Category: লিড নিউজ

  • শিল্পকলায় ৪র্থ দিনে পরিবেশিত হয়েছে ৩টি যাত্রাপালা

    শিল্পকলায় ৪র্থ দিনে পরিবেশিত হয়েছে ৩টি যাত্রাপালা

    www.HelloBangla.News – বিনোদন – ৬ নভেম্বর, ২০২৩: যাত্রাদলগুলোকে উজ্জীবিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চরছে ‘গণজাগরনের যাত্রাপালা উৎসব’। গতকাল চতুর্থ দিন পরিবেশিত হয়েছে তিনটি যাত্রাপালা। পরিবেশনা গুলির মধ্যে ছিলো যাত্রাদল সীমা অপেরার পরিবেশনায় যাত্রাপালা ‘জননীর স্বপ্নপূরণ’। এরপর যাত্রাদল গোল্ডেন-৯ নাট্য গোষ্ঠী পরিবেশন করে যাত্রাপালা ‘দবির দফাদার’ এবং যাত্রাদল জয়যাত্রা পরিবেশন করে যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’।

    লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ রুপায়ন যাত্রাপালা। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই যাত্রাপালার বিস্তার। আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পন স্বরুপ কাজ করে এই যাত্রাপালা।

    ‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে গত ০২রা নভেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয়েছে যাত্রা উৎসব। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রা দলগুলোর সাথে সর্বসাধারণকে সম্পৃক্ত ও দলগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০ টি যাত্রাদলের পরিবেশনায় ৪২টি জেলায় ০২-২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব ২০২৩’।

    আগামী ০৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত ১৫টি যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে।

    এর আগে প্রথম দিনের আয়োজনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, বঙ্গবন্ধুর কারাবাস নিয়ে রচিত যাত্রাপালা ‘নি:সঙ্গ লড়াই’ আগামী ৭ নভেম্বর সমাপনী দিনে পরিবেশনার ঘোষণা দেন।

    সন্তানদের নিয়ে যাত্রা পালা দেখার আহ্বান জানান মহাপরিচালক। র্বতমানে যাত্রাশিল্পের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবের মাধ্যমে দলগুলোকে পৃষ্টপোষকতা দেয়ার পাশাপাশি ভিন্ন ধারার যাত্রা নির্মাণ ও পরিবেশনা অব্যাহত রেখেছে। দুটি রেপার্টরি যাত্রা নির্মাণ ছাড়াও ইশা খাঁ নামে বাংলাদেশে প্রথম ভিন্ন ধারার প্রত্ন যাত্রা নির্মাণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

  • প্রধানমন্ত্রী মহানবীর রওজা মোবারক জিয়ারত করেছেন

    প্রধানমন্ত্রী মহানবীর রওজা মোবারক জিয়ারত করেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এখন সৌদি আরবে অবস্থান করছেন। গতকাল তিনি মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন।

    প্রধানমন্ত্রী মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে গতকাল স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে।

    শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন।

    আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।

    ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

    সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন।

    ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

    মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।

    সূত্র: বাসস

  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতেছে ২৪৩ রানে

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জিতেছে ২৪৩ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের গতকালের ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি মনে হয়েছিলো বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। কেননা বিগত ম্যাচগুলো দুই দল বেশ দাপটের সঙ্গে খেলেছে। কিন্তু ভারতের করা ৩২৬ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়। ফলে ভারত ২৪৩ রানের বিশাল জয় পায়।

    বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত আট ম্যাচ খেলে আটটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ল। তাতে শীর্ষস্থান আরও মজবুত করলো স্বাগতিকরা।

    কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। দুর্দান্ত এক সেঞ্চুরি করে জন্মদিনে নিজেকে উপহার দেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরিতে ছুঁলেন ওয়ানডে ৪৯ সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারের রেকর্ড।

