Category: লিড নিউজ

  • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আফগানিস্তানের

    শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আফগানিস্তানের

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ অক্টোবর, ২০২৩: প্রথম খেলায় বাংলাদেশের কাছে হেরেছিলো আফগানিস্তান। কিন্ত শেষ তিন ম্যাচে তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে দলটি। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে চমক সৃষ্টি করেছে আফগানিস্তান।

    শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের খেলার সম্ভাবনাটা আরও জাগিয়ে তুলল আফগানরা। গত আসরে একটিও জয় না পাওয়া দলটি এবার ৬ ম্যাচেই তুলে নিল তৃতীয় জয়।

    প্রথমে ব্যাটিং করে ৪৯ দশমিক ৩ ওভারে শ্রীলংকাকে ২৪১ রানে অলআউট করে আফগানিস্তান। ফারুকি ৪টি ও মুজিব ২টি উইকেট নেন। জবাবে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ২৮ বল বাকী থাকতে জয় তুলে নেয় আফগানিস্তান। রহমত শাহ ৬২, হাসমতুল্লাহ শাহিদি ৫৮ ও আজমতুল্লাহ ওমারজাই ৭৩ রান করেন। ম্যাচ সেরা হন ফারুকি।

    পুনেতে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় আফগানিস্তান। ব্যাট হাতে দলকে ভালো সূচনা এনে দিতে পারেনি শ্রীলংকার ওপেনাররা। ষষ্ঠ ওভারে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির বলে লেগ বিফোর আউট হবার আগে ১৫ রান করেন দিমুথ করুনারত্নে।

    দলীয় ২২ রনে করুনারত্নে ফেরার পর দ্বিতীয় উইকেটে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস। মেন্ডিসের সাথে ৭৭ বলে ৬২ রান যোগ করে পেসার আজমতুল্লাহ ওমরাজাইর শিকার হন নিশাঙ্কা।

    নিশাঙ্কার পর সাদিরা সামারাবিক্রমার সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন মেন্ডিস। ৫৭ বলে গড়ে ওঠা ৫০ রানের জুটি বিচ্ছিন্ন করেন স্পিনার মুজিব উর রহমান। ৩টি চারে ৩৯ রানে বিদায় নেন মেন্ডিস।

    মেন্ডিসকে শিকারের পর ৩টি চারে ৩৬ রানকরা সামারাবিক্রমাও শিকার হন মুজিবের।

    ৫ রানের ব্যবধানে  দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন মিডল অর্ডার ব্যাটাররা। ধনাঞ্জয়া ডি সিলভাকে ১৪ রানে স্পিনার রশিদ খান এবং চারিথ আসালঙ্কাকে ২২ রানে শিকার করেন ফারুকি। ১ রানে আউট হন দুসমন্থা চামিরা। ১৮৫ রানে সপ্তম উইকেট হারিয়ে ২শর নীচে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে শ্রীলংকা। কিন্তু সেটি হতে দেননি ম্যাথুজ-মহেশ থিকশানা। অষ্টম উইকেটে ৪২ বলে ৪৫ রানের জুটি গড়েন তারা।

    ৪৭তম ওভারে থিকশানাকে শিকার করে জুটি ভাঙ্গেন ফারুকি। ৩টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে ২৯ রান করেন থিকশানা।

    থিকশানার সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়া ম্যাথুজকে ৪৯তম ওভারে থামান ফারুকি। দলীয় ২৩৯ রানে মোহাম্মদ নবির দারুন ক্যাচে আউট হবার আগে ১টি করে চার-ছক্কায় ২৬ বলে ২৩ রান করেন অভিজ্ঞ ম্যাথুজ।

    শেষ পর্যন্ত ইনিংসের ৩ বল বাকী থাকতে ২৪১ রানে অলআউট হয় শ্রীলংকা। বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ রান লংকানদের। আফগানিস্তানের পক্ষে ফারুকি ১০ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন। ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট শিকার করেন মুজিব। ১টি করে উইকেট নেন ওমরজাই ও রশিদ।

