনেমা পারে মানুষের জীবন পাল্টে দিতে বা সমাজের চিত্রটা পাল্টে দিতে।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৯ মার্চ, ২০২৩) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। জীবনধর্মী সৃষ্টির গ্রহনযোগ্যতা সর্বত্র উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সিনেমা, নাটক সবক্ষেত্রেই অবদান রাখে, মানুষের চিন্তা চেতনার আরো উৎকর্ষতা ঘটাতে পারে এবং মানুষকে অন্যায়-অপরাধ থেকে দূরে রাখতে পারে। তিনি বলেন, যারা আমাদের শিল্পী-সাহিত্যিক, যারা সাহিত্য রচনা করেন এবং যাদের রচনার ওপর ভিত্তি করেই সিনেমা হয় তারাও যদি এরকম জীবনধর্মী রচনা তৈরী করেন, নাটক তৈরী করেন বা সাহিত্য তৈরী করেন আর তার ওপর ভিত্তি করে যদি সিনেমাগুলো হয় সেটা আমাদের সমাজটাকে অরো এগিয়ে নিয়ে যাবে।

    প্রধানমন্ত্রী বলেন, যেভাবে তাঁর সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, উন্নত করতে চাচ্ছে, মানুষের জীবন মান উন্নত করতে চাচ্ছে, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে চাচ্ছে- সেই সুযোগটা এর মাধ্যমে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ এর ৩৪টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং পুরস্কার প্রাপ্তদের পক্ষে আজীবন সম্মাননা প্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর বক্তব্য রাখেন। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় এ বছর যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি  জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

    শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধর’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরীর (বধ্যভূমিতে একদিন), শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য) পুরস্কার লাভ করেছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে চিত্রায়িত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রটি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা লাভ করে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল); শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য); পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ) এবং  শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি) পুরস্কার লাভ করেছে। শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়) পুরস্কার লাভ করেছে।

    গানের জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ কাহিনিকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ) পুরস্কার লাভ করেছে। এছাড়া, শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেকআপম্যান দলগত- মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি) পুরস্কার লাভ করেছে।

    প্রধানমন্ত্রী চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, তিনি নিজেও আগামী বাজেটে উদ্যোগ নেবেন এই অনুদানটা বাড়িয়ে দেওয়ার। কেননা বরাদ্দ ভাল থাকলে ভাল চলচ্চিত্র নির্মাণ হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, “আমাদের সকলের মাঝে মেধা আছে, চিন্তা শক্তি আছে এবং শৈল্পিক মনভাবটা আছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাকালীন সময়ে অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি দারুণভাবে বেড়েছে। সেখানে সরকার যে অনুদান দিচ্ছে, এটা একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের জন্য যথেষ্ট নয়। এই অনুদান আরও বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি আমাদের কিছু চলচ্চিত্র হয়েছে যেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন এবং দেশের মানুষও সেগুলো লুফে নিয়েছে এবং দেশের সীমানা পেরিয়ে বাইরেও সেগুলো চাহিদা পেয়েছে। কাজেই সেভাবেই আমাদের কাজ করা দরকার। তিনি কষ্ট করে দেশের সিনেমা শিল্পকে এগিয়ে নেওয়ায় কলা-কুশলী সহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানানোর পাশাপাশি এফডিসিতে কমপ্লেক্স তৈরীর কাজের ধীরগতিতে উষ্মা প্রকাশ করেন এবং কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। গাজীপুরে নির্মাণাধীন ফিল্মসিটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সুযোগ সুবিধা -সম্পন্ন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাঁর সরকার ফিল্ম আর্কাইভ এবং ট্রেনিং ইনষ্টিটিউট করে দিয়েছে। এখন প্রশিক্ষণটা জরুরী। তাঁর সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পের বিকাশে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড নিয়ে অনেক অভিযোগ ছিল। তাই এখন এই সেন্সর বোর্ড বাদ দিয়ে সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। যেটা আরো উৎকর্ষতা সাধনের জন্যই করা হয়েছে। তবে, নির্মানাধীন চলচ্চিত্রে সমাজের জন্য ক্ষতিকর কিছু থাকলে সেগুলো অবশ্যই পরিহার করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সরকার যাতে ভবিষ্যতে সার্টিফিকেশন পদক্ষেপটা আইনগত ভাবে নিতে পারে সেজন্য ব্যবস্থাটি প্রক্রিয়াধীন রয়েছে।