    কোহলির ৩৫ বছর পূর্ণের দিনকে সামনে রেখে ইডেন সেজেছে বিশেষ রূপে। অবশ্য ম্যাচের শুরুর ঝলকটা দেন রোহিত শর্মা। শুভমান গিলকে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬২ রান। কাগিসো রাবাদার শিকার হয়ে ২৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। এরপরই আগমন কোহলির। যার জন্য মঞ্চ সাজিয়ে রেখেছিল ইডেন।

    দ্বিতীয় উইকেটে গিলের বেশিক্ষণ সঙ্গ পাননি কোহলি। তবে তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ইনিংস অনেকটা এগিয়ে নেন তিনি। দুজনে মিলে গড়েন ১৩৪ রানের জুটি। যেভাবে ব্যাট করছিলেন তাতে কোহলির আগেই সেঞ্চুরি পাওয়ার কথা ছিল তার। কিন্তু ৮৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রানের দারুণ ইনিংসের ইতি টানেন তিনি।

    জুটি ভাঙার পর দ্রুতই লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবকে ফেরায় প্রোটিয়া। তবে কোহলি ছিলেন অবিচল। ৪৯তম ওভারের তৃতীয় বলে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ইডেনের গ্যালারিতে প্রায় সব দর্শকই তখন মোবাইলের ক্যামেরা তাক করেছেন তার দিকে। কাগিসো রাবাদার লেংথ বল কাভারে ঠেলে দিয়ে কোহলি যখন সিঙ্গেল তখন উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।

    জন্মদিনে ওয়ানডেতে সেঞ্চুরি করা সপ্তম ব্যাটার কোহলি, বিশ্বকাপে তৃতীয়। চলতি আসরে এর আগে জন্মদিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ।

    ১১৯ বলে সেঞ্চুরি ছোঁয়া কোহলি পরে আর বল খেলার সুযোগ পান দুটি। ১০ চারে সাজানো ইনিংসটিতে অপরাজিত থাকেন ১০১ রানে। অপরপ্রান্তে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা।

    বড় লক্ষ্যের জবাব দিতে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিজালে আটকা পড়ে দক্ষিণ আফ্রিকা। উইকেটে কেবল আসা-যাওয়ার মিছিল চলতে থাকে ব্যাটারদের। সর্বোচ্চ ১৪ রান করেন মার্কো ইয়ানসেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন ও ডেভিড মিলার। বাকিরা সবাই ফেরেন এক অঙ্কের ঘরে থেকে। ভারতের হয়ে জাদেজা সর্বোচ্চ ৫ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবের শিকার দুটি করে উইকেট। জন্মদিনে দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন কোহলি।

    সংক্ষিপ্ত স্কোর :

    ভারত : ৩২৬/৫, ৫০ ওভার (কোহলি ১০১*, আইয়ার ৭৭, মহারাজ ১/৩০)।

    দক্ষিণ আফ্রিকা : ৮৩/১০, ২৭.১ ওভার (জানসেন ১৪, ডুসেন ১৩, জাদেজা ৫/৩৩)।

  • ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি

    ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ নভেম্বর, ২০২৩: গাজা ভূখণ্ডে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি শিশুর সংখ্যাই চার হাজারের বেশি। শিশুদের এইভাবে মৃত্যুর বিষয় বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার ৭০০। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো।

    তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। আজ সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে অন্তত ৪ হাজার ৮ শিশু নিহত হয়েছে এবং গত প্রায় এক মাসে ইসরায়েলি বোমা হামলায় মৃতের সংখ্যা ৯ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।

    গাজার আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছে, গতকাল বিকেলে মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে একটি স্কুলের কাছে কয়েকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।

    বুরেজ ক্যাম্পটি তুলনামূলকভাবে ছোট শরণার্থী শিবির যা গাজা উপত্যকার মাঝখানে অবস্থিত। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)-এর নিবন্ধিত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি শরণার্থীর আবাসস্থল হচ্ছে এই শিবির।

    গত বৃহস্পতিবারও এই শিবিরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে এবং তাতে ১৫ জন নিহত হন। মূলত গত সপ্তাহে ইসরায়েল গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে অসংখ্য হামলা চালায়।

  • টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    www.HelloBangla.News – জাতীয় –  ৫ নভেম্বর, ২০২৩: প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন।

    সেপ্টেম্বরের শুরুতে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন চার্লি ক্যাম্পবেল।

    আন্তর্জাতিক সংবাদ সাময়িকী টাইম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদনসহ  গত ২ নভেম্বর ‘শেখ হাসিনা’স গ্রিপ অন পাওয়ার’ শিরোনামে প্রায় ৩,৪০০ শব্দের কভার স্টোরিটি যৌথভাবে লিখেছেন ঢাকায় চার্লি ক্যাম্পবেল ও লন্ডনে আস্থা রাজবংশী।

    এতে বলা হয়, সেপ্টেম্বরের শুরুতে টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমার জনগণ আমার সাথে আছে। তারাই আমার প্রধান শক্তি।’

    তিনি আরও বলেন, ‘একমাত্র বিকল্প হল আমাকে নির্মূল করা। আর আমি আমার জনগণের জন্য মরতে প্রস্তুত আছি।’

    স্বনামধন্য ম্যাগাজিন শেখ হাসিনার অর্থনৈতিক অর্জনকে আকর্ষণীয় বলে অভিহিত করে বলেছে যে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে শুরু করে খাদ্য রপ্তানিকারকে পরিণত হয়েছে। দেশটির জিডিপি ২০০৬ সালের ৭১ বিলিয়ন ডলার থেকে ২০২২ সালে ৪৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেশটিকে ভারতের পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে। পত্রিকাটি বলেছে, সামাজিক সূচকগুলোও উন্নত হয়েছে, বর্তমানে ৯৮% মেয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে।

    এতে বলা হয়েছে, বাংলাদেশ হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ে এগিয়ে যাচ্ছে, স্যামসাং-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে চীন থেকে সাপ্লাই চেইন বের করে আনতে উৎসাহিত করছে।

    আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের উদ্ধৃতি দিয়ে সাময়িকীটি বলেছে, ‘গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই আমাদের উন্নতি করতে হবে। তবে আমরা অনেক দূর এগিয়েছি।’

    প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার আগেও ১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের রাজনীতিতে এক সময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থিদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে দীর্ঘ এই সময় তিনি সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন।

    ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বা ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী শেখ হাসিনা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আবারও জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

    প্রতিবেদনে শেখ হাসিনা বিএনপিকে একটি ‘সন্ত্রাসী দল’ বলে উপহাস করে বলেন, তারা ‘কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না’। তিনি সাবেক সেনা কর্মকর্তার হাতে এর সৃষ্টির ওপর জোর দেন। তিনি বলেন, ‘খালেদা জিয়া সামরিক স্বৈরশাসকের মতো দেশ শাসন করেছেন। অতীতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র সমর্থকরা যে সহিংসতা ও অগ্নিসংযোগ করেছে, হাসিনা তা তুলে ধরেন।

    এতে বলা হয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনার চতুর্থ মেয়াদের অর্থ কী হবে তা একটি মেরুকরণের প্রশ্ন। বেশিরভাগ আমেরিকান তাদের টি-শার্ট ও প্যান্ট সেলাই করা লেবেল থেকে দেশটিকে চেনেন, তবে এটি এমন একটি দেশ যার মধ্যপ্রাচ্যের যে কোনও মুসলিম দেশের চেয়ে জনসংখ্যা অনেক বেশি। প্রায় ১০ শতাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য উল্লেখযোগ্য সংখ্যালঘু নিয়ে একটি মিশ্র জাতি। সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ হলেও ১৯৮৮ সালে এক সামরিক স্বৈরশাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে একটি স্ববিরোধ তৈরি করে, যা উগ্র মৌলবাদীদের উর্বরক্ষেত্রে পরিণত হয়।