    ২৪২ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট হারায় আফগানিস্তান। বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কার ইনসুইঙ্গারে বোল্ড হয়ে খালি হাতে ফিরেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

    শুরুর ধাক্কা সামলে উঠে আফগানিস্তানকে লড়াইয়ে ফেরান আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৯৭ বলে ৭৩ রানে জুটি গড়েন তারা। মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হয়ে ৩৯ রানে  প্যাভিলিয়নে ফিরেন জাদরান।

    জাদরান ফেরার পর রহমতকে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ইনিংসের ২৫তম ওভারে ওয়ানডেতে ২৫তম ও টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ন করেন  ৬১ বল খেলা রহমত।

    ২৮তম ওভারে পেসার কাসুন রাজিথার পঞ্চম বলে সামারাবিক্রমার হাতে জীবন পান রহমত। কিন্তু পরের ডেলিভারিতেই বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ৭টি চারে ৭৪ বলে ৬২ রান করেন রহমত। শাহিদি-রহমত জুটিতে যোগ করেন  ৫৮ রান

    দলীয় ১৩১ রানে রহমত ফেরার পর ওমরজাইকে নিয়ে আফগানিস্তানের জয়ের পথ তৈরি করেন শাহিদি। ৪০তম ওভারে দলের রান ২শ পূর্ণ করেন তারা।

    জোড়া হাফ-সেঞ্চুরির ইনিংস ও সেঞ্চুরি জুটির সুবাদে ৪৫ দশমিক ২ ওভারে আফগানিস্তানকে জয়ের বন্দরে নেন শাহিদি ও ওমরজাই। ৬৭ বলে ওয়ানডেতে ১৮তম ও বিশ^কাপে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন শাহিদি। বিশ^কাপে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি হাফ-সেঞ্চুরির মালিক এখন শাহিদি। ৭৪ বল খেলে ২টি চার ও ১টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন শাহিদি।

    ৫০ বলে ওয়ানডেতে তৃতীয় ও বিশ্বকাপে দ্বিতীয় অর্ধশতক করেন ওমরজাই। হাফ-সেঞ্চুরির পর মারমুখী ব্যাট চালিয়ে শেষ পর্যন্ত  ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৩ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ওমরজাই। চতুর্থ উইকেটে ১০৪ বলে অবিচ্ছিন্ন ১১১ রান করেন শাহিদি-ওমরজাই। শ্রীলংকার মাদুশঙ্কা ৪৮ রানে ২ উইকেট নেন।

    পরে আরও দুটি ম্যাচ জিতলে আফগানিস্তানের সেমিফাইনাল নিশ্চিত। সেমি ফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, পাকিস্তান ও ইংল্যান্ড।

    শূন্য রানে এক উইকেট হারিয়ে আফগানিস্তান অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জিতে নিয়ে চমক সৃষ্টি করেছে।

    ম্যাচ সেরা হয়েছেন ফারুকি।

  • রাজধানীতে টহল দিচ্ছে বিজিবির র‍্যাট সদস্যরা

    রাজধানীতে টহল দিচ্ছে বিজিবির র‍্যাট সদস্যরা

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: ২৮ আক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ দিন নাশকতার কারণে আজ এই দুই দলের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে টহলরত রয়েছে বিজিবির বিশেষায়িত র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যরা।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে র‍্যাট সদস্যদের ঢাকার সচিবালয় ও আশপাশের এলাকায় টহল দিতে দেখা গেছে।

    বিজিবির তরফ থেকে জানা গেছে, রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় বিজিবির বিশেষায়িত র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যরা টহল দিচ্ছে।

    জানা গেছে, চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি তৎপরতা রয়েছে বিজিবির।

    উল্লেখ্য, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

  • মজাদার রসগোল্লা

    মজাদার রসগোল্লা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ অক্টোবর, ২০২৩: রসগোল্লা পছন্দ করেনা এমন কাউকে পাওয়া কঠিন। মিষ্টির রানী বলা হয়  রসগোল্লা কে। চলুন খুব সহজে ঘরেই রসগোল্লা বানানোর একটা সহজ রেসিপি দেখে আসি।