    শেখ হাসিনা বলেন, এক সময় ছিল অশ্লীল সিনেমা, মারদাঙ্গা বা শুধু অনুকরণ করা। সেগুলো না করে ভালো জিনিসটা শিক্ষা নেওয়া আর মন্দ জিনিসটাকে পরিহার করা দরকার। সমাজের জন্য কোনটা ভালো সেটা বিবেচনায় আনা। যখনই চলচ্চিত্র নির্মাণ করবেন সে বিষয়টা দেখবেন। এমন সিনেমা দরকার বাবা-মা, ভাই-বোন, সবাই মিলে যাতে দেখতে পারে। তিনি এ সময় শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের ওপরও গুরুত্বারোপ করেন বলেন, আমরা এই বিষয়টায় একটু পিছিয়ে আছি। এক্ষেত্রে আরো অনেক চলচ্চিত্র নির্মাণ করা উচিত। এ ধরনের চলচ্চিত্র যারা নির্মাণ করবেন তাদের জন্য আনুদানটা আর একটু ভালভাবে দেয়া দরকার বলে আমি মনে করি। অশ্লীলতা ও পাইরেসি বন্ধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও পাইরেসি বন্ধে একটা টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সেটা হলে এগুলো বন্ধ হবে। পুরনো চলচ্চিত্র বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো যেন হারিয়ে না যায় সেজন্য এগুলো ডিজিটালাইজড করে নতুনভবে প্রদর্শনের উদ্যোগ নেয়ার ওপরও তিনি জোর দেন। কেননা এই চলচ্চিত্রগুলোর আবেদন কোনদিনও শেষ হবার নয়। ’৯৬ সালে সরকারে আসার পর কলা-কুশলী এবং সংশ্লিষ্টদের জন্য সুযোগ সৃষ্টি এবং ব্যাপক কর্মসংস্থানের জন্য মিডিয়া সেক্টরকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেয়ার উল্লেখ করে তিনি বলেন, এখন আমাদের ৪৫টি টিভি চ্যানেল, ৩২টি কমিউনিটি বেতারের প্রচার কার্য পরিচালনা করা হচ্ছে, ২৭টি এফএম বেতারের অনুমোদন তাঁর সরকার দিয়েছে। যেখানে আগে মাত্র একটি টিভি চ্যানেল ও একটি বেতার ছিল। তাঁর সরকারের অবাধ তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতার সুযোগ নিয়ে দিনভর বিভিন্ন চ্যানেল ও টকশো’তে সরকারের ঢালাও সমালোচনার পরও যারা বলেন যে, তারা ঠিকভাবে কথা বলার সুযোগ পান না-তাদের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী বলেন, “অনেক সময় অনেকে কথা বলে, টকশো হয়, সারাদিন অনেক কথা। অনেক কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না। অথচ বাংলাদেশে এখন ২৪৫৫ টি পত্রিকা, ১৭০ টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৪টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সবাইতো মন ভরে কথা বলছে। কথা বলতে পারলো না টা কোথায়। কে মুখটা বন্ধ করলো আমি জানি না।” তিনি বলেন, তাঁর সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপনের আগে বিদেশী মুদ্রায় স্যাটেলাইট ব্যবহার করতে হোত। আর সরকার এখন দ্বিতীয় স্যাটেলাইটও উৎক্ষেপনের ব্যবস্থা নিচ্ছে যাতে করে আবহাওয়ার তথ্য প্রাপ্তি এবং সম্প্রচারে আরো উৎকর্ষতা আসে। কেননা তাঁর সরকার চায় এই শিল্পটা যেন সবসময় চালু থাকে, ভাল এবং উন্নতমানের থাকে। তিনি এ সময় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটিকে আরো চিত্তাকর্ষক ও আকর্ষণীয় করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, “চলচ্চিত্র এমন একটা শক্তিশালী গণমাধ্যম যা দেশের মানুষের মনমানসিকতা বদলে তাকে আরো উন্নতমানের করে দিতে পারে, আর আমাদের জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন, সে দেশ বিশে^ মাথা উঁচু করে চলবে”। আমাদের বেশকিছু সিনেমা আন্তর্জাাতিক  পর্যায়ে সমাদৃত হওয়ায় তিনি গর্ব প্রকাশ করে বলেন, আমাদের যে দক্ষ নির্মাতা এবং কলা-কুশলী আছে এরমাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে এবং সুযোগ পেলে তারা আরো ভাল করবেন বলেই আমার বিশ্বাস। সূত্র : বাসস

