Category: লিড নিউজ

  • পেঁয়াজ, আলু, ডিমের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে: টিপু মুনশি

    পেঁয়াজ, আলু, ডিমের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে: টিপু মুনশি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ সেপ্টেম্বর, ২০২৩: বেঁধে দেওয়া পেঁয়াজ, আলু, ডিমের দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, । তিনি আরও বলেন, ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

    আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

    বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের গোলের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।

    তিনি আরও বলেন, যখন যে পণ্যের মজুদ কমে যায় তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে। তিন পণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর হবে। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কোনো কারণ ছাড়াই বাজারে অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্যও রয়েছে। এখন ন্যায্য দাম কার্যকর হবে।

  • জাতিসংঘ লিবিয়ার বন্যার্তদের জন্য ৭১ মিলিয়ন জরুরি সহায়তা চেয়েছে

    জাতিসংঘ লিবিয়ার বন্যার্তদের জন্য ৭১ মিলিয়ন জরুরি সহায়তা চেয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ সেপ্টেম্বর, ২০২৩: লিবিয়ায় আকস্মিক বন্যার পর ৭১ মিলিয়ন ডলার জরুরি সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। চলতি সপ্তাহের শেষ দিকে ভয়াবহ বন্যা দেখা দেয় দেশটিতে।

    হারিকেনের প্রভাবযুক্ত ড্যানিয়েল ঝড় ১০ সেপ্টেম্বর লিবিয়ায় আঘাত হানে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৪ হাজার মানুষ মারা যায়। এখনও নিখোঁজ রয়েছে আরও হাজার হাজার মানুষ।

    গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা ওসিএইচএ এই আবেদন জানিয়ে বলেছে, মৃত্যুর সংখ্যা আরো বাড়বে আশঙ্কা করা হচ্ছে।

    রবিবার দু’টি উজানের বাঁধ ফেটে যাওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেরনা শহর একটি মরুভূমিতে পরিণত হয়েছে।

    ওসিএইচএ বলেছে, আনুমানিক শহরটির ৩০ শতাংশ অদৃশ্য হয়ে যেতে পারে এবং বেশিরভাগ রাস্তা ধসে পড়েছে।

    স্থানীয় কর্তৃপক্ষ ত্রাণ ও এবং উদ্ধারকৃত লোকদের সরিয়ে নেয়ার জন্য একটি সমুদ্র করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে। সমুদ্রতীরবর্তী শহর সোসে এখনও পুরো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।

    পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করে ওসিএইচএ বলেছে, অনুমিত ৮৮৪,০০০ জন লোকের মধ্যে ২৫০,০০০ জনকে সবচেয়ে জরুরী প্রয়োজনে সাড়া দিতে ৭১.৪ মিলিয়ন প্রয়োজন। এ জন্য তারা মানবিক সহায়তা অংশীদারদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

    বুধবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা প্রধান মার্টিন গ্রিফিথস ১০ মিলিয়নের তাৎক্ষণিক জরুরি তহবিল ঘোষণা করেছেন।

    এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুরো আশপাশের এলাকাগুলো মানচিত্র থেকে মুছে গেছে। পুরো পরিবারগুলো পানির স্রোতে ভেসে গেছে।’

    তিনি বলেন, ‘মানুষের কাছে জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছানো এবং পুনরুদ্ধারে অবশ্যই লিবিয়ার জন্য এই কঠিন সময়ে অন্য কোনও উদ্বেগকে অগ্রাহ্য করে এগিয়ে আসা উচিত।’

    যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশসহ অন্যান্য বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই সাহায্য পাঠিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে। উদ্ধারকারী দলগুলো জীবিত ও মৃতদের সন্ধান করছে।

    সূত্র: বাসস

  • সুপার ফোরের শেষ খেলায় টসে হেরে বাংলাদেশ ব্যাটিং করছে

    সুপার ফোরের শেষ খেলায় টসে হেরে বাংলাদেশ ব্যাটিং করছে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ সেপ্টেম্বর, ২০২৩: আজ সুপার ফোরের শেষ খেলা। ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা।

    সুপার ফোর পর্বে এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে জয় পায়নি বাংলাদেশ। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।ফলে বাংলাদেশ এখন ব্যাটিং করছে।

    টাইগারদের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।

     

    বাংলাদেশ একাদশ-

    সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

     