     

    উপকরণ:

    দুধ-১ লিটার, ময়দা-২ চা চামচ, ভিনেগার-২ টেবিল চামচ, চিনি-১ কাপ (২৫০ গ্রাম), পানি-           ৩ কাপ।

    মজাদার রসগোল্লা - লাইফস্টাইল - ৩১ অক্টোবর  ২০২৩ (খ)_1
    মজাদার রসগোল্লা – লাইফস্টাইল – ৩১ অক্টোবর ২০২৩ (খ)_1

    প্রাণালী:

    দুধ সামান্য গরম হওয়ার সাথে সাথে তাতে ভিনেগার দিয়ে ছানা কাটতে হবে। যখন দুধে পূর্ণ বলক আসবে তখনই চুলা অফ করে একটি ছাকনির সাহায্য ছানা ছেঁকে নিতে হবে। ছাকা হলে টেপের পানি দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এর ৩০ মিনিট ছাকনিতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর রুটির আটার মতো ছানাটা মথে নিতে হবে। সাথে দুই চা চামচ ময়দা দিয়ে ছানতে হবে। একসময় দেখা যাবে একটা সুন্দর ডো তৈরী হয়েছে। তারপর গোল শেইপ দিতে হবে। ১ লিটার দুধে ১০ টার মতো রসগোল্লা হবে।

    এবার চুলায় ১ টি পাত্রে ১ কাপ চিনির সাথে ৩ কাপ পানি দিতে হবে। সাথে ১ টি এলাচ।সিরা বলক আসলে গোল করা ছানা গুলো দিয়ে দিব।

    চুলার আঁচ উচ্চ থাকবে। পাত্রের দুপাশ ধরে নাড়িয়ে দিতে হবে।এভাবে ১৫ মিনিট চুলায় থাকবে। তারপর চুলা অফ করে দিব। হয়ে গেল দারুণ মজার রসগোল্লা। গরম গরম রসগোল্লার কোন তুলনাই নেই।

     

    রেসিপি দিয়েছেন: মাহাফুজা মজুমদার

  • ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত হচ্ছে

    ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত হচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ অক্টোবর, ২০২৩: ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে।

    টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

    পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই সামনে এনেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ক্যাথরিন রাসেল বলেছেন, গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে, তাদের ভাগ্য এখনও অজানা।

    রাসেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এবং সংঘাত-শত্রুতা যদি শেষ না হয়, তাহলে আমি এই অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।’

    পরে তিনি নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি গাজায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি এবং অবিলম্বে বন্দি সব শিশুর নিরাপদ মুক্তির বিষয়টি উল্লেখ থাকার কথা জানান ক্যাথরিন রাসেল।

    এদিকে মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার রাতে আল-নুসিরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় ওই ১৪ জন নিহত হন।

  • আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষষ্ঠ পর্যায়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। আজ সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় ইমাম সম্মেলনে এ উদ্বোধন ঘোষণ দেন।

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘৫০টি মডেল মসজিদ উদ্বোধন এবং জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরন-২০২৩’ অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানস্থলে প্রধান একটিসহ তিনটি প্যান্ডেল তৈরি করে সারাদেশ থেকে আগত ইমামগণের সমাবেশের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে মদিনার পবিত্র মসজিদ-ই-নববীর ইমামের সঙ্গে অন্য দুটি প্যান্ডেল পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রী এবং পবিত্র মসজিদ-ই-নববির ইমাম উভয়ই দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানস্থলে সমবেত ইমামদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন।

    তিনি জাতীয় ইমাম কাউন্সিলে যোগ দেয়ার জন্য ইমামদের ধন্যবাদ জানান এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন,”আল্লাহর কাছে প্রার্থনা করুন যে, তার সরকার কর্তৃক দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে।”