    অবাধ নির্বাচনের প্রতি তাঁর প্রতিশ্রুতির প্রমাণ হিসাবে শেখ হাসিনা তাঁর সরকারের স্বচ্ছ ব্যালট বাক্স, আইডি কার্ড ও বায়োমেট্রিক ডেটার সাথে যুক্ত ভোটার নিবন্ধন চালুর কথা উল্লেখ করেন।

    পিতার হত্যাকাণ্ডের পর হাসিনা ও তার বোন পশ্চিম জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাড়িতে আশ্রয় নেন এবং শেষ পর্যন্ত ভারতে রাজনৈতিক আশ্রয় পান। ১৯৮১ সালে তাকে বাংলাদেশে ফেরার অনুমতি দেওয়া হয়। তখন হাজার হাজার আওয়ামী লীগ সমর্থক তাকে স্বাগত জানায়। পরবর্তী বছরগুলোতে তিনি নির্বাচনের দাবি এবং সামরিক শাসন অবসানের জন্য আন্দোলনে কাটান।

    তিনি বলেন, ‘এটা ছিল আমাদের সংগ্রাম। ‘ভাটের অধিকার, ভাতের অধিকার। এটাই ছিল আমাদের স্লোগান।’

    এতে বলা হয়, বাংলাদেশ ১৯৭৭ সালে জিয়াউর রহমানের অধীনে ব্যাপকভাবে ইসলামিকরণ শুরু করে। তার বিএনপি এখন আরও রক্ষণশীল গোষ্ঠীর সঙ্গে জোটবদ্ধ। আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের পক্ষে।

    রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের বিষয়ে শেখ হাসিনার অবস্থানের অত্যন্ত প্রশংসা করে এতে বলা হয়েছে, শেখ হাসিনা ‘ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের নিন্দা করা (যদিও বিলম্বিতভাবে) কয়েকজন উন্নয়নশীল বিশ্বের নেতাদের একজন।

    সূত্র: বাসস

  • বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী

    বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি –  ৫ নভেম্বর, ২০২৩: বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি বলেন, ‘মাঝখানে দুদিন বিরতি দিয়ে বিএনপি ও তাদের জোটের দলগুলো অবরোধ ডেকেছে। আগে কর্মসূচি ঘোষণা দিতে সংবাদ সম্মেলন করা হতো। এখন দেখতে পাচ্ছি, বিএনপির কর্মসূচির ঘোষণার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ঘোষণার কোনো পার্থক্য নেই। বিভিন্ন দেশে যেসব নিষিদ্ধ সংগঠন থাকে, তারা যে রকম কর্মসূচি ঘোষণা করে, সেই আদলে অর্থাৎ তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বিএনপি।’

    আজ (৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সামসময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানে তালেবান যখন ক্ষমতায় ছিল না, তখন তারা যেভাবে কর্মসূচি ঘোষণা করতো কিংবা ইসলামিক স্টেট যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইনে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে। তাদের কর্মসূচি বলতে কার্যত অবরোধের নামে গাড়িঘোড়া, মানুষের ওপর হামলা, অগ্নিসংযোগ করা। আমরা বহুবছর বিরোধী দলে ছিলাম, কলেজে ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, ১৬ বছর বয়স থেকে। আমরা পিকেটিং করতাম, রাস্তায় বড়োজোর রিকশার পাম্প ছেড়ে দিতাম, মানুষকে বোঝাতাম, মিছিল করতাম—এর বেশি কিছু না। তাও পুলিশের লাঠিপেটা খেতাম।’

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যে কাউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন, কিন্তু বিএনপি সেটা করছে না। ইসরায়েলি বাহিনীর হাত থেকে যেমন হাসপাতাল, রোগীবাহী অ্যাম্বুলেন্স রেহাই পাচ্ছে না, বিএনপির হাত থেকে কোনো কিছু রেহাই পাচ্ছে না। শিক্ষার্থী বহনকারী বাসে আগুন দেওয়া হয়েছে। যেমন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় করছে।’

    তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মমতা নিয়ে বিএনপি-জামায়াত একটি কথাও বলেনি। সারা দুনিয়াতে প্রতিবাদ হচ্ছে, হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। লন্ডনে লাখো মানুষের সমাবেশ হচ্ছে। ইউরোপীয় দেশগুলোতে সরকারের নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হচ্ছে। অর্থাৎ বর্বরতার বিপক্ষে সমাবেশ হচ্ছে। আর এখানে বিএনপি-জামায়াত একটি শব্দও বলেনি।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘তারা নানা ধরনের গুজবও রটাচ্ছে। দেশ ও বিদেশ থেকে। যারা গুজব রটাচ্ছে, তাদেরও শনাক্ত করার কাজ চলছে। কেউ কেউ বিদেশে বসে গুজব রটাচ্ছে, সেখানে বাংলাদেশি কমিউনিটি আছে। এরআগেও বাংলাদেশি অভিবাসীরা গুজব রটনাকারীদের বিরুদ্ধে সেখান আইনে ব্যবস্থা নিয়েছে। তাদের অনেককে আইনের মুখোমুখি হতে হয়েছে। সেই প্রক্রিয়া জোরদার করা হবে। পাশাপাশি আমাদের মিশনও সেখানকার সরকারকে বিষয়টি অবহিত করবে।’

  • ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল

    ৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয়  –  ৫ নভেম্বর, ২০২৩: রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে পৌঁছাল দেশের প্রথম মেট্রোরেল। ২০ কিলোমিটারের এ পথ যেখানে বাসে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে, সেখানে মেট্রোরেল নিয়ে এলো মাত্র ৩২ মিনিটে।

    সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায়। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।

    মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দ্রুতগতির মেট্রোট্রেন যাত্রীদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।

    সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, মেট্রোরেল শুরুতে মতিঝিল-উত্তরা রুটে চলবে চার ঘণ্টা। এই রুটে ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে। যদিও আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

    এদিকে মেট্রোরেল সকালের মতো বিকেলের অফিস শেষের সময়ও মতিঝিলে মেট্রোরেল চালানোর দাবি করেছে অনেক যাত্রী।  মেট্রোরেল শুধু সকালের শিফটে চালু হচ্ছে । তাই দেখা যাচ্ছে যে ফেরার পথে ওই আগের মতোই ধকল সয়ে পৌঁছাতে হবে।

    অবশ্য মেট্রোরেলের কর্মকর্তাদের ভাষ্যে, উত্তরা থেকে আগারগাঁও অংশের মতোই মতিঝিল অংশে ধীরে ধীরে চলাচলের সময় বাড়ানো হবে।

  • সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

    সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – খেলাধুলা  –  ৫ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সকালে ঢাকা ছেড়েছেন ।

    অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।

    আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    জানা গেছে, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী সন্ধ্যায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। শেখ হাসিনা ৬ নভেম্বর সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।

    তিনি ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।

    সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি ওমরাহ পালন করবেন।

    শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর সকাল ৮টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

    নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা –  ৫ নভেম্বর, ২০২৩: ফখর জামানের ঝড়ো সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। গতকাল নিজেদের অষ্টম ম্যাচে পাকিস্তান বৃষ্টি আইনে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে ৮ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠলো পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে পাকিস্তানের সমান ৮ পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ষষ্ঠস্থানে আছে আফগানিস্তান। এই তিন দলেরই সেমিতে যাবার সুযোগ থাকছে।

    এ ম্যাচে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় স্বাগতিক ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে প্রোটিয়ারা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

    ফখর সেঞ্চুরির দেখা পাওয়ার পর ফিফটি হাঁকিয়ে বাবরও এগোতে থাকেন। তবে বৃষ্টির কারণে আর মাঠে নামা হয়নি তাদের। এতে ডিএলএস মেথডে জয়ী ঘোষণা করা হয় দলটিকে।

    বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ৩৫তম ম্যাচে পাকিস্তানের জয় ২১ রানে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৪০১ রান।