    ভারত একাদশ-

    রোহিত শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।

  • লড়াই করে জিতেছে শ্রীলঙ্কা

    লড়াই করে জিতেছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দারুণ রোমাঞ্চকর হয়ে উঠেছিলো। ম্যাচের ফলাফলের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়ছিলো। অবশ্য যোগ্য দল হিসেবে শ্রীলঙ্কা জিতেছে ২ উইকেটে। ফলে ফাইনালে খেলবে ভারত ও শ্রীলংঙ্কা। আজ সুপার ফোর রাউন্ডের শেষ খেলায় অংশ নিবে ভারত ও বাংলাদেশ। যদি এই খেলায় ভারত হেরেও যায় তার পরে্র এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে। তবে সবাই আশা করছে শেষ ম্যাচে বাংলাদেশ জিতবে। এর আগে বাংলাদেশ প্রথম পর্বের খেলায় আফগানিস্তানকে পরাজিত করে।

    কখনো কুশল মেন্ডিস সহজই করে ফেললেন ম্যাচটা, কখনো আশা জাগালেন আশালাঙ্কা। হুট করেই দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে লড়াইয়ে আনলেন শাহিন শাহ আফ্রিদি। নানা নাটকীয়তার পর ম্যাচে জয়ী হয়ে থাকলো শ্রীলঙ্কা।

    গতকাল বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৫২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বৃষ্টি আইনে সমান রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কারও। শেষ বলে গিয়ে রোমাঞ্চকর ম্যাচে জয় পায় লঙ্কানরা।

    রান তাড়ায় নেমে মারমুখী শুরু করেছিল শ্রীলঙ্কা। তাদের অবশ্য উইকেটও হারাতে হয় দ্রুতই। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৪ চারে ৮ বলে ১৭ রান করে কুশল পেরেরা হয়ে যান রান আউট, দলের রান তখন ২০। তারপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গী হন কুশল মেন্ডিস। দুজনের ৫৭ রানের জুটি ভাঙেন শাদাব খান।

    এ স্পিনারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ৪৪ বলে ২৯ রান করে ফেরেন নিশাঙ্কা। তবে কুশল একপ্রান্ত আগলে থাকেন, তার সঙ্গী হন সাদিরা সামারাবিক্রমা। তারা দুজন মিলে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। দুজনের জুটি যখন ঠিক একশ রানে পৌঁছায়, তখনই আউট হন সামারাবিক্রমা।

    ৪ চারে ৫১ বলে ৪৮ রান করে সামারাবিক্রমা স্টাম্পিং হন ইফতেখার আহমেদের বলে। এরপর চারিথ আশালাঙ্কাকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন মেন্ডিস। কিন্তু এই ব্যাটার এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ আটকা পড়েন। ইফতেখারের বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের উপরের অংশে লাগে মেন্ডিসের, দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ হারিস। ৮ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৯১ রানে আউট হয়ে যান।

    এরপর ৪ বলে ২ রান করে অধিনায়ক দাসুন শানাকা আউট হলে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। খেলা পুরো জমিয়ে তোলেন শাহিন শাহ আফ্রিদি। শেষের আগের ওভারে টানা দুই বলে তিনি ফেরান ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আশালাঙ্কাকে।

     

    শেষ ওভারে ৮ রান দরকার হয় শ্রীলঙ্কার, স্ট্রাইকে ছিলেন না সেট ব্যাটার আশালাঙ্কাও। প্রথম বলে এক রান নেওয়ার পর দ্বিতীয়টিতে কোনো রান আসেনি। তৃতীয় বলে ফের এক রান নেন আশালাঙ্কা, চলে যান নন স্ট্রাইক প্রান্তে। পরের বলে দৌড়ে তিনি স্ট্রাইক প্রান্তে চলে যান, রান আউট হতে হয় সঙ্গী প্রামোদ মাদুশানকে।

    তখন পুরো দায়িত্বটাই এসে পড়ে আশালাঙ্কার কাঁধে। শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছয় রান। জামান খানের করা পঞ্চম বল কিপার ও স্লিপের মাঝখান দিয়ে হয়ে যায় বাউন্ডারি। শেষ বলে দরকার দুই রান। প্যাডে আসা বল ডিপ স্কয়ার লেগে ঠেলে দিতে দুই রান নেন আশালাঙ্কা। উল্লাসে ফেটে পড়ে পুরো প্রেমাদাসা। ১১তমবারের মতো ফাইনালে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফাখার জামানকে হারায় পাকিস্তান। ১১ বল থেকে ৪ রান করে প্রামোদ মাদুশানের বলে বোল্ড হন এই উদ্বোধনী ব্যাটার। এরপর আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ৩৫ বলে ২৯ রান করে দুনিথ ওয়েল্লালাগের বলে স্টাম্পিং হন তিনি।