    প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি, আমরা শান্তি চাই। অশান্তি বা যুদ্ধ চাই না। যুদ্ধের ভয়াবহতা আমরা জানি। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম সহনশীল ধর্ম। এটা আমাদের নবী শিখিয়েছেন। তার বিদায় হজের বাণী আমরা অনুসরণ করি। আমাদের ছেলে-মেয়েরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে সম্পৃক্ত না হয়, আপনারা (ইমাম) সেদিকে লক্ষ্য রাখবেন।

    শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকও আছে। তারাও যেন নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। কেউ যদি অন্যায় করে, আল্লাহ বিচার করবেন। আমরা বলতে পারি না, কে মুসলমান, কে মুসলমান না।

    প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য। আপনাদের দোয়া চাই। সারা বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে তাদের ওপর যে আক্রমণ, ছোট্ট শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে আমরা আর তা চাই না। ফিলিস্তিনে বাংলাদেশ থেকে সহায়তা পাঠিয়েছি। পৃথিবীর সব রাষ্ট্র প্রধানদের আমি অনুরোধ করেছি যুদ্ধ বন্ধের পদক্ষেপ নিতে।

     

    প্রধানমন্ত্রী দুই পবিত্র মসজিদের হেফাজতকারি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকেও ধন্যবাদ জানান।

    পরে মূল অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    আজ নতুন ৫০টি মসজিদ উদ্বোধনের পর এ পর্যন্ত সারাদেশে ৫৬৪টির মধ্যে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র চালু হবে।

    ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি, দ্বিতীয় পর্যায়, ১৬ মার্চ, তৃতীয় পর্যায়, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায় এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

    প্রধানমন্ত্রীর ২০১৪ সালে নির্বাচনী প্রতিশ্রুতির পর সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করেছিল।

    ধর্ম মন্ত্রণালয় সূত্র মতে, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ৪৩ শতাংশ জমির ওপর তিন ক্যাটাগরিতে নির্মিত হচ্ছে। এরমধ্যে জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

    প্রতিটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওযুর জন্য আলাদা জায়গা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

    এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামি গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজাখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা রাখা হয়েছে।

    মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল-বুয়াইজান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরিকত ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মাওলানা ড. মোহাম্মদ কফিলউদ্দিন সরকার সালেহী ও মাওলানা এহসানুল হক আল মোজাদ্দেদী। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সচিব মো. এ হামিদ জমাদ্দার।

  • হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

    হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ অক্টোবর, ২০২৩: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে আলোচিত সন্ত্রাসী হামলা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডাদেশের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

    আজ সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়।

    গত ১১ অক্টোবর আলোচিত এ মামলায় সাতজনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আসামিদের আপিল শুনানি শেষ হয়।

    আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসা‌মিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।

    ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানের পর পাঁচ জঙ্গির লাশ পাওয়া যায়।

    এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান একজনকে খালাস দিয়ে সাতজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।

    ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে।

    দে‌শের ই‌তিহা‌সে অন্যতম নৃশংস এ হামলায় ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশিসহ মোট ২০ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেনেডের আঘাতে প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম।

    হামলার পর জিম্মি অবস্থার অবসানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয়েছিলেন পাঁচ জঙ্গি। তারা হলেন- মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল।

    এছাড়া বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছেন নব্য জেএমবির আরও ৮ সদস্য। তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত রেজা করিমও অভিযোগ থেকে অব্যাহতি পান।

    ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

  • আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না: সেতুমন্ত্রী

    আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৩০ অক্টোবর, ২০২৩: আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, বিএনপিবিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। যারা নির্বাচন চায় তারা কখনও এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না।

    আজ সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এসব কথা বলেন তিনি।

    ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্যবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের কাছে বলছে তারা সমাবেশে করলে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করে। বিএনপি তো নাশকতা করে কিন্তু আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করে না, শান্তি ও উন্নয়ন সমাবেশ করে।

    ওবায়দুল কাদের বলেন, আজ ৩০ অক্টোবর আমরা আছি। বিএনপি বলেছিল তারা এদিন নতুন সরকার গঠন করবে। আমরা শান্তি উন্নয়ন সমাবেশে করে টিকে আছি। বিএনপির বেঁধে দেওয়া ২৮ ও ২৯ অক্টোবর গেল, আমরা কিন্তু আছি।

    ওবায়দুল কাদের আরও বলেন, ফখরুল সাহেব ছাড়া বিএনপির সকল নেতা পালিয়ে আছে। তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিএনপির অবরোধের নেতৃত্ব দেবে কে?