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। ২৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন।

    প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মো: হুমায়ুন কবির খন্দকার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং পুরস্কারপ্রাপ্তদের পক্ষে আজীবন সম্মাননা প্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর বক্তব্য রাখেন।

    এর আগে এ বছর ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার প্রদানের ঘোষণা দেয়।

    চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় এ বছর যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’; শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধর’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরীর (বধ্যভূমিতে একদিন), শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য) পুরস্কার লাভ করেছে।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে চিত্রায়িত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রটি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা লাভ করে।

    শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেছেন যৌথভাবে মো: সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।

    এছাড়া পুরস্কার লাভ করেছেন, শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য); পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ); শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো: আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)। শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

    গানের জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার মরহুম গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ কাহিনীকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ) পুরস্কার লাভ করেছেন।

    আরো পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেক-আপম্যান দলগত- মো: ফারুখ, মো: ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

    পুরস্কার হিসেবে নির্বাচিত সবাইকে দেয়া হয়েছে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন নির্ধারিত পরিমাণ সম্মানী ও সম্মাননাপত্র। আজীবন সম্মাননার জন্য ৩ লাখ, শ্রেষ্ঠ পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য ২ লাখ ও অন্যান্য ক্ষেত্রে দেয়া হয় ১ লাখ টাকা।

    এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করে। ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র থেকে বাছাই করা হয় এবারের বিজয়ীদের।

    সূত্র : বাসস

  • শনিবার ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    শনিবার ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল সকালে বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধন করবেন।

    দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারনের লক্ষ্যে আগামীকাল শনিবার ‘বাংলাদেশ বিজনেস সামিট’-এর উদ্বেধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফবিসিসিআই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে।

    যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভূটান, সংযুক্ত আরব আমীরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২শ’র বেশি বিদেশী বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) স্বাধীনতার ৫০ বছরে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন এবং রপ্তানি ও স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে।

    সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের নিজস্ব অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জসিম উদ্দিন বলেন, ‘দেশে বিনিয়োগ আনার সক্ষমতা ছিল না। এখন সেই সক্ষমতা তৈরি হয়েছে। ওয়ালমার্ট, জারা’র মত কোম্পানি কলকাতায় চলে এসেছে। এখন তাদের বাংলাদেশে আসার সময় হয়েছে। বাংলাদেশের রপ্তানির সম্ভাবনার পাশাপাশি লোকাল কনজ্যুমার মার্কেটও বড় হচ্ছে।’

    তিনি বলেন, ‘দেশে এখন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দৃশ্যমান। আমাদের এসব সক্ষমতা তুলে ধরা দরকার। অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার বিজনেস ফ্যাসিলিটেশনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।’

    সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি-বেসরকারি খাতসহ এবারের সম্মেলনে ১৭টি দেশের ২ শতাধিক ব্যবসায়ী নেতারা আসছেন। এর মধ্যে বিশ্বের নামকরা ১২টি কোম্পানির সিইও কিংবা শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা থাকছেন।

    এফবিসিসিআই সভাপতি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এই সম্মেলনে ১২টি দেশের মন্ত্রীবর্গ অংশ নেবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সার্বিকভাবে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা কেবল বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও রয়েছে। আমরা তা এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’

    তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক সম্ভাবনার খবরও পাওয়া যায়। আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে বলে মনে করছে বোস্টন কনসাল্টিং গ্রুপ। আর এইচএসবিসির মনে করছে যে, বাংলাদেশ হবে নবম বৃহত্তম বাজার।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে।

    অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিজনেস সামিটের কারিগরি উপদেষ্টা ড. এম মাশরুর রিয়াজ, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, আমিন হেলালি, হাবিব উল্লাহ ডন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • শি জিনপিং টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট

    শি জিনপিং টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট

    শি জিনপিং ২০১৮ সালেও সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হয়েছিলেন ।  ওই বছরই তার সরকার কিছু সাংবিধানিক বিধান বাতিল করে। যা তার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিলো। বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শি’র পক্ষে হাততালি দেন।

    তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট পদে আবারও নির্বাচিত হয়েছেন শি জিনপিং। শুক্রবার চীনা আইনপ্রণেতাদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচত হন। এর মধ্যেদিয়ে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবেন তিনি।  