    তার বিদায়ের পর আর জুটি দাঁড়াচ্ছিল না পাকিস্তানের। মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজরা ফেরেন অল্পতেই। হাফ সেঞ্চুরি করে ইনিংস লম্বা করতে পারেননি আব্দুল্লাহও। ৩ চার ও ২ ছক্কায় ৬৯ বলে ৫২ রান করে পাথিরানার বলে আউট হন তিনি। তবে শেষদিকে গিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ।

    তাদের শতরান পেরোনো জুটিতেই পাকিস্তানের রানটা হয় বেশ বড়। মাঝে একবার থিকসেনার বলে আউট ছিলেন ইফতেখার, কিন্তু আম্পায়ার আউট না দেওয়ার পর রিভিউ নেননি লঙ্কান অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার ৯ বল আগে পাথিরানার ওভারে শানাকার হাতে ক্যাচ দেন তিনি, এর আগে ৪ ছক্কা ও ২ চারে করেন ৪০ বলে ৪৭ রান।

    শেষ ১০ ওভারে পাকিস্তান ১০২ রান তুলেছে, অপরাজিত থাকেন রিজওয়ান। ৬ চার ও ২ ছক্কায় ৭৩ বলে ৮৬ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৮ ওভারে ৬৫ রান খরচ করে ৩ উইকেট নেন পাথিরানা। মাদুসানা দুই ও থিকসেনা, ওয়েল্লালগে নেন একটি করে উইকেট।

    এখন  দেখার বিষয় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে কে জেতে। যদিও দেশের মাটিতে শ্রীলঙ্কা কিছুটা বাড়তি সুযোগ পাকে কিন্তু ভারত শক্তিশালি দল। তাই ভারতের জয়ের সম্ভাবনা বেশি।

  • লিবিয়ায় ঝড়ে হতাহত ও নিখোঁজের ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা

    লিবিয়ায় ঝড়ে হতাহত ও নিখোঁজের ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: ঝড়ের কারণে লিবিয়ায় হতাহত এবং নিখোঁজের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের প্রভাবে এই হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটে।

    লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবার কাছে লেখা একটি চিঠিতে তিনি বলেন, ‘পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে ভূমধ্যসাগরীয় এ ঝড়ের আঘাতের কারণে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

    প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তিনি বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

    শেখ হাসিনা বলেন, ‘আমি হতাহত এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জন্য আত্মার অন্তস্তল থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

    তিনি আরো বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে  মানবিক সাহায্য প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

    তিনি আরও বলেন ‘আমরা লিবিয়া সরকারের সু-সমন্বিত ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টা এবং ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আপনার সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করছি।’

    এদিকে বিবিসি সংবাদে জানা গেছে, লিবিয়ার ডেরনা শহর বন্যায় এখন পর্যন্ত পাঁচ হাজার তিনশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের একজন মন্ত্রী হিশাম চোকিওয়াত বলছেন যে, “সাগরে ক্রমাগত আছড়ে পড়ছে লাশের পর লাশ”। আবার বহু মানুষ লাশের ব্যাগ জড়িয়ে ত্রাণ সহায়তার জন্য আকুতি জানাচ্ছে। আর নিহতদের অনেককে গণকবরে দাফন করা হয়েছে। ঘূর্ণিঝড় ড্যানিয়েল রবিবার আঘাত হানলে একটি বাঁধ ফেটে গেলে ডেরনা শহর বন্যার পানিতে তলিয়ে যায়।

  • বাজার নিয়ন্ত্রণে ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

    বাজার নিয়ন্ত্রণে ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

    টিপু মুনশি বলেন, ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা হওয়ায় আমরা এ দাম নির্ধারণ করে দিয়েছি। প্রতি পিস ডিম এখন থেকে ১২ টাকায় বিক্রি করা হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ দাম নির্ধারণ করা হয়েছে।