    তিনে আরও বলেন, একজন  পুলিশ সদস্যকে কিভাবে হত্যা করেছে। এটা দেখুন। কত ভয়ংকর তারা। এটাই হলো তাদের আসল চেহারা। গাজায় যা হচ্ছে তার চেয়ে ভয়ংকর।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপি সাংবাদিকদের ওপর হামলা করছে কিন্তু এটা কেন? সাংবাদিক যা দেখে তা লেখে। যারাই নিরপেক্ষভাবে সংবাদ লেখে তারাই বিএনপির চোখে অপরাধী।

    নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ ধৈর্য হারাবেন না। শান্তি ও উন্নয়ন সমাবেশে সবাই শান্তভাবে ছিল। ২৮ তারিখে রাত ১০টার পরে মাঠে ছিলেন। সেদিন আমরা বিজয়ীর মতো পরিবেশেই ছিলাম। সামনে নির্বাচন, আমরা  বিজয়ের দিকে যাচ্ছি।

    নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারে না। যারাই দলের মনোনয়ন চাইবে তাদের সকলের আমলনামা শেখ হাসিনার কাছে আছে। তিনি মনোনয়ন দেবেন।

    সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুরসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।

  • সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

    সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ অক্টোবর, ২০২৩: সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে বিএনপি, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি এখন আর রাজনৈতিক দলে নেই। বিএনপি এখন সন্ত্রাসী দল, সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে। যারা রাষ্ট্রের বেদিমূলে আঘাত হানে, প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা চালায়, অর্থাৎ বিচার ব্যবস্থার ওপর হামলা চালায়, যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, যারা পুলিশ হত্যা করে, তারা কখনও রাজনৈতিক দল হতে পারে না।’

    তথ্যমন্ত্রী আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু ৭ম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে করে বিএনপির অবরোধ ঘোষণা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এতেই প্রমাণিত হয় বিএনপি নেতারা আসলে কতটা ভীতু। ২৮ অক্টোবর কর্মীরা যাওয়ার আগেই নেতারা পালিয়ে গেছেন। নেতারা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মীরাও পালিয়ে গেছেন। আমরা বিরোধী দলে ছিলাম, সারা জীবন বিরোধী দলের কর্মী ছিলাম। আমরা রক্তাক্ত হয়েছি, পালিয়ে যাইনি।

    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি যে তাণ্ডব চালিয়েছে, তা নতুন করে বলার প্রয়োজন নেই, রবিবার তারা সারা দেশে হরতাল ডেকেছিল। হরতাল সফল করার জন্য পুরনো আগুন সন্ত্রাসের খেলায় ফিরে গেছে বিএনপি-জামায়াত। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে গাড়িচালকদের হত্যা করা হয়েছে। শনিবার রাতেও ডেমরায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে, সেই আগুনে বাস ও বাসের হেলপার পুড়ে গেছে।

    তিনি বলেন, আমরা সারা দেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছিলাম। ঢাকায় কমপক্ষে দেড়-দুই লাখ মানুষের সমাবেশ হয়েছে। এত উসকানির মধ্যেও আমাদের নেতাকর্মীরা কোনো উসকানিতে পা দেননি। তারা আমাদের মহিলা কর্মী থেকে শুরু করে অনেককে মারধর করেছেন।