    বার্ষিক আইনসভার এ বৈঠকে শি’কে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। যার মধ্যদিয়ে তিনি বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে পুনরায় আসীন হলেন। শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে দুই দলের সাক্ষাৎ হয়েছে মাত্র একবার। সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছে ইংল্যান্ড।

    অন্যদিকে বাংলাদেশ বৃহস্পতিবারের আগ পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি খেলেছে। যার মধ্যে ম্যাচ জিতেছে ৪৯টি, হেরেছে ৯২টিতে। ৩টিতে ফল হয়নি। ১৪৪ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ওই একটি ম্যাচে আবার বিন্দুমাত্র প্রতিরোধও গড়তে পারেনি। ম্যাচটি বাংলাদেশ ভুলে যেতেই চাইবে। ২০২১ বিশ্বকাপে আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করেছিল। সহজ সেই লক্ষ্য ৩৫ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়েই ইংল্যান্ড ছুঁয়ে ফেলেছিল।

    আজ বেলা ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

    গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের চার মাসের ব্যবধানে এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন ইংলিশরা।

    সমীকরণে বাংলাদেশের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ইংলিশরা টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৭০ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে ৯২টিতে, হেরেছে ৭২টিতে।

    তবে গোল বলের খেলা ক্রিকেটে অনেক সময় সমীকরণ কাজে দেয় না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে তারই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে। তা ছাড়া বাংলাদেশ নিজেদের ‘লাকি মাঠ’খ্যাত চট্টগ্রামের ভেন্যুতে খেলবে। ঘরের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

    এ কারণে স্কোয়াডেও চমক থাকবে। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক কেউ খেলবেন না। তাদের জায়গায় তরুণ খেলোয়াড়রাই সাকিবের ভরসা। বিপিএলে যারা ভলো করেছে তাদের আজ সুযোগ দেওয়া হতে পারে।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, শামিম হোসেন, মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

    ইংল্যান্ড: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, উইল জ্যাকস, মঈন আলী, স্যাম করান, ক্রিস ওকস, রিহান আহমেদ, মার্ক উড ও জোফরা আর্চার।

  • নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছিল ইউক্রেনপন্থীরাই

    নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছিল ইউক্রেনপন্থীরাই

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই গত বছর সেপ্টেম্বরে একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছিল – কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটায় তা এক রহস্য হয়েই ছিল এতদিন। এখন মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক রিপোর্টে বলছে – সম্ভবত ইউক্রেন-সমর্থক একটি গ্রুপ ওই বিস্ফোরণ ঘটিয়েছিল।

    বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস নিয়ে যাবার পাইপলাইন নর্ড স্ট্রিম -ওয়ানের ওপর চালানো হয়েছিল ওই আক্রমণটি। সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এ ঘটনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই গত বছর সেপ্টেম্বরে একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছিল। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটায় তা এক রহস্য হয়েই ছিল এতদিন।

    রাশিয়া, ইউক্রেন আর ইউরোপসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ-পাল্টা অভিযোগের তোড়ের মধ্যেই ঠিক কারা এ আক্রমণ চালিয়ে থাকতে পারে, তা নিয়ে শুরু হয়েছিল ব্যাপক জল্পনা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একে ‘সাবোটাজ’ বলে অভিহিত করেছিলেন। রাশিয়া এজন্য পশ্চিমা বিশ্বকে – বিশেষ করে ব্রিটেনকে – দোষারোপ করেছিল, তবে ব্রিটেন এ অভিযোগ অস্বীকার করে।

    পোল্যান্ড ও ইউক্রেন সরাসরি রাশিয়াকে ওই বিস্ফোরণের জন্য দায়ী করেছিল, যদিও তারা কোন প্রমাণ দেয়নি। অন্যদিকে নেটো ও পশ্চিমা নেতারা এর নিন্দা করলেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে তাদের নিজেদের পাইপলাইনে আক্রমণের অভিযোগ করেন নি।

    এখন মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এক রিপোর্টে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলছে, এই নাশকতামূলক আক্রমণ চালিয়েছিল একটি ইউক্রেন-পন্থী গোষ্ঠী। এ রিপোর্ট বেরুনোর পর ইউরোপ ও মার্কিন মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা এক প্রতিক্রিয়ায় বলেছেন, ওই ঘটনার সাথে ইউক্রেনের কোন সম্পর্ক ছিল না।

    অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই রিপোর্টটিকে তার ভাষায় “ভুয়া-খবর ছড়ানোর একটি সমন্বিত প্রয়াস” বলে আখ্যায়িত করে বলেন, যারা এই পাইপলাইনে আক্রমণ চালিয়েছে তারা স্পষ্টতঃই দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছে।

  • প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে পৃথিবীকে চমকে দিয়ে বাংলাদেশের নারী সমাজ: তথ্যমন্ত্রী

    প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে পৃথিবীকে চমকে দিয়ে বাংলাদেশের নারী সমাজ: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত সারাদেশে নাশকতার ছক এঁকেছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত ‘আঁধার ভাঙার শপথে আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।  তথ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    দেশে নারী উন্নয়ন নিয়ে সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে চমকে দিয়ে বাংলাদেশের নারী সমাজ উন্নতি লাভ করেছে। নারী সমাজ সর্বক্ষেত্রে তাদের মেধা, যোগ্যতার স্বাক্ষর রাখছে। বৈশ্বিক সূচকে বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নের দিক দিয়ে বিশ্বে পঞ্চম, এশিয়া ওশেনিয়া অঞ্চলে  দ্বিতীয় আর উপমহাদেশে প্রথম। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এটি হয়েছে। আমাদের নারী পৃথিবীকে পথ দেখাচ্ছে। আমাদের নারীরা এভারেস্ট জয় করেছে, আমাদের নারীরা হিমালয় শৃঙ্গে উঠেছে, মহাসাগর পাড়ি দিচ্ছে।’

    দেশ ও নারী দিবসকে সামনে রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মা-বোনসহ সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানাই, বিএনপি-জামায়াত সারাদেশে নাশকতা সৃষ্টি করার ছক এঁকেছে। তার আলামত শুরু হয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীদের বলবো, আপনারা এগিয়ে যান, দেশকে এগিয়ে নিয়ে যান। আপনাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে।’

    তিনি বলেন, আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, সংসদ নেতা নারী, সংসদ উপনেতা নারী, শিক্ষামন্ত্রী নারী। এভাবে নারীর যে ক্ষমতায়ন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর আর কোনও দেশে গত এক দশকে এভাবে হয়নি।

    ‘শেখ হাসিনার নেতৃত্বে আজকে নারীরা সেনাবাহিনীতে শুধু অফিসার পদে নয়,  সেনা সদস্য হিসেবেও কাজ করছে, তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, ডিসি, এসপি যা ১৪ বছর আগে কেউ ভাবেনি’, বর্ণনা করেন তিনি।

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নারী ফুটবল দল পাকিস্তানকে ১২ গোল দিয়েছে, সার্ক শিরোপা জয় করেছে। আমাদের নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু পুরুষ ক্রিকেট দল পারেনি। সাম্প্রতিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নারীদের ফল ভালো। প্রধানমন্ত্রীর নারীবান্ধব নীতি প্রণয়ন ও নানামুখী কর্মসূচির কারণে এটি সম্ভব হয়েছে।’

    যুব মহিলা লীগ সভাপতি ডেইজি সারওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সঞ্চালনায় সংগঠনের সদস্যরা মোমবাতি প্রজ্জ্বলনের আগে দেশে নারী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

     

  • গুলিস্তানে ভবন বিস্ফোরণ: উদ্ধার অভিযানের তৃতীয় দিন

    গুলিস্তানে ভবন বিস্ফোরণ: উদ্ধার অভিযানের তৃতীয় দিন

    রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সা‌র্ভিসের ঢাকা জো‌নের উপপ‌রিচালক দিনম‌নি শর্মা।

    দিনমনি শর্মা বলেন, ‘সকাল আটটা থেকে আমাদের তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভবনটা অ‌ত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সতর্কতার সা‌থে আমরা উদ্ধারকাজ চা‌লি‌য়ে যা‌চ্ছি, যা‌তে আমা‌দের কর্মীদের কোনো বিপ‌দে পড়তে না হয়।’

    মঙ্গলবার বিকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, অন্য তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং সংলগ্ন একটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি।

    এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-অতিরিক্ত পরিচালক শাহজাহান শিকদার জানান, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ২০ সদস্যের একটি দল ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।

    গুলিস্তানে মঙ্গলবার বিকেলের বিস্ফোরণে বুধবার পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

    উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ভবনটি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।