    ডিম আমদানির সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, বাজার পর্যালোচনা করে সীমিত আকারে ডিম আমদানির অনুমোদন দেওয়া হবে। যদি ডিম প্রতি পিস ১২ টাকায় খুচরা পর্যায়ে বিক্রি করা হয়, তাহলে আমদানির বিষয়টি অতো গুরুত্ব পাবে না, সীমিত আকারে করা হবে। কিন্তু দাম ১২ টাকায় সীমিত না থেকে বাড়ানো হয়, কিংবা সুযোগ নেওয়া হয়, তাহলে বেশি করে আমদানি করা হবে। বাজার ঠিক রাখার জন্যই আমদানি করা হবে।

    এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভোক্তা অধিকার থেকে শুরু করে জেলা প্রশাসকরা (ডিসি) বাজার মনিটরিং করবেন। জেলা-উপজেলাসহ বড় বড় শহরগুলোয় এই মনিটরিং চলবে। আজকের ঘোষণার পরে সর্বাত্মক শক্তি নিয়ে বাজারে দাম নিয়ন্ত্রণ করা হবে।

    তিনি আরও বলেন, পেঁয়াজ স্টোর করার সুবিধা নেই। কিন্তু ডিমের ক্ষেত্রে বড়ো সুবিধাটা রয়েছে। সেটা হলো ডিম আমরা আমদানি করতে পারবো। এতে বাজারের বাড়তি দামের প্রভাবটা কমানো সম্ভব। ডিমের দাম যে ১২টাকা ঠিক করা হয়েছে, এটি খুবই ন্যায্য। কোনো অবস্থাতেই এটা কম না, যথেষ্ট ভালো দাম।

    এদিকে আলু ও পেঁয়াজের দামও বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন।

    সয়াবিন তেলের দাম পাঁচ টাকা কমে আসবে বলেও জানান মন্ত্রী। টিপু মুনশি বলেন, বাজারে কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে আলু, পেঁয়াজ ও ডিমের মতো গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন ন্যায্যদাম কার্যকর করবো।

  • রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারে আগুন গেলে প্রায় চার শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই দুই মার্কেটে বৈধ-অবৈধ দোকানের সংখ্যা ছিল প্রায় ৭০০।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

    ব্যবসায়ীরা জানান, মার্কেটের হক বেকারিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে একে একে অন্যান্য দোকানগুলোয় লাগে।

    ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে একটি ইউনিট এলেও মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস সদস্যরা ভেতরে ঢুকতে পারেনি। যে কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

    একজন দোকান মালিক জানান, তিনি রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসেন। মার্কেটে এ সময় আগুর জ্বললেও তার দোকান স্বাভাবিক ছিল। কিন্তু ৩০ মিনিটের মধ্যে আগুন তার দোকান পর্যন্ত পৌঁছে যায়। মার্কেটের ভেতর হওয়ায় তিনি দোকানে যেতে পারেননি। দুই মার্কেটে প্রায় পাঁচশোর বেশি দোকান ছিল সব পুড়ে গেছে।

    জানা গেছে, হক বেকারি থেকে প্রথমে আগুন লাগে। নিরাপত্তাকর্মীরা প্রথম ফায়ার ইস্টিংগুইসার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু দোকানের শাটার বন্ধ থাকায় কোনো কাজে আসেনি। মুহূর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

    আগুনের ঘটনায় ১৮টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকানগুলো।

    এদিকে পৌনে ৬ ঘণ্টা পর সকাল ৯টা ২৫ মিনিটে কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা । তিনি জানান, ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট ও ১৩৭ জন কর্মী।

    আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করে পুলিশ, র‌্যাব, বিজিবি, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা। এছাড়াও ছিলো সাধারণ মানুষ, দোকানোর মালিক ও কর্মচারিরা। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মার্কেটে ওপর থেকে পানি ছিটানো হয়।

    জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।

    ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

  • বাংলাদেশে সীসা দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে গবেষণায়