    তথ্যমন্ত্রী আরও বলেন, লালমনিরহাটে আমাদের নেতাকর্মীরা শান্তি মিছিল করছিলেন, সেখানে জাহাঙ্গীর হোসেন নামে একজন শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছেন। মোহাম্মদপুরে বাসে আগুন দিতে গিয়ে পালিয়ে যাওয়ার সময় বিএনপি কর্মী একটি ভবনে উঠেছিলেন, সেখান থেকে লাফ দিয়ে তার মৃত্যু হয়েছে, বিএনপি বলে শহীদ হয়েছে। গাড়িতে আগুন দিতে গিয়ে ধাওয়া খেয়ে বিল্ডিংয়ে উঠেছিলেন, বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা গেছেন। এক দুষ্কৃতকারী মারা গেছে, বিএনপির ভাষায় শহীদ হয়েছে।

    তিনি বলেন, গত শনিবারের সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে। আমরা মনে করি সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে এটি সহায়ক হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এটিও বলা হয়েছে সহিংসতার ভিত্তিতে ভিসা নীতি নিয়েও তারা ভাববে। যারা হাসপাতালে হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে, জনগণের সম্পত্তি পুড়িয়েছে, হাসপাতালের অ্যাম্বুলেন্স জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

    খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এক প্রসঙ্গে  হাছান মাহমুদ বলেন, বিএনপি তো বলেছিল খালেদা জিয়াকে বিদেশ না নিলে তাকে রক্ষা করা যাবে না। এখন আমেরিকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি আগের তুলনায় অনেক ভালো আছেন। এজন্য আমিও স্বস্তি প্রকাশ করছি। সরকারই মার্কিন চিকিৎসকদের আসার ব্যবস্থা করে দিয়েছে। তাদের যে মতামত, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এতেই প্রমাণিত হয় বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে এবং তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে।

  • টস জিতে ফিল্ডিং নিয়েছে আফগানিস্তান

    টস জিতে ফিল্ডিং নিয়েছে আফগানিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ অক্টোবর, ২০২৩: সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। পুনেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। একাদশে পরিবর্তন এনেছে একটি। আগের ম্যাচে পাকিস্তান বধের নায়ক নুর আহমেদকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকিকে। অন্যদিকে দুটি বদল এনেছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারা ও কুশল পেরেরার জায়গায় খেলছেন দুশমন্থ চামিরা ও দিমুথ করুনারত্নে।

    শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, কসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

    আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

  • গাজার আল-কুদস হাসপাতালে হামলার হুমকি ইসায়েলের

    গাজার আল-কুদস হাসপাতালে হামলার হুমকি ইসায়েলের

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ অক্টোবর, ২০২৩: বোমা হামলার হুমকি দিয়ে গাজার আল-কুদস হাসপাতাল ফের খালি করতে বলেছে দখলদার ইসরায়েল।

    তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে গতকাল রবিবার(২৯ অক্টোবর) দিনভর আল-কুদস হাসপাতালের আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার আল-কুদস হাসপাতাল ও এর প্রাঙ্গণে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সবার্তায় এ দাবি করেছে গাজার রেড ক্রিসেন্ট।

    মানবিক সংস্থাটি বলেছে, আমরা গাজা উপত্যকার আল-কুদস হাসপাতালকে অবিলম্বে খালি করার জন্য দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে হুমকি পেয়েছি। কারণ এখানে বোমাবর্ষণ হতে চলেছে। আজ সকালেই  হাসপাতাল থেকে ৫০ মিটার দূরে অভিযান চালানো হয়েছে। তবে ইসরায়েলের এই হুমকি ও সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে রেড ক্রিসেন্ট।

    এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা -ডব্লিউএইচও। কারণ, হাসপাতাল প্রাঙ্গণে এ মুহূর্তে ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

    এদিকে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অবিরাম এই হামলায় ইতোমধ্যেই ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে দানা বাঁধছে ক্ষোভ।

    এরই অংশ হিসেবে রাশিয়ায় একটি বিমানবন্দরে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েল থেকে একটি বিমান পৌঁছানোর পর ওই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এসময় তারা ইহুদিবিরোধী নানা স্লোগান দেন এবং তেল আবিব থেকে আসা লোকজনের খোঁজ করেন।

    এমদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়। রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ার দাগেস্তান বিমানবন্দরে এই ঘটনা ঘটে ।