    বিশাল এই লক্ষ্য তাড়ায় ব্যাট করতে ২১.৩ ওভার শেষে হানা দেয় বৃষ্টি। পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ১ উইকেট হারিয়ে রান ১৬০। বৃষ্টি থামলে আবার নেমে ঝড়ো ব্যাট চালাতে থাকে তারা। ডিএলএস মেথডে তখন ৪১ ওভারে লক্ষ্য ধরা হয় ৩৪২। ২৫.৩ ওভার শেষে আবারও হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে ডিএলএস মেথডে জয়ী ঘোষণা করা হয় বাবর আজমদের।

    আগে ব্যাট করতে নেমে ৩৫ রান করে বিদায় নেন ওপেনার ডেভন কনওয়ে। এরপর দ্বিতীয় উইকেটে রাচিনকে সঙ্গে নিয়ে চোট থেকে ফেরা উইলিয়ামসন গড়েন ১৮০ রানের জুটি। যদিও তাকে সাজঘরে যেতে হয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ইফতিখার আহমেদের বলে ফখর জামানকে ক্যাচ দেওয়ার আগে সেঞ্চুরি থেকে দূরে ছিলেন পাঁচ রান। ৭৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ রানে শেষ হয় তার ইনিংস।

    তবে সেঞ্চুরি তুলে নেন রাচিন। এবারের আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। যদিও শতক ছোঁয়ার পর খুব বেশিদূর টেনে নিতে পারেননি নিজেকে। ৯৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলে মোহাম্মদ ওয়াসিমের। এরপর ড্যারিল মিচেলের ২৯, মার্ক চাপম্যানের ৩৯, গ্লেন ফিলিপসের ৪১ ও মিচেল স্যান্টনারের অপরাজিত ২৬ রানের ইনিংসে চারশ পার করে নিউজিল্যান্ড।

    পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওয়াসিম। একটি করে শিকার হাসান, হারিস রউফ ও ইফিতখারের।

    রান তাড়ায় খেলতে নেমে ৪ রানেই উইকেট বিলিয়ে দেন ওপেনার আবদুল্লাহ শফিক। নিউজিল্যান্ডের মতো দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে পাকিস্তান। লড়তে থাকা ফখর শতক পূর্ণ করেন ৬৩ বলে। অপরপ্রান্তে বাবর পান ফিফটির দেখা; ৫২ বলে। শেষ পর্যন্ত দুই ধাপে বৃষ্টি বাধার কারণে জয়ী ঘোষণা করা হয় পাকিস্তানকে। ৮১ বলে ৮ চার ও ১১ ছক্কায় ১২৬ রানে অপরাজিত থাকেন ফখর। ৬৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন বাবর।

    এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে পাকিস্তান। রান রেটে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে ছয়ে আফগানিস্তান। একই পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকা নিউজিল্যান্ড চারে। আর অস্ট্রেলিয়ার অবস্থান তিন নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১২।

    ম্যাচসেরা হয়েছেন ফঝর জামান।

    সংক্ষিপ্ত স্কোর :

    নিউজিল্যান্ড : ৪০১/৬, ৪৬.৩ ওভার (রবীন্দ্র ১০৮, উইলিয়ামসন ৯৫, ওয়াসিম ৩/৬০)।

    পাকিস্তান : ২০০/১, ২৫.৩ ওভার (ফখর ১২৬*, বাবর ৬৬*, সাাউদি ১/২৭)।

  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা –  ৫ নভেম্বর, ২০২৩: ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে ভারত এখনও অপরাজিত আছে। দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচে হেরেছে। দুই দল ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমান করেছে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দিক্ষণ আফ্রিকা।

    ২০২৩ বিশ্বকাপে আজ কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। স্বাগতিকদের একাদশেও কোনো পরিবর্তন আনা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার জেরাল্ড কোয়েটজির জায়গায় এসেছেন স্পিনার তাবরেজ শামসি।

    এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই আছে দুর্দান্ত ফর্মে। আজকের ম্যাচটি তাই শীর্ষ দুই দলের শক্তিমত্তা জাহিরের লড়াইও।

    দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।