    বাংলাদেশে সীসা দূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে গবেষণায়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বায়ু দূষণের পাশাপাশি সীসা দূষণ বাংলাদেশে ব্যাপক হারে বেড়ে গেছে বলে জানিয়েছে পরিবেশ বিজ্ঞানিরা।বিষয়টি অবশ্যই উদ্বেগের। কেননা সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ অকালে মারা যাচ্ছে। একই কারণে দেশটির শিশুদের আইকিউ কমে যাচ্ছে, যার ফলে বুদ্ধি প্রতিবন্ধী হবার ঝুঁকি বাড়ছে। আর আমাদের চোখের সামনে ঘটছে প্রতিনিয়ত সীসা দূষণের ঘটনা। ব্যাটারি ভাঙ্গা শিল্প, সীসাযুক্ত পেইন্ট, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, খাবার রাখার জন্য ব্যবহৃত সিরামিকের পাত্র, ই-বর্জ্য, খেলানা, সার, রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলা, প্রসাধনী, খাবার-দাবার এবং চাষ করা মাছের জন্য তৈরি খাবার হচ্চে সীসা দুষণের মূল উৎস। ইদানিংকালে দেখো যাচ্ছে বায়ু দূষণে ঢাকা শহরের নাম শীর্ষে থাকছে।

    চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে’ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    বিশ্বব্যাংকের একদল গবেষক‘গ্লোবাল হেলথ বার্ডেন অ্যান্ড কস্ট অব লেড এক্সপোজার ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস: অ্যা হেলথ ইমপ্যাক্ট অ্যান্ড ইকোনমিক মডেলিং অ্যানালাইসিস’ নামের এই গবেষণাটি চালায়।

    গবেষণার পর প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, সীসা দূষণের কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। এর ফলে একদিকে প্রাপ্ত বয়স্কদের মধ্যে অস্বাভাবিক হারে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি শিশুদেরও আইকিউ কমে যাচ্ছে। আর্থিক ক্ষতির হিসেবে এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির ২০১৯ সালের মোটি জিডিপি’র প্রায় ৬ থেকে ৯ শতাংশের সমান। সীসা সবচেয়ে বড় ক্ষতি করে শিশুদের। মাত্রার চেয়ে বেশি সীসা শিশুদের শরীরের বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে।

    বাংলাদেশের ২০১৯ সালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যে, সীসা দূষণের ফলে দেশটিতে শূন্য থেকে চার বছর বয়সী বাচ্চারা প্রায় দুই কোটি আইকিউ পয়েন্টস হারাচ্ছে। এতে শিশুদের বুদ্ধির যথাযথ বিকাশ হচ্ছেনা। ফলে নতুন কিছু শেখার ক্ষেত্রে তাদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি আচার-ব্যবহারেও নানা অসংগতি দেখা যাচ্ছে। এছাড়া, খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, খিটখিটে মেজাজ – এরকম নানা সমস্যাও তৈরি করছে।

    ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. প্রিসিলা ওবিল এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশে শিশুদের রক্তে উচ্চমাত্রায় সীসার উপস্থিতি তাদের মেধার পূর্ণ বিকাশের ক্ষেত্রে একটি বড় বাধা।

    এছাড়া সীসা দূষণের ফলে তাদের আইকিউ কমে যাচ্ছে, যা দেশটির সার্বিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সীসা দূষণ বন্ধে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ জরুরী।”

    ২০২২ সালের মে মাসে প্রকাশিত ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজে’র তথ্যে দেখা গিয়েছিলো যে, সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ হাজার মানুষ অকালে মারা যাচ্ছে।

     

    কিন্তু নতুন এই গবেষণা প্রতিবেদনে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে, সীসা দূষণের ফলে বাংলাদেশে প্রতিবছর ২৫ বছর বা তার চেয়ে বেশি প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ মারা যাচ্ছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সংক্রামক রোগ বিভাগের প্রকল্প সমন্বয়ক ড. মাহবুবুর রহমান বলেন, “সীসা দূষণ রোধে এখনই উপযুক্ত সময়। এই সমস্যাকে সমূলে উৎপাটনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।”

    বাংলাদেশে সীসা দূষণ ছাড়াচ্ছে অনেক ধারণের উৎস থেকে। যেমন, ব্যাটারি ভাঙ্গা শিল্প, সীসাযুক্ত পেইন্ট, অ্যালুমিনিয়ামের হাড়ি-পাতিল, খাবার রাখার জন্য ব্যবহৃত সিরামিকের পাত্র, ই-বর্জ্য, খেলানা, সার, রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলা, প্রসাধনী, খাবার-দাবার এবং চাষ করা মাছের জন্য তৈরি খাবার থেকেই মূলত: বাংলাদেশে সীসার দূষণ ঘটে।

    প্রকাশিত গবেষণাটির অংশ হিসেবে খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০টি নমুনা সংগ্রহ করে সীসার উপস্থিতি পরিমাপ করে দেখেছে নিউ-ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘পিওর আর্থ’।

    এসব নমুনার মধ্যে খাবার রাখার জন্য ব্যবহৃত ধাতব ও প্লাস্টিকের পাত্র, সিরামিক পাত্র, রঙ, শুকনা খাবার, খেলনা, রান্নায় ব্যবহৃত মশলা এবং প্রসাধনী পণ্য রয়েছে। এগুলোর মধ্যে ২৪% নমুনাতেই মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে। খাবার রাখার জন্য ব্যবহৃত ৫৯% ধাতব পাত্রে, ৪৪% সিরামিক পাত্রে, ৯% প্লাস্টিকের পাত্রে, ৫৪% পেইন্টে, ১৭% চাল/স্টার্চে, ১৩% খেলনায়, ৭% মশলায় এবং ৬% প্রসাধনীতে অতিমাত্রায় ক্ষতিকর সীসার উপস্থিতি পাওয়া গেছে।

    বাংলাদেশের মানুষের মধ্যে প্রতি ডেসিলিটার রক্তে গড়ে প্রায় ৬.৮ মাইক্রোগ্রাম সীসা পাওয়া গেছে বলে গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে।

    তবে একজন মানুষের শরীরে কতটুকু সীসা থাকা নিরাপদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঠিক কোনো পরিমাণ নির্ধারণ করা হয়নি। তবে সীসা দূষণে দ্রুত পদক্ষেপ না নিলে এর ভয়াবহ প্রভাব আমাদের নতুন প্রজন্ম বিশেষ ভাবে শিশু-কিশোর ও তরুণরা মেধাশূন্য হয়ে পড়বে।তাই এই বিষয়ে দ্রুত সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সংশ্লিষ্ট কতৃপক্ষের।

    সূত্র: বিবিসি বাংলা

  • সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন

    সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের দাফন সম্পন্ন হয়েছে।এই বিশিষ্ট পরিচালকের মৃত্যুর এক দিন আগে তার স্ত্রীর মৃত্যু হয়। এই শোকের রেশ কাটতে না কারটেই ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত এই পরিচালকের মৃত্যু। স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।

    আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে সোহানুর রহমানের মরদেহ তার শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছায়। তার লাশ দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।

    তার স্বজনরা জানিয়েছেন স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়। এজন্য টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

    এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী প্রিয়া রহমান। পরদিন বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন সোহানুর রহমান সোহান।

    এদিকে একদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

    বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

    সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।

    সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন।

  • শস্য চুক্তি নবায়ন নিয়ে তিন দেশের সঙ্গে বসছেন জাতিসংঘ মহাসচিব

    শস্য চুক্তি নবায়ন নিয়ে তিন দেশের সঙ্গে বসছেন জাতিসংঘ মহাসচিব

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: বিশ্বব্যাপি চলছে খাদ্য মন্দা।সেই সঙ্গে রয়েছে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এই সমস্যার সমাধান জাতিসংঘ এগিয়ে এসেছে।

    এই লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে শস্য চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনকালে ব্যক্তিগত সাক্ষাতকালে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

    তিনি এক সংবাদ সম্মেলনে প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাথে আমার সাক্ষাত হতে যাচ্ছে।’

    এক্ষেত্রে গুতেরেস উল্লেখ করেন যে তিনি রাশিয়ান ফেডারেশন, ইউক্রেন এবং তুরস্কের প্রতিনিধির সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন । তবে তাদেরকে একত্রিত করার তার কোন পরিকল্পনা নেই।

    তিনি আরো বলেন, ‘আমি কৃষ্ণ সাগর সংক্রান্ত উদ্যোগ, ইউক্রেনের খাদপণ্য রপ্তানি এবং রাশিয়ার সার ও খাদ্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকার মধ্যেই বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি।’

    জাতিংঘ সাধারণ পরিষদের অধিবেশন ১৯-২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

    গত ১৭ জুলাই রাশিয়া শস্য চুক্তিতে তাদের অংশগ্রহণ অব্যাহত রাখতে অস্বীকার করে। এক বছর আগে করা এ চুক্তি কৃষ্ণ সাগরজুড়ে ইউক্রেনে উৎপাদিত শস্যের নিরাপদ রপ্তানি নিশ্চিত করেছিল।

    প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এ চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার বিশ্ব বাজারে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কোন শর্তই পূরণ করা হয়নি।  ফলে তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

    সূত্র: বাসস